All posts by jitu

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

 

দাউদকান্দি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল উপজেলা, কলেজ ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের লক্ষ্যে চলমান কার্যক্রম হিেেসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হল। বিলুপ্ত ইউনিট সমূহকে চলমান গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ১৫ দিনের মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের তথ্যফরম সংগ্রহ করার নির্দেশনা জানানো হয়।

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে ‘এমভি আয়েশা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ট্রলারের মালিক খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় প্রচন্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১৮জন মাঝি মাল্লা ও জেলে পাশ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরও ২টি ট্রলার পাঠানো হয়েছে। ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।

চবি ছাত্রলীগের সভাপতি রুবেল, ১৫ বছরেও পড়াশোনা শেষ হচ্ছে না

 

ডেস্ক রিপোর্ট:

পরিসংখ্যান ভালোই পড়া হচ্ছে তাঁর। ৫ বছর-১০ বছর নয়, ১৫ বছরেও শেষ হচ্ছে না পড়াশোনা। অনার্স শেষ, মাস্টার্সও শেষ। পাট চুকানোর পরও পরিসংখ্যানে ডুবে আছেন। পরিসংখ্যানে পটু হয়ে এখন মেলাচ্ছেন রাজনীতির গাণিতিক সূত্র। সঙ্গে উপাচার্যের বিশেষ সুবিধায় সেই অনার্সের একটি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ছুতায় ধরে আছেন ক্যাম্পাসের খুঁটি। রাজত্ব করছেন, ঘোরাচ্ছেন ছড়ি। তিনি রেজাউল হক রুবেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি। শুধু পরিসংখ্যান নয়, তিনি ভাষাটাও ভালো রপ্ত করতে চান। তাই ছাত্রত্ব আর রাজত্ব দুটিই ধরে রাখার কৌশল হিসেবে ভর্তি হয়ে আছেন চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে।

ক্যাম্পাসে ১৫ বসন্ত কাটানো এই রুবেলের মুখ সবার চেনা। কেউ কেউ গোপনে তাঁকে ডাকেন ‘আদু ভাই’। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে চবির পরিসংখ্যান বিভাগে ভর্তি হওয়া রুবেলের শিক্ষাজীবনের যবনিকা হওয়ার কথা পাঁচ বছরেই। সেটাও ২০১২ সালে। অবিশ্বাস্য ঠেকলেও রুবেল এখনও ক্যাম্পাস নেতা।

তখন ২০১৯ সালের ১৪ জুলাই। রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই সদস্যের কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই দু’জনকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়। তিন বছর পেরিয়ে গেলেও সেই ‘দ্রুত সময়’ শেষ হয়নি এখনও। এ জন্য সভাপতি ও সম্পাদককে দুষছেন ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা। সভাপতি রুবেলের বিরুদ্ধে ক্যাম্পাসে ঝাড়ূ মিছিলও হয়েছে। ‘আদু ভাইয়ের পদত্যাগ চাই’ স্লোগান তোলেন খোদ ছাত্রলীগ নেতাকর্মীরাই।
রাজনীতির ছায়ায় যৌনপীড়ন :আজিম হোসাইন- পড়েন ইতিহাস। চবিতে যৌনপীড়নের সর্বশেষ ঘটনায় এই নামটি বেশ চাউর। রুবেলের সঙ্গেই তাঁর মধুর রসায়ন। এর আগে চবিতে আরও চার শিক্ষার্থীর বিরুদ্ধে উঠেছিল যৌন হয়রানির অভিযোগ। তাঁরাও ছিলেন ছাত্রলীগ সভাপতি রুবেলেরই অনুসারী।

অভিযোগ রয়েছে, চবিতে সর্বশেষ যে ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁকে আগে উত্ত্যক্ত করেছেন খোদ রুবেলই। ওই ছাত্রীকে আবাসিক হলে সিট পাইয়ে দিয়ে তাঁকে দেখা করতে রুবেল নানাভাবে চাপ দিতেন বলে  জানিয়েছেন মেয়েটির সহপাঠীরা। রেজাউল হক রুবেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাত্রী হেনস্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রী উত্ত্যক্ত করার কথা বলেছেন কিছু ছাত্রী। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী বলেন, ‘রুবেল আমাকে মেসেঞ্জারে বিরক্ত করতেন। ভিডিও কল দিতেন। কেটে দিলে আবার কল করতেন। আমাকে অশালীন মন্তব্যও করেছেন তিনি। আমি তাঁকে ব্লক করেছি। তবু বিভিন্ন অচেনা নম্বর থেকে তিনি কল করে আমাকে দেখা করতে বলতেন।’ সর্বশেষ যৌন হয়রানির শিকার হওয়া ছাত্রীর এক বান্ধবী পড়েন ইংরেজি বিভাগে। তিনি বলেন, ‘ঘটনার শিকার ওই ছাত্রীকে হলে সিট পেতে সহায়তা করেন রুবেল। এটিকে সুযোগ হিসেবে নিয়ে তিনি প্রায়ই তাঁকে দেখা করতে চাপ দিতেন বলে জানিয়েছেন তাঁর বান্ধবী। এড়িয়ে চলায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন রুবেল।’

