All posts by jitu

শেখ রাসেলের জন্মবার্ষিকীতে সারওয়ারের উদ্যোগে এতিম ও পথশিশুদের নিয়ে নানা আয়োজন

স্টাফ  রিপোর্টার:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯-তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে এতিম ও পথ শিশুদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। এই সময় শেখ রাসেলের জন্য মিলাদ ও দোয়া করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ কার্যক্রম চলে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ ঘোষণা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

 

রাসেলের জন্মবার্ষিকীতে যুবলীগ নেতা সারওয়ারের উদ্যোগে বঙ্গবন্ধুর বই বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের ছাত্রীদের মাঝে অসমাপ্ত আত্মজীবনী ও প্রিয় বঙ্গবন্ধু নামক দুইটি বই বিতরণ করা হয়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯-তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর পক্ষ থেকে  এসব বই বিতরণ করা হয়।

নোয়াখালীতে শিক্ষিকার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রকে নির্যাতন-নম্বর টেম্পারিংয়ের অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হাসিনা আক্তারের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে তার কাছে প্রাইভেট না পড়ায় নিয়মিত ক্লাসে শারীরিক ও মানসিক টর্চার করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায়  মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত কিছু দিন যাবত মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হাসিনা আক্তার চতুর্থ শ্রেণির ছাত্র জাজিউল হককে তার কাছে প্রাইভেট পড়তে চাপ প্রয়োগ করে আসছে। ওই শিক্ষার্থী তার কাছে প্রাইভেট না পড়ার কারণে ওই শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে শারীরিক ও মানসিক টর্চার করে এবং পরীক্ষার খাতায় সে সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তর প্রদান করলেও তাকে যথাযথ নম্বর প্রদান করা হয়নি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

অভিযুক্ত সহকারি শিক্ষিকা হাসিনা আক্তারের সাথে একাধিকবার চেষ্টা করেও কথা বলা যায়নি। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুঠোফোনে কল দিয়ে হাসিনা আক্তারের সাথে কথা বলতে চাইলে প্রধান শিক্ষক বলেন আমি ব্যাংকে আছি।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, এটি তদন্তাধীন বিষয়। এ বিষয়ে কোন কথা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। নম্বর টেম্পারিংয়ের অভিযোগ থাকায় ওই স্কুলের অন্য শিক্ষক দিয়ে খাতা পুনরায় মূল্যায়ন করা হয়। যিনি অভিযুক্ত শিক্ষক তিনি নম্বর দিয়েছেন ১০ পরে শিক্ষক ফরিদা ইয়াসমিন নামে আরেক শিক্ষক কে দিয়ে খাতা মূল্যায়ন করলে দেখা যায় সে পেয়েছে ১১। নম্বরের তেমন পার্থক্য নেই। যেহেতু লিখিত অভিযোগ পেয়েছি তাই ছাত্রকে তার কাছে প্রাইভেট না পড়ায় নিয়মিত ক্লাসে শারীরিক ও মানসিক টর্চারের বিষয়ে তদন্ত করা হবে।

আফগানদের কাছে বড় ব্যবধানে হার টাইগারদের

 

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে আসার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের পারফরম্যান্সে কিছুটা হলেও উন্নতি ঘটবে বলে আশা করেছিল সবাই; কিন্তু কিছুই হলো না। উল্টো ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানের ব্যবধানে বড় পরাজয়ই বরণ করলো টাইগাররা।

আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে। মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২৯ রান করেন। আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে ৪৭ রানেই ৭ উইকেট হারায় টাইগাররা।

এরপর মোসাদ্দেক হোসেন আর মোস্তাফিজুর রহমান মিলে বাংলাদেশের স্কোরকে নিয়ে যান একটা সম্মানজনক অবস্থানে। তবুও শেষ পর্যন্ত দলীয় স্কোর তিন অংকের ঘরেও নিতে পারেনি টাইগাররা। থেমে গেছে ৯৮ রানে।

সর্বোচ্চ ২০ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৫টি বল খেলেন তিনি। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে মোস্তাফিজের ব্যাট থেকে। তিনিও খেলেন ২৫ বল। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ১টি।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেমে শুরুতেই মহা বিপদে পড়ে বাংলাদেশ। ৫ম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারিয়ে বিপদ বাড়ান সাকিব আল হাসান এবং আফিফ হোসেন ধ্রুব। ২৬ রানে মাথায় হারায় ৪ উইকেট। ২৮ রানে ৫ম এবং ৪৬ রানের মাথায় হারায় ৬ষ্ঠ উইকেট। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে।

রান তাড়া করতে নেমে আজও মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয়। তার সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৯ রান সংগ্রহ করে দুই ওপেনার। নাজমুল হোসেন শান্ত এ সময় ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান।

