All posts by jitu

আগাম নির্বাচনের পথ বেছে নিচ্ছেন ইমরান খান !

 

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব তুলেছে বিরোধীরা। কাল রোববার অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। ভোটাভুটির আগে ইমরান খান গত শুক্রবার বলেন, তাঁকে তিনটি উপায়ের মধ্যে একটি বেছে নিতে বলেছে ‘এস্টাবলিশমেন্ট’। এগুলো হলো—অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া, পদত্যাগ করা অথবা আগাম নির্বাচন দেওয়া।পাকিস্তানের ‘এস্টাবলিশমেন্ট’ মূলত দেশটির ক্ষমতাধর সেনাবাহিনী।

বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তিনি পদত্যাগ করবেন না। তাঁকে ছেড়ে যেসব আইনপ্রণেতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন, বিরোধীরা তাঁদের দিয়ে সরকার চালাতে পারবে না বলে দাবি করেছেন তিনি। ইমরান খান বলেন, তিনি পদত্যাগ বা নতুন সরকার গঠনের বদলে আগাম নির্বাচনের পক্ষে। আগাম নির্বাচন হলেই সবচেয়ে ভালো হবে বলে মনে করছেন তিনি।

ইমরান খান বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন হলো সবচেয়ে ভালো বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি।’ দলত্যাগীদের নিয়ে সরকার চালানো যায় না দাবি করে তিনি বলেন, ‘আমরা যদি আগাম নির্বাচনের আয়োজন করি, তাহলে সেটাই পাকিস্তানের জন্য ভালো হবে।’

অনাস্থা প্রস্তাব নিয়ে ইমরান বলেন, কাল যখন জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বৈঠক হবে, তখন তিনি আরেকটি চমক নিয়ে আসবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অধিনায়ক কখনো তার কৌশল কাউকে জানায় না। কিন্তু আমি আবার বলছি, এই অনাস্থা প্রস্তাব বড় একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।’

‘আমার জীবন হুমকির মুখে’:

ইমরান খান বলেন, তাঁর জীবন এখন হুমকির মুখে। তিনি দাবি করেন, তাঁর সরকার পতনের ষড়যন্ত্র যাঁরা করছেন, তাঁরা এটা ভেবে ভয়ে আছেন, তিনি যদি ক্ষমতাচ্যুত হন তারপরও দেশের মানুষ তাঁকে সমর্থন করে যাবেন। ইমরান বলেন, ‘আমি এ কারণে প্রকাশ্যে এটা বলছি, আমার জীবন এখন হুমকির মুখে আছে।’

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান বলেন, ‘যাঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেদের ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন, তাঁরা এটা জানে যে আমি চুপ করে বসে থাকব না। তাঁরা কী ভাবছেন? তাঁরা দুই থেকে আড়াই হাজার রুপি খরচ করে আমার সরকার পতনের চেষ্টা করবেন আর আমি চুপ করে বসে থাকব? এ কারণে আমি প্রকাশ্যে এসব কথা বলছি।’

গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে তাঁকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন ইমরান। এর প্রমাণ হিসেবে একটি হুমকিমূলক চিঠি পাওয়ার দাবি করেন তিনি। ওই ভাষণে চিঠির বিষয়ে বলতে গিয়ে ইমরান খান ‘মুখ ফসকে’ যুক্তরাষ্ট্রের নাম বলে দেন। তবে তাৎক্ষণিকভাবে তা তিনি শুধরে নেন। পরে বলেন, একটি বিদেশি রাষ্ট্র হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে, যা পাকিস্তানবিরোধী। যুক্তরাষ্ট্র ইমরান খানের এমন অভিযোগ অস্বীকার করেছে।

প্রকাশ্যে সরকার পতনের চিঠির কথা বলার পর ইমরান খানকে হত্যার চেষ্টা চলছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ইমরান খান তাঁকে হত্যার ষড়যন্ত্রের কথা বলার কয়েক ঘণ্টা আগে ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা চলছে। ইমরান খান হত্যার হুমকিতে আছেন বলে তাঁদের কাছে গোয়েন্দা তথ্য আছে জানিয়ে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘এ খবর পেয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

