All posts by jitu

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর উপজেলার মতলব দক্ষিণ ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১৪টি দেশীয় অস্ত্র, ১৫ গ্রাম গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন দ্রব্য সামগ্রীসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১ টায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৮ নং খাদের গাঁও ইউনিয়নের নারায়ণপুর এলাকার নুরুল আমিনের ছেলে মেহরাব আমিন সিহাব (১৯ বছর), নারায়ণপুর হাওলাদার বাড়ির অলিউল্লাহর ছেলে আরিফ হোসেন (৪২ ), বাড়ইগাঁও দক্ষিণ মজুমদার বাড়ির আলী মজুমদারের ছেলে সজিব মজুমদার ( ৩১), নারায়ণপুর ( বাকুরগাঁও) গ্রামের মৃত সুধাংশু চক্রবর্তীর ছেলে আনন্দ চক্রবর্তী (৩০)।

আটক হওয়া ব্যক্তি এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

বৃষ্টি নেই, তবুও পানির নিচে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সড়ক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

মেঘ-বৃষ্টি কিছুই নেই, পানিতে তলিয়ে গেছে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সড়ক। গোড়ালি পর্যন্ত জমে থাকা পানি থেকে বের হচ্ছে দুর্গন্ধ। এই পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। পড়তে হয়েছে ভোগান্তিতে।

সরজমিনে আজ বৃহস্পতিবার(২৯ডিসেম্বর) গৌরীপুর- হোমনা সড়কের সাথে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সংযোগ সড়কে এই পরিস্থিতি দেখা যায়। ভুক্তভোগীরা জানান, গত কয়েক বছর ধরে বর্ষাকালে বৃষ্টিতে এখানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

গত কয়েকদিনে ব্যস্ত এই সড়কের মুখে পানি জমে রয়েছে । সড়কটির উভয় পাশে হসপিটাল, মাদরাসা, বালিকা বিদ্যালয়সহ ব্যবসায়িক প্রতিষ্টান রয়েছে। জলাবদ্ধতা হওয়ায় মাদরাসা ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারী মানুষ বিপাকে পড়েন।

স্থানীয়রা জানান, সড়কটির দুপাশেই উচু উচু ভবন নির্মান হলেও পানি নিষ্কাশন বা ড্রেন করার জন্য তেমন কোন জায়গা রাখেনি। পরে সড়কটির পাশ দিয়ে পিভিসি পাইপ দিয়ে পানি নিষ্কাশনের লাইন করলেও তা ফেটে এসব ভবনের পানি সরাসরি সড়কে পড়ে। পরে ধীরে ধীরে পানি বাড়তে থাকে। একপর্যায়ে তা গোড়ালি পরিমাণ জমে যায়।

সড়কের পাশের এমআরএস প্রিন্টিং হাউজ এর মালিক মাসউদুর রহমান সুমন বলেন, বৃষ্টির সময়েও জলাবদ্ধতা হয়, এখন বৃষ্টি না হলেও জলাবদ্ধতা হচ্ছে। আর এই জলাবদ্ধতায় আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন নির্বাচনী সিজন চললেও জলাবদ্ধতার কারনে আমার প্রেসে তেমন কাস্টমার পাচ্ছি না। আর কয়েকদিন আগে আমার পানির কারনে আমার মোটরসাইকেলটি দুরে রেখে আসলে তা চুরি হয়ে যায়। সবমিলিয়ে এসড়কের পাশের ব্যবসায়ীরা সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু দেখার কেউ নেই।

গৌরীপুর বিলকিস মোশারফ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান আক্ষেপ করে বলেন, হোমনা সড়ক থেকে বিদ্যালয়ে আসার দুইটি সড়কই জলাবদ্ধতা থাকে। সড়কগুলো পাশে পাশে উচু উচু বিল্ডিং করা মালিকরা একজনেও ড্রেন রাখেনি, বরং সরকারি জায়গা দখল করে বিল্ডিং করেছে। এসব বিল্ডিংয়ের ময়লা পানি সব সড়কের উপর চলে আসে। এসব ময়লা পানির দুর্ঘন্ধে শিক্ষার্থীর অনেকসময় অসুস্থ হয়ে যায়।

গৌরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়শা আক্তার বলেন, জলাবদ্ধতার বিষয়ে স্থানীয় ভাবে কয়েকজন বলেছে, কেউ কেউ রাস্তা কেটে পাইপ বসানোর অনুমতি চাইছে। বিষয়টি সমাধানে চেষ্টা চলছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাছরীন আক্তার বলেন, গৌরীপুরে জলাবদ্ধতা নিয়ে কয়েকটি প্রকল্পে কাজ চলছে, আর জলাবদ্ধতার বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে নিরসনে পদক্ষেপ নেয়া হবে।

কুমিল্লায় অনুষ্ঠিত হবে ‘চির অম্লান হাদী–বিতর্ক উৎসব ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি:

স্বাধীন চিন্তা, যুক্তিবাদ ও মুক্তবুদ্ধির চর্চাকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চির অম্লান হাদী – বিতর্ক উৎসব ২০২৬’। স্বাধীনতা বিতর্ক মঞ্চ, কুমিল্লা এবং বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (BNDS)-এর যৌথ আয়োজনে আগামী ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, কুমিল্লার কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।

এ বিতর্ক উৎসবের সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের বিচারক দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (DUDS)-এর প্রতিনিধিরা। এছাড়াও উৎসবে যুক্ত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU)-সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।

