All posts by jitu

 ব্রাহ্মণপাড়া উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর আয়োজনে ৪০ জন স্থানীয় নেতৃবৃন্দের নিয়ে দিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে (সোমবার) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা এবং মূল আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের  সহকারী পরিচালক দেবব্রত ঘোষ  ।

দেবব্রত ঘোষ নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বিএমইটির স্মার্ট কার্ড, বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব, বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণ, শিক্ষা বৃত্তি, ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ, অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা, প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো বলেন, স্থানীয় নেতৃবৃন্দই ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি আরপিএল -এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক চালিকাশক্তি উল্লেখ করে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের পাশে থেকে যে কোন সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

হেলভেটাস বাংলাদেশের সিমস প্রকল্প বাস্তবায়নে ওকাপের পক্ষে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার মোঃ আলমগীর হোসেন এবং উপজেলা সুপারভাইজার মোঃ আজিজুল হক ।

ইউক্রেনে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আসা শুরু

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ সেনাদের প্রতিরোধে ইউক্রেনে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আসা শুরু হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানিয়েছেন, ডেনমার্ক থেকে জাহাজবিধ্বংসী ‘হারপুন’ ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্র থেকে ‘হাউতজার’ কামানের চালান আসা শুরু করেছে।

এসব অস্ত্র ইউক্রেনের নৌ ইউনিটকে শক্তিশালী করবে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দরসহ উপকূলীয় অঞ্চলগুলোর প্রতিরক্ষার জন্য ইউক্রেনের তৈরি ‘নেপচুন’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।

হারপুন হাতে পাওয়ার খবর নিশ্চিত করে ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুকও বলেছেন, আমাদের হাতে এত হারপুন তুলে দেওয়া হয়েছে যে কৃষ্ণসাগরে রাশিয়ার পুরো নৌবহর ডুবিয়ে দিতে পারব।

রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র পাঠানোর আহ্বান জানানোর পর এই চালান আসার কথা জানা গেল।

সূত্র: রয়টার্স

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের জামিন আবারও নামঞ্জুর

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মীর উপর গুলি করে আহত করার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন ও রিমান্ড নামঞ্জুর করেছে আদালত।

রবিবার (২৯ মে) দুপুরে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এ ড. রেদোয়ান আহমেদের জামিনের আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা।

এসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক জামিন আবেদন নামঞ্জুর করেন। এছাড়াও বাদীপক্ষ ড.রেদোয়ান আহমেদ এর রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড আবেদনও নামঞ্জুর করেন।

এর আগে ২৪ মে জেলা জজ আদালত থেকেও জামিন পাননি সাবেক ওই প্রতিমন্ত্রী।

বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন জানান, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের প্রোগ্রামে ড. রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে গুলি চালান। আমরা বিজ্ঞ আদালত আমরা জামিনের বিরোধীতা করে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের যুক্তি-তর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদ এর জামিন নামঞ্জুর করেন।

আসামী পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু জানান, আমরা জামিন আবেদনের পাশাপাশি রিমান্ড আবেদন বাতিলের আবেদন করি। বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিন বাতিল করেন।

প্রসঙ্গত, সোমবার (৯ মে) বিকাল ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবন এ কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হতে শুরু করে। দুপুর আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবকলীগ নেতাদের সাথে কথা হয়। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ একই স্থানে এলডিপি’র প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবেন না বলে জানান। এসময় তিনি গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় কোন এক ছাত্রলীগ কর্মীরা রেদোয়ান আহমেদ এর গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছুড়ে। এসময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

দেশে ৮৯ টাকায় বিক্রি হবে ডলার

 

ডেস্ক রিপোর্টঃ

আন্তঃব্যাংক মুদ্রাবাজারের জন্য প্রতি ডলার ৮৯ টাকা এবং বিসি সেলিং রেট ৮৯ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকদের কাছে ডলার বিক্রির সময় এ হার অনুসরণ করবে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বিসি সেলিং রেট নির্ধারণ হয়েছে ৮৯ টাকা ১৫ পয়সা। এ রেট সমন্বয় করেই একচেঞ্জ হাউজগুলো ডলার বিক্রি করবে। বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশের (এবিবি) প্রস্তাব অনুসারে এ রেট নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