এ সপ্তাহের শুরুতে ইমরান খানের দল পিটিআইর নেতা ফয়সাল ভাওদাও একই অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। ‘দেশ বিক্রি করতে’ অস্বীকার করায় প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে উল্লেখ করে ভাওদা বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান একজন সাহসী ব্যক্তি। তিনি পাকিস্তানের বিষয়ে আপস করবেন না। তিনি কারও কাছে জাতির মাথা নত হতে দেবেন না। ইমরান আগেও জীবননাশের হুমকি পান বলে জানান তিনি।
‘কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে যাব না’:

ইমরান খান সাংবাদিকদের আরও বলেন, তিনি কখনো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যাবেন না। কোনো অবস্থাতেই সামরিক বাহিনীকে বিতর্কিত হতে দিতে চান না জানিয়ে বলেন, ‘আমি কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলব না।’ পাকিস্তানের অস্তিত্বের জন্য শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন বলে জানান তিনি।

ইমরান বলেন, যদি শক্তিশালী সেনাবাহিনী না থাকত তাহলে দেশ এত দিনে তিন ভাগে বিভক্ত হয়ে যেত। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনীর কারণে আমরা নিরাপদে আছি।’ অতীতে রাষ্ট্রনেতারা তাঁদের দুর্নীতির কারণে সেনাবাহিনীর ভয়ে ছিলেন দাবি করে তিনি বলেন, সামরিক নেতৃত্বের সঙ্গে তাঁর কোনো ইস্যু নেই।’

গত বছরের অক্টোবরে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে নিয়োগ দেওয়া হয়। এটা নিয়ে তখন বিতর্ক দেখা দিয়েছিল। এমন কথাও উঠেছিল যে সামরিক নেতৃত্বকে পাত্তা না দিয়ে গোয়েন্দাপ্রধান নিয়োগ দিতে যাচ্ছেন ইমরান খান। অক্টোবরের ওই নিয়োগ নিয়ে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল। এ প্রসঙ্গে ইমরান বলেন, সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য নেই। ইমরান বলেন, ‘আমাদের সবাই তখন একমত হয়েছিলাম। কোনো মতপার্থক্য ছিল না।’

সাবেক আইএসআই প্রধান জেনারেল ফয়েজ হামিদকে নিয়ে উপস্থাপক ইমরান খানের কাছে জানতে চান। ইমরান খানকে তিনি বলেন, জেনারেল হামিদ গোয়েন্দাপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব পালন করুক, তিনি এটা চেয়েছিলেন কি না। কারণ, জেনারেল হামিদও তাঁর পছন্দের মানুষ ছিলেন। জবাবে ইমরান খান বলেন, তিন বছর জেনারেল ফয়েজ হামিদের সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু তিনি এটা জানতেন ২০২১ সালের শীতকাল ‘আমাদের জন্য সবচেয়ে কঠিন সময় হতে যাচ্ছে।’

অর্থনৈতিক দুরবস্থা ও যুক্তরাষ্ট্রের সেনাদের চলে যাওয়ার পর আফগানিস্তান পরিস্থিতির প্রসঙ্গ টেনে ইমরান খান বলেন, ‘আমি তাঁকে (জেনারেল ফয়েজ হামিদ) শীতকাল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা বলেছিলাম। কারণ, তিনি ছিলেন একজন অভিজ্ঞ ব্যক্তি। এ ক্ষেত্রে তাদের নিজেদের অবস্থান ছিল। কারণ, সেনাবাহিনীতে এ সবই নিয়ম। এ ছাড়া তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি ছিল এবং আমারও একটা দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু তখন এ সম্পর্কে ভাবিনি যে কে নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন।’

আইএসআই প্রধান নিয়োগ নিয়ে তখন সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে মতভেদের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে না জানিয়ে ইমরান খান আইএসআই প্রধান নিয়োগ দেওয়ার পর এ বিতর্ক শুরুর কথা জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম। তবে গতকাল সাক্ষাৎকারে ইমরান এ অভিযোগ অস্বীকার করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি, এটা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) তথ্যের অপপ্রচার।

কাতার বিশ্বকাপ: গ্রুপ অফ ডেথে স্পেন-জার্মানি, সহজ গ্রুপে মেসি-নেইমাররা

 

স্পোর্টস ডেস্ক:

ঘোষণা হল ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ -এর গ্রুপ বিন্যাস ও সূচি। একই গ্রুপে স্পেন ও জার্মানি। অপেক্ষাকৃত সহজ গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল। জেনে নিন বিস্তারিত।

