All posts by jitu

দেশে মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের প্রথম মেট্রোরেল চালানোর জন্য নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মরিয়ম আফিজা। গেল বছরের ২ নভেম্বর নিয়োগ পান তিনি।

মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। আফিজার এমন সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, দেশের প্রথম মেট্রোরেল আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে। সম্পূর্ণ বিদ্যুৎচালিত মেট্রোরেলের প্রতিটি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত। এর মাধ্যমে বাংলাদেশ আধুনিক গণপরিবহন ব্যবস্থার যুগে প্রবেশ করবে। দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ইতোমধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। এখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিচ্ছেন। এরপর তিনি দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ নেবেন। প্রয়োজনে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের জাপানেও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।

মেট্রোরেলের প্রথম নারী চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ‘২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এরপর থেকে স্বপ্ন বুনছি, সেই মাহেন্দ্রক্ষণের। মেট্রোরেল বাংলাদেশে প্রথম তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাবো, এটা ভেবে এখনই বেশ আনন্দ লাগছে। এখন মূল লক্ষ্য সঠিকভাবে সব প্রশিক্ষণ নেওয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা। সে দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছি এবং শিখছি।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, ‘মেট্রোরেল পরিচালনায় যোগ্য ও দক্ষ লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে নারীরাও যাতে বেশি সংখ্যায় নিয়োগ পান, সে বিষয়টিতেও নজর দেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বরে মেট্রোরেল চালুর লক্ষ্য নিয়ে পুরোদমে কাজ চলছে।’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময় প্রকল্প মেট্রোরেল। তিনি সব সময় নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তার অংশ হিসেবে আমাদের শিক্ষার্থী নারী চালক হিসেবে নিয়োগ পেয়েছে। ’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী ভাল স্থানে গেলে আমাদের ভালো লাগে। নারী হিসেবে আফিজা সাহসীকতার পরিচয় দিয়েছে।

যাত্রীবেশে বাসে ডাকাতি ও ধর্ষণের ‘মূল হোতা’ রাজা মিয়া গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের মধুপুরে বাস ডাকাতি ও ধর্ষণের মামলায় মূল হোতা রাজা মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নিশ্চিত করেছেন।

রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং টাঙ্গাইল থেকে ঢাকা সড়কে ঝটিকা বাসের চালক ছিলেন।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন। রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ২৪-২৫ যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা দেয়। গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছলে সেখান থেকে একদল ডাকাত যাত্রীবেশে ওই বাসে উঠে পড়ে। এর পর বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাত দল সেটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এর পর বাসে থাকা সব যাত্রীর হাত-পা ও চোখ বেঁধে মারধর ও লুটপাট করে। এ সময় বাসের ভেতরেই এক নারী যাত্রীকে ডাকাত দল গণধর্ষণ করে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বাসটি বালুর স্তূপের মধ্যে উল্টিয়ে ফেলে পালিয়ে যায়।

লুঙ্গি পরে আসায় ‘পরাণ’ দেখতে সিনেপ্লেক্সে ঢুকতে দেওয়া হলো না বৃদ্ধকে

 

বিনোদন ডেস্কঃ

রায়হান রাফি পরিচালিত রোমান্টিক ঘরানার সিনেমা ‘পরাণ’ দারুণ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের হৃদয়ে।

মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও হাউসফুল অনেক প্রেক্ষাগৃহ। সিনেমাটি দেখতে শুধু তরুণ-যুবারাই নয়; বৃদ্ধরাও ছুটে আসছেন প্রেক্ষাগৃহে। কিন্তু এমন সব উচ্ছ্বসিত সংবাদের মধ্যে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে ‘পরাণ’ দেখতে অনুমতি দেয়নি হল কর্তৃপক্ষ।

বুধবার রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ঘটেছে এ ঘটনা। ঘটনাটির একটি ভিডিও গতরাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে— ‘পরাণ’ সিনেমার জয়জয়কারে লুঙ্গি পরে সিনেপ্লেক্সে হাজির সাদা দাড়ির ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। কিন্তু লুঙ্গি পরে আসায় তাকে টিকিট দিচ্ছেন না হলের টিকিট সেলার। ৩৫০ টাকা নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে তিনি। ‘পরাণ’ দেখে পরাণজুড়াতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে সেই বৃদ্ধের মুখে।