এরপর ব্যাট করতে নেমে ৪ বল খেলে মাত্র ১ রান করেই বিদায় নেন সৌম্য সরকার। সাকিব আল হাসানও আউট হলেন একইভাবে। ৪ বল খেলে করেন ১ রান। আফিফ হোসেন ধ্রুব তো গোল্ডেন ডাক মেরেই বিদায় নিলেন। সপ্তম ওভারের প্রথম বলে আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান ইয়াসির আলী রাব্বিও। তিনিও কোনো রান করতে পারেননি।

নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক কিছুটা আশার আলো জ্বালেন। কিন্তু সোহান ৮ বল খেলে ১৩ রান করে আউট হয়ে যান। মোসাদ্দেক-মোস্তাফিজ ছাড়াও ১০ বলে ৬ রান করেন তাসকিন আহমেদ।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান।

কবি এ কে সরকার শাওনের হেমন্তের কবিতা “শিউলী মালা”

 

সাত সকালে শিউলী তলে
ফুল কুড়াবার কালে;
আঁচল তলে শিউলী দোলে
বুকে প্রলয় চলে!

শিউলী মালা গাথবো বলে
বসি শিউলী তলে!
স্মৃতির মেঘে থমথমে মন
ভাসি নয়ন জলে!

শিউলী ফুলের সাথে আমার
মিলে নানান তাল!
অল্পায়ু শিউলী, শরৎ,
আমার সুখের কাল!

অশ্রু শুকায় মনের তাপে
শিশির উত্তাপে!
ঘাসের মত তাপ শুষি
একাকী দিনে রাতে!

সাদা মনের শিউলী হারায়
কে রাখে তা মনে!
আমার মতো অভাগিনী
না জন্মাক কোন ক্ষণে!

বছর ঘুরে শিউলী আসে
শীতের বার্তা লয়ে!
আমার তরে কেউ আসে না
দুঃখে মরি ক্ষয়ে!

শিউলী মালা বেঁধেছিলাম
তাঁর হাতে হাত!
জানি না আজ কোন সুদূরে
আমার ভীষণ রাত!

শিউলীর ঘ্রাণে মালা গাথি
আনমনে নিশিদিন!
জনম জনম ভালোবেসে
শুধবো আমার ঋণ!

কবিতাঃ শিউলী মালা
কাব্যগ্রন্থঃ আপন আভাস
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, ঢাকা।
১৬ অক্টোবর ২০২২

জার্মান আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন:সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাহফুজ ফারুক

ডেস্ক রিপোর্ট:

জার্মান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির উদ্যোগে ১৫ ই অক্টোবর ফ্রান্কফুর্টের একটি স্থানীয় অডিটরিয়াম হলে জার্মান আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামীলীগের আহ্বায়ক শাহ আলম ও সভা পরিচালনা করেন তোফাজ্জল হোসেন সেন্টু। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মাহফুজ ফারুক।পবিত্র কোরআন থেকে পাঠ করেন ঠান্ডু মাতব্বরর ও গীতা থেকে পাঠ করেন বরুন চক্রবর্তী।

সভায় আরো বক্তব্য রাখেন হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামীলীগের সভাপতি নোমান হামিদ, সন্মানিত বিশেষ অতিথি কবি মুনিব রিজওয়ান, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, শেখ আলম, খান শিহাব, শফিক মার্ক্স ট্রাউড, মিন্টু গোম্বের্ট, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, তারেক আহমেদ, মাখন সরকার, রাসেদ ভূইয়া, সেলিম আলী, মোহাম্মদ ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী স্মৃতি চক্রবর্তী, সাজ্জাতুর রহমান সহ আরো অনেকে। শাহ আলম প্রথম অধিবেশনে জার্মান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কাউন্সিলরগণের উপস্থিতিতে  দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সন্মেলন প্রস্তুতি কমিটির প্রধান জনাব নোমান হামীদ।

নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলম ও মাহফুজুর রহমান ফারুকের নাম ঘোষিত হলে এবং আর কোন নাম প্রস্তাবিত না হলে মূহুর্রমুহ করতালি ও দলীয় স্লোগানের মাঝে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

জেলা পরিষদ নির্বাচন; চান্দিনায় সদস্য পদে অধ্যাপক বজলুর রহমান বিজয়ী

 

চান্দিনা  প্রতিনিধি:
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে যেমন কঠিন ছিল নির্বাচন কমিশন তেমনি তৎপর ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। ভোট গ্রহনের মাত্র ৩০ মিনিটের মধ্যেই সকল কেন্দ্রের ফলাফল প্রকাশ করেন প্রিজাইডিং অফিসার।

