All posts by jitu

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে ৯ দিনব্যাপী বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা। আগামী ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে কুমিল্লা টাউন হল মাঠে।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জ্ঞান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও প্রতিদিন সন্ধ্যার পর বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায়। সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূইয়া। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।

এ বছর বইমেলায় অংশ নিচ্ছে ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের সুবিধার্থে টাউন হল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়া, প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নটরডেমিয়ান ক্লাব বাংলাদেশ লিমিটেড–প্রেসিডেন্ট কাপ ইনডোর টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

 

নটরডেমিয়ান ক্লাব বাংলাদেশ লিমিটেড-এর আয়োজনে বনানী ১০ নম্বর রোডের ফাদার পিসাতো অডিটোরিয়ামে সায়েম ও ক্যাপ্টেন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট কাপ ইনডোর টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ রেফায়েত উল্লাহ বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন।

বিজয়ীদের তালিকা:

টেবিল টেনিস একক: চ্যাম্পিয়ন মোঃ বদরুল, রানার্সআপ মোঃ সজিব
টেবিল টেনিস দ্বৈত: চ্যাম্পিয়ন সজীব ও সুজন, রানার্সআপ দিপু ও রাজিব
দাবা: চ্যাম্পিয়ন আসাদ, রানার্সআপ দোলন
ক্যারম একক: চ্যাম্পিয়ন জুয়েল, রানার্সআপ মাহফুজ
ক্যারম দ্বৈত: চ্যাম্পিয়ন মাহফুজ ও জুয়েল, রানার্সআপ চন্দন ও নাদের
পুল: চ্যাম্পিয়ন তানিম, রানার্সআপ ক্যাপ্টেন খালেদ
স্নুকার: চ্যাম্পিয়ন দিপু, রানার্সআপ শান্ত
উল্লেখ্য ক্লাবে প্রথমবারের মতো স্নুকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিপু ।

অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের উপস্থিতি এটিকে আরও সমৃদ্ধ করে তোলে। পুরস্কার বিতরণের পর ডিনার ও সাংস্কৃতিক পরিবেশনায় সন্ধ্যার পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান নয়নসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা ডিবি পুলিশ, চান্দিনা, সদর দক্ষিণ, লালমাই ও লাকসাম থানার সমন্বিত টিমের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম প্রধান নয়নসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সরঞ্জাম ও দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি লাকসাম থানা এলাকা থেকে ডাকাতি হওয়া ৩টি গরু ও ২টি গরুর বাছুরও উদ্ধার করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্তিক এলাকায় ধারাবাহিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চান্দিনা থানার বরকরই নাথের বাড়ী এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)-এর নেতৃত্বে অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে নীল রঙের পিকআপ থেকে ৪/৫ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়। অপর একটি হলুদ রঙের পিকআপ পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করলে ডাকাত নয়ন পুলিশ সদস্যদের ওপর গাড়ি তুলে মারার চেষ্টা করে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার দুঃসাহসিক ধাওয়ার পর সদর দক্ষিণ থানার ফিরিঙ্গির হাট এলাকায় ডাকাত নয়ন কৌশলে পালানোর চেষ্টা করে পুকুরে লাফ দিলে ডিবি পুলিশের সদস্যরা পুকুরে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃতরা সাম্প্রতিক সময়ের লাকসাম ও চান্দিনা এলাকায় গরু ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন: চান্দিনা থানার বরকড়ই গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ রায়হান (২০), তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ নয়ন (৩৪), চান্দিনা থানার বরকড়ই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মোঃ শাহাদাত হোসেন (২৪), চান্দিনা থানার দেওকামতা গ্রামের মোঃ সিরাজ কাজীর ছেলে মোঃ নাছির (২৫), চান্দিনা থানার সুরিখোলা গ্রামের মন্টু মিয়ার ছেলে মোঃ সজীব রানা (২৮)।

পুলিশ সূত্র জানায়, নয়নের বিরুদ্ধে ১১টি, সজীবের বিরুদ্ধে ৫টি এবং রায়হানের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২টি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ, ১টি টোটো রিভাল বার, ১টি বোল্ট কাটার, ২টি কাঠের বাটযুক্ত ছুরি, লোহার চাপাতি, ১টি স্টিলের চাপাতি, ১টি হ্যাকসো ব্লেড কাটার, ৩টি গরু ও ২টি বাছুর উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে দেবিদ্বার ও দাউদকান্দি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে জেলা পুলিশের এমন সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

পঁচা ও বাসি খাবার সংরক্ষণ: হাজীগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী।

