All posts by jitu

যুক্তরাষ্ট্রে শর্তসমূহের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে শুনানির মুখে জেডটিই

ডেস্ক রিপোর্ট:

নতুন এক অভিযোগে গত ১৪ মার্চ চীনের বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই করপোরেশনকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের মুখোমুখি হতে হয়েছে। ২০১৭ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ইরানে পাচার করার অপরাধের আবেদনের পরিপ্রেক্ষিতে যে শর্তারোপ করা হয়, তা ভঙ্গের কারণেই তাদেরকে আদালতে তলব করা হয়েছে।

টেক্সাস ফেডারেল আদালতে গত ০৪ মার্চ দায়ের করা তথ্য অনুসারে, সম্ভাব্য শর্ত লঙ্ঘন ভিসা জালিয়াতির একটি ‘কথিত’ ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত।

গত বছর মার্চে প্রকাশ করা একটি অভিযোগপত্রে নিউ জার্সির সাবেক জেডটিই গবেষণা পরিচালক এবং জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একজন অধ্যাপককে জে-১ ভিসা দিয়ে চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্রে আনার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, যা জর্জিয়া টেকের মতো প্রতিষ্ঠানে কাজ এবং অধ্যয়নের জন্য ডিজাইন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে আসার পর চীনা নাগরিকরা নিউ জার্সিতে জেডটিইর জন্য কাজ করতে যায় বলে অভিযোগ করা হয়েছে। তবে, অধ্যাপক জি-কুং চ্যাং, দোষী নয় বলে স্বীকার করেছেন। জেডটিই এর গবেষণা পরিচালক জিয়ানজুন ইউ-এর অবস্থান অস্পষ্ট। মামলায় জেডটিইকে অভিযুক্ত করা হয়নি।

জর্জিয়ার নর্দান ডিস্ট্রিক্টে মার্কিন অ্যাটর্নির একজন মুখপাত্র মামলাটি বিচারাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ওয়াশিংটনে মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে, জেডটিই এর একজন আইনজীবীও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি।
যদি জেডটিই এর শর্তসমূহ লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া যায়, তবে এর প্রভাবগুলো সুস্পষ্ট নয়। কিন্তু অতীতে জেডটিই মার্কিন কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য ব্যাপক জরিমানা এবং অন্যান্য দণ্ড প্রাপ্ত হয়।

২০১৭ সালে টেক্সাসে মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে জেডটিই ৮৯২ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়; কারণ আইন অনুযায়ী, ইরান এবং উত্তর কোরিয়াতে যুক্তরাষ্ট্রে তৈরি প্রযুক্তি বিক্রির ওপর তখন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পাঁচ বছরের তদন্তে জেডটিই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে দেশটির যন্ত্রাংশ কিনে, সেগুলোকে জেডটিই সরঞ্জামে প্রবেশ করানো মাধ্যমে অবৈধভাবে ইরানে পাঠানোর ষড়যন্ত্র করে। তদন্তকারীরা উত্তর কোরিয়ায় পাঠানো টেলিযোগাযোগ সরঞ্জামের ২৮৩ টি চালানের সন্ধান পায়।

সে সময়, জেডটিই তিন বছর সময়কালের শর্ত, একটি কমপ্লায়েন্স প্রোগ্রাম এবং একটি কর্পোরেট মনিটরের জন্য সম্মত হয়।

কিন্তু ২০১৮ সালে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানায়, জেডটিই ভুল কাজের সাথে জড়িত নির্বাহীদের শৃঙ্খলাবদ্ধ করার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছে এবং জেডটিইকে মার্কিন সরবরাহকারীদের সাথে ব্যবসা করা থেকে বিরত রাখতে নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জেডটিই ১ বিলিয়ন ডলার প্রদান, নেতৃত্ব পরিবর্তন এবং পরবর্তী ১০ বছর মনিটর করতে সম্মত হয়।

টেক্সাসের বিচারক ফৌজদারি মামলা এবং পর্যবেক্ষণ থেকে কোম্পানির সময়সীমা আরো দুই বছরের জন্য ২২ মার্চ, ২০২২ পর্যন্ত বৃদ্ধি করে।

‘ছোট ভাই’দের জন্য স্যামসাংয়ের বড় কিছুর ইঙ্গিত!

