All posts by jitu

মুরাদনগরে টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম, মিলছে মুদি দোকানে

 

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগরে টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার ৫নং পূর্ব দৈর পশ্চিম ইউনিয়নের মহেশপুর ভান্ডারী মার্কেটের মুদি দোকাল গুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। তবে স্থানীয় চেয়ারম্যান রহিম পারভেজ কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, গতকাল ৫নং পূর্ব দৈর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মহেশপুর গ্রামের ভান্ডারী মার্কেটের দুলাল মিয়ার দোকানে গিয়ে দেখা যায়, তিনি দোকানের থাকে থরে থরে সাজিয়ে রেখেছেন তেলের বোতল। যে গুলোর গায়ে টিসিবির স্টিকার সাঁঠানো। প্রতি বোতলের মূল্য ৪০০ টাকা দরে সাধারণ ক্রেতার কাছে বিক্রি করছেন তিনি। ছবি তোলার বিষয়টি আচ করতে পেরে তিনি অন্য পণ্য গুলো সড়িয়ে নেয়।

দোকানদার দুলাল মিয়ার ভাষ্য, ‘আমি জানি না টিসিবির পন্য বিক্রি করা যে অপরাধ। দুই বোতল আমার ব্যবহারের জন্য আনছি। বাকীগুলো আমার বউ,মা ও ভাইয়ের বউ আনছে। আর বাকি বোতল ও পন্য একজন অপরিচিত লোক বাজারে বিক্রি করতে নিয়ে আসলে, অনেকেই তার কাছ থেকে কিনছে। তাই মোনাফার আসায় আমিও কিনছি।’

৫নং পূর্ব দৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রহিম পারভেজ বলেন, টিসিবির পন্য বিক্রির কার্ড পেয়েছি ৯শ ৬টি। বারজন মেম্বারের মাঝে তা বিলি করেছি জনসংখ্যা অনুপাতে। কোন অনিয়ম আমার জানা নাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন ভূইয়া জনির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টিসিবির পণ্য অন্যত্র বিক্রির কোন সুযোগ নাই। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।’

শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা, সারের দাম বাড়ায় বিপাকে কৃষক

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
শীত সামনে রেখে আগাম শাক-সবজি চাষে ব্যস্ত কুমিল্লার তিতাস উপজেলার কৃষকেরা। ইতিমধ্যে উপজেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে বাজারে শাক-সবজির দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। ফলে চড়া দামে বিভিন্ন সবজির চারা ও সার কিনলেও বেশি দাম পাওয়ার আশায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নে ৪৫০ হেক্টর জমিতে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলা, পালংশাক, বেগুন, শিম, বরবটিসহ বিভিন্ন শাক-সবজির আবাদ হয়েছে।

উপজেলার ইউসুফপুর, গাজীপুর, ঐচাররচর ও কদমতলী গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকেরা শীতের সবজিখেতে কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ কীটনাশক দিচ্ছেন। বেড়ে উঠছে শাক-সবজির চারা। অনেকেই ইতিমধ্যে মুলা, মুলা শাক, লাউ ও লালশাক বিক্রি শুরু করেছেন।

কদমতলী গ্রামের বাসিন্দা কৃষক আলমগীর হোসেন বলেন, ‘গত বছর ৪ হাজার ফুলকপির চারা কিনেছি ১ হাজার ৪০০ টাকায়। এ বছর এক হাজার চারার দাম ১ হাজার ৮০০ টাকা। ৪ হাজার চারা কিনেছি ৭ হাজার ২০০ টাকা দিয়ে।’

আলমগীর আরও বলেন, ‘প্রতিবছর তিন-চার কানি জমিতে সবজি চাষ করতাম। এ বছর সার ও বীজের দাম বেশি হওয়ায় ৩১ শতক জমিতে ফুলকপি চাষ করেছি। তবে বাজারে এ বছর সবজির দাম অনেক বেশি। আশা করি চাষাবাদের খরচ উঠবে।’

