Tag Archives: কাতার বিশ্বকাপ

সৌদি আরবের প্রশংসায় মেসির পোস্ট

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাস তিনেক পর সেই সৌদ আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ করছেন মেসি!

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? আমি এমন অপ্রত্যাশিত বিস্ময় যখনই সম্ভব হয় তখনই খুঁজতে বের হই।’

মেসির পোস্ট করা ওই ছবি আর ক্যাপশন দেখে নিশ্চয়ই একটু ভাবনায় পড়ে গেছেন সমর্থকরা। আসলে মেসি সৌদি আরবের ভ্রমণ বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ কারণেই তিনি এমন পোস্ট করেছেন। ক্যাপশনের শেষেও ব্যবহার করা হয়েছে ‘ভিজিটসৌদি’ হ্যাশট্যাগ।

গত বছরের মে মাসে জেদ্দায় যান মেসি। তখনই তাকে ভ্রমণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে সৌদি আরব। পরে পিএসজির হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে জানুয়ারিতে দেশটিতে যান তিনি। গিয়েছেন সর্বশেষ মার্চেও। গত এক বছরে অন্তত তিনবার সৌদিতে গিয়েছেন তিনি।

আর্জেন্টাইন তারকাকে নিয়ে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের খবরও নতুন নয়। যদিও এখন অবধি মেসি ইউরোপেই থাকতে চান বলে খবর।

 

আর্জেন্টিনা ক্লাব থেকে ম্যাচ খেলার প্রস্তাব পেল বাংলাদেশি ক্লাব

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত হয় আর্জেন্টিনার। হাজার হাজার মাইল দূরত্বের দুই দেশের ভ্রাতৃত্বকে আরও গভীর করতে এবার অনন্য এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ সারির ক্লাব জিমনেসিয়া। বাংলাদেশের শীর্ষ এক ক্লাবের সাথে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে তারা।

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব জিমনেসিয়ার একজন পাড় সমর্থক সেবাস্তিয়ান গুবিয়া। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা গুবিয়া সঙ্গে নিয়ে এসেছেন ক্লাব জিমনেসিয়ার আমন্ত্রণপত্রও।

গুবিয়া বাংলাদেশে আসবেন জেনে তার কাছে একটি আমন্ত্রণপত্র দিয়েছে ক্লাব জিমনেসিয়ার প্রেসিডেন্ট। সুবিধামতো সময়ে বাংলাদেশের শেখ জামাল ক্লাবকে জিমনেসিয়ার মাঠে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিঠিতে। শেখ জামালের টিম ম্যানেজার নাভিল এলাহী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা ক্লাব থেকে এমন প্রস্তাব পাওয়া গর্বের।

জিতলেই শেষ ষোলোর টিকেট পাবে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করে ফ্রান্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়নরা। ফুটবল বিশ্বকাপে তিনবার ফাইনালে খেলে দুইবার শিরোপা জিতে নেয় ফ্রান্স। বিশ্বকাপের সবশেষ আসরে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরাসিরা।

অন্যদিকে ডেনমার্ক নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে। ক্রিস্টিয়ান এরিকসেনদের সাদামাটা পারফরম্যান্সে সমর্থকরা হতাশ হলেও ড্যানিশদের নিয়ে সতর্ক ফ্রান্স।

রাশিয়া বিশ্বকাপেও একই গ্রুপে ছিল ফ্রান্স ও ডেনর্মাক। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এছাড়া বিশ্বকাপের আগে উয়েফা নেশন্স লিগে ড্যানিশদের কাছে দুবার হেরেছে ফরাসিরা। এরিকসেনদের মুখোমুখি হওয়ার আগে তাই সতীর্থদের সতর্কবার্তা দিলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

তিনি বলেছেন, আধুনিক ফুটবলের ছোট দল বলে কিছু নেই। এখন সবাই টেকনিক্যালি ও টেকটিক্যালি অনেক কাজ করে। আমরা দেখেছি, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কতটা অবিশ্বাস্য ছিল। ডেনমার্কের বিপক্ষেও আমরা এটা দেখেছি। সম্প্রতি তাদের বিপক্ষে আমাদের ভুগতে হয়েছে। নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিতাসে ব্রাজিলের ৪০০ হাত পতাকার বিপরীতে আর্জেন্টিনার ৬০০ হাত পতাকার শোভাযাত্রা