২০১৮ সালে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীকে যৌনপীড়ন করেন ছাত্রলীগের কিছু কর্মী। প্রতিবাদ জানালে ওই ছাত্রীর বান্ধবীকে মারধর করেন তাঁরা। পরে অভিযোগ দিতে চাইলে রুবেল তাঁদের সঙ্গে সমঝোতা করতে বলেন। গত সেপ্টেম্বরে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরও দুই ছাত্রীকে হেনস্তা করেন রুবেলের অনুসারী রাজু, রুবেল হাসান, ইমন ও জুনায়েদ। সর্বশেষ খবর হলো- অভিযুক্ত ওই চার শিক্ষার্থীকে গতকাল সোমবার এক বছরের জন্য শিক্ষাজীবন থেকে বহিস্কার করেছে চবি কর্তৃপক্ষ।

রুবেলকে শোকজ :১৯ জুলাই রাতে সভাপতি রুবেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ না করে ‘শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি তখন বলেছিলেন, ‘কেন কারণ দর্শানো হয়েছে, রুবেল তা জানেন। তিনি ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন। এর বেশি কিছু তো বলা যাচ্ছে না।’

পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি তিন বছরেও :তিন বছর পেরিয়ে গেলেও এখনও আলোর মুখ দেখেনি পূর্ণাঙ্গ কমিটি। সর্বশেষ ২০১৬ সালের ১৭ জুলাই চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১৭ সালের ৬ ডিসেম্বর বিলুপ্ত করা হয়েছিল ওই কমিটি। এর মধ্যে দুই দফা চবি শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। সাধারণ নেতাকর্মীরা জানান, রুবেল-টিপু দায়িত্ব পাওয়ার পর থেকে উপগ্রুপের নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটি করার দাবি তুলে আসছিলেন। কমিটির জন্য বেশ কয়েকবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশও করেছেন তাঁরা। এরপরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

কেন এত বিশৃঙ্খলা :চবি ছাত্রলীগ মূলত দুই টুকরা। এক গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং অন্যটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থক। এ দুই গ্রুপের ভেতরেই আবার বিভিন্ন নামে ক্যাম্পাসে ১১টি ধারা। এসব ১১ উপগ্রুপের মধ্যে নাছিরের অনুসারী সিক্সটি নাইন, ভিএক্স, বাংলার মুখ, রেড সিগন্যাল, কনকর্ড, এপিটাফ, একাকার, উল্ক্কা ও সংগ্রাম গ্রুপ। অন্যদিকে নওফেলের সমর্থকদের বড় দুটি গ্রুপ হচ্ছে সিএফসি ও বিজয়। বর্তমান সভাপতি রুবেল সিএফসি গ্রুপের নেতা এবং নওফেলের অনুসারী। সাধারণ সম্পাদক টিপু সিক্সটি নাইন গ্রুপের নেতা এবং নাছিরের সমর্থক।

তুচ্ছ ঘটনায় বারবার সংঘাত :গত ১৩ জানুয়ারি সংগঠনের কার্যক্রম দেখতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা যান ক্যাম্পাসে। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদপ্রত্যাশী বিভিন্ন উপপক্ষের নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবি জানিয়ে মূল ফটকে তাঁদের আটকে দেন। পরে দুই নেতার আশ্বাসে তাঁরা সরে যান। এর পাঁচ দিন পরই পূর্ণাঙ্গ কমিটি করা নিয়ে ছাত্রলীগের বগিভিত্তিক বিজয় গ্রুপ ও সিএফসির নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। এতে অন্তত ১৩ জন আহত হন। কথাকাটাকাটির জের ধরে চবি ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে একাধিকবার এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২০২০ সালের জানুয়ারিতেও অন্তত ১০ জন আহত হন। এর আগে একাকার গ্রুপের কর্মীর সঙ্গে বাংলার মুখের এক কর্মীর হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

