All posts by jitu

কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের ধরলেন এএসপি

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের ধরলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল। এসময় বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রির টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা বাস স্টেশনের পাশে ধানসিঁড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- চান্দিনা ধাঁনসিড়ি এলাকার মাদক ব্যবসায়ী মহরম আলীর স্ত্রী আফিয়া বেগম (৩৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো. হোসেন এর স্ত্রী বিলকিছ বেগম (৩৮), চান্দিনা পৌর এলাকার বেলাশহর গ্রামের নূরুল ইসলাম এর ছেলে মো. রাসেল (৩৬) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে সোহেল মিয়া (২৮)।

জানা যায়, চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি চা দোকানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল মহরম আলী। তাকে এলাকার সবাই হাড্ডি বলেই চিনে। শুক্রবার রাত ৮টায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল দুই সহযোগিকে মাদক কেনার জন্য ছদ্মবেশে পাঠান। তারা ওই দোকান থেকে গাঁজা ও ফেন্সিডিল কেনার পর নিশ্চিত হয়ে এএসপি নিজেও সেখানে যান। সে সময় ওই দোকানে ও আশপাশে থাকা লোকজনদের মধ্যে কে মাদক বিক্রি করে আর কারা কিনে নেয় সব কিছুই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। এসময় ওই চা দোকান থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারের পর তাদের তথ্য অনুযায়ী পাশ্ববর্তী একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২১কেজি গাঁজা, ১শ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির প্রায় ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আমি আজই (শুক্রবার) থানায় দায়িত্ব নিয়েছি। সার্কেল স্যারের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। খবর পেয়ে আমরাও অভিযানে অংশ নেই। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মদের আসরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ‘মদের আসরে’ বসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হলের মূল ভবনের ছাদে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল (বৃহস্পতিবার) মধ্যরাতে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের অনুসারী রাকিবুল হাসান রাহিসহ আরও কয়েকজন ছাত্রলীগকর্মী হলের ছাদে বিয়ার খাচ্ছিলেন। একই সময়ে ছাদে হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার অনুসারী আসাদুজ্জামান ফরিদ ও তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে মাদক সেবন করছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় উচ্চস্বরে গান গাওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় রাহি ও তার বন্ধুদের সেখান থেকে চলে যেতে বলেন ফরিদ। কিন্তু রাহি যেতে না চাইলে কথা কাটাকাটির এ পর্যায়ে রাহিকে থাপ্পড় মারেন ফরিদ। তখন রাহি বিষয়টি তার ‘বড় ভাইদের’ জানালে তারা ছাদে গিয়ে রাহিকে থাপ্পড় মারার কারণ জানতে চান। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এই মারামারিতে হল ছাত্রলীগের দুই গ্রুপের ৭০-৮০ জন নেতাকর্মী অংশ নেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা সেখানে যান। তার উপস্থিতিতেও কিছুক্ষণ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। পরে দুই গ্রুপের নেতারা হলের অতিথি কক্ষে বসে বিষয়টি সমাধান করেন।

মদের আসরের বিষয়টি অস্বীকার করে হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা বলেন, ‘রাতে ছাদে উচ্চস্বরে গান গাওয়াকে কেন্দ্র করে জুনিয়রদের সঙ্গে সিনিয়র কিছু শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।’

একই কথা বলেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবদুর রহিম বলেন, ‘এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি। কেউ এ বিষয়ে অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

জেনে নিন দুশ্চিন্তা ও ক্লান্তিতে ঘুম না হওয়া থেকে মুক্তির উপায়

 

লাইফ স্টাইল ডেস্কঃ

একদিকে প্রচণ্ড গরম ও অন্যদিকে শহরের দূষিত পরিবেশ স্ট্রেস বাড়াটাই যেন স্বাভাবিক। সকালে পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজ কিংবা অফিসে যেতে হবে তবুও ঠিক সময়ে হাজার চেষ্টাতেও ঘুমাতে পারছেন না? ব্যস্ত শিডিউলের সঙ্গে মানিয়ে নিতে গেলে মাথা ঠাণ্ডা রাখা ভীষণ জরুরি। এই সমস্যা থেকে মুক্তির উপায় কি তাহলে? চলুন জেনে নেই কিছু উপায়:

