All posts by jitu

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ওয়্যারলেস মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানায়, রাতে অটোরিকশা করে নিহত শাহজালালসহ অন্য যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন।

সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহ সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল তৈরি হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইনটারনাল ইনজুরির কারণে ঢাকায় রেফার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ রয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হবে।

সুবিধাবঞ্চিত ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন সেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার:

কনকনে শীতের রাত। কুমিল্লা নগরীর রাস্তাঘাট তখন প্রায় জনশূন্য। কোথাও ফুটপাতের পাশে, কোথাও বাসস্ট্যান্ডের কোণে, আবার কোথাও রেললাইনের ধারে খোলা আকাশের নিচে শুয়ে আছেন অসহায় মানুষগুলো। শীতের তীব্রতায় কাঁপছে শরীর, কিন্তু নেই গায়ে দেওয়ার মতো উষ্ণ কাপড়। এমন রাতেই মানবিকতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বাংলাদেশ।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সংগঠনের স্বেচ্ছাসেবীরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ছুটে যান। হাতে হাতে কম্বল নিয়ে তারা পৌঁছে যান শীতার্ত, ভাসমান ও ছিন্নমূল মানুষের কাছে। ফুটপাত, বাসস্ট্যান্ড, রেলস্টেশন সংলগ্ন এলাকা ও অলিগলিতে একে একে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।

কম্বল পেয়ে অসহায় মানুষগুলোর চোখে মুখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। কেউ কেউ আবেগ ধরে রাখতে পারেননি। তারা বলেন, রাতে শীতে ঘুমানো কষ্টকর হয়ে যায়। এমন সময়ে এই সহায়তা আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়।

এদিকে, কনকনে শীত। ভোরের কুয়াশা আর রাতের ঠান্ডায় কাঁপছে জনপদ। এমন শীতের দিনে সবচেয়ে বেশি কষ্টে থাকে মাদরাসায় অধ্যয়নরত দরিদ্র ও এতিম শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি শীতের সঙ্গে লড়াই করাই যেন তাদের নিত্যদিনের বাস্তবতা। এই বাস্তবতায় মানবিকতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বাংলাদেশ।

সংগঠনের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল। একটি কম্বল হাতে পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি আর আনন্দ।

মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া এই কার্যক্রমের মাধ্যমে দুর্বার বাংলাদেশ আবারও প্রমাণ করেছে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

দুর্বার বাংলাদেশ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতা উল্লাহ বলেন, “রাতের শীত যে কতটা কষ্টদায়ক হতে পারে, তা শুধু যে অভিজ্ঞরা জানে তা নয়, যে মানুষরা দিনভর পরিশ্রম করে শেষ রাতে ঘুমোতে বসে, তারাও অনুভব করে। তাই ‘দুর্বার বাংলাদেশ’ সংগঠনের পক্ষে থেকে আমরা আজ এখানে এসেছি, আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। এই কম্বল বিতরণ আমাদের শুধু শীত নিবারণের একটি প্রয়াস নয়, এটি মানবিক সহমর্মিতার একটি প্রতীক। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ যেন স্নেহ, সহানুভূতি এবং একাত্মতার বন্ধনে আবদ্ধ থাকে। আমরা জানি, এই ছোট্ট প্রচেষ্টা তাদের জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে আমরা একটি মানবিক ও উজ্জ্বল আগামী গড়ে তুলতে পারবো।”

দুর্বার বাংলাদেশ সংগঠনের সভাপতি মঈন নাসের খাঁন রাফি বলেন,“শীতের রাতটাই সবচেয়ে কঠিন সময়। বিশেষ করে অসহায় মানুষ আর মাদ্রাসা শিক্ষার্থীরা তখন সবচেয়ে বেশি কষ্টে থাকে। সেই কষ্ট একটু হলেও লাঘব করতেই গভীর রাতে আমরা মাঠে নেমেছি। দুর্বার বাংলাদেশ সবসময় মানবিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে থাকতে চায়।”

তিনি আরও বলেন, “একটি কম্বল হয়তো আমাদের কাছে ছোট বিষয়, কিন্তু শীতার্ত একজন মানুষের জন্য এটি বেঁচে থাকার শক্তি। অসহায় মানুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীতে যেন পড়াশোনা ও জীবনযাপন ব্যাহত না হয়—এই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। শীতকালজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

দুর্বার বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত বলেন, “এই শীতের রাতে কেউ যেন কষ্টে না থাকে এই ভাবনাই আমাদের সংগঠনের ভলেন্টিয়ার ভাইরা মাঠে নেমেছে অসহায়দের আত্ননাত দেখে। খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর কাঁপা শরীর আমাদের নাড়া দিয়েছে। একটি কম্বল হয়তো সামান্য, কিন্তু তাদের কাছে এটাই আজ সবচেয়ে বড় আশ্রয়। মানুষের পাশে থাকাই দুর্বার বাংলাদেশের শক্তি ও অঙ্গীকার।”

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং এ নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি মো. দুলাল (৩৮)কে গ্রেফতার করে। সে বুড়িচং পূর্ণমতি গ্রামের আবদুল বারেকের পুত্র।

র‌্যাবের সূএ জানায়, গত ৭ জানুয়ারি সকাল ১১টায় কুমিল্লার বুড়িচং পূর্ণমতি গ্রামে নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাতে লিজা আক্তার (২৮)কে হত্যা করা হয়। গ্রফতারত আসামি মো. দুলাল (৩৮) পেশায় একজন রাজমিস্ত্রী। সে নিয়মিত মাদক সেবন করে। বিভিন্ন সময় ভিকটিম লিজা আক্তার ও তার বাবার বাসা থেকে জোর পূর্বক নেশার টাকা সংগ্রহ করতো এবং নেশার টাকা দিতে না পারলে ভিকটিমের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। ঘটনার দিন আসামী মো. দুলাল ভিকটিম লিজা আক্তারের নিকট থেকে মাদক ক্রয়ের টাকা না পাওয়ায় উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