অবশেষে সব প্রতীক্ষার অবসান। ৪ বছর পর ফের আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বের সবথেকে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর। বেশ কয়েক বছর ধরেই ফুটবল বিশ্বকাপপকে ঘিরে আলাদাভাবেই সেজে উঠেছে এশিয়ারএই ধনকুবের দেশ। স্টেডিয়ামগুলি বাহ্যিক রূপ থেকে আধুনিকতা, ব্যবস্থাপনা সবকিছুই হার মানাবে বিশ্বের যে কোন প্রান্তের মাঠকে। শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিক সূচনার। ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের ড্রয়ের মধ্যে বলা চলে একপ্রকার শুরুই হয়ে গেল বিশ্বকাপ। তারকা খোচিত বর্ণাঢ্য বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠান শেষে ৩২টি দেশকে ভাগ করা হল আটটি গ্রুপে। যদিও এখনও তিনটি জায়গা বাকি রয়েছে যোগ্যতা অর্জনের। গ্রুপ বিন্যাসের শেষে এটুকু বলা যেতে পারে স্পেন-জার্মানি একই সঙ্গে পড়ায় গ্রুপ ই -সবথেকে কঠিন। গ্রুপ অফ ডেথও বলা যেতেপার। ব্রাজিল, আর্জেন্টিনা সহ অন্যান্য দলগুলির গ্রুপ নিয়ে কোনও সংশয়ের কারণ নেই।

প্রথমে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশ ট্রফি হাতে মঞ্চে উঠে আসেন। বিশ্বকাপের ড্র পরিচালনা করার দায়িত্বে ছিলেন সামান্থা এবং জার্মেইন জেনাস। এরপর পট থেকে একে একে দেশগুলির নাম তুলে নেওয়ার জন্য নেওয়া হয় বিশ্বের এক একজন প্রাক্তন ফুটবল তারকাদের। সেই তালিকায় ছিলেন ব্রাজিলের কাফু, জার্মানির লোথার ম্যাথিউজ, ইরানের কিংবদন্তি আলি দাই,নাইজেরিয়ার জেজে ওকোচা,আমেরিকার মহিলা বিশ্বকাপজয়ী ফুটবলার কার্লি লয়েড সহ অ্যান্যরা। শুরুতে কাফু আয়োজক দেশ কাতারের নাম তোলার মধ্য দিয়ে শুরু হয় বিশ্বকাপের ড্র। তারপর এক এক জন তারকা এক একটি করে নাম তোলার মধ্য দিয়ে শেষ হয় গ্রুপ বিন্যাস।

গ্রুপ এ -তে রয়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ইউরো প্লে-অফ থেকে ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেনের মধ্যে এক দেশ। গ্রুপ সি-তে রয়েছে মেসির আর্জেন্টিনা। এছাড়া রয়েছে সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। গ্রুপ ডি-তে রয়েছে গতবারের বিশ্বকাপ জ ফ্রান্স, আইসি প্লে-অফের পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি, ডেনমার্ক, তিউনিশিয়া। গ্রুপ ই-তে রয়েছে স্পেন, আইসি প্লে-অফ ২-এর কোস্টা রিকা/নিউজিল্যান্ড, জার্মানি, জাপান। গ্রুপ এফ-তে রয়েছে বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। গ্রুপ জি- তে রয়েছে নেইমারের ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন। গ্রুপ এইচ-তে রয়েছে পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, কোরিয়া রিপাবলিক।

২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এ বারের ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। দীর্ঘ লড়াইয়ের পর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ড্র-য়ের পর এবার মাঠে বল গড়ানোর অপেক্ষায়।

নাঙ্গলকোটে সরকারি রাস্তা কাটলো প্রভাবশালীরা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে সরকারী রাস্তা কাটলো প্রভাবশালী মহল। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার মৌকরা ইউনিয়নের নারুয়া গ্রামে। রাস্তাটি দিয়ে স্কুল শিক্ষার্থী চলাচল করে বিদ্যালয়ে যেতে হয়। এছাড়াও প্রতিদিন শত শত মানুষ ও সাধারণ যানবাহন চলাচল করে। প্রায় দুইশ ফুট দৈর্ঘ রাস্তা কেটে ফেলা হয়েছে।