রুটিনমাফিক চলুন

বাড়িতে বা অফিসে জীবনযাপনের জন্যে একটি স্বাভাবিক রুটিন করে নিন। প্রথম কদিন মানিয়ে নিতে কষ্ট হলেও কয়েকদিন জোর করে রুটিনমাফিক চলুন। এতে শরীর আস্তে আস্তে অভ্যস্ত হতে শুরু করবে। ঘুমানোর জন্যে অ্যালার্মের উপর নির্ভর করবেন না। বরং বাড়িতেই কাউকে বলুন ডেকে দিতে। যখন এই নতুন নিয়মের ছন্দ ফিরে আসবে তখন আর ঘুমের সমস্যা থাকবে না।

কাজ করুন টেবিলে

কাজ করার সময় বিশ্রামের পরিবেশ গড়ার প্রয়োজন নেই। শুয়ে বসে, উপুড় হয়ে কাজ করলে আপনার শরীরের ক্ষতি হবে। কাজেও মনোযোগ কম পড়বে। তাই শুয়ে থেকে কাজ করবেন না। বাড়িতে কাজ এলে তা টেবিলেই সেরে নিন।

দুপুরে ঘুমাবেন না

বাড়িতে আছেন আর এসময় একটু গড়িয়ে নেওয়া কি খারাপ? অবশ্যই খারাপ। দুপুরে ঘুমাবেন না। দুপুরে ঘুমালে রাতের ঘুম নষ্ট হয়। আগের রাতে ঘুমের অনিয়ম হলে পাওয়ার ন্যাপ নিন। তবে একদম এলিয়ে দেবেন না।

কফি কিংবা চা কম খান

বাড়িতে বা বাইরে চা কিংবা কফি খাওয়ার পরিমাণ কমান। বিশেষত বিকেল কিংবা সন্ধ্যায় তো একেবারেই না। যদি কফির নেশা থেকেই থাকে তবে সকালে খেতে পারেন। অন্য সময় না।

ব্যায়াম করুন

নিয়মিত ব্যায়াম, খেলাধুলা ও শারীরিক কসরতের সাথে সংযুক্ত থাকুন। লিফটে না চড়ে সিঁড়িতে হাঁটাচলার অভ্যাস করুন। দিনের শুরুতে ব্যায়াম করলে শরীরের আড়ষ্টভাব দূর হবে।

ঘুমের পরিবেশ গড়ে তুলুন

শুধু শুধু ঘরে টিভি চালিয়ে রাখবেন না। ঘুমোতে যাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগেই মোবাইল, টিভি এগুলো দূরে রাখুন। ঘরে আলোর ব্যবহার পরিমিত করুন। শান্ত পরিবেশে আপনার মনও খানিক শান্ত হবে। যদি সমস্যা না হয় একবার চট করে গোসল করে নিন।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মো. শাখাওয়াত হোসেন (৩৪) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে বাহরাইনের আড়ৎ হাইওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাখাওয়াত হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি দেশটির তালাবাত ফুডডেলিভারি কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের মামাতো ভাই আবদুল মান্নান জানান, বুধবার রাত ৩টার দিকে আড়ৎ এলাকায় মোটরসাইকেল যোগে ফুড ডেলিভারি দিতে লিংক রোড থেকে হাইওয়ে ওঠার সময়ে পিছন থেকে একটি ল্যান্ডক্রুজার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে বাহরাইন পুলিশ মরদেহ মর্গে নিয়ে যায়।

নিহতের স্ত্রী রেজিয়া আক্তার জানান, ১০ বছর ধরে প্রবাস জীবন অতিবাহিত করেছেন শাখাওয়াত হোসেন। আমার একটাই চাওয়া বাংলাদেশ দূতাবাস যেন শাখাওয়াতের মরদেহ দেশে পাঠাতে সহায়তা করেন।

কোম্পানীগঞ্জে ধর্ষণের শিকার কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে এক কিশোরীকে (১৭) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় রফিকুল ইসলাম মাসুদ (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আসামি রফিকুল ইসলাম মাসুদ উত্তর মুছাপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি স্বামী, ছেলে ও মেয়েকে বাড়িতে রেখে বাবার বাড়ি বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে যান মামলার বাদী। রাত সাড়ে ৮টার দিকে মানসিক রোগী বাবা ও ছোটভাইকে রাতে খাবার খাইয়ে নিজের ঘরে ঘুমাতে যান ওই কিশোরী।