আয়োজকরা জানান, এই বিতর্ক উৎসবের লক্ষ্য হলো যুক্তিনির্ভর আলোচনা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং তরুণদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করা। দিনব্যাপী আয়োজনে থাকবে আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক, একক বক্তৃতা প্রতিযোগিতা, বিশেষ কর্মশালা ও শহীদ ওসমান বিন হাদীর স্মরণে আলোচনা সভা।

‘চির অম্লান হাদী’ শিরোনামে আয়োজিত এই উৎসবটি তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সহ ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল এতে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিবেন।

আয়োজক সূত্র আরও জানায়, এই বিতর্ক উৎসব কুমিল্লার সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে এবং যুক্তির আলোয় সমাজ পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে।

নির্বাচনী দায়িত্ব পালনে কুমিল্লা ও চাঁদপুরে নামছে বিজিবির ৭৫০ সদস্য

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে মোট ৭৫০ জন সদস্য মোতায়েন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীনস্থ ১০ বিজিবি কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকেই বিভিন্ন উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

বিজিবি আরও জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম শুরু হবে এবং ৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় কমপক্ষে দুটি করে প্লাটুন মোতায়েন থাকবে। তবে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে তিনটি করে প্লাটুন দায়িত্ব পালন করবে।

সব মিলিয়ে কুমিল্লা ও চাঁদপুর জেলার ২২টি উপজেলায় ২২টি বেজ ক্যাম্পের মাধ্যমে মোট ৪৭টি প্লাটুন মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনে প্রতিটি প্লাটুনে ‘বডি ওর্ন ক্যামেরা’ বা মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। পাশাপাশি মনিটরিং সেলের মাধ্যমে পুরো কার্যক্রম তদারকি করা হবে।

নির্বাচনপূর্ব সময়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনি প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার। নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।

নির্বাচনি প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক পোস্টার ব্যবহার না করাসহ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার প্রতিপালন এবং নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার জন্য প্রিন্টিং প্রেসকে নির্দেশনা প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল রিটার্নিং অফিসারদেরকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

১১-দলীয় জোট ক্ষমতায় গেলে কুমিল্লা বিভাগ এক মাসের মধ্যেই ঘোষণা হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকায় ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ এনসিপির নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী পদযাত্রার এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসিফ মাহমুদ। বক্তব্যের আগে দেবীদ্বার সদরে ক্যারাভানে করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। ১১-দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে, ইনশা আল্লাহ।

স্থানীয় বিএনপি এবং মুরাদনগরের বিএনপির প্রার্থীর সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন দেবীদ্বার বিএনপি ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয়, সেই জন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছেন। ১১–দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে আমরা তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণেরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারও দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না।

তরুণদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। আমরা কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করতে চাই না, বরং কাজের সুযোগ করে দেব।

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন: ড.খন্দকার মারুফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

তিনি আজ বুধবার দিনব্যাপী মেঘনা উপজেলার কান্দারগাঁও, বড়কান্দা, হরিপুর, রামপুর, সোনাকান্দা, সাতানি, চন্দনপুর ও বড় সাপমারা প্রভৃতি স্পটে কুমিল্লা -১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়ে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। এখন দেশে ফিরে এসে বিএনপির হাল ধরেছেন। নির্বাচনে জনগণের সমর্থন পেলে ইনশাআল্লাহ তারেক রহমান দেশেরও হাল ধরবেন। তিনি ফিরে আসায় জনগণ আশাবাদী হয়ে উঠেছে, তিনিই পারবেন, একটি উন্নত নতুন বাংলাদেশ গড়ে তুলতে। দেশে এখন ধানের শীষের গণজোয়ার। মাঠে ঘাটে,হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান।

ড.খন্দকার মারুফ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড, যা দিয়ে সাশ্রয়ী দামে সার,বীজ,কীটনাশক, কৃষি সরঞ্জাম ও সহজে কৃষি ঋণ পাবেন। মা-বোনেরা পাবেন ফ্যামিলী কার্ড। এই কার্ডে সংসার চালানোর জন্য নগদ সহায়তা পাবেন। এছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে থাকবে অবারিত সুযোগ সুবিধা। এই জন্য তিনি ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এইসব স্থানে গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বায়েজিদ,বিএনপি নেতা মো.রমিজউদ্দিন লন্ডনী,মো.আজহারুল হক শাহীন,আবদুল অদুদ মুন্সি,মো.মিজানুর রহমান,সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন,আবু ইউসুব নয়ন,ভিপি শাহাবউদ্দিন ভুইয়া,রোমান খন্দকার প্রমুখ।

কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বরুড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এই সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে মো. রবিউল (৪৫)।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সঙ্গে রবিউলের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে আজ দুপুরে রবিউলের নিজ বাড়ি ও শফিকের চায়ের দোকানের সামনের এলাকায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল গুরুতর আহত হন। এ সময় আরও দুজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কুমিল্লায় র‌্যাব-১১ এর পৃথক দুই অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোয়ালগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এরপর পৃথক আরেকটি অভিযানে বুধবার (২৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ দল কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন দূর্গাপুর উত্তর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আব্দুর রহমান রনি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রহমান রনি ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সুভাড্ডা গ্রামের মোঃ দুলালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকদ্রব্যের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দাউদকান্দিসহ চার উপজেলায় ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলা এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর গৌরীপুর আঞ্চলিক কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চার উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সময় ওই এলাকার সব শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।