কৃষক সিরু মিয়া বলেন, সারের দামের কারনে বেশি ফসল ফলাতে পারছি না। এছাড়াও সরকার যদি আমাদের সরিষা ও ভুট্টার বীজ না দেয় তাহলে আমার বিপাকে পরতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, এ বছর শীতের শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫০ হেক্টর জমিতে। এর মধ্যে টমেটো ৫৬ হেক্টর, লাউ ৪৬ হেক্টর, লালশাক ৪৬ হেক্টর, মুলা ৩৭ হেক্টর, বেগুন ২৮ হেক্টর ও শিম ৪৫ হেক্টর। এ ছাড়া ১৯২ হেক্টর জমিতে অন্যান্য শাকসবজির আবাদ করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে শাক-সবজি চাষের ওপর কৃষকদের পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করে আসছি। যাঁরা বসতবাড়িতে শাক-সবজি চাষ করেন, তাঁদেরকে আমরা সার, বীজসহ আনুষঙ্গিক সহযোগিতা দিচ্ছি।

মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন; ভোটারদের দ্বারে দ্বারে ৬ প্রার্থী

 

চান্দিনা  প্রতিনিধি:
বার বার পিছিয়ে পড়া কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন ২ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে ওই ইউনিয়নে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। পুরো এলাকায় এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।

চলতি বছরের শুরু থেকে সাতটি ধাপে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে চান্দিনার ১২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও গেজেটে পিছিয়ে থাকা মহিচাইল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্ভব হয়নি।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নানা কারণে বিলম্বিত হয়ে চলতি বছরের ৬ জুন ওই ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠের নামার পর গত ১১ জুলাই দিনগত রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম রুহুল আমিন এর মৃত্যুতে গত ২০ জুলাই ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর পুণঃতফসিল ঘোষনায় আগামী ২ নভেম্বর ওই ইউনিয়নে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার (নৌকা), নির্বাচন চলাকালিন সময়ে মৃত্যুবরণকারী প্রার্থী একেএম রুহুল আমিন এর স্ত্রী মাকসুদা আক্তার (আনারস), কামরুল হাসান ভূইয়া (মটরসাইকেল), ময়নাল হোসেন ভূইয়া (চশমা) মোজাম্মেল হক সরকার (ঘোড়া), লোকমান হোসেন শাহজাহান (অটোরিক্সা)।

সরেমজিনে রবিবার ওই ইউনিয়ন নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটারদের বাগিয়ে আনতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। চা দোকান থেকে শুরু করে হাট-বাজার ও বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সমর্থন প্রার্থনা করে নানা প্রতিশ্রুতি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

মহিচাইল জামিরাপাড়া এলাকায় গিয়ে দেখা যায় নৌকা প্রতীকের প্রার্থী আবু মুছা মজুমদার তার সমর্থিত নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে নিজের প্রচারপত্র বিতরণ করছেন। আবার কাউকে জড়িয়ে ধরে ভোট প্রার্থনা করছেন।

এসময় তিনি জানান, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটারদের কাছে না গিয়ে নানা রকম মিথ্যাচার করে এবং আমার নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’কে নিয়েও নানা রকম মিথ্যাচার করছেন। গত পাঁচ বছর আমার ইউনিয়নে আমি যে সেবা দিয়েছি তাতে এই ইউনিয়নের জনগণ আমাকে আবারও নির্বাচিত করবেন।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও চান্দিনা নির্বাচন অফিসার আশরাফুল হোসেন জানান, ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখনও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমরা একটি অবাধ সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।

নোয়াখালীতে সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন মোহন (২৮) উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের প্রজেক্ট এলাকার হাবিব উল্যাহ চৌধুরী বাড়ির মৃত মফিজ উল্যার ছেলে।

রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের জেঠাতো ভাই অহিদ উল্যাহ চৌধুরী দিদার জানায় , মোহন গত আড়াই মাস আগে সৌদি থেকে দেশে আসে। সে নেশা গ্রস্থ ছিল। গত কয়েক দিন আগে সে ব্লেড দিয়ে সে নিজের শরীর নিজে কাটে। রোববার সকালে তার মা ও স্ত্রী পরিবারের কাজে ব্যস্থ ছিল। ওই সুযোগে সে নিজের শয়ন কক্ষে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্য বিষয়টি আচ করতে পেরে দরজা লক ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা বলছে, পারিবারিক কলহের জের ধরে ওই নেশাগ্রস্থ প্রবাসী যুবক আত্মহত্যা করে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ওই যুবক নেশাগ্রস্থ ছিল বলে প্রতীয়মান হয়।

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধি :
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীকে নিজ দোকানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহত নুরুল আফসার (৪০) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়াড়র্ের দায় মোল্লা মৌলভী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।

রোববার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ। এর আগে,গতকাল শনিবার দিবাগত বাংলাদেশ সময় আনুমানিক ১ টার দিকে দক্ষিণ আফ্রিকা ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো শহরে এ ঘটনা ঘটে।

