All posts by jitu

হাজীগঞ্জে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে সাথী আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া-কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার ওই ইউনিয়নের মালীগাঁও গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে টাকা তোলার জন্য নিকটাত্মীয় পারভেজের মোটরসাইকেলে বাড়ি থেকে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে রওয়ানা দেন সাথী। পথে তারালীয়া-কাঁকৈরতলা সড়কে মোটরসাইকেলের পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল দুর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, গুরুতর আহত ৩

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সঞ্জিত শীল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (৬ জুন) বিকেলে কচুয়া উপজেলার কালচোঁ মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত শীল উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পশ্চিম শীল বাড়ির স্বপন শীলের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন – উপজেলার আকানিয়া গ্রামের আব্দুল মমিনের স্ত্রী তুহিন বেগম (৩৬), ধড্ডা গ্রামের বজলুর রহমানের ছেলে শাহআলম (২৫) ও শ্রীরামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে অটোরিকশাচালক জহির (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা কচুয়াগামী অটোরিকশাটি কালচোঁ মসজিদ এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার মুহূর্তে হাজীগঞ্জ থানা পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে।

দুর্ঘটনার পর ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিত শীলকে মৃত ঘোষণা করেন।

নিহত সঞ্জিত ডুমুরিয়া বাজারে স্টুডিও এবং কসমেটিকস ব্যবসা পরিচালনা করতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়ে সঞ্জিতের স্ত্রী, কন্যাসহ নিকটাত্মীয় স্বজনরা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।

সঞ্জিতের স্ত্রী পলি রাণী শীল বলেন, ‘আমার স্বামীর মৃত্যুতে আমার দুই মেয়ের ভবিষ্যৎ কী হবে? তাদের কীভাবে মানুষ করবো, কীভাবে আমরা জীবনযাপন করবো তা এখন পুরোই অনিশ্চিত।’

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান-মেম্বারকে পেটালো দুর্বৃত্তরা

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান হানিফ সবুজ ও ইউপি সদস্য মো. খোকন মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ জুন) দুপুর ১২টায় চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আহত চেয়ারম্যান হানিফ সবুজকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ৭নং ওয়ার্ডের সদস্য মো. খোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান হানিফ সবুজ জানান, সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাজ শেষে ইউপি সদস্য খোকনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে বের হন তিনি। এ সময় ফখরুল ইসলাম সবুজ ও ওমর ফারুক সবুজ মেম্বারসহ ৩০-৩৫ জন তাদের গতিরোধ করে হামলা চালায়।

চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সালেহ আহম্মদ মানিক বলেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে চেয়ারম্যান হানিফ সবুজের মাথা ফাটিয়ে দিয়েছে। এছাড়া মেম্বার খোকনসহ তাদের দুজনের হাত ও পা ভেঙে দেয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার অভিযোগ অস্বীকার করে ফখরুল ইসলাম সবুজ বলেন, গত এক সপ্তাহ ধরে আমি ঢাকায় অবস্থান করছি। আজ সকালে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা করে এখন পথে আছি। চেয়ারম্যান হানিফ সবুজের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমি নগর পিতা হব না, আপনাদের সেবক হব : রিফাত

 

স্টাফ রিপোর্টারঃ

নৌকা প্রতীকে ভোট চেয়ে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন- আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আমি নগর পিতা হব না, আপনাদের সেবক হব।

সোমবার (৬ জুন) দিনব্যাপি গণসংযোগ করেছেন। সকাল ১১টায় কুমিল্লা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে গণসংযোগ করেন। পরে ডিঙ্গাম্বরীতলা জগন্নাথ মন্দির জাঙ্গালিয়া রামনগরেও গণসংযোগ করেন। গণসংযোগকালে শতশত নারী-পুরুষ, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে সংক্ষিপ্ত পথ সভায় আরফানুল হক রিফাত বলেন- কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লার গণমানুষের প্রতিষ্ঠান। সাধারণ মানুষ সহজে স্বল্প সময়ে সিটি কর্পোরেশন থেকে সুযোগ সুবিধা পাবে এট আমি নিশ্চিত করব। কুমিল্লা সিটি কর্পোরেশনে নগরবাসীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করব।

তিনি বলেন- প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন। আমার নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার আমাকে শপথ করিয়েছেন, আমি কথা দিচ্ছি সততার সাথে কাজ করব
।
আইনজীবী সমিতিতে প্রচারনাকালে মেয়র প্রার্থী আারফানুল হক রিফাতের সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পিপি কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, এডভোকেট ইউনুস ভূইয়া, কুমিল্লা বারের সভাপতি খন্দকার আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুল রহমান। পথসভায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

এলাকায় অবস্থান করে এমপি বাহার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে, অভিযোগ সাক্কুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী এলাকায় অবস্থান করে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করে জাতীয় নিবন্ধন অনু  বিভাগের পরিচালক ( অপারেশন)  এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা  বরাবর লিখিত অভিযোগ করেছে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ( টেবিল ঘড়ি)।

