All posts by jitu

মাদক কারবারি ও দুর্ণীতিবাজদের বয়কট করবে কুমিল্লাবাসি- নিজাম উদ্দিন কায়সার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মাদক কারবারি ও দুর্ণীতিবাজদের বয়কট করবে কুমিল্লাবাসি। ঘোড়া প্রতিকের মাধ্যমে  কুমিল্লাবাসি এখন  নতুন কুমিল্লার স্বপ্ন দেখছে।১৫ জুন কুমিল্লাবাসি আমাকে ঘোড়া প্রতিকে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদি।

নগরীতে  নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মিডিয়ার সামনে এসব কথা বলেন  স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

উল্লেখ্য যে, নিজাম উদ্দিন কায়সার সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন সড়ক- অলিগলি চষে বেড়াচ্ছেন।

গাছের সাথে এ কেমন শত্রুতা!

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

এটা কেমন শত্রুতা আর কেমনইবা প্রতিশোধ। কুমিল্লার তিতাসে তারিকুল ইসলাম নামের এক ব্যক্তির ৪০ শতাংশ বাগানের পেঁপে, আম ও লিচুসহ বিভিন্ন জাতের ফল গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ঘটানাটি ঘটেছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগের গ্রামের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম এর বাগান বাড়িতে।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক তারিকুল ইসলাম জানান, আমি এক বছর আগে নিজের জমিতে বিভিন্ন জাতের প্রায় ৪০০ গাছের চারা লাগিয়েছিলাম। এর মধ্যে গাছগুলোতে ফুল এবং ফল এসেছে। এমসয় আমার গাছ গুলো কেটে ফেলেছে।

বাগান পরিচর্যাকারী মোহাম্মদ আলী বলেন, সকালে বাগানে কাজ করতে এসে দেখি বাগানের আম, জাম, লিচু ও পেঁপে গাছ কাটা পড়ে রয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে গাছ গুলো কেটে রেখেছে তা আমি জানি না।

এ বিষয়ে ঐ গ্রামে বসবাসকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন বলেন, সকাল ৬ টায় বাগান মালিক আমাকে বিষয়টি জানালে আমি বাগান পরিদর্শন করি। যারা গাছের সাথে শত্রুতা করে তারা দেশের শত্রু। এমন জঘন্য কাজ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারেন না। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলেখারচর হতে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ১৭ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৩ জুন সকালে এ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ফতেহাবাদ (উত্তরপাড়া) গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মিঠু মিয়া(২৭)।

উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদনগরে ৪ কেজি গাঁজাসহ দুই নারী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীর দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের হায়দরাবাদ গ্রামের ইয়াকুব আলীর বাড়ীর সামনে থেকে তাদের আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মৃত সন্তু মিয়ার মেয়ে কমলা শান্তা(৩৮) এবং একই উপজেলার শিমরাইল গ্রামের মৃত লিটন মিয়ার মেয়ে স্বপ্না আক্তার(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী এলাকা কসবা থেকে মুরাদনগর উপজেলার হায়দরাবাদ এলাকা দিয়ে মাদকের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই কাজী শাহনেওয়াজের নেতৃত্বে একদল পুলিশ কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গাঁজাসহ আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে ৩ জনকে গুলি করে হত্যা, পরে খুনীর আত্মহত্যা

 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার বাইরে পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে নিজের গুলিতে হামলাকারীও নিহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বন্দুক হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি উচ্চারণের পরই এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের ব্যবধানে পর পর কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন।

সর্বশেষ ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ‘যথেষ্ট’, ‘যথেষ্ট’ হয়েছে।

কাউন্টি শেরিফ কার্যালয়ের এক কর্মকর্তা নিকোলাস লেনি জানান, কর্নারস্টোন চার্চের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এসময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে জানান তিনি।