চেয়ারম্যান বলেন, ১৬ বছর আগে আফসার জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে বিয়ে করে পারিবারিক জীবন শুরু করে। তিনি ২ সন্তানের জনক ছিলেন। প্রতিদিনের মতো নিজের দোকানে ব্যস্ত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সময় রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী তার দোকানের সামনে এসে অবস্থান নেয়। একপর্যায়ে দোকানের ভিতরেই আফসারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পরে দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান মালামাল নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দক্ষিণ আফ্রিকা ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো শহরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ছোট কাকা মো.ইউসুফ বলেন, আফসারের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‘সব্যসাচী লেখক’ উপাধী পেলেন কথাসাহিত্যিক সৈয়দা রাশিদা বারী

 

স্টাফ রিপোর্টার:

লেখক ও কবি সৈয়দা রাশিদা বারীকে সম্মাননা প্রদান করেছে ‘শুদ্ধচিত্র বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন।

ঢাকার গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ‘সব্যসাচী লেখক’ উপাধিতে ভূষিত করা হয়।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান কায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর সিনিয়র ডেপুটি গভর্নর। মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জাতীয় সচিত্র মাসিক ‘স্বপ্নের দেশ’ পত্রিকার সম্পাদক সৈয়দা রাশিদা বারীর জন্ম কুষ্টিয়া জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা  ১ শতের  বেশি।

ভারতীয় নাগরিককে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ৩ পুলিশের বিরুদ্ধে

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগরে ধ্রুবরাজ দেব কর্মকার নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক এএসআই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে।

(১৯ অক্টোবর ) বুধবার রাতে উপজেলার জাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ধ্রুবরাজ দেব কর্মকার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা মলয়নগর গ্রামের শীব দেব কর্মকারের ছেলে। অভিযুক্তরা হলেন মুরাদনগর থানার এএসআই মো: আল-আমিন, কনস্টেবল মো: মতিউর রহমান ও আবু সুফিয়ান।

ধ্রুবরাজ দেব কর্মকার জানায়, বুধবার বিকেলে আমি আখাউড়া স্থল বন্দর হয়ে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করি কুমিল্লার হোমনা উপজেলায় আমার এক আত্মীয়ের বাড়িতে যাবার জন্য। এসময় আখাউরা থেকে মুরাদনগর পৌছাতে রাত ১১টা বেজে যায়। তখন আমার আরেক আত্মীয় তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আনিস আমাকে এগিয়ে নিতে মুরাদনগর আসে। পরে আমরা হোমনার উদ্দেশ্যে রওনা করি পথিমধ্যে জাহাপুর এলাকায় পৌছালে মুরাদনগর থানা পুলিশ আমাদের থামার জন্য সংকেত দেয়। এসময় আমাদের গাড়িতে থেকে নামিয়ে ব্যাপক তল্লাশি করে তখন আমার সাথে ভারত থেকে বৈধ উপায়ে আনা দুই বোতল মদ পায় পুলিশ। এসময় পুলিশ আমার হাতে হাতকড়া লাগিয়ে ফেলে তখন আমি পুলিশকে বলি আমার পাসপোর্টে ভারতীয় পর্যটক হিসেবে দুই বোতল মদ খাওয়ার জন্য বহন করতে পারব এমন অনুমতি রয়েছে। তখন পুলিশ ও দুই কনস্টেবল বলে আমাদের গ্রেফতার করা হবে। এবং ওইসময় পুলিশ নানা ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে ২ হাজার টাকা ও ১ বোতল মদ রেখে আমাদের ছেড়ে দেয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাশ্ববর্তী উপজেলার বলরামপুর ইউপি সদস্য মো: আনিস  জানায়, গাড়ী তল্লাসী করে দু’বোতল মদ পাওয়ার পর ভয়ভীতি দেখিয়ে ভারতীয় নাগরিক ধ্রুবরাজ দেব কর্মকারের নিকট হতে দু’হাজার টাকা ও এক বোতল মদ নিয়ে যায়।

এ বিষয়ে এএসআই আল-আমিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন এ বিষয়ে মোবাইল ফোনে বিস্তারিত বলা যাবে না।

ছুটিতে থাকা মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন এ বিষয়ে কেউ অভিযোগ করলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ বলেন, এ বিষয়ে আমার কোন জানা নেই । বিষয়টির ব্যপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে স্কুল মাঠের মাটি কেটে নিয়ে গেছে ঠিকাদার, বিপদে শিশু শিক্ষার্থীরা