সোমবার  (৬ জুন) সন্ধ্যায়  লিখিত অভিযোগে মনিরুল হক সাক্কু জানান,  আগামী ১৫ জুন নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীদের মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চলছে, কিন্তু ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতা কর্মীদের অর্থাৎ বহিরাগতদের আনাগোনা ও চলাচল দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকায় অবস্থান করে ও আচরণবিধি লঙ্ঘন করে মহানগর দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতা কর্মীদের একত্রিত করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবকগণের সাথে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সকল কার্যক্রম পরিচালনা করছে। তার পাশাপাশি নির্বাচনী এলাকায় বহিরাগত নেতাকর্মীদের ডেকে বিশেষ করে পার্শ্ববর্তী সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সভা ও আলাপ আলোচনা করে বিভিন্ন ভোট কেন্দ্র নিয়ে নির্দেশনা দিচ্ছে। যার ফলে স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোডাউনসহ নির্বাচনী সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন হচ্ছে। তেমনি সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ঠিক তেমনি আতঙ্কও সৃষ্টি করা হচ্ছে।

তিনি সদর সাংসদের নির্বাচনী  এলাকায় অবস্থান ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কর্মকান্ড বন্ধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

কুমিল্লায় ১০ টন গাঁজাসহ প্রায় ২৭ কোটি টাকার মাদক জব্দ

 

সালাহউদ্দিন সোহেল:

কুমিল্লা জেলাজুড়ে ১৬ মাস অভিযান পরিচালনা করে ১০ টন গাঁজাসহ ২৬ কোটি ৮৫ লক্ষ ৫৩ হাজার ৯ শত টাকা মূল্যের  বিভিন্ন ধরণের  মাদক জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় মাদক পাচাঁর ও ব্যবসায় জড়িত  ৪ হাজার ৩২৩ জনকে আটক করা হয়।

সোমবার (৬ জুন) বিকেলে কুমিল্লা পুলিশ লাইনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিগত ২০২১ সালের ২ জানুয়ারী থেকে চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত  জেলা জুড়ে এ অভিযানের পরিসংখ্যান তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

বিগত ১৬ মাসে ১০ হাজার ৩১ কেজি গাঁজাসহ  পাচাঁরকারি ও ব্যবসায়ী ২ হাজার ১৯৫ জনকে আটক, ২ লাখ ৮৬ হাজার ৭১৮ পিস ইয়াবাসহ  ১ হাজার ৪২৫ জন আটক, ২০ হাজার ৬৮৩ বোতল ফেন্সিডিলসহ ৩৩৪ জন, ১ হাজার ৪৬২ লিটার দেশি মদসহ ৭২ জন এবং ৫০ গ্রাম হিরোইন, ৮০২ বোতল হুইস্কি, ১ হাজার ৯৮১ বোতল বিয়ার, ৮৬৪ বোতল বিদেশী মদ, ৬ হাজার ২৩২ বোতল ইস্কাফসহ ২৯৬ জনকে আটক করে জেলা পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ জানান, বিগত ১৬ মাসে যে পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা ২০১৯ সালের মাদক উদ্ধারের তুলনায় ২৩৩% বেশি ও ২০২০ সালের তুলনায় ৬১৪% বেশি।

 

কুমিল্লার বিভিন্ন চেকপোষ্টে ৯৩০টি মোটরসাইকেল জব্দ, ৩০ লক্ষ টাকা জরিমানা

 

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগরীতে ১৫টি পুলিশের চেকপোষ্ট কাজ করছে। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এসব চেকপোষ্টে ৯৩০টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল জব্দ করে প্রায় ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৬ জুন) বিকেলে কুমিল্লা পুলিশ লাইনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর  আহমেদ  অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন- আজ  আরো ৫০ জন আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারেও পুলিশ কাজ করছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাজন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এবং ডিআইওয়ান মনির আহমেদ  উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনায় জরুরি সাহায্য সংক্রান্ত নম্বরে টোল ফ্রি করলো বাংলালিংক

 

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি সীতাকুণ্ডে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় ব্যবহৃত তিনটি জরুরি নম্বর টোল ফ্রি ঘোষণা করেছে বাংলালিংক। জরুরি রক্ত সংগ্রহের জন্য যেকোনো বাংলালিংক নম্বর থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি-এর দুইটি নম্বর (০১৭৮৮৫০৩৯৩৯, ০১৮১৫৩৩২৩১৬) এবং চট্টগ্রাম ডিসি অফিসের নম্বরে (০১৮৮২৭১১৫৬১) টোল ফ্রি কল করা যাবে। গতকাল রাত থেকে শুরু হওয়া এই বিশেষ সুবিধা ৭২ ঘন্টা অবধি চালু থাকবে।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “সীতাকুণ্ডের অগ্নি দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে দুর্যোগ কিংবা দুর্ঘটনায় দেশের মানুষের পাশে থাকতে চায় বাংলালিংক। আমরা জানি, যেকোনো দুর্যোগের সময় টেলিফোন সেবা একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। বাংলালিংক গ্রাহকদের জন্য নম্বরগুলি টোল ফ্রি করার মাধ্যমে আমরা নিরবচ্ছিন্নভাবে জরুরি সেবা প্রদানের ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই।”