এতে কুমিল্লা-৭নং ওয়ার্ড চান্দিনা থেকে সাধারণ সদস্য পদে হাতি প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক বজলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট।

এছাড়া সংরক্ষিত ৩নং ওয়ার্ড (৭,৮,৯) নারী সদস্য পদপ্রার্থী ফুটবল প্রতীকে শিরিন সুলতানা ১০৩ ভোট পেয়েছে। তিনি বাকি আরও ২টি ওয়ার্ডের (দেবীদ্বার ও বরুড়া উপজেলা) ভোট গণনায় সর্বমোট ৩৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। চান্দিনা কেন্দ্রে সংরক্ষিত নারী সদস্য পদে ৪০ ভোট পেয়ে দ্বিতীয় মোসাম্মৎ জান্নাতুল ফেরদাউস (টেবিল ঘড়ি)।

চান্দিনা কেন্দ্রে ১৮৫ ভোটের মধ্যে ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ভোট বাতিল করা হয়। বাকি ১৮৩টি বৈধ ভোট ঘোষনা করা হয়।

 

সেবা প্রত্যাশী নারীকে অশ্লীল গালাগাল: ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রেস্তোরায় বৈঠক বসতে অসম্মতি জানালে সেবা প্রত্যাশী এক নারীকে (৫৭) পুলিশের উপ-পরিদর্শকের অশ্রাব্য-অশ্লীল ভাষায় গালাগাল করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

এঘটনায় রোববার (১৬ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রতন মিয়াকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

ভুক্তভোগী সেতারা বেগম কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আকবর হাজী বাড়ির মৃত আবুবক্কর ছিদ্দিকের স্ত্রী।

গত শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোম্পানীগঞ্জ থানার প্রধান ফটকে ও মুঠোফোনে এ ঘটনা ঘটে। ঘটনার পর দিন সকালে ভুক্তভোগী ওই নারীকে বাড়ি গিয়েও হুমকি ধামকি দিয়ে শাসিয়ে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করেন এসআই রতন।  এমন আচরণে প্রত্যক্ষদর্শী এবং সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ৭ মাস আগে তার ছেলে নুরনবীকে (২৭) প্রতারণা করে মিথ্যা তথ্য দিয়ে সৌদি নিয়ে ৪লক্ষ টাকা হাতিয়ে নেয় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মেহের আলী কামলা বাড়ির সৌদি প্রবাসী সাইফুল ইসলাম। কথা ছিল সাইফুল সৌদি নিয়ে আমার ছেলেকে আবাসিক হোটেলে চাকরি দিবে। বেতন হবে ১হাজার ৮০০শত রিয়াল। কিন্তু তিন মাস একটা রুমে রাখে চাকরি না দিয়ে। গত ৭ মাসেও সে আমার ছেলেকে কোন চাকরি দিতে পারেনি। একপর্যায়ে আকামা করার জন্য পুনরায় ১হাজার রিয়াল নেয়। এখানেও সাইফুল প্রতারণা করে আমার ছেলেকে খুরুজ লাগানো আকামা দেয়। এ কারণে কেউ তাকে আকামা দেখে কাজ দেয়না।

তিনি আরো জানান, এসব প্রতারণার অভিযোগ তুলে গত ১৫-২০ দিন আগে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগী বিবাদী করা হয় সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মা-বাবা ও স্ত্রীকে। কোম্পানীগঞ্জ থানার ওসি এ অভিযোগের তদন্ত করার দায়িত্ব দেন এসআই রতনকে। সমস্যার সমাধান করতে রতন আমাদের কাছে ৫হাজার টাকা দাবি করে। পরে তাকে ২হাজার টাকা দেওয়া হয়। বাকী টাকা পরে দেওয়ার কথা ছিল।

ওই নারী বলেন, গত শুক্রবার প্রথম বৈঠকে থানায় বিবাদী পক্ষের কেউ আসেনি। দ্বিতীয় বৈঠক বসার জন্য এসআই রতন বিবাদীদের বাড়িতে গিয়ে বৈঠকে বসার বিষয়ে অবহিত করে আসেন। তারপর গত শনিবার সন্ধ্যার দিকে এসআই রতন বাদীকে ফোন দিয়ে জানায় থানায় কোন বৈঠক হবেনা। বৈঠক হবে বসুরহাট বাজারের হক হোটেলে। এ নিয়ে অভিযোগকারী নারী রোঁস্তোরায় গিয়ে বৈঠকে বসতে অস্বীকৃতি জানালে এসআই রতন ওই নারীকে মুঠোফোনে অশ্রাব্য-অশ্লীল ভাষায় বেজায় গালাগাল করেন। তখন মুঠোফোনে ওই নারী এসআই রতনকে জানায় থানায় অভিযোগ করেছি বৈঠকও থানায় হবে। এরপর এসআই তাকে থানার গেইটে আসতে বলে। সেবা প্রত্যাশী নারী থানার গেইটের ভিতরে প্রবেশ করলে পুনরায় সে ওই নারীকে বিশ্রী ভাষায় প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে গালমন্দ করে। যা লেখার অযোগ্য। পরে ওই নারী কাঁদতে কাঁদতে থানা থেকে চলে যায়। এসআই রতনের অশ্রাব্য-অশ্লীল ভাষায় গালাগালের একটি অডিও রেকডিং ও ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষতি আছে।