কুমিল্লার দ্বেবিদ্বারে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর চারটার দিকে সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আন্দিরপার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্বামী মো. সোহেল মিয়া। তিনি রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। তার স্ত্রীর নাম হাজেরা বেগম।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর দৈনিক আজকের কুমিল্লাকে জানান, ঘটনা সত্য। পারিবারিক কলহের কারণে ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছেন স্ত্রী। সোহেল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুটবল চুরির অভিযোগে ৪ শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন

 

ডেস্ক রিপোর্টঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যালয়ের ফুটবল চুরির অভিযোগ তুলে ৪ শিক্ষার্থীকে পিঠিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাভলুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করলে তোপের মুখে পড়ে পালিয়ে যান ওই প্রধান শিক্ষক।

বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার পূর্ব বিছনদই ছকেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।

আহত শিক্ষার্থীরা হলেন- ৪র্থ শ্রেণির শিক্ষার্থী শাকিব, কাওসার, বায়েজদ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সিয়াম। অভিযুক্ত আসাদুজ্জামান লাভলু পূর্ব বিছনদই ছকেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (২ আগস্ট) ছুটির পর বিদ্যালয়ের ফুটবল দিয়ে খেলাধুলা করেন কিছু শিক্ষার্থী। পরের দিন (বুধবার) প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাভলু ওই ফুটবলটি খুঁজে না পেয়ে চুরির অভিযোগ তুলে বাড়ি থেকে ডেকে এনে চার শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করলে তোপের মুখে পড়ে ছিটকে পড়েন ওই প্রধান শিক্ষক।

কাওসারের নানী সবুরা বেগম বলেন, ‘ফুটবল চুরির অভিযোগ তুলে প্রধান শিক্ষক লাভলু আমার নাতিকে মারধর করে। খবর শুনে প্রধান শিক্ষকের নিকট বিষয়টি জানতে চাইলে ওই শিক্ষক আমার সঙ্গেও খারাপ আচরণ করে এবং আমাকে বিদ্যালয় থেকে চলে যেতে বলে।’

স্থানীয় আরেক অভিভাবক মনোয়ারা বেগম একই কথা বলেন। তিনি জানান, এই প্রধান শিক্ষকের ব্যবহার খুব খারাপ। সবার সঙ্গে খারাপ আচরণ করেন।

কাওসারের ভাই শাহ আলম বলেন, ‘আমার ভাই চোর নয়, সে মেধাবী শিক্ষার্থী। কিন্তু প্রধান শিক্ষক চুরির অভিযোগ তুলে তাকে মারধর করছে। তিনি কাজটি ঠিক করে নাই। আমরা এই প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাভলু বলেন, ‘এরা প্রায়ই বিদ্যালয়ের কিছু না কিছু চুরি করে। তাই একটু শাসন করা হয়েছে। তবে আজকে একটু মারধর করা বেশি হয়েছে।’

এবিষয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) বেলাল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষককে বলে দিবো তিনি আপনাদের সঙ্গে দেখা করে খরচাপাতি দেবে এখন।’

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যাত্রীবেশে চলন্ত বাস ছিনতাই: ৩ ঘণ্টা জিম্মি করে ডাকাতি ও নারী যাত্রীদের পালাক্রমে ধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল বাসটি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে পৌঁছালে এতে ১০-১২ জন যাত্রী ওঠেন। যাত্রীবেশে ওঠা এই যাত্রীরা বাসটির নিয়ন্ত্রণ নিয়ে বাকি যাত্রীদের জিম্মি করে ফেলে। হাত-মুখ ও চোখ বেঁধে অস্ত্রের মুখে টানা তিন ঘণ্টা জিম্মি করে রাখা হয় যাত্রীদের। এই পুরো সময় বাসটি চলন্ত অবস্থায় ছিল। এর মধ্যেই চলে ডাকাতি ও ধর্ষণ। মধুপুরের কাছে এসে বাসটি দুর্ঘটনার শিকার হলে স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করেন।

বুধবার (৩ আগস্ট) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে ছিনতাই করা বাসের যাত্রীদের সর্বস্ব লুটের পর নারী যাত্রীদের পালাক্রমে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। আন্তজেলা ডাকাত দলের সদস্যদের এই ভয়াবহ কাণ্ডের শিকার হয়েছেন কুষ্টিয়া-চট্টগ্রাম চলাচলকারী ঈগল পরিবহনের যাত্রীরা।

