All posts by jitu

ফতেহবাদ ইউপি চেয়ারম্যান মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা !

স্টাফ রিপোর্টার:

অর্থ আত্মসাতের অভিযোগ এনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে  কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা অভিযোগটি আমলে নিয়ে  এ বিষয়ে তদন্ত করে  আগামী  ২ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  আদেশ দিয়েছেন।

২১ আগস্ট দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে  কাউছার মোল্লা বাদি হয়ে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে  কুমিল্লার আদালতে মামলা করেন।

বাদি কাউছার মোল্লা স্থানীয় আ’লীগের রাজনীতির সাথে জড়িত। মামলার বিবাদি  ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদও  আ’লীগের রাজনীতির সাথে জড়িত।

অভিযোগের সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর দলীয় মনোনয়ন না পেয়ে কামরুজ্জামান মাসুদ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে  নির্বাচনে অংশগ্রহণ করে। মাসুদ নির্বাচনী প্রচারণায় খরচ করার জন্য কাউছার মোল্লার কাছে ৩ মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে ২ লাখ টাকা চায়। চলতি বছরের ৭ জানুয়ারি বিকেল ৪ টায় কাউছার মোল্লার বাড়ি থেকে ২ লাখ টাকা  ফেরত দেওয়ার শর্তে নিয়ে যায় মাসুদ। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি মাসুদ চেয়ারম্যান পদে বিজয়ী হন। পরে ৩ মাস হওয়ার পর চেয়ারম্যান মাসুদের কাছে টাকা ফেরত চাইলে মাসুদ নিজে ও বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে বাদিকে হুমকি প্রদান করে।  ১২ জুলাই চেয়ারম্যান মাসুদ তাঁর নিজ মোবাইল থেকে বাদির মুঠোফোনে কল করে হুমকি প্রদান করে বলেন- আর টাকা ফেরত চাইলে তোমাকে হত্যা করা হবে। এই হুমকির বিষয়ে বাদি স্থানীয় সমাজের লোকজন ও থানা পুলিশকে অবহিত করে।

কাউছার মোল্লা ও তার স্ত্রী জানান, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বাসার বাইরে বের হতে পারি না। চারপাশে চেয়ারম্যান মাসুদের লোকজন আমাদের উপর নজরদারি করছে। যে কোন সময় আমাদের উপর হামলা হতে পারে। টাকা চেয়ে এখন আমরা বিপদে আছি।

এই বিষয়ে জানতে চেয়ারম্যান মাসুদের মুঠোফোনে কল করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার পর্যন্ত আগাম জামিন পেলেন ইমরান খান

 

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী বৃহস্পতিবার পর্যন্ত  আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইসলামাবাদের হাইকোর্ট দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই চেয়ারম্যানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে, রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হওয়ার পর সোমবার সকালের দিকে পিটিআইয়ের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেছিলেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী গিলের সাথে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেন ইমরান খান।

শনিবার ইসলামাবাদের জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান শাহবাজ গিলের সাথে করা আচরণের দায়ে দেশটির শীর্ষ এক পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ করে আসছেন ইমরান খান। এসব সমাবেশে তিনি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন বলেও অভিযোগ করেন। এ নিয়ে দেশটির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে; যা চরম আকার ধারণ করে রোববার রাতে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন আইনে মামলা হওয়ার পর।

এই মামলার পর পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার নস্যাৎ করে দিতে রাজধানী ইসলামাবাদে তার বানিগালা বাসভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন শত শত নেতাকর্মী।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে আগাম জামিনের আবেদন করেছেন। ওই আবেদনে তলব করার সঙ্গে সঙ্গে আদালতে উপস্থিত হতে ইমরান খান প্রস্তুত আছেন বলে জানানো হয়।

আবেদনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে অতীতে কোনও ধরনের অপরাধের রেকর্ড নেই। এছাড়া তিনি কোনও অপরাধে কখনই দোষী সাব্যস্ত হননি।

‌‘তার পালিয়ে যাওয়ার অথবা আদালতে উপস্থাপিত নথিপত্র ধ্বংস করার কোনও সুযোগ নেই। জামিনের জন্য আদালতের কাছে জামানত হিসেবে অর্থ জমা দিতেও ইমরান খান প্রস্তুত আছেন।’