উক্ত বিরোধের জের ধরে আসামি তার সন্তানদের সামনে ভিকটিমকে ঘাড় ও তলপেটের বিভিন্ন স্থানে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে আসামি ভিকটিমের গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি উক্ত হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড আন্ত:কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

“ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আন্ত: কলেজ এ্যাথলোটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পরবর্তীতে পুরষ্কার বিতরণ করা হয়।

বুধবার (১৪ জানুয়ারী) সকালে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে উক্ত প্রতিযোগীতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সচিব প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক) এবং ক্রীড়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোহাম্মদ আব্দুল কাদির,সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সাঈম মিয়া ।

উক্ত প্রতিযোগীতায় কুমিল্লা শিক্ষাবোর্ড আওতাধীন ২৫ টি কলেজের ৯৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আদর্শ ও নৈতিক আচরণের মাধ্যমে নিজেকে বদলিয়ে নবরূপে তারুণ্যের গতিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় হলো আমাদের বড় চাওয়া। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও বড় ভূমিকা রাখতে হবে। তাহলেই দেশ ও সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে আসবে এই প্রতিযোগিতার মাধ্যমে।

বুড়িচংয়ে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি

ডেস্ক রিপোর্ট:

বুড়িচং উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল-লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম আলী উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইব্রাহিম আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩ হাজার ৪৮৬ পিস ও ৪৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা গেছে, ইব্রাহিম আলী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পায়ে হেঁটে অন্য একটি মাদক সিন্ডিকেটের কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ইব্রাহিম আলী দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত। তিনি এলাকায় একজন মাদক সম্রাট হিসেবে পরিচিত এবং এই কারবারির মাধ্যমে নিজ এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। তার সঙ্গে একটি বড় মাদক সিন্ডিকেট জড়িত বলেও দাবি করেন স্থানীয়রা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবাসহ ইব্রাহিম আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নাহিদ (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ শ্যামলী পরিবহনের স্লিপার বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের স্লিপার বাসটি নোয়াবাজার এলাকায় পৌঁছালে সামনে চলন্ত একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নাহিদসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্লিপার বাস ও ট্রাক উদ্ধার করে হাইওয়ে পুলিশের ফাঁড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় কৃষক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার মৃত আবদুল গাফফারের ছেলে।

স্থানীয়রা জানান, তাজুল ইসলাম অটোরিকশায় সবুজপাড়া এলাকায় যান। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কের পাশে দাঁড়ানোর সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপি ছেড়ে কয়েক শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েক শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লা উত্তর জেলা যুব শক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফ এর নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা যোগদান করেন। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

যোগদানকারী কুমিল্লা উত্তর জেলা যুব শক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফ মরহুম বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম , সাইফুল আলম ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোশাররফ হাজারী, বর্তমান আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি লের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সূদুরপ্রসারী: ড.মোশাররফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন দৃঢ় অবস্থান তাঁকে জাতীয় এবং বিশ্বরাজনীতিতে গভীর শ্রদ্ধার উচ্চাসনে বসিয়েছে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ ও জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রহরী ও সর্বদা আপসহীন।

ড.মোশাররফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে তাঁর স্বপ্ন ‘নতুন প্ল্যানে’ আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।
ড.মোশাররফ আজ মঙ্গলবার বিকেলে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এইসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে দীর্ঘ সময় রাজনৈতিক পথচলার অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ষীয়ান নেতা ড.মোশাররফ।

তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ, ধৈর্য্য ও সততাকে আমাদের- বিশেষ করে এই প্রজন্মের নেতাকর্মীদের গভীরভাবে অনুধাবন করতে হবে, অনুসরণ করতে হবে।

গণতন্ত্র ও জনগণের স্বার্থের বাইরে বেগম জিয়া কখনও আপস করেননি। তাঁকে ভিন্ন কিছু ভাবতেও দেখিনি। তাঁর দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সূদুরপ্রসারী। তাঁকে খুব কাছ থেকে এইসব দেখে আশ্চর্য হয়েছি, মুগ্ধ ও বিমোহিত হয়েছি। তিনি ছিলেন একজন নির্লোভ, নির্মোহ, অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন নেত্রী। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি দেশের আপামর জনগণের নেত্রী। তাঁর আদর্শ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরও শক্তিশালী করতে ড.খন্দকার মোশাররফ দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, মহান আল্লাহ বেগম খালেদা জিয়ার রুহকে বেহেশতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। এই নক্ষত্রের আলোয় আলোকিত হয়েছে গোটা বাংলাদেশ। তিনি ছিলেন বিএনপির রাজনীতির অভিভাবক ও শিক্ষক। বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান আগামীর গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন, বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম , সাইফুল আলম ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি লের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

চুয়াডাঙ্গায় আটককৃত বিএনপি নেতার মৃত্যু , ক্যাম্প কমান্ডার, অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

গত ১২ জানুয়ারি রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোঃ শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০)’কে আটক করা হয়। পরবর্তীতে, আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে ০১ টি ৯ মি. মি. পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে, আনুমানিক রাত সাড়ে ১২ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।