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

সুদূর কাতারে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর। তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শহর থেকে গ্রামে। প্রতিযোগিতায় নেমেছে প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা ও ব্যানার নিয়ে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা তিতাস উপজেলার শাহপুর গ্রামে আর্জেন্টিনার ৬০০ হাত দীর্ঘ পতাকা ও ৭০ ফুট ব্যানার নিয়ে শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। শোভাযাত্রাটি শাহপুর বড় ঘাট এলাকা থেকে বের হয়ে শিবপুর টু লালপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহপুর বড় ঘাট এলাকায় এসে শেষ।

জানা যায়, শাহপুর গ্রামের আর্জেন্টিনার সমর্থক রিপন সরকার, মতিন মাস্টার, জসিম মেম্বার, শাহজালাল, হৃদয়, আল-মমিন, আলেক মোল্লা, মামুন, নাঈম ও সাগরসহ স্থানীয় অসংখ্য সমর্থকেরা দলটিকে ভালোবেসে ৬০০ হাত লম্বা এ পতাকাটি তৈরি করেছেন। এর আগে গত রবিবার একই গ্রামের ব্রাজিল সমর্থকেরা ৪০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছিলেন।

আর্জেন্টিনার সমর্থক রিপন সরকার বলেন, আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি আমার প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে ৬০০ হাত লম্বা পতাকা বানিয়েছি। ইনশাআল্লাহ এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

সমর্থক আলেক বলেন, কাতার বিশ্বকাপে প্রিয় দলকে স্বাগত জানাতে আমাদের এই উদ্যোগ। এবং এই ৬০০ হাত দীর্ঘ পতাকাটি আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য উৎসর্গ করলাম।

গোল্ডেন বল ও বুট পাওয়ার রেসে যারা আলোচনায় থাকবেন

ইমতিয়াজ আহমেদ জিতু:

আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপে ট্রফি ছাড়াও বেশ কয়েকটি পুরস্কার বেশ মূল্যবান। সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট ও টুর্ণামেন্ট সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয় গোল্ডেন বল। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত পৌছতে পারা দলের খেলোয়াড়রাই বিগত বছরগুলোতে এসব পুরস্কার পেয়েছেন। আমরা আজ আলোচনা করবো সে সব খেলোয়াড়দের নিয়ে যারা গোল্ডেন বল ও গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে দাবিদার হয়ে উঠতে পারেন।

লিওনেল মেসি:

আর্জেন্টিনার ৩২ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘুচাতে ৩৫ বছর বয়সী লিওনেল মেসির জন্য সম্ভবত এটাই শেষ সুযোগ। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকা দলটি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে এসেছে। আর্জেন্টিনার দলের মূল প্রাণ ভোমরা এই লিওনেল মেসি। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা ছুয়ে দেখার সুযোগ হয়নি মেসির। তবে টুর্ণামেন্ট সেরা হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন। চলতি বছর ফর্মটা বেশ ভালই যাচ্ছে মেসির। যেহেতু তিনি জাতীয় ও ক্লাব পর্যায়ে নিজেই অসংখ্য গোল করে যাচ্ছেন এবং গোল করতেও সহায়তা করে থাকেন নিয়মিত। সেই বিবেচনায় এই বিশ্বকাপে আর্জেন্টিনা যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে পৌছতে পারে অথবা চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে মেসির হাতেই উঠতে পারে গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরষ্কার। ২০২১ সালে কোপা আমেরিকা কাপে মেসি গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটিই পেয়েছিলেন। মেসি জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১৬৪ ম্যাচে ৯০ গোল করেছেন। তাই শেষ বিশ্বকাপটা নিজের করে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করবেন গ্রহের অন্যতম এই ফুটবলার।

নেইমার:
সম্প্রতি নেইমার বলেছেন- এটা তার শেষ বিশ^কাপ হিসেবেই খেলবেন। যদিও বয়স ৩০ । আরেকটি বিশ^কাপ খেলতেই পারেন। তবে ঘন ঘন ইনজুরি ও বির্তকিত কর্মকান্ডে নেইমারের স্বাভাবিক খেলায় বেশ ব্যাঘাত ঘটে। সম্প্রতি চমৎকার ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভবিষ্যতে কি হয় তা কেউই বলতে পারে না। তাই এই বিশ^কাপে বিশেষ কিছু করতে চান নেইমার। দলটিও বেশ ভারসাম্য। নেইমার জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচে ৭৫ গোল করেছেন। এই বিস্ময়কর খেলোয়াড়ের এখনো বিশ্বকাপটা ছুঁয়ে দেখা হয়নি। তাই এবার হয়তো সামর্থ্যরে সবটুকু দিয়ে চেষ্টা করবেন নেইমার। নিজে গোল করা ও সতীর্থদের দিয়ে অহরহ গোল করাতে পারদর্শী নেইমার এই বিশ্বকাপের গোল্ডেন বুট ও গোল্ডেন বল পাওয়ার অন্যতম দাবিদার।