ঘটনাটি গত ১৫/২০ দিন আগে ঘটলেও সাংবাদিকদের নজরে এসেছে গত শুক্রবার । সরেজমিন গিয়ে দেখা যায়- নারুয়া, বিষারা ও খান্নাপাড়া সড়কের সাথে সংযুক্ত রয়েছে রাস্তাটি। কিন্ত নারুয়া ভেন্ডার বাড়ীর শাহ আলী ভেন্ডারের ছেলে দুবাই প্রবাসী ফারুক গত ১৫/২০ দিন আগে ভ্যাকু মেশিন ও শ্রমিক দিয়ে সাড়ে তিন ফুট তার জমির পাশে রাস্তা কেটে ফেলেন। এতে রক্ষা পায়নি পল্লী ব্যিদুৎ সংযোগের একটি খুটিও। একদিকে যেমন বিদ্যুৎতের খুটি ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে বৃষ্টি হলে রাস্তা ভেঙ্গে যাওয়ার আশংকা করা হচ্ছে। এলাকাবাসী প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে স্থানীয় আবদুল কাদের বলেন- রাস্তার পাশের জমিটি তার ছিল। তিনি ফারুকের কাছে বিক্রি করেন। কিন্ত ফারুক কেন শত বছর ধরে মানুষ চলাচল করছে ওই রাস্তাটি কাটলো তিনি ভালো জানেন।

আবুল হাসেম বলেন-ফারুক ও তার ভাই আলমঙ্গীর ভ্যাকু মেশিন ও শ্রমিক দিয়ে রাস্তা কেটেছে। তাদের বিরুদ্ধে কেউ সাহস করে কথা বলছেন না। রাস্তা কেটে ফেলায় যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা।

এবিষয়ে ফারুকের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই আলমঙ্গীর হোসেন বলেন- ফারুক গত ১৮ মার্চ দুবাই প্রবাসে পাড়ি দেন। রাস্তা কাটার বিষয়টি অস্বীকার করেন বলেন- রাস্তার পাশের জায়গাটির মালিক ফারুক। সেই এখানে একটি গবাদিপশুর খামার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উদ্দিন আলমগীর বলেন – রাস্তা কাটা অপরাধ। সরেজমিনে গিয়ে রাস্তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন-বিষয়টি আপনার কাছে শুনেছি। কেউ যদি লিখিত অভিযোগ দেন, তাহনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মনোহরগঞ্জে স্বামীর নির্যাতনে অতীষ্ঠ হয়ে শরীরে আগুন দিয়ে গৃহবধুর আত্মহত্যা !

কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মরিয়ম বেগম (২৭) নামে এক নারী বাথরুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে মেয়ের বাবা মো শামসুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে।

পার্শ্ববর্তী ঘরের মো. ইকরাম হোসেন জানান, মৃত মরিয়ম বেগম আমার চাচাতো বোন, আপাকে আট থেকে দশ বছর আগে উত্তর হাওলা ইউনিয়নের ঠেঙ্গারবাম গ্রামের মো তৈয়ব আলীর ছেলে মো: আবদুল মান্নানের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। কয়েকবার সামাজিকভাবে সালিশ দরবার করে দুইজনকে মিলিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে আবদুল মান্নান প্রচুর মারধর করে আমার চাচাতো বোনকে একটি রিকসায় তুলে দেন। বাড়ি এসে আপা কাউকে কিছু না বলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

মো. আবুল হাশেম বলেন, মরিয়মের বাবা আমাদেরকে তার মেয়ের বাড়িতে কয়েকবার নিয়েছে। মরিয়মের স্বামী মো. আবদুল মান্নানের সামাজিকভাবে অনেকবার সালিশ-দরবার করেছি। মান্নান একজন দুশ্চরিত্র ও খারাপ প্রকৃতির লোক। সে আগেও একটি বিয়ে করেছে। মান্নানের নির্যাতনের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি।

অভিযুক্ত মো আবদুল মান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) রিপন বালা জানান, আমি ঘটনাটি জানার পর ঘটনারস্থল পরিদর্শন করেছি এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলেও জানান তিনি।