তবে হামলাকারীর পরিচয় এখনো জানানো হয়নি।

এদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আরও একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সমাধিক্ষেত্রের পাশে এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলায় কয়েকজন আহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মা-বাবার কলহের জেরে অভিমান করে বের হয়েছিলেন ৪ বোন, অবশেষে উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের সাতদিন পর চার বোনকে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। মা-বাবার সঙ্গে অভিমান করে নগরীর জাঙ্গালিয়া এলাকার বাসা ভাড়া নিয়ে থাকছিলেন তারা। বড় বোন ইপিজেডের একটি গার্মেন্টসেও চাকরি নেন।

শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর হাউজিং এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম।

উদ্ধারা চার বোন হলেন- নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের বড় মেয়ে আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী তাসনিম জাহান (১৮), একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী মারজান (১৭), ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাজিন সুলতানা (১২) ও স্থানীয় নারুয়া তালিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী মাইশা আক্তার (৭)।

পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, বাবা-মায়ের কলহের জেরে অভিমান করে তাদের সন্তানরা গত ২৬ মে সকালে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান । এক পর্যায়ে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকার একটি বাসা ভাড়া নেন চার বোন। এদের মধ্যে বড় বোন তাসনিম জাহান কুমিল্লা ইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি নেন।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জাঙ্গালিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। সকালে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৬ মে সকালে মৌকরা ইউনিয়নের নারুয়া গ্রামে নানাবাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয় চার বোন। কিন্তু মাদরাসা ছুটির পরও তারা বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য জায়গায় খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে এ বিষয়ে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সাক্কু

 

শাহ ইমরান:

কুমিল্লা সিটি করপোরেশন ( কুসিক) নির্বাচনে দুইবারের সাবেক সদ্য বিদায়ী মেয়র মোঃ মনিরুল হক সাক্কু আজ সকালে নির্বাচন কমিশন কর্তৃক পার্থীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

তিনি বিকাল ৪ টার দিকে কুমিল্লা নগরীর ২৪ নং ওয়াড কোটবাড়ি, শালমানপুর,কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক করেন। এসময় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নগরীর সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা করেন।

সাবেক মেয়র সাক্কু বলেন, আমি জনগণের লোক তাই জনগনের খুব কাছে গিয়ে ভোট চাই। আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলাম তখনও ভিক্ষুক শুরু করে সব দলের লোক আমার কাছে এসেছে। আমার কাছে কোন ভেদাভেদ নেই।

সুবর্ণচরে নদী ভাঙ্গনে ৩০ হাজার পরিবারের ঘর-বাড়ি বিলীন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আমিন বাজার থেকে জনতা ঘাট পর্যন্ত মেঘনা নদীর তীব্র ভাঙ্গনে গত ১২ বছরে ৩০ হাজার পরিবারের ঘর-বাড়ি, ভিটা-মাটি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজারসহ কৃষি জমি বিলীন হয়ে গেছে। ভাঙ্গন কবলে সর্বোচ্চ হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন অসহায় পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২ জুন) বিকালে উপজেলার সোলেমান বাজারের সৈয়দপুর এলাকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে যান সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম। এসময় নদী ভাঙ্গনের শিকার অসহায় মানুষগুলো আকুতি জানিয়ে বলেন, ‘আঙ্গোরে নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচান, নদীয়ে দুই-তিন বার করি আঙ্গো ঘর-বাড়ি ভাঙ্গি লই গেছে। এখন আবার ভাঙ্গলে আমরা কোনাই যামু, কার কাছে যামু? আঙ্গো প্রধানমন্ত্রী শেখ হাসিনারে কয় (বলে) পাথরের ব্লক ও জিও ব্যাগ দিই নদীর ভাঙ্গন বন্ধ করেন।’

