All posts by jitu

লাখ লাখ মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:

লাখো মানুষের অংশগ্রহণে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হয়।

জানাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়। সকাল সোয়া ১০টার পর গেটটি খুলে দেওয়ার কয়েক মিনিটেই তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ডা: তাহেরের ৩৮টি রাজনৈতিক মামলা, কামরুল হুদার ০২টি

স্টাফ রিপোর্টার: 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: আব্দুল্লাহ মোঃ তাহেরের সাথে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্ধীতা করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন কামরুল হুদা। গত সোমবার কামরুল হুদা কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

তিনি নির্বাচনী হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেন ১০ কোটি ২২ লক্ষ ৭৭ হাজার ৯৩২ টাকা। এর মধ্যে নগদ টাকা ২ কোটি ৮৬লক্ষ ৬০ হাজার টাকা। কৃষিখাতে, ব্যবসা, বাড়িভাড়া, শেয়ার বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত মিলিয়ে ২০২৫-২৬ অর্থ বছরে বাৎসরিক আয় উল্লেখ করেছেন ৮০লক্ষ ৫৩ হাজার টাকা।

এছাড়াও কামরুল হুদার নামে স্বর্ণ রয়েছে ১০ ভরি। অপরদিকে তাহার স্ত্রী সাজেদা আক্তারের নামে (স্থাবর-অস্থাবর) রয়েছে ১ কোটি ১২ লক্ষ টাকা। স্ত্রীর নামে স্বর্ণ উল্লেখ করেছেন ২৫ তোলা। হলফনামায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদার দেনা রয়েছে ১ কোটি টাকার উপরে। নির্বাচন কমিশনে প্রদত্ত হলফনামায় আরও উল্লেখ করেন, কামরুল হুদার নামে ০২শতক কৃষি জমি রয়েছে, যার আনুমানিক মূল্য- ১৩লক্ষ ৪১ হাজার।

অপরদিকে স্ত্রীর নামে রয়েছে ২৫.৮১শতাংশ সম্পত্তি, যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা। ভবন (আবাসিক/বানিজ্যিক) অবস্থান ও অর্জনকালীন মূল্যে তিনি উল্লেখ করেন, তার নামে (কামরুল ‍হুদা) চট্রগ্রাম শহরে ৩টি ভবন/ফ্ল্যাট রয়েছে। যার মূল্য উল্লেখ করেছে ১ কোটি ১৯লক্ষ ২৯ হাজার টাকা। প্রদত্ত হলফনামায় দেখা যায়, কামরুল হুদার নামে ২০১৫ সালে চৌদ্দগ্রাম থানার- ০৪, জি.আর ৫১/২০১৫ এবং চৌদ্দগ্রাম থানার- ০৫, জি.আর ৫২/২০১৫। মামলাগুলো বর্তমানে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তার নামে কোন রাজনৈতিক কিংবা অন্য কোন মামলা নেই।

অপরদিকে নির্বাচন কমিশনে প্রদত্ত হলফনামায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লা মোঃ তাহের উল্লেখ করেন, স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় ১ কোটি ৮৫ লাখ টাকা। তবে তার স্ত্রীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা ।ব্যাংকে তার স্ত্রীর নামে জমা রয়েছে প্রায় ৭ লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। বর্তমানে স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকা।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের হাতে নগদ অর্থ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা । আর স্ত্রীর আছে নগদ ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা ।আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নামে বিভিন্ন জায়গায় মোট ১০ শতক কৃষি জমি এবং ১৫ শতক অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ১৫ কাঠা জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা। স্ত্রীর নামে বাড়ি রয়েছে ৩টি, যার মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। স্থাবর সম্পত্তির হিসাবে আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের রয়েছে ১ কোটি টাকা এবং তার স্ত্রী ডা. হাবিবা আক্তারের নামে রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা । হলফনামায় ডা. তাহের ঋণের অংশে উল্লেখ করেন, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হিসেবে মেডিকেল কলেজের নামে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকার কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে ।

তার স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল আরাফা ব্যাংক ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে।

হলফনামায় মামলার তালিকায় উল্লেখ করেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৮টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশির ভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ আসন। এ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন প্রয়াত কাজী জাফর আহমেদ, সাবেক রেলমন্ত্রী হয়েছেন মুজিবুল হক। ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতের বর্তমান নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোঃ তাহের।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ এ আসনে গত সোমবার পর্যন্ত স্বতন্ত্র ০১জনসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮জন প্রার্থী।

