আইজিপি আলী হোসেন ফকিরের বাড়িতে দুঃসাহসিক চুরি
ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের সার্ভিস লাইনের তামার তার কেটে নিয়ে গেছে।
গত সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
আইজিপির বাসভবনে চুরির ঘটনায় জেলা পুলিশের মধ্যে তৎপরতা বেড়ে গেছে। ইতোমধ্যে চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে শহরের একটি ভাঙারি দোকানের এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে ঝড়ো বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সেই সুযোগ নেয় চোরচক্র। তারা বাড়ির সীমানায় প্রবেশ করে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা কৌশলে নজর এড়িয়ে চুরি সংঘটিত করে।
চুরি হওয়া তামার তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “এটি একটি দুঃখজনক ঘটনা। কারা জড়িত তা শনাক্তে আমাদের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”