ভুক্তভোগী অভিযোগ করে আরো বলেন, একজন মাকে তার ছেলের সামনে প্রকাশ্যে এভাবে কোন পুলিশ কর্মকর্তা গালিগালাজ করতে পারে। যা সভ্য সমাজে কল্পনা করা যায়না। ওই নারী আরো জানান তিনি আতঙ্কে গত দুদিন যাবত কিছুই খাননি। এ ঘটনায় তিনি এসআই রতনের উপযুক্ত শাস্তি দাবি করেন বাংলাদেশ পুলিশ প্রধানের কাছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.রতন মিয়া বলেন, ওই নারী থানায় কোন লিখিত অভিযোগ করেনি। তার মৌখিক অভিযোগের ভিত্তিতে তিনি বিষয়টি সমাধান করতে চেয়েছিলেন। তবে হোটেলে বৈঠকে না যাওয়া তিনি রাগের মাথায় একটু উত্তোজিত হয়ে ওই নারীর সাথে ব্যবহার করেছিলেন বলে দাবি করেন। তবে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে শাসানো হয়নি এবং টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান উপপরিদর্শক (এসআই) মো. রতন মিয়ার পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুক্তভোগী নারী কোনো লিখিত অভিযোগ দেয়নি। তারপরও সম্পর্কের কারণে বিষয়টি সমাধানে এসআই রতন তৎপর ছিল। কিন্তু গালিগালাজের যে ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে তা দুঃখজনক। গতকাল রাতেই তাকে ক্লোজড করা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচন: দেবিদ্বারে এমপি সমর্থিত দুই প্রার্থীর বিশাল জয়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দেবিদ্বারে ( ৬ নং ওয়ার্ড) সাধারণ সদস্য পদে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: বাবুল হোসেন ওরফে ভিপি বাবুল ( হাতি ) । অপর দিকে সংরক্ষিত ( দেবিদ্বার, চান্দিনা ও বরুড়া) সাধারণ সদস্য পদে  ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিরিন সুলতানা (ফুটবল) । এরা দুজনই সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থিত  বলে জানা গেছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেবিদ্বারে ( ৬ নং ওয়ার্ড) সাধারণ সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী  মো: মোস্তাফিজুর রহমান সরকার (তালা) পেয়েছেন ৫৩ ভোট।

অপর দিকে মহিলা সদস্য পদে বিজয়ী শিরিন সুলতানা দেবিদ্বারে ১৫১ ভোট, চান্দিনায় ১০৩ ভোট ও বরুড়ায় ৮৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী  শাহিনুর লিপি  ৩ উপজেলায় পেয়েছেন ৪২ ভোট (দেবিদ্বারে ৯ ভোট, চান্দিনা ২২ ভোট ও বরুড়ায় ১১ ভোট)।

পরাজিত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান সরকার  এবং শাহিনুর লিপি  দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী  মাষ্টার  সমর্থিত ছিলেন বলে জানা গেছে।

 

তিতাসে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দেলোয়ার হোসেন পলাশ বিজয়ী

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ২নং ওয়ার্ড (তিতাস) থেকে সদস্য পদে মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ (তালা প্রতীক) বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ (তালা প্রতীক) পেয়েছেন ৬৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন সিকদার (হাতি প্রতীক) পেয়েছেন ৫২ ভোট। এবং আরিফুর রহমান (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ১ভোট। এতে মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ ১২ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়।

জানাগেছে, উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১২০ জন ভোটারের মধ্যে ৩জন ভোটার অনুপস্থিত থাকায় মোট ১১৭জন ভোটার ভোট দানে অংশ গ্রহন করেন। সকাল ৯ টা থেকে ইভিএমএ ভোট গ্রহন শুরু হয়ে ২টা পর্যন্ত চলে। কঠিন নিরাপত্তার মাঝে নির্বাচন শান্তি পূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন।

নির্বাচনে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (বিপিএম বার) মো. আবদুল মান্নান, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, ওসি ( তদন্ত) রফিকুল ইসলাম সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষণ ও দায়িত্ব পালন করেন।