রাত ১টার দিকে রফিকুল ইসলাম মাসুদ কৌশলে ঘরে ঢুকে কিশোরীর মুখ চেপে ধরে ধর্ষণ করে। ধর্ষণের পর এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেয় মাসুদ। কয়েক দিন আগে তার শরীরে পরিবর্তন আসলে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সে ধর্ষণের বিষয়টি তাদের অবগত করলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে পরীক্ষার পর সে অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা-৮ আসনের সাংসদ নজরুলকে রাজাকারের ছেলে বলে মন্তব্য

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে এবার রাজাকারের সন্তান বলে মন্তব্য করেছেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য আবদুল ওহাব।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল আয়োজিত শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা এবং দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে এক মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে কুমিল্লাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

বক্তব্যে আবদুল ওহাব বলেন, ‘বঙ্গবন্ধুকে আবার হত্যাও করেছে। এরা কারা? অন্য কেউ করে নাই। আমাদের মতো লোকেরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সেই রাজাকার আর রাজাকারের সন্তানরাই দলে প্রবেশ করেছে। বর্তমান বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল একজন রাজাকারের সন্তান।’ এ কাথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত মুক্তিযোদ্ধা কাউন্সিলের অন্য সদস্যরা সমর্থন জানিয়ে সোরগোল সৃষ্টি করেন।

ওহাব আরও বলেন, ‘কারও মনে যদি কোনো দুঃখ আসে, আমার সঙ্গে মোকাবিলা করবেন। আমি জানি, আমার বয়স ৭৪ বছর। আমার বাবা বিয়ে করেছেন সংসদ সদস্য নজরুলের গ্রাম আদ্রায়। সেখানে আমার নানাবাড়ি। কুট্টু মিয়া (নজরুলের বাবা) একজন রাজাকার। আর সেই কুট্টু মিয়ার সন্তান নাসিমুল আলম নজরুল। প্রমাণ আছে, দলিল আছে, আসেন আমার সঙ্গে প্রটেস্ট করবেন? আমি প্রমাণ দেবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক ডেপুটি কমান্ডার আলী মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

এর আগে ২৬ মার্চ উপজেলা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের উপস্থিতিতে রাজাকারের সন্তান ও ভাতিজা বলে মন্তব্য করেছেন উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। ওই বক্তব্যের ২ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এ নিয়ে কুমিল্লাজুড়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘বরুড়ার মাটিতে যার নেতৃত্বে রাজাকার-আলবদর-আলশামস বাহিনী গঠন করা হয়েছিল তিনি হলেন আদ্রা ইউনিয়নের বিতর্কিত কুট্টু মিয়া। কুট্টু মিয়ার ভাই সিএসপি অফিসার শামসুল আলম মিয়া, যার নাগরিকত্ব দেশবিরোধী অবস্থানের কারণে ১৯৭২ সালে বঙ্গবন্ধু বাতিল করেন। অথচ যাকে আজ প্রধান অতিথি করা হয়েছে তিনি আর কেউ নন, সেই কুট্টু মিয়ার ছেলে ও শামসুল আলম মিয়ার ভাতিজা নাছিমুল আলম চৌধুরী। যে স্বাধীনতাবিরোধীরা মা-বোনের ইজ্জত লুটেছে, ভাইদের পাখির মতো গুলি করে মেরেছে, শহীদদের রক্তে রঞ্জিত যাদের হাত, সেই রাজাকারপুত্রের হাতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হলে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এটা কীভাবে মেনে নেব?’

তিনি আরও বলেন, ‘বিষয়টি অবশ্যই সত্যি। তার চাচার নাগরিকত্ব বঙ্গবন্ধু বাতিলই করে দিয়েছেন। আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, সে কারণে এটি আমাদের নলেজে আছে। মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘এক সাগর রক্তের বিনিময়ে’ বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠায় এর প্রমাণ আছে।’

এ বিষয়ে জানতে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়।
সূত্র-জা:নি

কুমিল্লায় মাদক সেবন করে মাকে মারধর করতে উদ্যত হওয়া যুবককে কারাদন্ড প্রদান

 

স্টাফ রিপোর্টার:

মাদক সেবন করে নিজের মাকে মারতে উদ্যত হওয়া তানভীর হাসান রিয়াদ বাবু (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।

শুক্রবার ( ২৬ আগস্ট ) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর পূর্বপাড়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, ব্রাহ্মণপাড়া।

আদালত আটককৃত তানভীর হাসান রিয়াদ বাবুকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে সম্রাটের শ্রদ্ধা নিবেদন

 

ডেস্ক রিপোর্টঃ

জামিনে মুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

শুক্রবার বিকাল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের জন্য দোয়া করেন তিনি।

