All posts by jitu

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টারঃ

২০০৫ সালের ১৭ আগস্ট চারদলীয় জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় মোঃ আতিকুর রহমান খান পিন্টু তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাতের মদতে এই দেশে সব সময়েই জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন হস্তে সেই জঙ্গিবাদ নির্মূল করেন। জঙ্গিবাদের উত্থানদাতা হিসেবে খালেদা জিয়াকে বলা যায় জঙ্গিবাদের জননী। এই জঙ্গি জননীদের কঠিনভাবে প্রতিহত করতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সবসময় সদা প্রস্তুত আছে।

এছাড়াও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্ধের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম সুমন, মোঃ জালাল উদ্দিন, ইমতিয়াজ হাবিব সিনহা, সিরাজুল ইসলাম লিটন, মোঃ শাহ আলম, মীর রুবেল, শওকত আকবর জুয়েল, মোঃ শাহ আলম মেম্বার, মোঃ নাজমূল হোসেন, মোঃ সেলিম, হানিফুর রহমান রনি, ফিরোজ রহমান রাসেল, আক্তার হোসেন, মেহেদী হাসান শরীফ, মোঃ মুরাদ হোসেন, হেলাল উদ্দিন প্রমূখ।

১৭ আগস্ট বোমা হামলা: যুবলীগ নেতা বাবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

২০০৫ সালে ১৭ আগস্ট  সারাদেশে একই সময়ে বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে ও নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান ও নাজমুল হাসান কিরন, কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও যুবলীগ নেতা আনিছুর রহমান।

শোক দিবসে যুবলীগ নেতা সারোয়ারের উদ্যোগে নানা কর্মসূচী পালন

স্টাফ  রিপোর্টার:

জাতীয় শোক দিবসে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী ও গরীব-অসহায়দের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

১৫ আগস্ট এই উপলক্ষে তিতাস উপজেলায় সারাদিন ব্যাপি কর্মসূচী পালন করা হয়।

 

কুমিল্লার দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার চান্দেরচর গ্রামে এঘটনা ঘটে।

নিহত শান্তা বেগম উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর গ্রামের তাহেরুল ইসলামের মেয়ে এবং জিংলাতুলি ইউনিয়নের চান্দেরচর গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে হোসেন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে তাদের বিয়ে হয়। সাফা নামে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।

শান্তা বেগমের চাচা দ্বিন ইসলাম ও আব্দুল কুদ্দুস জানান, একমাস আগে আমার ভাতিজি জামাই মালয়েশিয়া থেকে দেশে আসে। হঠাৎ করে আজ(বুধবার) দুপুরে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে বলে আপনার ভাতিজি অসুস্থ, তাকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেছে। আমি দ্রুত কুমিল্লা গিয়ে দেখি এ্যাম্বুলেন্সে ভাতিজির লাশ। কি হয়েছে জানতে চাইলে ভাতিজর শশুর বাড়ির লোকজন বলে বাড়িতে গিয়ে বলবে।পরে কুমিল্লা থেকে বাড়ি আসার পথে রায়পুর বাসস্ট্যান্ডে এ্যাম্বুলেন্স থামিয়ে জামাইসহ শশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ রাকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সম্পদের হিসাব দিলেন ইমরান খান

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার (১৫ আগস্ট) ফয়সালাবাদ আসন এনএ-১০৮ থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মনোনয়নপত্রে তিনি তার ও স্ত্রী বুশরা বিবির সমস্ত সম্পদ ঘোষণা করেছেন। পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) নিজের সম্পদের বিবরণ দিয়েছেন। যেখানে তার মোট সম্পদের মূল্য ৩০ কোটি রুপির বেশি।

ইমরান খান তার ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি ও ২২৮টি কানাল (১ কানালে ৬০৫ গজ) জমিও ঘোষণা করেছেন। কিন্তু কাগজপত্রে উল্লেখ করেছেন, তার স্ত্রীর কোনো গয়না নেই।

এছাড়াও ইমরান ইসলামাবাদের কনস্টিটিউশন এভিনিউতে একটি ফ্ল্যাট ও একটি বাণিজ্যিক প্লটেরও মালিক। যেখান থেকে তিনি ভাড়া হিসেবে প্রায় ১৫ লাখ রুপি পাচ্ছেন।