মনোনয়ন জমাদানকারী প্রার্থীরা হলেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদা, বাংলাদেশ কংগ্রেসের আব্দুর রহিম, জাতীয় পার্টির মোঃ মাইন উদ্দিন, গণফ্রন্টের মোঃ আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও: মহিউদ্দিন শহীদ, বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউনুস ও স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসন। এ আসনের ১২৭টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ২১ হাজার ৬৩২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লক্ষ ১৬ হাজার ৯৩২জন, মহিলা ভোটার ২লক্ষ ০৪ হাজার ৭০৫জন, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে ০৪জন।

নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা লুটতে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করিয়েছে একটি পক্ষ- জামায়াতের প্রার্থী

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। বুধবার দুপুরে কুমিল্লা নগরীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, নির্বাচনের আগে জনপ্রিয়তায় ঈর্স্বান্বিত হয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করিয়েছে একটি পক্ষ। যে বন্ধন ফুড এন্ড বেভারেজ লিমিটেড-এর কোম্পানি ও জমি লেনদেন নিয়ে অভিযোগ তুলেছেন এক নারী সেটি আইনানুগভাবে সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রার, বোর্ড রেজুলেশন এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে মালিকানা হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে পত্রিকা ও নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল।

তিনি বলেন, বৈধ লেনদেনকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে, যা সত্যের সঙ্গে মেলে না। নির্বাচনী সময় হঠাৎ করে এসব অভিযোগ মিডিয়া ট্রায়াল এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা ছাড়া কিছু নয়।

তার দাবি, সম্প্রতি অভিযোগ অনুযায়ী, প্রায় সাড়ে চার কোটি টাকার লেনদেনকে ‘স্বাক্ষর জালিয়াতি’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। নগদ অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর কোম্পানির সম্পত্তি আইনানুগভাবে তার কাছে হস্তান্তর করা হয়েছিল। ২০১৫ সাল থেকে নিয়মিত খাজনা পরিশোধ, জমি বিক্রির সময় এক বছরের জন্য টানানো সাইনবোর্ড এবং কোনো আপত্তি না আসা—সবই বৈধ মালিকানার প্রমাণ। এত বছর কেউ কোন অভিযোগ করেনি। নির্বাচনী সময়ে হঠাৎ একজন মহিলাকে সামনে এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তোলা হচ্ছে। যার সঙ্গে এই জমির বা কোম্পানির কোন যোগাযোগ বা লেনদেন নেই। যা মিডিয়া ট্রায়াল ও রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

বক্তব্যে তিনি বলেন, যে পাঁচজনের কাছ থেকে তিনি এই জমির মালিকানা বুঝে পেয়েছেন তাদের একজন ফরহাদ। সেই ফরহাদের দ্বিতীয় স্ত্রী হলেন ওই নারী। ফরহাদের কোন অভিযোগ না থাকলেও তার স্ত্রী ভূয়া অভিযোগ তুলেছে। যারা প্রতারক চক্রের সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এর আগে, ফাতেমা নামের এক নারী জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে সাক্ষর জালিয়াতি করে জমি আত্মসাতের অভিযোগ সংবাদ সম্মেলন করেন। এরপর বিষয়টি আলোচনায় আসে৷

হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট:

স্থাবর-অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর। এছাড়াও তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। তিনি ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই।

পিতা-মাতা ও স্ত্রী সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল।

গত সোমবার (২৯ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।

হলফনামায় হাসনাত আব্দুল্লাহ আরো উল্লেখ করেছেন, ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার। তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই।

তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। পিতা-মাতা স্ত্রী সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে তার নামে কোনো ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। তার স্ত্রী গৃহিনী।

হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন এরিয়া নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী আসন। এটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এ আসনে মোট ১১৬টি ভোট কেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে মেঘনা থানাধীন ৮০ মিটার ব্রিজের দক্ষিণ পাশে ভাওরখোলা সড়কের সংযোগস্থল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান মেঘনা থানার রামপুর ফরাজিকান্দি গ্রামের মৃত ছাফর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মেঘনা থানায় মাদক ও মৎস্য আইনে মোট ১৮টি মামলা রয়েছে।