পরে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মহসিন আখতার কায়ানি পিটিআই চেয়ারম্যানের আবেদনটি গ্রহণ করেন এবং তাতে কী আপত্তি তোলা হয়েছে তা জানতে চান। আওয়ান বিচারককে জানান, আবেদনটি সংশ্লিষ্ট ফোরামের কাছে যাওয়ার বিষয়ে একটি আপত্তি তোলা হয়েছে।

 

আগামী বুধবার থেকে অফিস সকাল ৮টা-বিকেল ৩টা

 

ডেস্ক রিপোর্ট:

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে  সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ২৪ আগস্ট বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস, সরকারের অধীনে যেসব অফিস আছে সেগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা নেই। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সরকারি অফিসগুলোতে কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে লাইট যথাসম্ভব কম জ্বালানো এবং এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিটিংয়ে ছিলেন। তিনিও অফিসে গিয়ে ঘোষণা দিয়ে দেবেন, ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে, তিনিও নির্দেশনা দিয়ে দিচ্ছেন, সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

দুদিন কোন কোন দিন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ওনারা (শিক্ষা মন্ত্রণালয়) ঘোষণা করবেন। এটা ফাইনাল হয়ে গেছে, ওনারা আদেশ জারি করবেন।

এসব সিদ্ধান্তের কারণে দুটি সুবিধা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, একটা হলো বিদ্যুৎ সাশ্রয় হবে, আরেকটা হলো ট্রাফিক জ্যামটাও কমবে। সারা দেশে আমনের সেচ নিশ্চিত করতে সামনে ১২ থেকে ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। যাতে সেচে কোনো অসুবিধা না হয়।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ৭ জুলাই সারা দেশে আলোকসজ্জা না করার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়।  ওই মাসের ১৯ তারিখ থেকে সারা দেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। যদিও বেশিরভাগ এলাকায় লোডশেডিং তার চেয়ে বেশি সময় ধরে হচ্ছে।

 

সরকারকে টিকিয়ে রাখতে হবে এমন কথা ভারতকে বলিনি, এটা একটা ডাহা মিথ্যা কথা: পররাষ্ট্রমন্ত্রী

 

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার ধারে কাছেও আমি নেই।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও আমি কোনো কথা বলিনি।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ১৮ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

সেদিনের ওই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। তার ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এমনকি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা তার এই বক্তব্যকে সরকার বা দলের নয় ব্যক্তিগত বলে অভিমত দেন।

এদিকে ‘বিতর্কিত’ বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে রোববার (২১ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে।

কুমিল্লায় বেপরোয়া মহল্লাভিত্তিক একাধিক কিশোর গ্যাং

 

ডেস্ক রিপোর্ট:

‘কিশোর গ্যাং’ এখন বেপরোয়া হয়ে উঠেছে কুমিল্লা জেলাজুড়ে পাড়া মহল্লায়।  কোনো অবস্থাতেই এসব গ্যাংয়ের অপরাধ রোধ করা যাচ্ছে না। কথিত কিশোর গ্যাংয়ের আছে ছুরি, চাপাতি, ড্রাগার, সুইচ গিয়ার, চাকু, এনটিকাটার, রামদা, হকিস্টিক ছাড়াও অত্যাধুনিক অস্ত্র। গ্যাংয়ের এসব কিশোর এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, মাস্তানি, চাঁদাবাজি এমনকি এলাকা নিয়ন্ত্রণ থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে খুনের মতো ঘটনাও ঘটাচ্ছে। একেকটি ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসলেও কিছুদিন না যেতে ফের আগের অবস্থায় চলে যায়। সম্প্রতি কিশোর গ্যাংয়ের বেশ কয়েকটি ঘটনায় আতঙ্ক ছড়িয়ে আছে নগরীর পাড়া-মহল্লায়। সর্বশেষ গত শুক্রবার কুমিল্লা শহরের নগর উদ্যানের পাশের সড়কে শাহাদাত হোসেন নামে এক কিশোরকে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে কুপিয়ে খুন করেছে।

এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্যাংয়ের ছয় জন সক্রিয় সদস্যকে গ্রেফতারসহ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। তারা ‘রতন গ্রুপ’-এর সদস্য বলে র‍্যাব জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড ভয়ংকরভাবে বেড়ে গেছে। পরনে টি-শার্ট, জিনস প্যান্ট আর চোখে সানগ্লাস। চুলে জেল লাগানো নিত্য নতুন স্টাইল। অলিগলি, পাড়া-মহল্লা, রাস্তার মোড় ও ফুটপাতে তারা জমিয়ে আড্ডা দেয়। উচ্চস্বরে গান করে। কোনো বয়স বিবেচনা ছাড়াই যুবতি-তরুণীদের উত্ত্যক্ত করে। রাস্তায় দামি মোটরসাইকেল ও কার রেসিং চলে। এলাকা ভেদে এদের রয়েছে নানা নামে পৃথক ‘গ্যাং’ বা গ্রুপ। ‘আরজিএস’, ‘রতন গ্রুপ’, ‘ঈগল গ্রুপ’সহ এলাকাভিত্তিক বিভিন্ন নামের এসব গ্রুপের কিশোররা গোটা নগরী দাপিয়ে বেড়াচ্ছে। তুচ্ছ বিষয়ে খুনের মতো ঘটনাও ঘটাচ্ছে তারা। গত শুক্রবার বিকালে কুমিল্লা শহরের নগর উদ্যানের পাশের ব্যস্ততম সড়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার শাহ আলম ভূঁইয়ার ছেলে শাহাদাত হোসেনকে (১৭)। এ ঘটনার পরদিন শনিবার রাতে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা হয়।

ঘটনার পর র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থান থেকে শনিবার রাত পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে। র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন রবিবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, নিহত শাহাদাত ‘ঈগল গ্রুপে’র সদস্য ছিল। গত ছয়-সাত মাস আগে ‘ঈগল গ্রুপে’র সদস্যরা ‘রতন গ্রুপে’র এক জন সদস্যকে মারধর করে। এ ঘটনার জেরে ‘রতন গ্রুপে’র রতনের নেতৃত্বে গ্যাংয়ের সদস্যরা শাহাদাতকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নগরীর মফিজাবাদ কলোনির রতন গ্রুপের রতন এবং গ্যাংয়ের একই এলাকার আকাশ হোসেন, সিয়াম হোসেন, ভাটপাড়া এলাকার তানজীদ, কালিয়াজুড়ি এলাকার ইয়াসিন আরাফাত ওরফে রাসেল, বাগমারা এলাকার আসিফ হোসেন রিফাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেখানো স্থান হতে দুটি সুইচ গিয়ার, চারটি বড় ছোরা ও একটি এন্টিকাটার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্য ও ঘটনাস্থলের প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও তিনি জানিয়েছেন।

এর আগে গত বছরের ২৮ মে নওশাদ কবির মজুমদার ওরফে নাহিদ নামে কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করে এবং উপর্যুপরি ছুরিকাঘাতে হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত করেছে ‘আরজিএস’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। তুচ্ছ ঘটনায় ঐ গ্যাংয়ের জাহিদ খান নামের এক কিশোর তার সঙ্গীদের নিয়ে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের পাশে এ ঘটনা ঘটিয়ে ছিল। একই বছরের ১৬ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের জন্য জেলার দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের দরিদ্র পরিবারের মো. আশ্রাফুল আমিন নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে ও নাক-মুখ স্কচটেপ পেঁচিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়। ক্লু-লেস এ ঘটনার পর প্রযুক্তি ব্যবহার করে র‍্যাবের টিম ২৯ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করে। স্কুলছাত্র আশ্রাফুল পড়াশোনার পাশাপাশি পরিবারের সহায়তার জন্য অটোরিকশা চালাত।

চলতি বছরের গত ৪ মে টিকটক গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে শুভ নামের কিশোরকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে খুন করা হয়। সে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে। গোমতী নদীর পালপাড়া ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এলাকার ১০-১২ জনের একটি কিশোর গ্রুপ টিকটক ভিডিও বানাত। কিশোর শুভ ঐ গ্রুপে ছিল। তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে। এর আগে গত ১৪ মার্চ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে নগরীর দৌলতপুর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি ধারালো ছুরি, একটি খেলনা পিস্তল ও স্টিলের তৈরি লাঠিসহ দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। তারা দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে র‍্যাব জানিয়েছে।

