All posts by jitu

ইউরোপ-আমেরিকার থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো : শেখ সেলিম

 

স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আমেরিকা, ইতালির চেয়ে আমাদের অবস্থা ভালো। অবস্থা বলতে, অর্থনৈতিক অবস্থা। শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, কোনো অনির্বাচিত ব্যক্তির অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। জনগণ তাদের চিনে ফেলেছে। সারা বিশ্বে ৫০ শতাংশ মূল্যস্ফীতি। সেখানে আমরাও কিছু সমস্যায় আছি। বিএনপি বলে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তাদের তো লোন আছে, আমাদের লোন নাই। আমরা কীভাবে শ্রীলঙ্কা হবো। আমেরিকা, ইতালির চেয়ে আমাদের অবস্থা ভালো। অবস্থা বলতে অর্থনৈতিক অবস্থা। এই বিপদ আমরা কাটিয়ে উঠবো।

তিনি বলেন, ওরা বলে খালেদা জিয়া নাকি মুক্তিযুদ্ধ করেছে। ও কীসের মুক্তিযোদ্ধা? ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা নয়, পাকিস্তানের মুক্তিযোদ্ধা। যুদ্ধ চলাকালে খালদা জিয়া পাক বাহিনীর কর্ণেল গুন জাংয়ের কাছে ছিল।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সভাপতি সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম, আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।

বিএনপি মানুষ জড়ো করে সমাবেশের নামে দুবাইয়ের টাকা ওড়াচ্ছেন: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুবাইয়ের টাকা রংপুর-বরিশালে ওড়ে। মির্জা ফখরুল ইসলাম এক সপ্তাহ আগে মানুষ জড়ো করে সমাবেশের নামে দুবাইয়ের টাকা ওড়াচ্ছেন।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপি পাঁচ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল, সেই তাদের মুখে রিজার্ভের কথা মানায় না। যারা বিদ্যুতের নামে খাম্বা দিয়েছিল, তাদের মুখে বিদ্যুতের কথা শোভা পায় না।

তিনি বলেন, বিএনপি বলছে ডিসেম্বরে খেলা হবে। আমরাও বলছি খেলা হবে। তৈরি হন, খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের যুবরাজের ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে।

বিএনপি একটি মহাদুর্যোগের নাম উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, সে এখন তাদের নেতা যে মুচলেকা দিয়ে লন্ডন চলে গিয়েছিল। সে এখন বিএনপির আন্দোলনের নেতা। ক্ষমতায় আসার রঙিন খোয়াব কর্পুরের মতো উবে যাবে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে গিয়ে সব অপশক্তি প্রতিরোধে সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ডে যেমন মীর জাফর জড়িত ছিল, জিয়াউর রহমান তেমনি খন্দকার মোশতাকের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা মারতে পারেনি, ফাঁসি দেওয়ার সাহস করেনি, সে বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়াউর রহমান। ক্ষমতা পাওয়ার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছেন সেনাপতি জিয়াউর রহমান।

শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সংসদের হুইপ, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এছাড়া আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।

সেমিফাইনালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিদায়

 

স্পোর্টস ডেস্কঃ

শ্রীলংকার বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। তাদের আজ ছিল নিয়ম রক্ষার ম্যাচ। তবে ভাগ্য ঝুলছিল ইংল্যান্ডের। লংকানদের বিপক্ষে হারলেই ইংলিশদের বিদায় নিশ্চিত হয়ে যেত।

কিন্তু আজ শ্রীলংকার বিপক্ষে ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। ইংলিশদের এই জয়ে কপাল পুড়ল অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের স্বাগতিক এবং গত আসরের চ্যাম্পিয়নরা এবারের আসরে সেমিফাইনালের আগেই বিদায় নিল।

অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলকে বিদায় করে নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