ক্রিশ্চিয়ানো রোনালদো:
বয়স প্রায় ৩৮ ছুই ছুই। এই বয়সে অন্যরা বুটজোড়া তুলে রেখে কোচিং বা অন্যদিকে নজর দেয়। কিন্তু সেখানে ব্যতিক্রম ৫ বার ব্যালন ডি’অর জয়ী পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো । সুঠাম দেহের অধিকারি রোনালদোর গতি কিছুটা কমে গেলেও গোল করার ক্ষুধা এখনো কমেনি। নিয়মিত গোল করেই যাচ্ছেন। জাতীয় দলের হয়ে ১৯১ ম্যাচে তার মোট গোল ১১৭টি। বিপক্ষের গোলপোস্টে এখনো আতংকের নাম এই রোনালদো । দল যদি কোয়ার্টার কিংবা সেমিফাইনালে পৌছতে পারে তাহলে রোনালদো হয়ে উঠতে পারেন গোল্ডেন বুটের অন্যতম দাবিদার।

কিলিয়ান এমবাপ্পে:
২৩ বছর বয়সী ফ্রান্সের এই ফরোয়ার্ড ২০১৮ বিশ^কাপে তার চমক দেখিয়েছেন। তার দুরন্ত গতির কাছে হিমশিম খেয়েছে পৃথিবীর সেরা সেরা রক্ষণভাগের খেলোয়াড়রাও। প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন তরুণ বয়সে। এটা তার দ্বিতীয় বিশ্বকাপ। ক্লাব ও জাতীয় দলের হয়েও রয়েছেন ভালো ফর্মে। তাকে নিয়ে নিশ্চয়ই আলাদা ক্লাস করছেন বিপক্ষ দলের কোচ ও রক্ষণভাগ। দুরন্ত গতি, অসাধারণ স্কিল ও গোল করার চরম ক্ষুধাই এ বিশ্বকাপে তাকে আরো সাফল্য এনে দিতে পারে। গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে থাকবেন বেশ জোরালোভাবেই। এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৫৯ ম্যাচে ২৮ গোল করেছেন।

ডি মারিয়া:
৩৪ বছর বয়সী ডি মারিয়া মূলত ফরোয়ার্ড হলেও তিনি দলটির অন্যতম প্লে-মেকার। মিডফিল্ডেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কোপা আমেরিকা ও ফিনালিসিমা ট্রফি জয়ে ডি মারিয়া রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুটি ম্যাচেই ডি মারিয়া গোল করেছেন। কোপা আমেরিকার ফাইনালের খেলা খেলোয়াড়ও হয়েছেন ডি মারিয়া। এই বিশ্বকাপেও মেসির পর ডি মারিয়াই আর্জেন্টিনার অন্যতম ভরসা। গোল করা ও গোল করাতে সহায়তায় ডি মারিয়া বেশ সফল। ডি মারিয়া জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে ২৭ গোল করেছেন। আর্জেন্টিনা যদি ফাইনালে উঠে ডি মারিয়া যদি ইনজুরিতে না পড়েন তাহলে গোল্ডেন বলের অন্যতম দাবিদার হয়ে উঠবেন এই প্লে-মেকার।

হ্যারি কেন:

২৯ বছর বয়সী ইংল্যান্ডের এই স্ট্রাইকারের এটা দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৮ সালের বিশ্বকাপে ৬ গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। এবারও তারকা ঠাসা ইংলিশদের অন্যতম ভরসা এই হ্যারি কেন। এই বিশ্বকাপেও গোল্ডেন বুটের রেসে ভালভাবেই থাকবেন এই গোলমেশিন। ইংল্যান্ডের হয়ে ৭৫ ম্যাচে ৫১ গোল করেছেন এই স্ট্রাইকার।

লুকা মদরিচ:
বয়সটা ৩৭, তারপরেও ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম সেনাপ্রধান এই মিডফিল্ডার। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু বিশ^কাপ জয় অধোরাই থেকে যায় মদরিচদের। তবে আসরের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল ঠিকই পেয়েছিলেন এই মিডফিল্ডার। ক্রোয়েশিয়ার হয়ে ১৫৪ ম্যাচে ২৩ গোল করেছেন এই স্ট্রাইকার। এই আসরেও গোল্ডেন বল পাওয়ার লড়াইয়ে থাকবেন লুকা মদরিদ।