বাস যাত্রীদের কাছ থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি বাস অন্তত ২৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হলে যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে ঘুমন্ত যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে। এর পর যাত্রীদের কাছে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়। পরে ডাকাত দলের সদস্যেরা গাড়িতে থাকা নারী যাত্রীদের ধর্ষণ করে বলে জানান একাধিক যাত্রী।

টানা তিন ঘণ্টা যাত্রীদের ওপর চালানো নির্যাতনের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে এসে বাসটির গতি থামিয়ে ডাকাত দল নেমে যায়। মুহূর্তের মধ্যেই চোখ-মুখ ও হাত বাঁধা যাত্রীদের নিয়ে বাসটি রাস্তার পাশের বালুর ঢিবিতে কাত হয়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে নাটোরের বড়াই গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান যাত্রী হন রাত ১০টায়। তিনি নাটোরের তরমুজ চত্বর থেকে বাসে ওঠেন। তিনি আমড়া, কাঁঠাল ও তাল ঢাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।

ঈগল পরিবহনে অনেক দিন ধরে নিয়মিত যাতায়াত করা এই ভুক্তভোগী যাত্রী বলেন, ‘আমরা বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি “দিবারাত্রি হোটেলে” রাতের খাবারের জন্য বিরতি দেয়। বাসের অনেকেই ওই হোটেলে খাবার খান। আমিও ওই বাসের সুপারভাইজার রাব্বি ও সহযোগী দুলালের সাথে বসে খাবার খেয়েছি। আগে যে চালক বাস চালাতেন, আজ সেই চালক ছিলেন না। কড্ডার মোড়ে আসার পর গেঞ্জি, শার্ট পরা ১০-১২ জন যাত্রী ওঠেন। তাঁদের প্রত্যেকেরই পিঠে ব্যাগ ছিল। তাঁরা বাসের খালি সিটগুলোতে বসে পড়েন। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে ওঠা এই ডাকাত দলের সদস্যেরা অন্য ঘুমন্ত যাত্রীদের অস্ত্রের মুখে একে একে বেঁধে ফেলে। একই সঙ্গে প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এমনকি শিশুদেরও একই কায়দায় বেঁধে রাখে তারা। পরে সব যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা, গয়না লুট করে নেয়। তার পর নারী যাত্রীদের ওপর পাশবিক নির্যাতন চালায়।’

হাবিবুর রহমান বলেন, ‘আমার পাশে বসা নারীকে চার দফায় ধর্ষণ করা হয়েছে বলে আমি অনুধাবন করতে পেরেছি। আমরা অসহায় ছিলাম। হাত, মুখ, চোখ বাঁধা ছিল। কিছুই করতে পারিনি। টানা তিন ঘণ্টা আমরা ওই বাসটিতে জিম্মি ছিলাম। বাসটি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা কিছুই জানি না। দুর্ঘটনায় শিকার হওয়ার পর আমরা জানতে পারি, টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়া এলাকায় আছি।’

এদিকে খবর পেয়ে কুষ্টিয়া থেকে মধুপুরে আসেন ঈগল পরিবহনের ব্যবস্থাপক আয়নাল হোসেন। গাড়িটির চালক ও সহযোগীদের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মির্জাপুরের পাকুল্লা এলাকার একটি ফাঁকা মাঠে বাসটি ঘুরিয়ে টাঙ্গাইলের দিকে নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বাসটিকে ময়মনসিংহের মহাসড়কের মধুপুরের দিকে নেয় ডাকাতেরা।’

বাসের নারী যাত্রী কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের শিল্পী বেগম বলেন, ‘আমি আমার অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। আমাদের সবাইরে হাত, মুখ, চোখ বাইন্দা ডাকাতরা সব লুট কইরা নিছে। আমার স্বামী পিয়ার আলিকে ছুরি দিয়ে আঘাত করছে। আমার কাছ থিকা ৩০ হাজার টাকা নিয়া গেছে।’ ওই বাসে থাকা অন্য নারী যাত্রীরা নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান তিনি।

বাসটিতে করে বেসরকারি চাকরিজীবী নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুর রশিদ নাটোর থেকে বাড়ি যাচ্ছিলেন অসুস্থ মাকে দেখার জন্য। সঙ্গে ছিল বেতনের ২২ হাজার ৮০০ টাকা। এর মধ্যে ১০০ টাকা রেখে বাকি পুরো টাকাই ডাকাতেরা নিয়ে গেছে বলে জানান তিনি।