গত ১২ আগস্ট নগরীর ধর্মসাগর গেটসংলগ্ন পিজা কালজুন রেস্টুরেন্টে তিন-চার জন কিশোর খাবার খেয়ে চলে যাওয়ার সময় বিল চাইলে না দিয়ে উলটো চাঁদা দাবি করে। অপারগতা জানালে গালমন্দের পর দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। তারা কাউন্টারে ঢুকে রেস্টুরেন্ট মালিক মো. শাহিদুজ্জামানকে আহত করে ক্যাশ থেকে টাকা নিয়ে যায়। এ সময় কাস্টমাররা এগিয়ে এলে রাব্বি ছুরি দেখিয়ে তাদের গালাগাল করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে এক জনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়। শাহিদুজ্জামান বলেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের ভয়ে থাকেন ব্যবসায়ীরা।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, শিশু-কিশোর অপরাধের বিষয়ে শুধু প্রশাসনকে দায়ী করলে হবে না, এ জন্য সন্তানের বাবা-মা, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন ব্যক্তিবর্গকেও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

দেবিদ্বারে স্ত্রীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল, স্বামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার হারশ্বার গ্রামে রোববার সকালে স্বামীর হাতে স্ত্রীর নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ।

নির্যাতনকারি স্বামী শাহাদাত হোসেন (২৮)  উপজেলার হারশ্বার গ্রামের  মোঃ ইউনুস মিয়ার ছেলে।

রোববার (২১ আগস্ট) সকালে দেবিদ্বার থানাধীন হারশ্বার গ্রামের  গৃহবধু রুজিনা আক্তারকে(২০) তার স্বামী মোঃ শাহাদাত হোসেন নিজের বসত বাড়ীতে যৌতুক ও পারিবারিক বিরোধ নিয়া কিল, ঘুষি, লাথিসহ মারধর করে আহত করে। ওই সময় ধারনকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভিকটিমের নির্যাতনকারী স্বামী মোঃ শাহাদাত হোসেন পালিয়ে যায়।

দেবিদ্বার থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের চিকিৎসার ব্যবস্থা করেন এবং ঘটনায় জড়িত আসামী মোঃ শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।

মেসি, নেইমার ও এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির ৭-১ গোলের বিশাল জয়

 

স্পোর্টস ডেস্ক:

লিলের মাঠে  কিক অফ হলো। নেইমার, লিওনেল মেসি ও মার্কো ভেরাত্তি নিজেদের মধ্যে তিনটি পাস খেললেন। কিলিয়ান এমবাপ্পে ততক্ষণে লিলের রক্ষণচেরা দৌড় শুরু করেছেন। সুযোগটা বুঝতে পেরে বাতাসে ভাসানো পাস দিলেন আর্জেন্টাইন। পাস না বলে চামচে করে এমবাপ্পের পাতে গোল তুলে দেওয়াও বলা যায়।

বলটা একদম মাপা গতিতে পড়ল তাঁর পাশে। একদম আচমকা লিল গোলকিপার লিও জার্দিমকে একা পেয়ে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে চালান করে এমবাপ্পে কি শুধু গোলের আনুষ্ঠানিকতাই সারলেন? নাকি পিএসজি সমর্থকদের দুশ্চিন্তাও কিছুটা লাঘব করলেন!

ম্যাচের ৮ সেকেন্ডে এমবাপ্পের এই গোল লিগ আঁ-র ইতিহাসে (২০০২ সাল থেকে লিগ আঁ নামে যাত্রা শুরু হয়) দ্রুততম। কিন্তু ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে এমবাপ্পে এই গোলে ছুয়েছেন ৩০ বছর আগের একটি রেকর্ড।

সংবাদ সংস্থা এএফপি ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপ’ এর বরাত দিয়ে জানিয়েছে, ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি কানের বিপক্ষে ৭.৯ সেকেন্ডে গোল করেন কায়েনের মিশেল রিও। এমবাপ্পের গোলটি ৮.৩ সেকেন্ডে।

দুর্দান্ত শুরুর পর পর পিএসজি সমর্থকেরা যেভাবে ম্যাচটা শেষ করতে চেয়েছেন, মোটামুটি সেভাবেই সব হলো। লিলকে ৭-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে পিএসজি। এর সঙ্গে গত কয়েক দিন ধরে দানা বেঁধে ওঠা একটি সন্দেহও হয়তো দূর হলো।