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বাহার চৌধুরী, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, ইউপি সদস্য মাহে আলম, সামছুল আলম বাহারসহ ভাঙ্গন কবলিত এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা নুর নবী, মো.কবির, সামছুন নাহার, মো. রফিক অভিযোগ করে বলেন, ভাঙ্গন রোধে বিগত কয়েক বছর পর্যন্ত নানা প্রতিশ্রুতি পেলেও কার্যত কোন পদক্ষেপ তারা পাননি। এমপি-মন্ত্রীর নিয়মিত প্রতিশ্রুতি দিনদিন হতাশ করে দিচ্ছে তাদের। তারা জানান, নদী ভাঙ্গনের কারণে আশ্রয়ের তেমন ব্যবস্থা করা হচ্ছে না। দ্রুত এ ভাঙন বন্ধ করতে না পারলে ভবিষ্যতে সুবর্ণচরের বিস্তীর্ণ এলাকা ও স্বর্ণদ্বীপ নদী গর্ভে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চরক্লার্ক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন বলেন, ২০১০ সাল থেকে মেঘনা নদীর এই ভাঙ্গন শুরু হয়। গত ১২ বছরে প্রায় ৮ কিলোমিটার এলাকা ভাঙ্গনের শিকার হয়ে প্রায় ৩০ হাজার পরিবারের ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনো হাজার হাজার পরিবার ভাঙ্গন আতঙ্কে দিনাতিপাত করছে।অনতিবিলম্বে নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা না নিলে সুবর্ণচর এবং স্বর্ণদ্বীপ নদী গর্ভে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, এখানে বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের কারণে হাজার হাজার মানুষ ভিটে-মাটি হারিয়ে সর্বোচ্চ হারা হয়ে গেছ।নদী ভাঙ্গারোধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহানুভূতিশীল। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখানে নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা নিবেন। কিন্তু এখনো কোন ব্যবস্থা নেননি। এ অবস্থায় এখানে নদী যদি শাসন করা না হয়, তাহলে সহায়-সম্বলহীন মানুষের সংখ্যা আরো বাড়বে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। মাননীয় সরকার প্রধান সুদৃষ্টি দিয়ে পাথর ব্লক ও জিও ব্যাগ পেলে নদী শাসনের ব্যবস্থা করলে হাজার হাজার অসহায় মানুষ উপকৃত হবে। তাই অবিলম্বে নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

‘ফিনালিস্সিমা’ ট্রফি : ম্যাচের সেরা মেসি

 

স্পোর্টস ডেস্ক:
নিজে যদিও জালের দেখা পাননি। তবে ম্যাচ জুড়ে দারুণ পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেছেন লিওনেল মেসি। সতীর্থদের গোলেও রেখেছেন অবদান। ইতালির বিপক্ষে শিরোপা জয়ে ম্যাচের সেরা হয়েছেন আর্জেন্টিনা অধিনায়কই।

গত ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ীর লড়াইয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। ‘ফিনালিস্সিমা’ নামের এই ম্যাচে একটি করে গোল করেন লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা।

পুরো ম্যাচেই আক্রমণে আধিপত্য করেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি।

২৮তম মিনিটে মেসির দারুণ নৈপুণ্যেই এগিয়ে যায় দল। সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন পিএসজি তারকা। পুরোটা সময় সঙ্গে লেগে ছিলেন ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো, কিন্তু কিছুই করতে পারেননি তিনি। আরও খানিকটা এগিয়ে গোলমুখে বল বাড়ান মেসি, সেখানে ছোট্ট টোকায় বাকি কাজ সারেন মার্তিনেস।

বিরতির আগে মার্তিনেসের পাস ধরে দারুণ গোলে ব্যবধান বাড়ান দি মারিয়া। বিরতির পর তিন মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। পরে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর আরেকটি জোরাল শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি।

যোগ করা সময়ে মেসির নামের পাশে যোগ হয় আরেকটি অ্যাসিস্ট। মাঝমাঠ থেকে দারুণ গতিতে আক্রমণে উঠে ডি-বক্সের ঠিক বাইরে অবশ্য বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ইতালিও পারেনি ক্লিয়ার করতে, পরে আবার তার পা হয়েই যাওয়া বল ধরে ভেতরে ঢুকে নিচু কোনাকুনি শটে জালে পাঠান খানিক আগে জিওভানি লো সেলসোর বদলি নামা দিবালা।

সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে ‘ম্যান অব দা ম্যাচ’ বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল।

“শুরু থেকে শেষ পর্যন্ত সে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। লাউতারো মার্তিনেসের গোলে সহায়তা এবং সতীর্থদের জন্য আরও সুযোগ তৈরি করতে সে দারুণ দক্ষতা দেখিয়েছে। তার গোল করতে না পারাটা ছিল দুর্ভাগ্যজনক। ওয়েম্বলি দর্শকদের সামনে সে মাস্টারক্লাস পারফরম্যান্স তুলে ধরেছে; যা ছিল দারুণ উপভোগ্য।”

ইতালিকে উড়িয়ে দিয়ে ফিনালিস্সিমা ট্রফি আর্জেন্টিনার

 

স্পোর্টস ডেস্ক:
বছরখানেক আগে যে মাঠে ইউরো জয়ের উৎসব করেছিল ইতালি, সেখানে ফেরাটা রাঙাতে পারল না তারা। আক্রমণাত্মক ফুটবলে পুরোটা সময়ই আধিপত্য করল আর্জেন্টিনা। প্রথমার্ধে জোড়া গোল করে নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখল কোপা আমেরিকা জয়ীরা। ইউরোপ চ্যাম্পিয়নদের হারানোর মধ্য দিয়ে লিওনেল স্কালোনির দলের মুকুটে যোগ হলো নতুন পালক।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ফিনালিস্সিমা নামের আলোচিত ম্যাচটি ৩-০ গোলে জিতে এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জিতল আর্জেন্টিনা। দুটি গোল হয় প্রথমার্ধে। লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। শেষ দিকে তৃতীয় গোলটি করেন পাওলো দিবালা।

গত বছরের জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠে হারিয়েই কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তাদের ওই জয়োল্লাসের ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বের আরেক প্রান্তে মাঠে গড়ায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরো জয় করে ইতালি।

সেদিনের সেই উৎসবের পর রবের্তো মানচিনির দল যেন হাঁটা ধরেছে পেছন পানে। আচমকা পথ হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় ইতালি। সেই ব্যর্থতা পেছনে ফেলে ম্যাচের আগের দিন নতুন শুরুর ঘোষণা দেন ইতালি অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি। আর্জেন্টিনাকে হারিয়েই শক্ত ভিত গড়ার প্রত্যয় ব্যক্ত করেন; কিন্তু মাঠে তার প্রমাণ রাখতে পারলেন না মানচিনির শিষ্যরা।

আর আর্জেন্টিনা, তারা তো ছুটে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। এই জয়ই তার আরেক প্রমাণ। হতে পারে নামে-ভারে এই শিরোপার ওজন তেমন নয়। তবে বছরখানেক আগেও যেখানে চলছিল একটা শিরোপার জন্য হাহাকার, সেই দলটিই গত বছর কোপা আমেরিকা জিতে কাটায় ২৮ বছরের শিরোপা খরা। আর এবার জিতল বিশেষ এই ট্রফি।

হাইভোল্টেজ ম্যাচটির শুরুটা হয় একটু ঢিমেতালে। তবে খানিক বাদেই মেলে গতি, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম ২০ মিনিটে দুই দল একটি করে হাফ-চান্স পায়, যদিও তার কোনোটিই প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার মতো ছিল না।

২৫তম মিনিটে লিওনেল মেসির শট প্রতিহত হয়। তিন মিনিট পর ডি-বক্সে দারুণ পজিশনে বল পেয়েও গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন পিএসজি তারকা।

পরক্ষণেই অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন মেসি। তিনি গোলদাতা না হলেও মূল অবদান তারই। সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। পুরোটা সময় সঙ্গে লেগে ছিলেন ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো, কিন্তু কিছুই করতে পারেননি তিনি। আরও খানিকটা এগিয়ে গোলমুখে বল বাড়ান মেসি, সেখানে ছোট্ট টোকায় বাকি কাজ সারেন মার্তিনেস।