এ বিষয়ে মেঘনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মকবুল (নিঃ) ও এএসআই রাসেল (নিঃ) ফোর্সসহ অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় এএসআই রাসেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরো জানান, মেঘনা উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতম

স্টাফ রিপোর্টার:

জাতীয় শোকের আবহে দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার নতুন বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

আগামী ২ জানুয়ারি শুক্রবার, কুমিল্লা শহরের ২য় মুরাদপুর, বটতলা এলাকায় আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৭ দিনের শোক পালনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা আনন্দের সাজ সরিয়ে রেখেছি। উৎসব নয়, প্রার্থনাই আমাদের দায়িত্ব। এই শোকের সময়ে আমরা কেবল কোরআনের আলোয় আলোকিত হতে চাই।”

এই উপলক্ষে শুক্রবার সকাল থেকে কুমিল্লার ডাক কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই মাহফিলে অংশ নেবেন পত্রিকার সাংবাদিক, কলাকুশলী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দৈনিক কুমিল্লার ডাক দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের সংবাদ পরিবেশনে নির্ভরযোগ্য একটি নাম। নতুন কার্যালয়ের উদ্বোধন ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যা এখন শোকাবহ পরিস্থিতির কারণে স্থগিত করা হলেও, শোক শেষে নতুন তারিখে তা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে কুমিল্লার ডাক আবারও প্রমাণ করলো তারা শুধু সংবাদ পরিবেশনের বাহক নয়, বরং জাতির আবেগ, মূল্যবোধ ও দায়িত্ববোধেরও প্রতিচ্ছবি।

চৌদ্দগ্রামে থানায় ডুকে পুলিশ সদস্যের উপর হামলা! হামলাকারী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানায় ডুকে শরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে যখম করেছে স্থানীয় বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবক। অভিযুক্ত বাদল থানা সংলগ্ন লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। এ ঘটনায় বাদলকে আটক করে তাৎক্ষনিক থানা হেফাজতে নেয়া হয়।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে পূর্ব থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেদের তোয়াক্কা না করে গত মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) দুপুরে একাধিক গরু নিয়ে ডুকে। এসময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনষ্টেবল শরিফুল ইসলাম । অভিযুক্ত বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারো নিষেধের কথা জানায়। বাদল এতে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দায়ের উল্টা পিঠ দিয়ে শরিফুলের গায়ে একাধিক আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয় । কোপের আঘাতে গুরুতর আহত হয়ে শরিফুলের চিৎকার শুনে তাৎক্ষনিক থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভিতরে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদর্ন্ত) গুলজার আলম জানান, বাদলকে বিগত কয়েকবছর থেকেই থানার বাউন্ডারিতে একাধিক গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশেপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে কোন তোয়াক্কা করেনি। গত মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মুল গেইট দিয়ে বের হওয়ার সময় থানার কনষ্টেবল শরিফুল বাদলকে আবারো নিষেধ করে। এসময় সে ক্ষিপ্ত হয়ে শরিফুলকে দা দিয়ে কুপিয়ে আঘাত করে। পরে পুলিশ সদস্যরা থানার ভিতর থেকে এসে বাদলকে আটক করে। পুলিশের উপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে আটককৃত বাদলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

৪ মাসে কোটি টাকারও বেশী ব্যবসা; কুমিল্লার বুড়িচংয়ে ইউটিউব দেখে টমেটো চাষে সফল কৃষক!

মামশাদ কবির:

কুমিল্লার বুড়িচং উপজেলার চাঁনগাছা গ্রামের পরিশ্রমী যুবক মনির হোসেন। ইউটিউব দেখে গ্রীস্মকালীন টমেটো চাষে উদ্বুদ্ধ হয়। এরপর প্রায় ১৫ বিঘা জমিতে টমেটো চাষ করে গত ৪ মাসে কোটি টাকার বেশী টমেটো বিক্রয় করেছেন। এখনো গাছণ্ডুলোতে ঝুলছে থোকায় থোকায় টমেটো। প্রতিদিনই স্থানীয় বাজারের পাশাপাশি পাইকাররা বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তার আশা আসন্ন শীত মৌসুমেও গাছগুলো পর্যাপ্ত ফলন দিবে।