লাওতারো মার্টিনেজ:
২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ইন্টারমিলান ও জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন। মেসি ও ডি মারিয়ার বলের যোগান পেলে গোল করতে কাপর্ণ্য করেন না এই ফরোয়ার্ড। তিনি জাতীয় দলের হয়ে ৪০ ম্যাচে ২১ গোল করেছেন। জীবনের প্রথম বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে ভালভাবেই থাকবেন লাওতারো।

লুইস সুয়ারেজ:
৩৫ বছর বয়সী উরুগুয়ের এই স্ট্রাইকারের এটাই শেষ বিশ্বকাপ। বার্সা ও অ্যাথলেটিকোর সাবেক এই ফরোয়ার্ড এখনো বিপক্ষের গোলপোস্টে এক আতংকের নাম। শেষ বিশ^কাপে নিজের মত করে খেলতে চাইবেন এ স্ট্রাইকার, তাতে কোন সন্দেহ নেই। সুয়ারেজ জাতীয় দলের হয়ে ১৩৪ ম্যাচে ৬৮ গোল করেছেন। এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে অন্যতম দাবিদার সুয়ারেজ।

কেভিন ডি ব্রুইন:
৩১ বছর এই মিডফিল্ডার ম্যানসিটি ও বেলজিয়ামের মাঝমাঠের অন্যতম ভরসা। বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারও তিনি। জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচে ২৫ গোল করেছেন এই প্লে-মেকার। এই বিশ^কাপে বেলজিয়াম টিমের সাফল্যের অনেকটাই নির্ভর করবে ডি ব্রুইনের উপর। দলটির সবাই আছেন দারুণ ফর্মে। তাই সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত পৌছতে পারলে কেভিন ডি ব্রুইনের হাতে উঠতে পারে গোল্ডেন বলের পুরষ্কার।

রবার্ট লেওয়ানডস্কি:
৩৪ বছর বয়সী পোল্যান্ড ও বার্সার এই স্ট্রাইকার বিগত কয়েক বছর ধরে নিজেকে গোল মেশিন রুপে আর্বিভূত করেছেন। জাতীয় দলের হয়েও ভাল ফর্মে রয়েছেন। ১৩৪ ম্যাচে করেছেন ৭৬ গোল। এই বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে প্রথম দিকেই থাকবেন লেভা।

এছাড়া নেদারল্যান্ডের স্ট্রাইকার মেম্ফিস ডিপেই, ইংল্যান্ডের মিডফিল্ডার জুডে বেলিংহাম, স্ট্রাইকার ফিল ফোডেন, ওয়লেসের ফরোয়ার্ড গ্যারেথ বেল, ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে, স্পেনের ফরোয়ার্ড আলভারো মোরাত্তা, বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র চমক দেখাতে পারেন।

বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সবার আগে। তবে উভয়ের মধ্যকার বাছাইয়ের একটি ম্যাচ নিয়েই যত সংশয় ছিল। অবশেষে সেটাও দূর হয়ে গেলো ফিফার এক ঘোষণায়। দুই দেশের চাওয়াকে প্রাধান্য দিয়ে বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ।

২০২১ সালের সেপ্টেম্বরে মহামারি করোনার সময় দুই দল ব্রাজিলের সাওপাওলোতে বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়। কিন্তু মাঠে খেলার ৫ মিনিটের সময় আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে করোনা নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে ম্যাচে হস্তক্ষেপ করেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। ফলে স্থগিত হয়ে যায় ম্যাচটি।

সেই ম্যাচ আয়োজনের জন্য একযোগে চাপ দিচ্ছিল ফিফা ও কনমেবল। তবে সেই চাপ উপেক্ষা করে ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচটা বাতিলের চেষ্টা করছিল। সেই চেষ্টা সফলতার মুখ দেখছে অবশেষে।

মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে মিটেছে ঝামেলা। তাই পণ্ড হয়ে যাওয়া ম্যাচটি আর হবে না নতুন করে।

গত ফেব্রুয়ারিতে ফিফা জানিয়েছিল দুই দলকেই ম্যাচটি খেলতে হবে। ব্রাজিল আর আর্জেন্টিনাকে জরিমানাও করেছিল বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর পরই দুই সংস্থা দ্বারস্থ হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। কারণ, বিশ্বকাপের মাত্র দুই মাস আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইয়ে ব্রাজিল কোচ তিতে ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চোট ও কার্ডজনিত নিষেধাজ্ঞার আশঙ্কা করছিলেন। শেষ পর্যন্ত তিন পক্ষ একমত হতে পেরেছে।

আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। ‘জি’ গ্রুপে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষরা হলো সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ম্যাচ বাতিল হলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বসে থাকবে না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।