বাসযাত্রী হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয় বাসিন্দারা আমাদের উদ্ধার করেছেন। রক্তিপাড়া জামে মসজিদের ইমাম আমাকে নাশতাও করিয়েছেন।’

সংবাদ পেয়ে মধুপুর থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গাড়িতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেছেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক।

বিকেল ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডিবি পুলিশের একটি দল তদন্তকাজ চালাচ্ছে। পুলিশের সহযোগিতায় একদল উদ্ধারকর্মী বাসটি উদ্ধার করছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন করে থানায় এসে বাসযাত্রী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছেন। এ সময় ময়মনসিংহ থেকে আসা ডিএনএ পরীক্ষাগারের কর্মীদের থানায় অবস্থান করতে দেখা গেছে।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন। বাসের এক যাত্রী বাদী হয়ে মামলা করবেন বলেও জানিয়েছেন।’

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে সোহেল আহমেদ (৩৩) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক নারী দালালকেও আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে বুড়িচং বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

এ সময় সেফা মেডিকেল হল থেকে ভুয়া চিকিৎসক সোহেল আহমেদকে (৩৩) আটক করে ৭ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর পপুলার মেডিকেল হল থেকে শিউলি আক্তার (২৬) নামে এক দালালকে আটক করে ৭ দিনের জেল দেওয়া হয়।

কুমিল্লাসহ দেশের ১০ জেলার এসপিকে বদলি

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের ১০ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি/পদায়ন করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে আজই পৃথক প্রজ্ঞাপনে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগের ঘটনা এবারই প্রথম।

যে ৪০ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো হলো- পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শরীয়তপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, নেত্রকোণা, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, শেরপুর, জয়পুরহাট, ফেনী, ঢাকা, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, ঝালকাঠি, নীলফামারী এবং নাটোর।

কবিতাঃ বৃষ বৃষ্টি

 

দেবব্রত ঘোষ:

তুমি প্রকৃতির অদ্ভুত এক সৃষ্টি
ছিলে তুমি মিষ্টি বৃষ্টি,
সবার ছিল তোমার দিকে দৃষ্টি ।।

আজ তুমি বদলে ফেলেছ তোমার গতি
বদলে গেছে তোমার প্রকৃতি,
বদলে গেছে তোমার আকৃতি ।।

তুমি না এসে দিয়েছ খরার যন্ত্রণা
যখন এসেছ সেজে গুজে হয়েছে প্রবল বন্যা।।

আষাঢ় আসে, বৃষ্টি নামে
ঝরে আর ঝরে, কখনও না থামে।
বাংলার বুকে তোমার বিচরণ
এটাই ছিল তোমার ধরণ।।

যখন তোমাকে সবচেয়ে বেশি চাই
কোত্থাও যেন খুঁজে না পাই।
যখন অযাচিত, তখন সদয় ঢেলে দাও,
ভাসাও পাহাড়-শহর, বাদ নাহি পরে গাঁও।।

জলে কিরণ বাষ্প হয়ে
আসমানে তোমার ঠাঁই,
বর্ষাকালে দগ্ধ তাপে
তোমার দেখা নাই।।

কৃষকের ফসল ফলা, জেলেদের মাছ
প্রেমিকের পথ চলা, বসেছে মরতে গাছ।
মানব কর্মে হয়েছ তুমি অতিষ্ঠ, রুষ্ঠ
প্রকৃতি উত্তপ্ত, তাই সবাই যন্ত্রণাক্লিষ্ট।।

প্যানেল মেয়র হলেন কাউন্সিলর সাদী

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি করপোরেশন ২য় মাসিক সভায় ১ নং প্যানেল মেয়র হলেন কাউন্সিলর হাবিবুর আলামিন সাদী।

বুধবার (৩ আগস্ট) মেয়র আরফানুল হক রিফাত ও ২৭ টি ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে ৩ জন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, ১ নং প্যানেল মেয়র কাউন্সিলর হাবিবুর আলামিন সাদী, ২য় প্যানেল মেয়র কাউন্সিলর মনজুর কাদের মনি ও ৩য় প্যানেল মেয়র কাউসার বেগম সুমি।