ইংল্যান্ড আজ জয় পাওয়ায় পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে ৭। আগে থেকেই গ্রুপ-১ এ পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে সেমির পথে ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে রান রেটে এগিয়ে থাকার সুবাদে অস্ট্রেলিয়াকে বিদায় করে নিউজিল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে ইংলিশরা।

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। আগে ব্যাট করে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি লংকানরা। পাথুম নিশানকার ৪৫ বলের ৬৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয় সম্প্রতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে জয়ের লক্ষ্যে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ৭.২ ওভারে ৭৫ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার।

এরপর মাত্র ৩১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যায় ইংলিশরা। ২৩ বলে ২৮ রানে ফেরেন বাটলার। ৩০ বলে সাত চার আর এক ছক্কার সাহায্যে ৪৭ রান করে আউট হন অন্য ওপেনার অ্যালেক্স হেলস।

৭ রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরতে পারেননি হ্যারি ব্রুকস ও লিয়াম লিভিংস্টোন। তারা দুজনেই ৪ রান করে ফেরেন। ৫ বলে ১ রানে আউট হন অলরাউন্ডার মঈন আলী।

এরপর স্যাম কারানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান অলরাউন্ডার বেন স্টোকস। জয়ের জন্য শেষ দিকে ১৩ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। ১৮তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন স্যাম কারান।

জয়ের জন্য শেষ দিকে ১২ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। ১৯তম ওভারে ৮ রান আদায় করে নেন বেন স্টোকস ও ক্রিস ওকস।

শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। ওভারের প্রথম দুই বলে ডাবল-সিঙ্গেল মিলে ৩ রান আদায় করে নেন বেন স্টোকস-ক্রিস ওকস। তৃতীয় বল ডট।

ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে ২ বল আগেই দলের জয় নিশ্চিত করেন পেসার ক্রিস ওকস। দলের জয়ে ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৩৬ বলে ২ বাউন্ডারিতে ৪২ রানে অপরাজিত থাকেন বেন স্টোকস।

মহানগর আ’লীগের সম্মেলনের বাইরে দুই গ্রুপের ঘন্টাব্যাপি সংঘর্ষ, ককটেল ‍বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে দুই সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমান ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত নগরীর নজরুল অ্যাভিনিউ সড়কে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, বেলা সোয়া ১১টায় আ ক ম বাহাউদ্দিনের সভাপতিত্বে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আবদুস সবুর, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ১২টায় ওবায়দুল কাদের কুমিল্লা টাউন হল মাঠের সম্মেলন স্থলে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সম্মেলনে প্রবেশের চেষ্টা করেন এমপি আঞ্জুম সুলতানা। কিন্তু তাকে ঢুকতে বাধা দেওয়া না হলে তিনি সেখানে থেকে চলে যান। এর কিছুক্ষণ পরই ককটেল বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া যায়। এ সময় প্রায় ১৫-২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আঞ্জুম সুলতানা জানান, সম্মেলন স্থলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। পরে চলে যাওয়ার পথে নজরুল অ্যাভিনিউ সড়কে তার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে প্রায় ৮-১০ নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে জানতে আ ক ম বাহাউদ্দিনকে একাধিক বার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, সম্মেলন মাঠ থেকে দূরে অন্য সড়কে ঝামেলা হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ।

গণতন্ত্রের হত্যাকারি বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে – ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের হত্যাকারি বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। ‘দেশের সবচেয়ে বড় দুর্যোগের নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়। টাকার বিনিময়ে লোক ভাড়া করে জনসমাগম করছে তারা।’

শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা।’ বরিশালে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আগুন সন্ত্রাসের ভয়ে পরিবহন মালিকরা বরিশালে গাড়ি বন্ধ রেখেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান যদি ১৫ আগস্টে হত্যাকাণ্ডে জড়িত না হতো, তাহলে শক্ররা বঙ্গবন্ধুকে খুন করার সাহস পেতো না। খুনিদের পুরস্কার ও বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছে সেনাপতি জিয়া।’ বিএনপি কাছে কোনো জবাব নেই, ‘কোনো ১৫ আগস্টে হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো। ১৫ আগস্ট হত্যাকাণ্ড সরাসরি জিয়াউর রহমান জড়িত। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নির্দেশে বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে গ্রেনেড হামলা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি। দেশে কোনো দুর্যোগে নেই। দুর্যোগের সৃষ্টিকারী একমাত্র দল বিএনপি। তারা রিজার্ভের কথা বলে। বিএনপি আমলে কত রির্ভাজ ছিল দেশের মানুষ জানে।’