চবির সাবেক এক ছাত্রলীগ সভাপতি বলেন, ‘কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় কর্মীরা হতাশ। যে কোনো তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়াচ্ছেন তাঁরা। কেউ কারও নির্দেশ মানছেন না। যদি পূর্ণাঙ্গ কমিটি থাকত, তাহলে অনেক সুশৃঙ্খল থাকত ছাত্রলীগ।’

রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল :রুবেলের বহিস্কার দাবিতে হয়েছে ঝাড়ু মিছিলও। তাঁকে অবাঞ্ছিতও ঘোষণা করেন বগিভিত্তিক গ্রুপ বিজয়ের কর্মীরা। গত ২৩ জানুয়ারি এএফ রহমান হল ও আলাওল হল থেকে বিজয় গ্রুপের কর্মীরা এই ঝাড়ু মিছিল বের করেছিলেন। ওই সময় বিজয় গ্রুপের কর্মী সাহিল কবির বলেছিলেন, রুবেলের নির্দেশে শিবির স্টাইলে তিন ছাত্রলীগ কর্মীর রগ কেটে দেওয়া হয়েছে। রুবেলের শাস্তি চাই আমরা।’ জয়দ্বীপ নামের আরেক ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র হয়ে যদি তৃতীয় বর্ষে পড়ি, তাহলে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র হয়ে রুবেলের এখন কোথায় থাকার কথা? এই অযোগ্য ও অছাত্রকে বহিস্কার করতে হবে। আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

রুবেল যা বললেন :যৌন হয়রানির অভিযুক্তরা নিজের অনুসারী নয় বলে দাবি করেছেন চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল। তিনি বলেন, ‘এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। সভাপতি হওয়ায় আমার সঙ্গে অনেকেই ছবি তোলে। আমি কোনো অপরাধীকে প্রশ্রয় দিই না।’ ভুক্তভোগী ছাত্রী প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়েটি আমার ছোট বোন। তার সঙ্গে কখনও অশালীন কোনো কিছুই করিনি। আমিও চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

যৌন হয়রানির আগের অভিযোগে নাম আসা চারজন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা কেউই আমার অনুসারী নয়। তারা ছাত্রলীগেরও কেউ নয়। সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে সময় তাদের নেতা হওয়ারও কথা নয়। তারপরও তাদের আমার অনুসারী বলা হচ্ছে।’ নিজের ছাত্রত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২০০৬-০৭ শিক্ষাবর্ষে পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়েছি। ২০১০ সালে আমাদের অনার্স শেষ হওয়ার কথা। সেশনজটের কারণে ২০১২-১৩ শিক্ষাবর্ষে শেষ হয়েছে। মাস্টার্স শেষ হওয়ার কথা ২০১৫-১৬ শিক্ষাবর্ষে। আমার সঙ্গে যারা ছিল, তাদের মাস্টার্স তখন শেষ হয়েছে। আমারও শেষ হয়েছে। তবে অনার্সে আমার একটি ইমপ্রুভমেন্ট পরীক্ষা রয়ে গেছে। সেটির পরীক্ষা দেব আমি। তা ছাড়া চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি আছি আমি। এটির পরীক্ষা এ বছর হবে।’ পরিসংখ্যানের মাস্টার্স শেষ হওয়ার পরও কীভাবে অনার্সের ইমপ্রুভমেন্ট পরীক্ষা বাকি থাকে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপাচার্যের বিশেষ সুবিধায় আমি এই পরীক্ষা দেব।’ দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কেন্দ্রের বিষয়। আশা করছি, শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে।’

সূত্র: সমকাল ।

বাংলাদেশ ও ইউএস সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মধ্যে ল্যান্ড ফোর্সেস টক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
মেজর জেনারেল ক্রিস স্মিথ, ডেপুটি কমান্ডার জেনারেল এর নেতৃত্বে ইউএস প্যাসিফিক কমান্ড এর তিন সদস্যের একটি ডেলিগেশন সেনাসদরে লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, সিজিএস এর সাথে সাক্ষাৎ করেন।

২৫ জুলাই অনুষ্ঠিত এ সাক্ষাতকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার মান বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের Global Peace Operations Initiative (GPOI) মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী অংশীদারিত্বের ভিত্তিতে জাতিসংঘ এবং আঞ্চলিক শান্তি সহায়তা কার্যক্রমকে কিভাবে আরো কার্যকর ও বেগবান করতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও Chemical Disaster Response এর ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়েও ইউএস সেনাবাহিনীর সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র বিশেষ সম্পর্কে আলোকপাত করা হয়।

উল্লেখ্য, প্রতিনিধি দলটি তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২৮ জুলাই প্রত্যাবর্তন করবেন।