পিটিআই চেয়ারম্যান তার চারটি ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করেছেন। তবে কোনো কোম্পানিতে কোনো বিনিয়োগ নেই বলে জানিয়েছেন। তিনি এক কোটি ২০ লাখের মত নগদ রুপি দেখিয়েছেন। মনোনয়নপত্রে তার চারটি ছাগল আছে বলেও উল্লেখ করা হয়েছে। এগুলোর দাম ২০ হাজার রুপি।

ইমরান ঘোষণা করেছেন, তিনি জামান পার্ক বাড়ি নির্মাণে পাঁচ কোটি রুপির মত ব্যয় করেছেন। বানিগালায় অতিরিক্ত নির্মাণে আরও ৫০ লাখ রুপি ব্যয় করেছেন। মনোনয়নপত্রে খান তার সন্তানদের কোন বিবরণ দেননি।

মনোনয়নপত্রে ইমরান তার স্ত্রী বুশরা বিবির নামে পাকপত্তন ও ওকারায় ৬৯৮ কানাল জমি ঘোষণা করেন। এছাড়াও স্ত্রীর নামে বাণীগালায় একটি বাড়িও ঘোষণা করেন তিনি। মনোনয়নপত্র অনুযায়ী, তার স্ত্রীর কোনো গয়না নেই।

ট্রাকভর্তি কোকাকোলার আড়ালে ৫০ কেজি গাঁজাসহ আমতলী থেকে যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ট্রাকভর্তি কোকাকোলার আড়ালে ৫০ কেজি গাঁজা পরিবহনের সময় মোঃ রাকিব হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১৭ আগস্ট) কুমিল্লার আমতলী এলাকা থেকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর (পশ্চিম ঝাকুনীপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। এছাড়াও, বিশেষ প্রক্রিয়ায় মাদকদ্রব্য পরিবহনের জন্য কোকাকোলা বোতল ভর্তি বহনকারী ট্রাকের পেছনের অংশে বোতলের আড়ালে মাদক পরিবহন করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার বুড়িচংয়ে ৭ রাইস মিলকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে পরিবেশ দূষণের অভিযোগে ৭ রাইস মিলকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পারুয়ারা এলাকায় বেশ কয়েকটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়।

এতে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ছাড়পত্রবিহীন কার্যক্রম পরিচালনা করা, খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা, ৭০ ফুটের কম উচ্চতার চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য দ্বারা খাল দূষণসহ ইত্যাদি অপরাধে ইয়াসিন এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ১ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।

গ্রাম বাংলা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ৫০ হাজার টাকা, আল মদিনা অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। মক্কা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা, হাশিয়া অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা এবং হাজী আবদুল বারেক অটো রাইস মিলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি।

বিয়ে করেও অস্বীকার করছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিবাহিত। দুজনের বিয়ের ছবি ও কাবিননামা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরও তারা বিয়ের বিষয়টি অস্বীকার করছেন।

এদিকে বিবাহিত হয়েও পদে থেকে কিভাবে দল চালাচ্ছেন- এমন অভিযোগ উঠেছে সভাপতি সাইফুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে।

এ নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। কারণ গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের বাংলাদেশ ছাত্রলীগের কোনো পর্যায়ের কমিটিতে স্থান দেওয়ার কোনো বিধান নেই। তারপরও তারা বিয়ে করে কমিটির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। সভাপতি সাইফুল ইসলাম রুবেল চলতি বছরের ৭ জুলাই বিয়ে করেন পেরিয়া ইউনিয়নের মেটুয়া গ্রামের প্রয়াত আবুল হাশেমের মেয়ে অনামিকা সুলতানাকে।

তার স্ত্রী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাদের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের নিকটজনসহ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অপরদিকে সাধারণ সম্পাদক আব্দুল জলিল উপজেলার মৌকারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে সালমা আক্তারকে বিয়ে করেন। সাত লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের কাবিননামা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছাত্রলীগের এই দুই নেতা বিয়ে করে দল চালাচ্ছেন। এ নিয়ে ফেসবুকসহ পুরো উপজেলায় নানা সমালোচনার ঝড় বইছে।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর (গ) ধারা অনুযায়ী, বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না এবং কমিটিতে ঢোকার পর বিয়ে করার অভিযোগ উঠলে পদ বাতিলের কথা বলা হয়েছে।