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

নোয়াখালীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বেপরোয়া গতির ট্রাক চাপায় আরাফাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর লামছি গ্রামের শামসুল হক মাস্টার বাড়ির আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে নিহত শিশু আরাফাত আরেক শিশুসহ রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহানগর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: পুনরায় সভাপতি বাহার ও সম্পাদক রিফাত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

টাউন হলে আয়োজিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মেখ ফজলুল করিম সেলিম এমপি। উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো: আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

মহানগর আ’লীগের সম্মেলন ঘিরে আতংক: সভাপতি-সেক্রেটারি পদে কে আসবে ?

ইমতিয়াজ আহমেদ জিতু:

আজ শনিবার সকাল ১০ টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নগরীতে চরম উত্তেজনা বিরাজ করছে । কি হবে আগামীকালের সম্মেলনে ? সংঘর্ষ-হানাহানি সবকিছুরই আশংকা করছে নগরবাসি। সম্মেলন আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন এমপি বাহার। যেখানে অপর গ্রুপের নেতাকর্মীরা দাওয়াত পাননি। ফলে সম্মেলনে আসা এবং কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে সংঘর্ষে রূপ নিতে পারে যে কোন সময়। সম্মেলনের বাইরে দুই গ্রুপই শক্ত অবস্থানে থাকবেন বলে জানা গেছে। নিজেদের শক্তি জানান দিতে ব্যাপক শোডাউনও করেছে দুই গ্রুপ।

মহানগর আ’লীগে গ্রুপিং বিদ্যমান। এমপি বাহার-আফজল খান গ্রুপের মধ্যে চলমান গ্রুপিং এখনো শেষ হয়নি। আফজল খান প্রয়াত হলেও তার পরিবারের সাথে গ্রুপিংটা রয়ে গেছে। কুমিল্লা মহানগর আ’লীগ এখন দু’গ্রুপে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্বে সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এমপি বাহারের সাথে আছেন কুসিক মেয়র ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু প্রমুখ। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ আফজল খানের মেয়ে সংরক্ষিত আসনের সাংসদ আনজুম সুলতানা সীমা। এমপি সীমার সাথে রয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, প্রবীণ রাজনীতিবিদ সফিকুল ইসলাম শিকদার, আ’লীগের কেন্দ্রীয় গবেষণা ও তথ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার ও যুব ও ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান মিঠু প্রমুখ।

২০১৭ সালের ২৩ জুলাই আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগ। ওই কমিটিতে বেশিরভাগ পদেই এমপি বাহারের গ্রুপের নেতাকর্মীরা স্থান পান। ওই কমিটিতে জায়গা হয়নি প্রয়াত আফজল খান, সফিক সিকদার ও মাসুদ পারভেজ খান ইমরানের। সীমা ও আলহাজ্ব ওমর ফারুক ওই কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পান। তবে তানিম, কবির সিকদার ও মিঠু সম্পাদকীয় পদে জায়গা পেলেও তাদের মনমত পদ তারা পায়নি বলে তাদের নেতাকর্মীরা জানায়।