মঁপেলিয়েরের বিপক্ষে আগের ম্যাচে পেনাল্টি নেওয়া নিয়ে এমবাপ্পের সঙ্গে মেসি ও নেইমারের বিরোধের গুঞ্জন উঠেছিল। মাঝে শোনা গেল, পিএসজির কর্তারা তিনজনকে একসঙ্গে বসিয়ে সব মিটিয়ে ফেলেছেন।

পরিস্থিতির যে উন্নতি ঘটেছে তা বোঝা গেল লিলের মাঠে। মেসির পাস থেকে গোলে শুরুর পর এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন নেইমারের দুটি পাস থেকে। গোল পেয়েছেন মেসি আর নেইমারও। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা। এক ফ্রেমে মেসি, নেইমার, এমবাপ্পের হাসিখুশি মুখ এবং উপভোগ্য ফুটবল খেলা দেখে এখন স্বস্তি পেতেই পারেন পিএসজির সমর্থকেরা।

দাপট ছড়ানো খেলা বলতে যা বোঝায় তাই খেলেছে পিএসজি। মেসি, নেইমার, এমবাপ্পে ছাড়াও আশরাফ হাকিমি ও নুনো মেন্দেসরা ত্রাস ছড়িয়েছেন লিলের রক্ষণে। ম্যাচের প্রথমার্ধেই গোল আদায় করে নেন মেসি, নেইমার ও এমবাপ্পে। পোস্টেও বল মেরেছেন এমবাপ্পে। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

২৭ মিনিটে বাঁ প্রান্তে মেন্দেসের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মেসি। এরপর নেইমারের পাস থেকে গোল করেন হাকিমি। মরোক্কোর এই তারকার পাস থেকে ৫২ মিনিটে গোল করেন নেইমারও। ৬৬ ও ৮৭ মিনিটে নেইমারের দারুণ দুটি পাস থেকে মৌসুমের প্রথম হ্যাটট্রিক পেয়ে যান এমবাপ্পে। পিএসজির এই গোলউৎসবের মাঝে ৫৪ মিনিটে লিলের বাম্বার গোলটি একটু বেমানানই লাগতে পারে!

৩ ম্যাচের সবকটিতে জয় তুলে নেওয়ার পথে ১৬ গোল করল পিএসজি। লিলের বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় ক্লাবটির। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে এই প্রথম কোনো ম্যাচে ৭ গোল হজম করল লিল।

পিএসজি কতটা দুর্দান্ত ফর্মে আছে তা বুঝিয়ে দিচ্ছে আরেকটি পরিসংখ্যান। লিগে এই নিয়ে শেষ ৪ ম্যাচে অন্তত পাঁচটি করে গোল করেছে পিএসজি। লিগ আঁ-র ইতিহাসে এর আগে শুধু রিম (১৯৫২-৫৩) এমন কিছু করে দেখাতে পেরেছে, সেটিও ৪ ম্যাচে। তবে পিএসজি সমর্থকেরা এ ম্যাচটা মনে রাখবেন আক্রমণভাগের ‘ত্রিরত্নে’র দুর্দান্ত খেলার জন্য। এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমার নিজে করেছেন দুই গোল, বানিয়েছেন আরও তিনটি, মেসি একটি করেছেন, একটি বানিয়েছেন।

হাশিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ সময় ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবর আজম। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নেদারল্যান্ডস সিরিজেও পাকিস্তানের অধিনায়কের ফর্ম অব্যাহত রয়েছে। রানের বন্য বইয়ে দিচ্ছেন তিনি। এই সিরিজে হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক হয়েছে তার।

ডাচদের বিপক্ষে রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১২৫ বলে ৯১ রান করেন বাবর। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও এক বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

ভেঙে দিলেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড। ওয়ানডে ফরম্যাটে প্রথম ৯০ ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়লেন বাবার আজম।

হাশিম আমলা ৯০ ইনিংসে করেছিলেন ৪৫৫৬ রান, যা এতোদিন ছিল সবোর্চ্চ। রোববারের ইনিংসেরপ ৯০ ইনিংসে বাবর আজমের মোট সংগ্রহ দাঁড়ায় ৪৬৬৪ রান।

নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত ছন্দে ছিলেন বাবর। তিন ম্যাচে যথাক্রমে ৭৪, ৫৭ এবং ৯১ রান করেছেন। ৭৪ গড়ে এবং ৮০.৭৩ স্ট্রাইক রেটে মোট ২২২ রান করেছেন। ৯১রান সিরিজে তার সেরা পারফরম্যান্স।