ওয়ালটন রেসলিং প্রতিযোগিতা: বাংলাদেশ সেনাবাহিনী মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ও পুরুষ বিভাগে রানারআপ

স্টাফ রিপোর্টার:

ওয়ালটন জাতীয় ১১তম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) রেসলিং প্রতিযোগিতা – ২০২২ তে বাংলাদেশ সেনাবাহিনী রেসলিং দল সাফল্য অর্জন করেছে। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ও পুরুষ  বিভাগে রানারআপ হয়েছেন।প্রতিযোগিতায় সৈনিক খাদিজা আক্তার শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়।

গত ২৪ হতে ২৫ জুলাই  তারিখে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ঢাকায় অনুষ্ঠিত ওয়ালটন জাতীয় ১১তম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) রেসলিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী রেসলিং দল মহিলা বিভাগে ৬টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং পুরুষ বিভাগে ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ রেসলিং ফেডারেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ৪টি দলের সর্বমোট ৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল।

 

মুরাদনগরে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ড্রেজার জব্দ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ৪টি ড্রেজার মেশিন জব্দসহ মাটি সরবরাহের কাজে ব্যবহৃত প্রায় ২শ পাইপ ধ্বংস করা হয়েছে।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর, যাত্রাপুর ও রঘুনাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা। এ সময় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ।

জানা যায়, উপজেলায় দীর্ঘদিন যাবত কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি চক্র। ফলে কৃষি জমি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এসব মাটি খেকো ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সাংবাদিক জিতুকে হত্যার হুমকি, বাসায় প্রবেশ করে গুলিবর্ষণ

 

স্টাফ রিপোর্টার:

দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতুর (৩৫) বাসায় প্রবেশ করে হত্যা করার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তারা বাড়ির বাইরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

রবিবার( ২৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এ হামলা ও হুমকি প্রদানের ঘটনা ঘটে ।এ ঘটনায় ইমতিয়াজ আহমেদ জিতু কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ইমতিয়াজ আহমেদ জিতুর নগরীর কাশারীপট্টি এলাকার বাসায় অজ্ঞাতনামা ৯ জন লোক ৩ টি মোটরসাইকেলে করে বাসায় প্রবেশ করে। ওই সময় জিতু কুমিল্লা প্রেসক্লাবে অবস্থান করায় তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালিজ করে বাসার বাইরে এসে কয়েক রাউন্ড ফাকা গুলি করে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে চলে যায়।

এ বিষয়ে ইমতিয়াজ আহমেদ জিতু জানান,কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছি ।প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে নির্বাচন থেকে সরে দাড়াঁনোর জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে আমি প্রেসক্লাবে ছিলাম। মুঠোফোনে হামলা ও গুলিবর্ষণের কথা শুনে বাসায় আসি ।পরে পরিবার ও স্থানীয়দের কাছে জানতে পারলাম ৩ টি মোটরসাইকেল যোগে ৯ জন বাসায় বাসায় এসে আমাকে না পেয়ে বিশ্রি ভাষায় গালাগালি করে বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।

এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত চলছে।পুলিশ টহল অব্যাহত রয়েছে।

এ হামলা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট  এসোসিয়েশন ও কুমিল্লা সাংবাদিক ক্লাব কর্তৃপক্ষ।

দ. আফ্রিকায় প্রকাশ্যে ২ নোয়াখালী প্রবাসীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে ২ নোয়াখালী প্রবাসীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

নিহত আরিফ হোসেন (২২) নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মহিন উদ্দিনের ছেলে, মো.শুভ (২৪) উপজেলার পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে।

রোববার (২৪ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন। এর আগে, শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন জানান, নিহত দুই যুবক আফ্রিকার ব্রাকফান শহরের একটি বাংলাদেশীর দোকানে কাজ করে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা শুভকে গুলি করে। আরিফ, হাসানসহ তিনজনকে কুপিয়ে গুরুতর  আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন।

আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন আরো জানান, সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় তাদের গুলি করে এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মালামাল নিয়ে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।

চৌদ্দগ্রামে সড়কের পাশ থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: শাহিন মজুমদার (৩৯) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশটির মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।

সোমবার (২৫ জুলাই) গভীর রাত আনুমানিক দুই ঘটিকায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ছাতিয়ানী পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের গেদু মিয়ার পুত্র। ব্যক্তিজীবনে নিহত শাহিন এক পুত্র সন্তানের জনক। সে মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভবত গভীর রাতে অজ্ঞাতনামা গাড়ি শাহিনকে ধাক্কা দিয়েছে। ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জà