বরুড়ায় পৌর আ’লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বরুড়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে  শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় বরুড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠে বরুড়া পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের কাউন্সিল অধিবেশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বরুড়া পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে এবং বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ারের সঞ্চালনায় উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক  এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি নাছিমুল আলম চৌধুরী (নজরুল), এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি  জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নাসির উদ্দীন লিংকনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক  এমপি বলেন- ‘বরুড়া উপজেলা আওয়ামী লীগ অতীতের যেকোন সময়ের চেয়ে অনেক শক্তিশালী। আমি আজকের আয়োজনে মুগ্ধ হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শাক্তশালী করার কোন বিকল্প নেই।’

প্রধান বক্তার বক্তব্যে নাছিমুল আলম চৌধুরী (নজরুল) এমপি বলেন- ‘ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ বরুড়া আওয়ামী লীগ গঠন করতে হবে। বরুড়ার সন্তান হিসেবে বরুড়ার সার্বিক উন্নয়নে আমাকে সকল কাজে সকল সময় সাথে পাবেন।’

সভাপতির বক্তব্যে আব্দুর রশিদ উপস্থিত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল স্তরের নেতা কর্মী, গণমাধ্যম কর্মী এবং আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন- ‘পৌরসভার আজকের কাউন্সিল অধিবেশন সফল করার মধ্য দিয়ে আমরা আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার পথে একধাপ এগিয়ে গেলাম।’পরে বরুড়া পৌরসভার আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন সমূহের কমিটি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন শেষ হয়।

স্যামসাংয়ের এ৫০ সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এ৫৩ ফাইভজি এখন দেশের বাজারে!

ডেস্ক রিপোর্ট:
স্যামসাং বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে তাদের বহুল প্রতিক্ষীত গ্যালাক্সি এ৫৩ ফাইভজি হ্যান্ডসেট। হাইপার ফাস্ট ফাইভজি ও বিভিন্ন আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ এ৫০ সিরিজের নতুন এ ফোনটি মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্যাটাগরিতে এক বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

যেসব ক্রেতারা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফিচারসমৃদ্ধ ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটি নিশ্চিতভাবে পছন্দের শীর্ষে থাকবে। কারণ, ডিভাইসটিতে রয়েছে নতুন ও দ্রতগতির ৫এনএম এক্সিনোস ১২৮০ অক্টাকোর প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি (সাথে এআই ম্যানেজড পাওয়ার কনজাম্পশন সুবিধা) ও অন্যান্য অসাধারণ সব ফিচার। স্টাইলিশ ও উন্নত পারফরমেন্সের গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটির বিশেষত্ব যেন সেটটি একবার হাতে নিলেই বোঝা যায়!

নজরকাড়া লুক-এন-ফিলের স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটিতে ৬.৫ ইঞ্চি এফএইচডি+সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে রয়েছে। হ্যান্ডসেটটির ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতা হয়ে উঠবে আরো উপভোগ্য। পাশাপাশি, ডিভাইসটিতে কোয়াড ক্যামেরা সেট-আপ রয়েছে, যার মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে।
ডিজিটাল ডাটা শেয়ারিংয়ের এ যুগে স্মার্টফোন ব্যবহারকারীরা পর্যাপ্ত স্টোরেজ স্পেস সম্পন্ন ফোন কেনার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন। ক্রেতাদের কথা বিবেচনা করে স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা দিচ্ছে, যা চাইলে ১ টেরাবাইট পর্যন্তও বাডিয়ে নেওয়া যাবে।

এক কথায় “অসাম” এই ডিভাইসটিতে শক্তিশালী ৮জিবি এলপিডিডিআরফোরএক্স র্যা ম, ২৫ ওয়াট চার্জিং সুবিধা ও আইপি৬৭-রেটেড পানি প্রতিরোধী ও গরিলা গ্লাস ৫ এর মতো টেকসই ফিচারও যুক্ত করা হয়েছে।
এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “দ্রুত ইন্টারনেট কানেক্টিভিটির এ যুগে বিশ্ব দূর্দান্ত গতিতে এগিয়ে চলছে; আর তাই ডিজিটাল ইনক্লুসনের মাধ্যমে এ গতির সাথে তাল মেলাতে আমাদেরকেও প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।” তিনি আরো বলেন, “সর্বোচ্চ সংখ্যক ক্রেতাদের মাঝে সাশ্রয়ী মূল্যে ফাইভজি ডিভাইস নিয়ে আসার বিষয়টিকে নিশ্চিত করতে আমরা এ৫৩ ফাইভজি হ্যান্ডসেটটি বাজারে এনেছি। প্রতিটি ফিচারের ক্ষেত্রেই এগিয়ে থাকা এ ডিভাইসটি আমাদের “এ” সিরিজের ফোনগুলোর মধ্যে সেরা হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস।”