সম্মেলনকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে নগরীতে। বিভিন্ন সূত্র জানায়, সম্মেলনের দাওয়াত পায়নি মহানগর আ’লীগের এমপি সীমা, তানিম, কবির ও মিঠুরা। তবুও সম্মেলনকে ঘিরে ৩ নভেম্বর নগরীতে শো-ডাউন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একাংশের এ নেতাকর্মীরা। এ শো-ডাউনের নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। এ শো-ডাউনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা প্রধান প্রধান সড়কগুলো। শোডাইন শেষে পূবালী চত্ত্বরে বক্তব্য রাখেন এমপি সীমা, সফিক সিকদার, নুর উর রহমান মাহমুদ তানিম, কবির সিকদার ও আনিছুর রহমান মিঠু প্রমুখ। বক্তব্যে তারা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানান । সম্মেলন সফল করতে কাজ করবেন। কেউ বাধা দিলে পাল্টা জবাবের হুঁশিয়ারিও দেন তারা।

এ শোডাউনের পাল্টা জবাব হিসেবে ৪ নভেম্বর বিকেলে এমপি বাহার গ্রুপের হাজার হাজার নেতাকর্মীরা বিশাল শোডাউন করে। এ শোডাউনের নেতৃত্ব দেন মহানগর আ’লীগের সহ-সভাপতি এড. জহিরুল হক সেলিম, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুসিকের প্যানেল মেয়র ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমীন সাদি । শোডাউন শেষে পূবালী চত্ত্বরে বক্তব্য রাখেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও কুসিক মেয়র আরফানুল হক রিফাত এবং আব্দুল হাই বাবলু।

নাম প্রকাশ না করার শর্তে এমপি বাহার গ্রুপের একাধিক নেতাকর্মী জানান, নগরীর ২৭টি ওয়ার্ড থেকে ৩০০ জন করে মোট ৮ হাজার ৮০০ নেতাকর্মী টাউনহলের সম্মেলনে উপস্থিত থাকবেন। এর মধ্যে নগরীর ১১ নং ওয়ার্ড থেকেই ১ হাজার নেতাকর্মী সম্মেলনে যাবে। সম্মেলনের বাইরেও এমপি বাহারের নেতাকর্মীরা অবস্থান করবেন। অপর দিকে এমপি সীমা, তানিম, কবির, মিঠুরা প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যাবেন বলে জানা গেছে। ফলে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। রয়েছে সংঘর্ষের আশংকা। তবে নগরীর সম্মেলনস্থল ও আশেপাশের এলাকাজুড়ে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকজন তৎপর রয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মেখ ফজলুল করিম সেলিম এমপি, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো: আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে লড়াই:
আগামীকাল ৫ নভেম্বর কুমিল্লা নগরীর টাউনহল মাঠে অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য লবিংয়ে ব্যস্ত দুই গ্রুপ। সভাপতি পদে সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারই মূল প্রার্থী । এই পদে অন্য কারো নাম তেমন শোনা যায় নি। সহ সভাপতি পদে আলহাজ্ব ওমর ফারুক, শফিক সিকদার, এড. জহিরুল হক সেলিম আলোচনায় রয়েছে।  অপরদিকে সাধারণ সম্পাদক পদে এমপি বাহার গ্রুপের পক্ষে কুসিক মেয়র আরফানুল হক রিফাত, অন্য দিকে অপর গ্রুপ থেকে সংরক্ষিত আসনের সাংসদ আনজুম সুলতানা সীমা, নুর উর রহমান মাহমুদ তানিম, কবির শিকদারের নাম শোনা যাচ্ছে। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এমপি বাহারের বড় মেয়ে জাগ্রত মানবিকতার কর্নধার ডা. তাহসিন বাহার সূচনার নাম আলোচনায় রয়েছে বলে এমপি বাহার গ্রুপের একাধিক নেতাকর্মী জানান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই বাবলু, আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ ও আনিছুর রহমান মিঠুর নাম আলোচনায় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদগুলো এমপি বাহার গ্রুপের নিয়ন্ত্রণে রাখতে চায়। অপর দিকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকটি বড় পদ এমপি সীমা-তানিম গ্রুপরা নিতে চায়।

এখন দেখার বিষয় সভাপতি-সাধারণ সম্পাদক পদে পুরাতনরাই থাকবেন নাকি নতুন কেউ দায়িত্বে আসবেন ?