চাটখিলে দাদা-দাদির পাশে শায়িত নিহত ফায়ারম্যান আলাউদ্দিন

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর চাটখিলে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে সীতাকুণ্ডে বিস্ফোরণের আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ারম্যান মো. আলাউদ্দিনকে (৩৫)।

সোমবার (৬ জুন) সকাল ৯টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে ভোর পৌনে ৫টার দিকে আলাউদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়ি পৌঁছে। পরে চাটখিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জাতীয় পতাকা মুড়িয়ে ও ফুল দিয়ে আলাউদ্দিনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

তার বড় ভাই কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ভাইয়ের একমাত্র ছেলে মো. তাজউদ্দিন তাহিম (৬) অবুঝ বয়সে এতিম হয়ে গেলো। তার দিকে যেন সরকার খেয়াল রাখে আমরা সেটাই চাই।’

তিনি আরও বলেন, ‘আলাউদ্দিনের জানাজা পড়ান তার শ্বশুর মাস্টার ইলিয়াস ভূঁইয়া। এতে আমাদের বৃদ্ধ বাবা মো. আবদুর রশিদ মেম্বার, স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস কর্মী ও আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আবদুর রশিদ মেম্বার (৯০) বলেন, পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের মরদেহ। আমি সেই বোঝাই বইলাম। আল্লাহ যেন আমার ছেলেকে পরকালে শান্তিতে রাখে সেই দোয়াই করি।

এদিকে বাড়িতে মা মমতাজ বেগম (৭৫) ও স্ত্রী তাসলিমা সুলতানা (২৮) কান্নায় বার বার অজ্ঞান হয়ে পড়ছেন। আলাউদ্দিনের নিহতের খবরে পরিবারসহ পুরো বানসা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আলাউদ্দিন চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনের ফায়ারফাইটার হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে শনিবার (৪ জুন) সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পর ওইদিন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের আগুন নেভাতে গিয়ে নিহত হন।

ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছে মেসি

 

স্পোর্টস ডেস্কঃ

রোববার রাতে ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েছেন এ আর্জেন্টাইন সুপারস্টার। তার একার পাঁচ গোলেই এস্তোনিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

অধিনায়ক মেসির এমন পারফরম্যান্সের পর দলের হেড কোচ লিওনেল স্কালোনি যেনো প্রশংসা করার ভাষাই হারিয়ে ফেলেছেন। মেসিকে বর্ণনা করতে গিয়ে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের উদাহরণ এনেছেন স্কালোনি। রোববার রাতেই ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল ।

এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, ‘আমি জানি না আসলে কী বলা উচিত। এটি খুবই কঠিন। আমার মনে হয় সে রাফায়েল নাদালের মতো। এর বাইরে আমি কী বলতে পারি? তাকে বর্ণনা করার মতো কোনো শব্দ আর বাকি নেই।

তিনি আরও যোগ করেন, ‘বিশেষ করে মাঠে সে (মেসি) যা কিছু করে। এগুলো সত্যিই অনন্য এবং এটি আমার জন্য অনেক বড় স্বস্তির তাকে দলে পাচ্ছি, অনুশীলন করাচ্ছি। তার আচার-আচরণ এবং (আর্জেন্টিনার) জার্সিটির প্রতি ভালোবাসা সত্যিই অনবদ্য।’

এসময় মেসিকে বিশ্বের ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করে স্কালোনি বলেন, ‘আমরা তাকে শুধু ধন্যবাদই দিতে পারি। আমার মনে হয়, সে শুধু আর্জেন্টিনার নয় সারা বিশ্বেরই ঐতিহ্য। যেদিন থেকে সে আর খেলবে না, আমরা তাকে অনেক মিস করবো। তাই আমি চাই সে খেলতে থাকুক।’

এস্তোনিয়ার বিপক্ষে নিজ দলের পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা তেমন ভালো খেলতে পারিনি। এস্তোনিয়া অনেক নিচে নেমে ডিফেন্ড করেছে এবং আমরা ঠিকঠাক জায়গা বের করতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের শুধরে নিয়েছি।’

‘আমরা কিছু পজিশনাল পরিবর্তন করি এবং খেলা আরও বিস্তৃত হয়ে যায়। তাদের (এস্তোনিয়া) মার্কিং বেশ ভালো ছিল। যে কারণে তেমন জায়গাই বের করা যাচ্ছিল না। তবে ধৈর্য্য ধরে রেখে আমরা সেটি করতে সক্ষম হয়েছি এবং ম্যাচটি বলা চলে পরিপূর্ণ ছিল।’