আবার এ উপজেলা কমিটি জেলা কমিটিকে পাশ কাটিয়ে গত ৩১ জুলাই রাতে পৌর মেয়র আব্দুল মালেকের ছেলে তানভীর মাহবুব অন্তরকে নাঙ্গলকোট সরকারি কলেজ সভাপতি ও বেলাল হোসাইন শিমুলকে পৌরসভা ছাত্রলীগের সভাপতি করে কমিটির অনুমোদন দেয়।

ছাত্রলীগের নীতিমালা অনুযায়ী, সরকারি কলেজ ও প্রথম শ্রেণির পৌরসভায় কমিটি দেওয়ার ক্ষমতা শুধু জেলা কমিটির। এদিকে জেলা ছাত্রলীগের দেওয়া আগের কমিটিও বিলুপ্ত করা হয়নি।

এ বিষয়ে সভাপতি সাইফুল ইসলাম রুবেল বলেন, আমি বিয়ে করিনি। আমার বিরুদ্ধে একটা গ্রুপ অপপ্রচার চালাচ্ছে।

সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, আমার বিয়ের অভিযোগ অন্য রাজনৈতিক পক্ষ ছড়িয়েছে। এটা সঠিক নয়।

এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, নীতিমালায় সরকারি কলেজ ও পৌরসভা কমিটি গঠনের দায়িত্ব জেলা ছাত্রলীগের।

বিয়ের অভিযোগ নিয়ে তিনি বলেন, বিয়ে করার অভিযোগ থাকলে ওই দুজন কোনোভাবেই কমিটিতে থাকতে পারবেন না।
সূত্র-যুগান্তর

বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সবার আগে। তবে উভয়ের মধ্যকার বাছাইয়ের একটি ম্যাচ নিয়েই যত সংশয় ছিল। অবশেষে সেটাও দূর হয়ে গেলো ফিফার এক ঘোষণায়। দুই দেশের চাওয়াকে প্রাধান্য দিয়ে বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ।

২০২১ সালের সেপ্টেম্বরে মহামারি করোনার সময় দুই দল ব্রাজিলের সাওপাওলোতে বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়। কিন্তু মাঠে খেলার ৫ মিনিটের সময় আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে করোনা নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে ম্যাচে হস্তক্ষেপ করেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। ফলে স্থগিত হয়ে যায় ম্যাচটি।

সেই ম্যাচ আয়োজনের জন্য একযোগে চাপ দিচ্ছিল ফিফা ও কনমেবল। তবে সেই চাপ উপেক্ষা করে ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচটা বাতিলের চেষ্টা করছিল। সেই চেষ্টা সফলতার মুখ দেখছে অবশেষে।

মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে মিটেছে ঝামেলা। তাই পণ্ড হয়ে যাওয়া ম্যাচটি আর হবে না নতুন করে।

গত ফেব্রুয়ারিতে ফিফা জানিয়েছিল দুই দলকেই ম্যাচটি খেলতে হবে। ব্রাজিল আর আর্জেন্টিনাকে জরিমানাও করেছিল বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর পরই দুই সংস্থা দ্বারস্থ হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। কারণ, বিশ্বকাপের মাত্র দুই মাস আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইয়ে ব্রাজিল কোচ তিতে ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চোট ও কার্ডজনিত নিষেধাজ্ঞার আশঙ্কা করছিলেন। শেষ পর্যন্ত তিন পক্ষ একমত হতে পেরেছে।

আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। ‘জি’ গ্রুপে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষরা হলো সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ম্যাচ বাতিল হলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বসে থাকবে না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে পৃথক অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে সদর দক্ষিণের কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবের ছেলে মোঃ জামাল হোসেন (৪৬)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে ১৬ আগস্ট দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, সদর দক্ষিণের ধর্মপুর (মাঠের বাড়ি) গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ ইউসুফ (১৯) এবং চট্টগ্রামের হালিশহর উপজলার মিজানুর রহমানের ছেলে মোঃ মিনহাছুর ইসলাম@সুমন (১৯)।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।