ডলার মার্কেটের অস্থিরতা কাটাতে দেশের সব এক্সচেঞ্জ হাউজের জন্য অভিন্ন ডলার রেট নির্ধারণে কাজ করার কথা জানায় এবিবি ও বাফেদা।

এ লক্ষ্যে গত বৃহস্পতিবার ত্রি-পক্ষীয় বৈঠক হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, এবিবির চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন, অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলাম, ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মাওলা ও মধুমতি ব্যাংকের এমডি মো. সফিউল আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে ডলারের বাজারে অস্থিরতা নিরসনে গত ১৯ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) চিঠি দেয়। চিঠিতে বৈধভাবে পাঠানো রেমিট্যান্সের প্রণোদনা আড়াই শতাংশ থেকে বৃদ্ধি করে পাঁচ শতাংশ করা, বাজারের চাহিদা বিবেচনা করে ডলার সরবরাহ করাসহ বেশ কিছু প্রস্তাব দেয় বাফেদা। বাফেদার এসব প্রস্তাবের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক ও বাফেদার মধ্যে বৃহস্পতিবার বৈঠক হয়।

নোয়াখালীতে সমিতির অর্থ আত্মসাতের দায়ে পাঁচ ব্যক্তির ৪৮ বছরের কারাদন্ড

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমিতি স্থাপন করে সদস্যদের আমানত ও শেয়ার মূলধন আত্মসাতের দায়ে পাঁচ ব্যক্তিকে পৃথক পৃথক ধারায় ৪৮ সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৪ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৭৮৪ টাকা অর্থদন্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সমিতির চেয়ারম্যান সোনাইমুড়ী উপজেলার মাহুতলা গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবদুর রব হেলাল, সমিতির সহসভাপতি চাটখিল উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত হাজী নুরুজ্জামানের ছেল আমিন উল্যাহ, সমিতির সেক্রেটারী সোনাইমুড়ী উপজেলার কেগনারখিল গ্রামের ইদ্রীস মিয়ার ছেলে সফিউল আলম ও তাঁর স্ত্রী সমিতির সদস্য সুলতানা পারভিন,সমিতির সদস্য চাটখিল উপজেলার নোয়াপাড়া গ্রামের আমিন উল্যার স্ত্রী উম্মে কুলসুম।

রোববার ( ২৯ মে ) দুপুর পৌনে ৩টার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, আসামি আব্দুর রব হেলাল গং পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণামূলকভাবে পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামীয় সমিতি স্থাপন করে সদস্যদের নিকট থেকে আমানত এবং শেয়ার মূলধন বাবদ এক কোটি ৫৮ লাখ ৪৬৭ টাকা আত্মসাত পূর্বক স্থানান্তর-হস্তান্তর ও রূপান্তর করে। সমিতির সদস্যদের অর্থ আত্মসাৎের ঘটনায় ২০১৮ সালে দুদকের নোয়াখালী কার্যালয়ে বর্তমান সহকারী পরিচালক সুবেল আহাম্মেদ বাদী হয়ে ৫জনকে আসামি করে চাটখিল থানায় একটি বিশেষ মামলা করে।

বিষয়টি নিশ্চিত করে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, দুপুর পৌনে ৩টার দিকে মামলার শুনানি শেষে বিচারক রায় দেওয়ার সময় মামলার প্রধান আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকী চারজন আসামি পলাতক রয়েছে।

দুদকের পিপি আরো জানায়, সকল ধারার সাজা একসাথে চলায় মামলার প্রধান আসামি ১০ বছর সাজা খাটতে হবে এবং পলাতক আসামিদের গ্রেফতারের দিন থেকে ৭বছর সাজা খাটতে হবে।

নির্বাচনে অনিয়ম নিয়ে কথা বললেন কায়সার, সিইসির মতবিনিময় সভায় উত্তেজনা

 

স্টাফ রিপোর্টার:

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীদের মতবিনিময় সভায় এক মেয়র প্রার্থীর বক্তব্যের সময় উত্তেজনা সৃষ্টি হয়।

রবিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

দেখা যায়, কথা বলতে দাঁড়ান স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও পূর্বের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করলে পেছন থেকে আওয়ামী লীগপন্থী কয়েকজন কাউন্সিলর উত্তেজিত হয়ে উঠেন। তারা এই স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে কথা বলতে থাকে। এতে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউন্সিলররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। পরে জেলা প্রশাসক কামরুল হাসান উত্তেজিত প্রার্থীদের শান্ত করেন। এরপর আবার বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

পেশি শক্তি ব্যবহার করে বিজয়ী হওয়ার চেষ্টা করেন সেটা হবে চরম ভুল : কুমিল্লায় সিইসি

 

স্টাফ রিপোর্টার:

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে যদি কোনো প্রার্থী পেশি শক্তি ব্যবহার করে বিজয়ী হওয়ার চেষ্টা করেন সেটা হবে চরম ভুল। আমরা প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেব। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। আমরা আনন্দমুখর নির্বাচন করতে প্রস্তুত আছি। আমরা যুদ্ধ চাই না। প্রতিযোগিতা চাই।

রবিবার ( ২৯ মে) জেলা শিল্পকলা একাডেমিতে কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় সিইসি আরো বলেন, যদি কেউ নির্বাচনে কূটকৌশলের আশ্রয় নিয়ে বিজয়ী হন এবং তা যদি নির্বাচনের পরে তদন্ত করে বের করা যায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণসহ ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।

সিইসি বলেন, কোনো কারণে যদি কোনো কেন্দ্রে ইভিএম নষ্ট হয়, কেউ নষ্ট করে ফেলে সেক্ষেত্রে কোনো ভোটার যদি বিকেল ৪টার আগে কেন্দ্রে উপস্থিত হন তাদের জন্য রাত ১টায় হলেও ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার সব প্রস্তুতি আছে আমাদের, সেক্ষেত্রে কেউ যদি সুন্দর পরিবেশকে নষ্ট করার পাঁয়তারা করেন। সেক্ষেত্রে ওইসব ব্যক্তিরা নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের অনুরোধ করবো তারা যেন সৌহার্দ্য বজায় রেখে নির্বাচন শেষ করেন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশনের যুগ্ম কমিশনার ফারুক আহম্মদ খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নাবী চৌধুরী, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

মতবিনিময় সভায় মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, হাতপাখা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম, হরিণ প্রতীকের প্রার্থী কামরুল আহসান বাবুল।

এছাড়াও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, আবুল হোসেন ছোটন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জমির উদ্দিন খান জম্পি, ২ নং ওয়ার্ড মাসুদুর রহমান মাসুদ, নাহিদা আক্তার, ৩ নং ওয়ার্ডের সরকার মাহমুদ জাবেদ, কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ মোমেন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল জলিল, ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী কাউছারা বেগম সুমি, সংরক্ষিত কাউন্সিলর নেহার বেগমসহ আরো কয়েকজন কাউন্সিলর প্রার্থী।

মতবিনিময় সভায় আরো জানানো হয় ১৬৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই বাছাই শেষে ১৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়।

কোর্তোয়ার ম্যাজিকে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক:

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লীগ জিতলো রিয়াল মাদ্রিদ। জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

দ্বিতীয়ার্ধের শুরুতে চড়াও হয় অলরেডরা। কিন্তু অনেকটাই খেলার ধারার বিরুদ্ধে গোল পায় রিয়াল মাদ্রিদ। ৫৮তম মিনিটে গোল আদায় করে রিয়ালকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস।

তবে নিশ্চিতভাবেই ফাইনালে রিয়ালের জয়ের ‘নায়ক’ থিবো কোর্তোয়া। ম্যাচে রিয়ালের গোলবারে ২৪টি শট নেয় লিভারপুল তারকারা। যার ৯টি ছিল অনটার্গেটে। তবে লিভারপুলের একের পর এক প্রচেষ্টা রুখে দিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন এই বেলজিয়ান গোলরক্ষক। অপর দিকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা পুরো ম্যাচে শট নেন মাত্র চারটি। আর মাদ্রিদিস্তাদের উল্লেখ করার মতো শট ছিল ওই একটাই।