এর আগে, বেলা আড়াইটা থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগানে স্লোগানে জড়ো হতে শুরু করেন যুবলীগের হাজারো নেতাকর্মী। এসময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’ ও ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, কারা তত্ত্বাবধায়নে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা ইসমাইল চৌধুরী সম্রাট গত সোমবার রাতে মুক্তি পান। এর আগে, গত ২৩ আগস্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অসুস্থতা জনিত কারণে আরও দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু বৃদ্ধার শেষকৃত্যে মুসলিম যুবকরা

 

ডেস্ক রিপোর্টঃ

পরশমনি সরকার (৮০) সনাতন ধর্মাবলম্বী এক বৃদ্ধা। আপনজন বলতে তেমন কেউ নেই। বসবাস করতেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়লনগর ইউনিয়ন পরিষদের পাশে।

জীবনের শেষ সময়টুকু কেটেছে অসুস্থতা আর মানুষের সাহায্যে। বৃহস্পতিবার দুপুরে মারা যান পরশমনি। তার মৃত্যুর পর আশপাশে কোন হিন্দু পরিবার না থাকায় স্থানীয় মুসলমান যুবকরা শেষকৃত্য সম্পন করার উদ্যোগ গ্রহন করে। তারা পাশের দক্ষিণদিয়া গ্রামে হিন্দুদের সাহায্য চাইলে দুই ধর্মের প্রায় ৩৫/৪০ জন যুবক মিলে শবদাহ সম্পন্ন করেন।

সাম্প্রতিক সময়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এখানে শত বছর ধরে সকল ধর্মের মানুষ পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুখে-শান্তিতে বসবাস করে আসছে। পরশমনির শবদাহই তার অনন্য উদাহরন হয়ে থাকল।

গোয়লনগর ইউপি সচিব শুভ্র দত্ত বলেন, পরশমনির শেষকৃত্য সম্পন্ন করার জন্য মুসলিম যুবকদের ভূমিকায় সত্যিই আমি মুগ্ধ হয়েছি। এটাই প্রকৃত নাসিরনগর।

শেষকৃত্যে অংশ নেওয়া এনায়েত উল্লাহ রনি নামে যুবক বলেন, এখানে ধর্ম কোন বিষয় নয়। আমরা সকলেই মানুষ। মানবিকতার দিক থেকেই আমরা তার শেষকৃত্য সম্পন্ন করি।

গোয়ালনগর ইউনিয়ন চেয়ারম্যান আজহারুল হক বলেন, একজন হিন্দু বৃদ্ধা মহিলা মারা গেছেন। আমার পরিষদের পাশেই থাকতেন। বৃহস্পতিবার তিনি মারা যান। তার কোন নিকটাত্মীয় না থাকায় চাঁদা তুলে হিন্দু মুসলিম সবাই তার শবদাহে সহযোগিতা করেছে।

বিজয়লক্ষী কলেজের প্রভাষক বরুন কান্তি সরকার বলেন, এটাই আমাদের প্রকৃত নাসিরনগর। পরশমনির শেষকৃত্যে মুসলমান যুবকরা যে ভূমিকা রেখেছে তা বর্তমান সমাজে অনন্য নজির।

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন: নৌকার মাঝি হতে চায় যারা

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

নির্বাচন কমিশন আগামী ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সময় নির্ধারণ করেছেন। গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরপরই আলোচনা শুরু হয়েছে কে হচ্ছে কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান? কে পাবে আ’লীগ দলীয় মনোনয়ন? এসব বিষয় নিয়ে জেলাজুড়ে বেশ জমজমাট আলোচনা চলছে।

স্থানীয় একাধিক সূত্রমতে, জেলা পরিষদ এর চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন প্রায় ১০ জন।তারা হলেন বর্তমান প্রশাসক, সাবেক চেয়ারম্যান ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল (অবঃ) আবু তাহের, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, বর্ষীয়ান আ’লীগ নেতা মরহুম এড. আফজাল খানের বড় ছেলে বঙ্গবন্ধু ল করেজের সাবেক জিএস ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান(সিআইপি), কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ আ’লীগ জাতীয় কমিটির সদস্য,সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য, মুজিব বাহিনীর মাউন্টেন বিগ্রেড নর্থ কলাম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, কুমিল্লা মহানগর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামিলীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ এ বি এম খোরশেদ আলম, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, দক্ষিণ জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও বরুড়ার সাবেক ৪ বারের সংসদ সদস্য প্রয়াত আব্দুল হাকিমের ছেলে à¦