All posts by jitu

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে কানেক্টিভিটি সল্যুশন দিবে গ্রামীণফোন

ডেস্ক রিপোর্ট:
দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফোরজি কানেক্টিভিটি সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (এমওপিএমই) সাথে পার্টনারশিপ করেছে টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।

এ উপলক্ষে স¤প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (ভারপ্রাপ্ত) নাসার ইউসুফ। এছাড়াও, মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত ও যুগ্ম সচিব, অধিদপ্তরগুলোর মহাপরিচালক এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফোরজি ডেটা কানেক্টিভিটি ও ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কানেক্টেভিটি সুবিধা প্রদানের জন্য গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ পার্টনারশিপের অধীনে গ্রামীণফোন প্রয়োজনীয় সকল ডব্লিউটিটিএক্স রাউটার ও ২০ জিবি ডেটা কানেক্টিভিটি সুবিধা প্রদান করবে, যা দেশজুড়ে শিশুদের শিক্ষার সুযোগ পেতে ভূমিকা রাখবে এবং দেশের অসীম সম্ভাবনা উন্মোচনে সহায়তা করবে।

এ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে দেশের সব মানুষকে ডিজিটাল সেবা সুবিধার আওতায় নিয়ে আসতে বর্তমান সরকার বহুমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আমাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, এবার আমরা সারাদেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে কানেক্টিভিটি সল্যুশন দিচ্ছি, যা দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিতে ভূমিকা রাখবে এবং দেশে নতুন দিগন্তের সূচনা করবে। এ উদ্যোগটিতে পূর্ণ সহযোগিতা দেয়ার জন্য আমি গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা পেতে আমরা যৌথভাবে এ ধরনের আরো উদ্যোগ গ্রহণ করতে পারবো বলে আমি আশাবাদী, যার মাধ্যমে আমরা দেশের উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে পারবো।”

এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এবং চলমান ডিজিটালাইজেশনের সুবিধা পেতে তাদের ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করে তুলে তরুণ প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমাদের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়িত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানের শক্তিতে আলোকিত করতে বাংলাদেশ সরকার ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়কে ইন্টারনেটের সল্যুশনের মাধ্যমে কানেক্ট করার উদ্যোগ গ্রহণ করেছে। এটি নতুন বিপ্লবের সূচনা মাত্র এবং আমরা এই যাত্রার একটি অংশ হতে পেরে আনন্দিত। আজকের শিশুরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলার মাধ্যমে আমরা দারিদ্রমুক্ত আধুনিক জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবো।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, “প্রতিটি খাতেই ডিজিটাল রূপান্তরের ছোঁয়া লেগেছে এবং শিক্ষা খাতও এর বাইরে নয়। শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বিত করতে ফোরজি কানেক্টিভিটি সল্যুশনের মাধ্যমে ডিজিটাল কনটেন্ট তৈরি ও দূরশিক্ষণকে সহজ করতে ধীরে ধীরে আমাদের এ ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগে গ্রামীণফোনের পার্টনার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানটি বিগত ২৫ বছর ধরে শক্তিশালী ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে দেশের মানুষকে উদ্ভাবনী ও সিমপ্লিফায়েড সল্যুশন দিচ্ছে।”

এ পার্টনারশিপের ফলে গ্রামীণফোন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সকল ব্যবহারকারীকে স্মার্ট ডেটা সল্যুশন দিবে, যা প্রাথমিক শিক্ষার সিস্টেমকে ডিজিটাল হতে সহায়তা করবে এবং একইসাথে আমাদের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কার্যকরী ও সমতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সুবিধা পাবে।

এ পার্টনারশিপের মূল উদ্দেশ্য কার্যকরী ও ব্যবহার-বান্ধব ডেটা সল্যুশনের মাধ্যমে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়কে কানেক্ট করা। স্মার্ট স্কুলের ধারণা নিয়ে করা এ উদ্যোগ স্মার্ট সারভেইলেন্স, উপস্থিতি, অনলাইন স্কুল সহ অন্যান্য অনেক সুবিধার ওপরেও জোর দিবে, যা ওয়াই-ফাই সল্যুশনের মাধ্যমে কানেক্ট করা হবে।