দেশজুড়ে স্যামসাংয়ের সকল অফিশিয়াল আউটলেটে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটি ব্ল্যাক, ব্লু ও পিচ – এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩, ৯৯৯ টাকা।

ওয়ানডেতে দ্রুততম ১৫ সেঞ্চুরি বাবরের, আফ্রিকার বিপক্ষে পাকদের রেকর্ড গড়া জয়

স্পোর্টস ডেস্ক:

৩৪৯ রানের বিশাল টার্গেট দিয়ে স্বস্তিতেই থাকার কথা ছিল অস্ট্রেলিয়ান বোলারদের। তবে ছাড় দেয়নি পাকিস্তানের ব্যাটাররা। বাবর আজম ও ইমাম উল হকের সেঞ্চুরিতে জয় পায় স্বাগতিকরা। ৬ উইকেটের অবিশ্বাস্য জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা টেনেছে পাকিস্তান। দলের রেকর্ড গড়া জয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়েন বাবর।

ওয়ানডে ক্রিকেটে রান তাড়ায় এটিই পাকিস্তানের সেরা জয়। এর আগে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করে জয় পেয়েছে তারা।

এদিকে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম ১৫ সেঞ্চুরির মালিক এখন বাবর। ৮৩ ইনিংসেই এই অর্জন করেন পাকিস্তান অধিনায়ক। ১৫ সেঞ্চুরি পেতে আমলাকে খেলতে হয়েছে ৮৬ ইনিংস।
তালিকায় ভারতের বিরাট কোহলি রয়েছেন তিনে। ১০৮ ইনিংস খেলে ১৫ সেঞ্চুরি করেন কোহলি।
বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৮ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে এক ওভার হাতে রেখেই জয় বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে শূন্য হাতে সাজ ঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি। শুরুর ধাক্কা সামলে ১৬২ রানের জুটি গড়েন ট্রাভিস হেড ও বেন ম্যাকডেরমট। হেড ৭০ বলে ৮৯ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর মার্নাস লাবুশেনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন ম্যাকডেরমট। ওয়ান ডাউন এই ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন। ১০৮ বলের ইনিংসে ১০ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করেন। এরপর লাবুশেন ৫৯, মার্কাস স্টয়নিস ৪৯ এবং সিন অ্যাবটের ২৮ রানে ভর করে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ১০ ওভারে ৬৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আফ্রিদি। ২টি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। একটি করে উইকেট পান জাহিদ মাহমুদ ও খুশদিল শাহ।

জবাবে উড়ন্ত সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল হক ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে ১৮.৫ ওভারে ১১৮ রান করেন তারা। ৬৪ বলে ৭টি চার ও দুই ছক্কায় ৬৭ রান করে ফেরেন ফখর জামান।
এরপর অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে অনবদ্য জুটি গড়েন ইমাম। এই জুটিতেই ৯০ বলে ৬টি চার আর তিন ছক্কায় ক্যারিয়ারের ৪৯তম ওয়ানডেতে ৯ম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ইমামুল। ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন। তার আগে বাবর আজমের সঙ্গে গড়েন ৯২ বলে ১১১ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৯৭ বলে ৬টি চার ও তিন ছক্কায় ১০৬ রান করেন ইমাম।

এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন বাবর। ৮৩ বলে ১১৪ রান করে বাবর আউট হলে ভাঙে এই জুটি। শেষে ইফতেখার (৮*) এবং খুশদিল শাহ (২৭*) দলকে এনে দেন রেকর্ড গড়া জয়।

কুমিল্লা নগরীতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে লাইনম্যান নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন এর পেছনের গলিতে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় শাহিন সরকার (৪০) নামের এক লাইন সাহায্যকারী বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নিহত হন।

শুক্রবার সকালে কাজ করার সময় তিনি নিহত হন।

নিহতের গ্রামের বাড়ি দেবিদ্বারে । তার পিতার নাম আবদুর রাজ্জাক সরকার।

তিনি জজকোর্ট অভিযোগ কেন্দ্রে কাজ করতো।