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের চাঁনগাছা গ্রামের মনির হোসেন জানান, ইউটিউব দেখে টমেটো চাষে আগ্রহী হয়ে উঠেন। চলতি বছরের জুনের প্রথম দিকে গ্রামের আশপাশে ৬টি প্লটে প্রায় ১৫ বিঘা জমিতে টমেটো চাষ শুরু করে। জমি তৈরী করে ভারতীয় মঙ্গল রাজা ও শাহু প্রজাতির টমেটোর চারা রোপন করেন। এরপর দু’মাস পেরোতেই গাছে আসতে শুরু করে ফুল। এক সময় থোকা থোকা টমেটোতে গাছগুলো ভরে উঠে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিদিন গড়ে ১ টনের বেশী টমেটো দেশের অন্যতম বৃহৎ পাইকারী নিমসার বাজারে বিক্রয় করা শুরু হয়। বাজারে অনেক ক্রেতা খবর পেয়েএখন সরাসরি বাগানে এসে টমেটো নিয়ে যাচ্ছে।

মনির জানান, আমাদেও দেশে গ্রীস্মকালে টমেটোর পর্যাপ্ত ফলন নেই। তাই এটা খুবই লাভবান। তার বাগানে সর্বমোট ২৬/২৭ জন শ্রমিক কাজ করে। প্রতি বিঘায় সর্বমোট উৎপাদন খরচ হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। গত জুন মাসের শেষ দিকে চারা রোপনের পর আগষ্ট মাসের শেষ দিকে ফসল তুলতে শুরু করে। প্রথম দিকে বাজার মূল্য কেজি প্রতি দেড়’শ টাকা করে পেলেও বর্তমানে এক’শ টাকায় কেজি প্রতি বাজার মূল্য পাচ্ছে। কারন হিসেবে জানান, শীতকালীন টমেটো বাজাওে আসতে শুরু করায় মূল্য কিছুটা কমেছে। বাগানে কথা হয় কৃষি সম্প্রসারন বিভাগের উপসহকারী ওমর ফারুকের সাথে।

তিনি বলেন, এই ফসলটি গ্রীষ্মকালীন। তবে বর্তমানে গাছে যে ফলন দেখা যাচ্ছে, তাতে পুরো শীত মৌসুমেও এইসব গাছ থেকে পর্যাপ্ত ফলন পাওয়া যাবে। এরই মাঝে মনির তার জমি থেকে প্রায় ১’শ ৫০ টনের বেশী টমেটো বাজারে বিক্রয় করেছে দাবী করে বলেন, গাছগুলো এখন যেমন সতেজ, তেমনি টমেটোতে ঠাসা। আরও কিছুদিন ভালো মূল্য পাবার আশা করে বলেন, শীতে স্থানীয় কৃষকদের উৎপাদিত টমেটো বাজারজাত হলে দাম অনেকটা কমে যাবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান, আমার থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মোসা, আফরিনা আক্তার, ও জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তা আতিকুর রহমান সরেজমিন টমেটো বাগানগুলো পরিদর্শন করেছে। আমরা কৃষি অধিদপ্তর থেকে নিয়মিত পরামর্শের পাশাপাশি মনির হোসেনকে বিপননে প্রশিক্ষণসহ আগামীতে উৎপাদন আরো বাড়াতে কৃষি বিভাগ থেকে ৫০ শতাংশ জমিতে পলিনেট হাউজের বরাদ্দ দিয়েছে। এছাড়াও বাজার সম্প্রসারনে নানাভাবে প্রচারনার কথাও বলেন।

মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে।

এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন। খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন ছেলে তারেক রহমান।

বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় তার মরদেহ।

এরপর নেওয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। রয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে যেসব দেশের মন্ত্রী আসছেন ঢাকায়

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা ঢাকায় আসছেন। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জানাজায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিষয়টিকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সৌজন্য ও রাজনৈতিক শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, দেশটির পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধির খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে আসার কথা রয়েছে।

মঙ্গলবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলাদেশি সংবাদমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অংশগ্রহণের তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন।

হাইকমিশনের একটি সূত্র জানায়, ইসহাক দার ঢাকায় এসে সরাসরি জানাজায় অংশ নেবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান এবং দীর্ঘদিনের রাষ্ট্রীয় ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন।

এদিকে, জানাজা ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোও জানাজা এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সম্পন্ন করেছে।

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজনৈতিক মতভেদ ছাপিয়ে দেশজুড়ে শোক ও শ্রদ্ধার আবহ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।