নারায়ণগঞ্জে বার্জার ফসরকের আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন

ডেস্ক রিপোর্ট:
আজ নারায়ণগঞ্জে আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন করেছে বার্জার ফসরক লিমিটেড। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের যৌথ উদ্যোগ বার্জার ফসরক লিমিটেড। ফসরক ইন্টারন্যাশনাল জেএমএইচ  গ্রুপের একটি ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ৮০ বছর ধরে ৭০টিরও বেশি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, ২৫০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে নিজেদের সুনাম অটুট রেখেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এ নির্মাণ খাতের চাহিদা পূরণে এই দুই প্রতিষ্ঠান যৌথ উদ্যোগ হিসেবে দেশে সর্বাধুনিক প্রযুক্তির কারখানা চালু করেছে। আধুনিক সিমেন্ট গ্রাইন্ডিং এইডস, অ্যাডমিক্সচার প্রোডাক্ট ও জয়েন্ট সিল্যান্ট সহ বিভিন্ন নতুন পণ্য ও প্রযুক্তির সাথে বার্জার ফসরক লিমিটেড বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং অগ্রগতি অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।

অবকাঠামো, বিল্ডিং সেগমেন্ট, পাওয়ার প্ল্যান্ট ও পরিবহনসহ নির্মাণ শিল্পখাতের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্মাণ সংক্রান্ত সম্পূর্ণ সমাধান এবং প্রযুক্তিগত সেবা প্রদান করে। আন্তর্জাতিক মানের মেশিনারিজ দ্বারা সজ্জিত কারখানা স্থাপনের এমন উদ্ভাবনী উদ্যোগ বার্জার-ফসরককে ভৌগলিক কাভারেজ বাড়াতে, সেবার মান বৃদ্ধিতে এবং বিশ্বমানের কনস্ট্রাকশন কেমিক্যাল ব্যবহারে সহায়তা করবে। নারায়ণগঞ্জে এই আধুনিক স্থাপনার মাধ্যমে সারা দেশে অধিক সংখ্যক গ্রাহক এসব সুবিধা উপভোগ করতে পারবেন।

প্ল্যান্টটি উদ্বোধন করেন  পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি; বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ. ই. রবার্ট চ্যাটারটন ডিকসন; সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু; বার্জার পেইন্টস গ্রুপের চেয়ারম্যান কুলদীপ সিং ধিংরা; বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী; জেএমএইচ গ্রুপের চেয়ারম্যান ড. জেমস এম হে ও ফিতরিয়ানি হে এবং জেএমএইচ গ্রুপের প্রধান নির্বাহী ইয়ান ওয়াট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার ফসরক পরিবারের অন্যান্য সদস্যরাও।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি বলেন, “দেশে ক্রমবর্ধমান অবকাঠামোর চাহিদা বৃদ্ধির সাথে নির্মাণ এবং এ সংশ্লিষ্ট অন্যান্য শিল্পে আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করা যায়। বার্জার ফসরক লিমিটেডের আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট সর্বোচ্চ মানের অবকাঠামো পণ্যের জন্য সবচেয়ে ভালো সমাধান প্রদান করবে।”

বার্জার পেইন্টস গ্রুপের চেয়ারম্যান কুলদীপ সিং ধিংরা বলেন, “ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সবসময় নির্মাণ শিল্পে অবদান রাখার প্রচেষ্টা চালিয়ে আসছে বার্জার। নারায়ণগঞ্জে বার্জার ফসরক লিমিটেড কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্টের উদ্বোধন এ লক্ষ্যে একটি অসাধারণ উদ্যোগ। নিঃসন্দেহে, এটি নির্মাণ শিল্পের সকল ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে।”