বুধবার (২৬ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পঁচা ও বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ কে ৪৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে শাহজাহান মেমোরিয়াল হাসপাতাল ফার্মেসী কে ২০ হাজার টাকা, একই অপরাধে ইসলামিয়া মডার্ণ হাসপাতাল ফার্মেসী কে ৫ হাজার টাকা এবং মেসার্স মেডিসিন কর্ণার কে ১০ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

চৌদ্দগ্রামে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

স্টাফ রিপোর্টার:

নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। বুধবার(২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।এরমধ্যে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে, গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার। এ ক্ষেত্রে ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে এ, বি, ও সি,এই ৩ ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারি মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবীরা কেউ বাদ পড়েনি। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে।

কোতোয়ালী মডেল থানায় অস্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পুলিশ সুপার নাজির আহমেদ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় অস্থায়ী ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

জানা যায়, বহুল প্রত্যাশিত মডেল ব্যারাক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার পুরোনো ভবন ভাঙার প্রস্তুতি চলছে। নতুন ভবন নির্মাণকাজ চলাকালে থানার নিয়মিত প্রশাসনিক ও দাফতরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পুলিশ সুপারের উদ্যোগে এই অস্থায়ী ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, “অস্থায়ী এই অবকাঠামো নির্মাণের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে সেবাগ্রহীতারা আগের তুলনায় দ্রুত, নিরাপদ ও মানসম্মত সেবা পাবেন।” তিনি আরও আশা প্রকাশ করেন যে নতুন স্থাপনা নির্মিত হলে থানার সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

থানা সংশ্লিষ্ট কর্মকর্তা, ফোর্স সদস্যদের জন্য উপযোগী আবাসন এবং কার্যকরী অফিস পরিবেশ নিশ্চিত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং সেবার মান বৃদ্ধিতে এই অস্থায়ী ভবন সহায়ক হবে বলে মন্তব্য করেন কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম, ডিবি ওসি মোঃ আবদুল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিন জাতি নারী ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন লিফট

প্রেস বিজ্ঞপ্তিঃ

ঘরের মাঠে তিন জাতি নারী ফুটবল সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৬ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকদের মুখোমুখি হবে আজারবাইজান ও মালয়েশিয়া। এই টুর্নামেন্ট ঘিরে ফুটবল সমর্থকদের উন্মাদনার শেষ নেই। এমন উন্মাদনা, উল্লাসে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.। টুর্নামেন্টের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন লিফট।

সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিস্বাক্ষরের মাধ্যমে স্পন্সর হিসেবে যুক্ত হলো ওয়ালটন লিফট। বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার মো. জেনান-উল-ইসলাম, মার্কেটিং বিভাগের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ওয়ালটন লিফটের ব্র্যান্ড ম্যানেজার মো. বিজয় ইসলাম আরিফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। মাঝে ২৯ নভেম্বর লড়বে মালয়েশিয়া ও আজারবাইজান। আর ২ ডিসেম্বর শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

জানা গেছে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গেও যুক্ত ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে বহন করা ওয়ালটন। ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাচ্ছে মেসি-মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে।

আমিন খান বলেন, ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন দেশের ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। এবার বড় আয়োজনে, বৃহৎ পরিসরে বাংলাদেশ ফুটবলের সঙ্গে যুক্ত হলো ওয়ালটন লিফট।

নাঙ্গলকোটে অস্ত্রসহ আটক দুই যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধাবার (২৬ নভেম্বর) রাতে চিওড়া ইউনিয়নের তেজের বাজার এলাকা আটক করা হয়।

জানা গেছে, স্থানীয় সূত্রের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বুধবার রাতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ টহল দলটি নাঙ্গলকোট উপজেলার চিওড়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার (৩০) ও মো. নাসির (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের সঙ্গে জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়ার জন্য নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাঙ্গলকোট আর্মি ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মাহমুদ।

এমবিবিএস ডিগ্রি ছাড়াই ডক্টর পদবী ব্যবহার : চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে এমবিবিএস ডিগ্রি ছাড়াই ডক্টর পদবী ব্যবহার করায় বিসমিল্লাহ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোঃ মামুন হোসেনকে ১০ হাজার টাকা, খাবারের মূল্য তালিকা না থাকা এবং বাসী খাবার বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় বিসমিল্লাহ কপি হাউজকে ৫ হাজার টাকা ও খাবারের মূল্য তালিকা না থাকায় এরাবিয়ান ফুড কর্ণারকে ২ হাজার টাকা সহ তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।