এদিন গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। শুরুতে উজ্জ্বল ছিল রিয়াল মাদ্রিদ।

ফাইনালের প্রথম ১০ মিনিটে মাদ্রিদিস্তাদের বলদখল ছিল ৭৬%। তবে দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসে অলরেডরা। ২০১৯’র শিরোপাজয়ী ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পুরো ম্যাচে লিভারপুলের অনটার্গেট শট ছিল তিনটি। এবারের ফাইনালে শুরুর আধাঘণ্টায় প্রতিপক্ষের গোল বরাবর চারটি শট নেন অলরেড তারকারা। ১৫তম মিনিটে ছোট ডি-বক্স থেকে নেয়া মোহাম্মদ সালাহর শট ফেরান রিয়ালের বেলজিক গোলরক্ষক থিবো কোর্তোয়া। ২০তম মিনিটে বড় বিপদ কাটে রিয়ালের। ডি-বক্সের মাথা থেকে সাদিও মানের নেয়া শট কোর্তোয়ার হাতে লেগে বল গোল পোস্টে প্রতিহত হয়। এবারের চ্যাম্পিয়ন্স লীগে লিভারপুলের এ নিয়ে সর্বাধিক সাতবার বল প্রতিপক্ষের বারপোস্টে লাগলো। ৩০তম মিনিটে ফের সালাহর শট আটকে দলকে বিপদমুক্ত রাখেন কোর্তোয়া। ৪৩তম মিনিটে লিভারপুলের জাল স্পর্শ করেন রিয়ালের তুখোড় ফর্মের স্ট্রাইকার করিম বেনজেমা। কিন্তু অফসাইডে বাতিল হয় গোল।

ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের গোলবারে ১০টি শট নেয় লিভারপুলের খেলোয়াড়রা। এর পাঁচটি ছিল অনটার্গেটে। অন্য দিকে রিয়াল তারকাদের শট মাত্রই একটি। তাও ছিল লক্ষ্যভ্রষ্ট।

এখন মানুষ চাইলে ৩ বেলা মাংস খেতে পারে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এখন মানুষ চাইলে তিন বেলাও মাংস খেতে পারে। এমন দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা ও ফেলো নির্বাচনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে ও পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দীপক রঞ্জন রায়।

মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে এবং ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এখন মানুষ চাইলে তিন বেলাও মাংস খেতে পারে। প্রাণিসম্পদ খাতের এ বিকাশ সামনে নিয়ে আসার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতের অনেক সম্ভাবনা রয়েছে। এর উপকারভোগী আমরা সবাই। এ খাতে উৎপাদন না হলে দেশে খাদ্য ও পুষ্টির সংকট তৈরি হবে। বেকারদের স্বাবলম্বী করে, উদ্যোক্তা তৈরি করে, গ্রামীণ অর্থনীতি সচল করে। খাবারের একটি বড় জোগান আসে মাংস, দুধ ও ডিম থেকে। তাই এ খাতকে সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন। প্রাণিসম্পদ খাতের সম্ভাবনার পাশাপাশি ত্রুটির কথা গণমাধ্যম সামনে নিয়ে আসলে সেটি সরকারের জন্য সহায়ক হবে।’

করোনাকালে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করতে গিয়ে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘করোনা সংকটে প্রাণিসম্পদ খাতকে রক্ষার জন্য সরকার ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা চালু করেছে। এতে করে উৎপাদনকারী ও ভোক্তা উভয়ে লাভবান হয়েছে। ভ্রাম্যমাণ ব্যবস্থায় ৯ হাজার কোটি টাকার বেশি দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রি হয়েছে। গত রমজানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হয়েছে।’

গ্লোবাল টিভির এডিটর ইন চিফ ও সিইও সৈয়দ ইশতিয়াক রেজা এবং ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সভাপতি এমএ জলিল মুন্না উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডা. রেয়াজুল হক এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রধান কারিগরি সমন্বয়ক ডা. মো. গোলাম রব্বানীসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।