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “নতুন এ প্ল্যান্ট বহুমুখী সম্ভাবনা উন্মোচন করবে। পাশাপাশি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যের মাধ্যমে আমাদের দেশীয় কনস্ট্রাকশন কেমিক্যাল খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আধুনিক এ প্ল্যান্ট উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগে জেএমএইচ গ্রুপকে আমাদের পাশে পেয়ে আমরা গর্বিত।”

জেএমএইচ  গ্রুপের চেয়ারম্যান ড. জেমস এম হে বলেন, “আমরা নারায়ণগঞ্জে এই কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। নতুন এ কারখানাটি অবকাঠামো সংক্রান্ত প্রকল্পে টেকসই মান নিশ্চিতে ‘গঠনমূলক সমাধান’ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করবে, যা দেশে কনস্ট্রাকশন কেমিক্যালের চাহিদা পূরণে ইতিবাচক ভ‚মিকা রাখবে।”

ফুডপ্যান্ডায় ‘বিকাশ ফেস্ট’ ক্যাম্পেইন থাকছে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক জেতার সুযোগ

 

ডেস্ক রিপোর্ট:
বিকাশ অ্যাকাউন্ট থাকা ফুডপ্যান্ডা গ্রাহকদের জন্য ‘বিকাশ ফেস্ট’ শীর্ষক ক্যাম্পেইন নিয়ে এসেছে ফুডপ্যান্ডা ও বিকাশ। মার্চ মাসজুড়ে চলা এ ক্যাম্পেইনের অধীনে নির্ধারিত রেস্টুরেন্টে বিশেষ ছাড়সহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন ফুডপ্যান্ডা গ্রাহকরা।

পাশাপাশি এ ক্যাম্পেইনের আওতায় ১শ’ জন শীর্ষ ক্রেতা ১ হাজার টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। ফুডপ্যান্ডা অ্যাপের বিকাশ ফেস্ট ক্যারাউজাল থেকে ন্যূনতম ৫শ’ টাকার অর্ডার করলেই গ্রাহকরা এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।। বিকাশ পেমেন্টের মাধ্যমে ব্যবহারকারীরা আরও লুফে নিতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার।

সবচেয়ে বেশি টাকার ও বেশি বার অর্ডার করা গ্রাহকদের মধ্য থেকে ১শ’ জন পাবেন ১ হাজার টাকার ক্যাশব্যাক। বিজয়ী ঘোষণার সাত কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাকটি তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

‘হেলথ হাব‘-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলো বাংলালিংক

 

ডেস্ক রিপোর্ট:

বাংলালিংক আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’ চালু করেছে। মাইবিএল অ্যাপের একটি ফিচার হিসেবে যুক্ত হওয়া এই প্ল্যাটফর্মটি বাংলালিংক গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ হেলথ সল্যুশনের কাজ করবে। ‘হেলথ হাব’-এর পার্টনার ডাক্তারভাই, ডকটাইম ও পালস-এর বিভিন্ন ধরনের ডিজিটাল স্বাস্থ্যসেবা বাংলালিংক গ্রাহকরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন।

আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি আজ আয়োজিত ‘হেলথ হাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিওন-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো, বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেম-এর ম্যানেজিং ডিরেক্টর রায়হান শামসি, ডকটাইম-এর চিফ এক্সিকিউটিভ অফিসার উইলিয়াম ডেলইয়েল ও প্রতিষ্ঠানগুলির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

‘হেলথ হাব’-এর ডক্টর কনসাল্টেশন, ইন্স্যুরেন্স, সেফল-হেলথ ট্র্যাকিং টুল, হোম স্যাম্পেল কালেকশন, মেডিসি ডেলিভারি ও ডিসকাউন্টের ব্যবস্থা গ্রাহকদের নানা ধরনের স্বাস্থ্য সমস্যার তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী সমাধান দেবে। বিশেষ দৈনিক, মাসিক ও বাৎসরিক প্যাকেজে সাবস্ক্রাইব করে এই সুবিধাগুলি পাওয়া যাবে। ‘হেলথ হাব’ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বাংলালিংক-এর ওয়েবসাইট ও মাইবিএল অ্যাপে।

আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন,”বাংলালিংক-কে ধন্যবাদ জানাই ‘হেলথ হাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তথ্য প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে ‘হেলথ হাব’-এর মতো উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতকে ডিজিটাল করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করবে। আশা রাখি, এমন সম্মিলিত উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।”

ভিওন-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো বলেন, “‘হেলথ হাব’ চালু করা বাংলালিংক-এর একটি উল্লেখযোগ্য উদ্যোগ। কারণ, এটি দেশের প্রধান স্বাস্থ্য সেবাদাতাদেরকে একটি সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল সার্ভিসের আওতায় আনছে। এর ফলে দেশের মানুষ বিশেষ সুবিধা পাবে। ‘হেলথ হাব’-এর মাধ্যমে ভিওন-এর ডিজিটাল অপারেটরভিত্তিক সেবার পরিসরও বৃদ্ধি পাচ্ছে।”

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত ‘ সোনাপুর’ আশ্রয়ণ-২ প্রকল্প হস্তান্তর

 

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গৃহহীন পরিবারসমূহকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে ‘আশ্রয়ণ’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ২২ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় “ সোনাপুর” আশ্রয়ণ-২ প্রকল্পটি বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি এবং বেসামরিক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। হস্তান্তর অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলার এসিল্যান্ড তমালিকা পাল ও কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, চলতি বছরের গত ১৬ জানুয়ারি হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেড এর তত্বাবধানে  ‘সোনাপুর ” আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়ি ৫ ইউনিট বিশিষ্ট ২টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মাণের কাজ শুরু করা হয় এবং গত ৪ মার্চ নির্মাণ কাজ সম্পন্ন হয়।

এই আশ্রয়ণ প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট সেমি পাকা ব্যারাকের সংখ্যা ২টি, টয়লেট ৪টি, বাথরুম ২টি এবং বিশুদ্ধ পানির জন্য ২টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

‘সোনাপুর ” আশ্রয়ণ-২ প্রকল্পটি এই এলাকার ১০টি গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে এবং এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

 

 

 

লালমাইয়ে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে লালমাই উপজেলার ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২২ মার্চ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বর্তমান সরকারের উন্নয়ন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা, গুজব, বাল্য বিবাহ, মাদক এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান, লালমাই উপজেলা শিক্ষা অফিসার মোহাম্ম সাইফুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: হুমায়ুন কবির।

স্বাগত বক্তব্য রাখেন ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুমা সুলতানা। সমাবেশে বক্তাগন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। বক্তাগণ নারী শিক্ষা –নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। কন্যা সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যত উন্নতি চাইলে তাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বক্তাগণ আরো বলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। বক্তাগণ করোনা ভাইরাস এর এই সময়ে সবাইকে সচেতন ভাবে বাড়ির বাহিরে গেলে মাস্ক ব্যবহার, বাহির থেকে বাসায় ফিরলে সাবান পাানি দিয়ে হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করেন। সমাবেশ সঞ্চালনায় ছিলেন দেলোয়ার হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২২মার্চ বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন বি-বাড়িয়া জেলার সদর উপজেলার আমিনপুর গ্রামের মৃত হান্নান মিয়ার এর ছেলে মোঃ আলাউদ্দিন(৩০) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের অলী আহমেদ এর ছেলে মোঃ জুয়েল মিয়া(২৮)।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিতাসে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত‍্যু

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাসে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত‍্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তির নাম রিপন মিয়া(৩০)।

সে উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের মোঃ মোতালেব মিয়ার পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

এ তথ‍্য নিশ্চিত করে নিহতের ছোট ভাই স্বপন বলেন, মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে আটটায় হোমনা উপজেলার জয়পুর গ্রামে আমার ছোট বোনের বাড়িতে যায় বিল্ডিং এর কাজ করার জন্য। এসময় বিল্ডিং এর উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে কে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ থানার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১মার্চ রাতে সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভাটপাড়া গ্রামের জাকির হোসেন এর ছেলে মোঃ মনির হোসেন(২২)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।