মাহবুব আলম আরিফ:
প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠকে পুকুরে পরিনত করে মাটি কেটে নিয়ে গেছেন ঠিকাদার। ফলে বিপদে পড়েছেন ওই বিদ্যালয়ের ২০৭ জন শিশু শিক্ষার্থী। বিদ্যালয়ে আসলেও খেলাধুলা করতে মাঠে নামতে পারছেনা কেউ। তবে ৮ মাস আগে নবনির্মিত ভবনের অজুহাতে মাঠের মাটি কেটে নিয়ে গেলেও এখন পর্যন্ত ঠিকাদারের বিরুদ্ধে অলৌকিক কারণে লিখিত অভিযোগ দেয়নি কেউ। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় অভিবাবকদের মাঝে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ভিটিপাচঁপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে এ দুরবস্থা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ও ঠিকাদারের যোগসাজশেই এটি হয়েছে। স্কুলটির একমাত্র খেলার মাঠটি ৬ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে গেল ঠিকাদার অথচ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হলো না। এই গর্তের ফলে এখন অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। পাশাপাশি বিদ্যালয় এর আশপাশের বাড়িঘরের মানুষেরাও তাদের ছোট ছোট বাচ্চাদের কে নিয়ে সব সময় একটা আতঙ্কে থাকতে হয়। এই গর্ত দ্রুত ভরাট না করলে যেকোনো সময়ে এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তখন এর দায়ভার কে নিবে?

ভিটিপাঁচপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার বলেন, ২০২০ সালে বিদ্যালয়ে একটি নতুন ভবনের কাজ শুরু হয়। গত ৮ মাস আগে সেই ভবনে মাটি লাগবে এমন অজুহাতে করোন কালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় মাঠের মাটি কেটে নিয়ে যায় ঠিকাদার। বিদ্যালয় খোলার পর বিষয়টি রেজুলেশন আকারে আনা হয়েছে। তখন ঠিকাদার বলেছিলেন বিদ্যালয় খোলা মাত্রই তিনি মাটি ভরাট করে দিবেন। কিন্তু বিদ্যালয় খোলার দীর্ঘ দিন পার হলেও এখন পর্যন্ত গর্তটি ভরাট করা হয়নি। এ বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কে জানিয়েছি।

ঠিকাদারি প্রতিষ্ঠান সাব-কন্ট্রাক্টর মিজান এর কাছে মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, এটি এমন কোন গর্ত নয়। প্রয়োজনে মাটি কেটে নিয়েছিলাম কিছুদিনের মধ্যেই আবার ভরাট করে দিব। গর্তের ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা হলে এর দায়ভার কে নিবে? জানতে চাইলে, তিনি জবাবে বলেন আরে নাহ কোন সমস্যা হবে না।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির বলেন, বিষয়টি নিয়ে আমার সাথে কয়েকবার মৌখিক আলোচনা হয়েছে তবে এখন পর্যন্ত কেউ লিখিতভাবে জানায়নি। দেখি ঠিকাদারের সাথে কথা বলে খুব দ্রুতই সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাকে জানানোর পর আমি যতবার বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা বলেছি তারা ততবারই খুব দ্রুত ভরাট করে দেবে বলতেন। পরে বিষয়টি মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করা হলে ভরাট করে দেয়ার বিষয়ে একইভাবে আশ্বস্ত করেন উপজেলা প্রকৌশলী। যেহেতু মৌখিকভাবে সহযোগিতা চেয়েও কানো ভালো ফলাফল পাইনি। খুব দ্রুতই এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দেয়া হবে।

চৌদ্দগ্রামে কার্ভার্ডভ্যানের পিছনে নৈশকোচের ধাক্কায় এক যাত্রী নিহত, আহত-৬

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ট-২৪-৩০৯৩) পিছনে যাত্রীবাহী নৈশকোচ সেন্টমার্টিন কিং (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৪৬) ধাক্কা দিলে বাসের যাত্রী জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা হেলপার, একই পরিবারের তিনজনসহ, ছয়জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

রোববার (২৩ অক্টোবর)  ভোর সাড়ে পোনে ৫টায় উপজেলার সুজাতপুর এলাকার লাকি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ঢাকা সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসটি রোববার ভোরে পোনে ৫টায় চৌদ্দগ্রামের সুজাতপুর লাকি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।