ডেস্ক রিপোর্ট:
থমথমে পরিবেশ, ব্যাকগ্রাউন্ড মিউজিকে জমজমাট সাসপেন্স! বদ্ধ রুমে ক্ষীণ আলোর নিচে রিভলভিং চেয়ারে উল্টো দিকে মুখ ফিরিয়ে বসে আছেন কোনো এক কুখ্যাত ডন, কিংবা সহজ বাংলায় – ‘বড় ভাই’! সেই বড় ভাইয়ের আশেপাশে কালো পোশাক আর কালো চশমা চাপিয়ে দাঁড়িয়ে তার ছোট ভাইয়েরা। বড় ভাইয়ের সামনে তার সবচেয়ে বিশ্বস্ত ‘ছোট ভাই’ কোনো অসাধ্য সাধন করে খুশিমনে বলছে ‘ওস্তাদ, কাম হইয়া গেছে’ কিংবা বড় ভাইয়ের প্রশ্নে দ্বিধায় পড়ে মাথা চুলকাতে চুলকাতে কাঁচুমাচু করে বলছে ‘বড় ভাই, বিষয়টাতো বুঝবার পারলাম না’। বাংলা সিনেমার এমন দৃশ্যের সাথে কমবেশি সবাই আমরা পরিচিত।

কিন্তু এমন একটা ভিডিও যখন শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্যামসাংয়ের ফেসবুক পেইজ থেকে পোস্ট করা হয়, ভিউয়ারদের মাথায় তো প্রশ্ন আসবেই – ব্যাপারটা কি? স্মার্টফোনসহ নানারকম ইলেকট্রনিক ডিভাইস আর ইলেকট্রনিক্স পণ্যের জন্য খ্যাত প্রতিষ্ঠান স্যামসাংয়ের পক্ষ থেকে এমন ভিন্নধর্মী ভিডিও স্বাভাবিকভাবেই গ্রাহকদের মনে স্যামসাংয়ের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে সেই ব্যাপারে এমন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এমন অদ্ভুত ভিডিওর মাধ্যমে কীসের ইঙ্গিত দিচ্ছে স্যামসাং? প্রযুক্তি বিশ্ব জয়ের পর তবে কী এবার বিনোদন জগত জয়ের আভাস দিচ্ছে এই প্রযুক্তি জায়ান্ট?

প্রতিযোগিতার এই বাজারে স্মার্টফোন নির্মাতারা প্রতিনিয়তই নিয়ে আসছে বিভিন্ন আকর্ষণীয় ফিচারের দারুণ সব স্মার্টফোন। কিন্তু এত শত ফোনের ভিড়েও বাজেট অনুযায়ী প্রয়োজনীয় সকল ফিচার আছে এমন ফোনের দেখা পাওয়া কঠিন। সাশ্রয়ী মূল্যে সুবিশাল স্ক্রিন, তুখোড় ব্যাটারি আর মারদাঙ্গা র‌্যামযুক্ত ফোন খুঁজে পাওয়া কিছুটা অসাধ্য সাধনের মতোই। বাংলা সিনেমার ভাষায় বললে, হয়তো এই অসম্ভবকে সম্ভব করতে পারবে বড় ভাইরাই।

গ্রাহকদের চাহিদা অনুসারে সর্বাধুনিক প্রযুক্তির উদ্ভাবনী ডিভাইস বাজারে নিয়ে আসার মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে স্যামসাং। সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে সাধ্যের মধ্যেই চমৎকার সব ফোন বাজারে নিয়ে আসার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। বাংলা সিনেমার দৃশ্যের মতো এই ভিডিওর পেছনে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যের নতুন কোনো ফোন উন্মোচনই হোক, কিংবা হোক সিনেমার পর্দায় নতুন কোনো তুখোড় অ্যাকশনের ইঙ্গিত, স্যামসাং ফ্যানদের জন্য শীঘ্রই যে নতুন কিছু চমক আসতে যাচ্ছে – তা নিশ্চিতভাবেই বলা যায়!

বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

 

ডেস্ক রিপোর্ট:
বিশ্বের শীর্ষ ছয় স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রিয়েলমি, সবাইকে ছাপিয়ে বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। পাশাপাশি, রিয়েলমি প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের ২০টি বাজারে ৫জি স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে শীর্ষ পাঁচে স্থান দখল করেছে। এরই মাধ্যমে ৫জি স্মার্টফোন সবার হাতের নাগালে নিয়ে আসার ক্ষেত্রে বাজারের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে রিয়েলমি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বছর প্রতি ১৬৫ শতাংশ প্রবৃদ্ধির সাথে রিয়েলমি’র ফাইভজি শিপমেন্ট; সকল স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে সম্প্রসারণের কারণে ব্র্যান্ডটির দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে। বিশেষ করে, রিয়েলমি ৮ ফাইভজি ও জিটি সিরিজের জন্য এই প্রত্যেকটি দেশে রিয়েলমি এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড।

উল্লেখ্য, গত বছরের চতুর্থ প্রান্তিকে ৫০ লাখ বা তার বেশি ইউনিট ফাইভজি শিপমেন্ট করা ব্র্যান্ডগুলোকে প্রধান ফাইভজি ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয়।

রিয়েলমির ফাইভজি ডিভাইসগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিকের মতো অঞ্চলগুলোতেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। এসব অঞ্চলেই রয়েছে রিয়েলমি’র ২০টি বাজারের (এর মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, মরক্কো, মিয়ানমার এবং সিঙ্গাপুর) সবচেয়ে বড় অংশ, যেখানে রিয়েলমি’র স্মার্টফোন শিপমেন্ট শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে।

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, “এটি ফাইভজি স্মার্টফোন সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে আমাদের নিরলস কাজ করার প্রতিফলন। একটি উদীয়মান টেক ব্র্যান্ড হিসেবে, রিয়েলমি সর্বদা বিশ্বব্যাপী তরুণ ব্যবহারকারীদের ৫জি’র মতো সর্বাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা গ্রহণে উত্সাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বের ফ্যানদের কাছে আমরা আকর্ষণীয় এবং ভবিষ্যৎ উপযোগী ডিভাইস সরবরাহ অব্যাহত রাখবো।”

৫জি স্মার্টফোনগুলোকে জনপ্রিয় করার ব্যাপারে বিশেষ গুরুত্ব প্রদানে, রিয়েলমি তাদের নাম্বার সিরিজ ৫জি ডিভাইসগুলোর এএসপি ২০২০ এর প্রথম প্রান্তিকের ২৭০ মার্কিন ডলার থেকে চলতি বছরের প্রথম প্রান্তিকে ২০০ মার্কিন ডলারের (৯ ফাইভজি) নিচে নামিয়ে এনেছে এবং একই সাথে, ব্যবহারকারীদের চাহিদা মেটাতে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি সিরিজের অধীনে আরও উন্নত ফাইভজি স্মার্টফোন নিয়ে এসেছে।

জীবনকে সহজ করবে মাইক্রোওয়েভ ওভেন

ডেস্ক রিপোর্ট:

কর্মব্যস্ত দিনের শেষে জাহিন ও সায়মা দম্পতির বাসায় পৌঁছাতে প্রতিদিনই রাত ১০টা বেজে যায়। এরপর হাত-মুখ ধুয়ে ফ্রেশ হতে লেগে যায় আরো কিছু সময়। ঘরে পৌঁছে এতো রাতে তাদের আর রান্না করতে ইচ্ছে করে না। এ পরিস্থিতিতে তারা ঝটপট রান্নার একটি উপায় বের করে ফেলেন। ইউটিউব দেখে তারা ‘মাইক্রোওয়েভড গ্রিলড চিকেন রান্না’ করার সিদ্ধান্ত নেন। জাহিন ফ্রিজার থেকে মুরগির মাংস বের করে ভালোভাবে ম্যারিনেট করে ১০ মিনিট রেখে দেন, এরপর মাংসগুলোকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে রেখে দেন ২০ মিনিট। ব্যস, মুরগির মাংস রান্না হয়ে যায়! এভাবেই তারা কর্মব্যস্ত দিনগুলোতে খুব কম সময়ের মধ্যে ‘মাইক্রোওয়েভ গ্রিলড চিকেন’ রান্না করে রাতের খাবার সেরে ফেলেন।

জাহিন ও সায়মা দম্পতির মতো যারা কর্মব্যস্ত দিনের শেষে ঝটপট রান্না শেষ করতে চান তাদের জন্য মাইক্রোওয়েভ ওভেন বেশ সহায়ক। এ প্রয়োজনীয় অনুষঙ্গ খুব কম সময়ের মধ্যে রান্না শেষ করতে সাহায্য করে; এর বিশেষ সুবিধা হচ্ছে, রান্নার সময় খাবার হয়েছে কিনা তা বার বার দেখতে হয় না। তাই, চাকরিজীবী দম্পতিদের জন্য এটি প্রয়োজনীয় এক অনুষঙ্গে পরিণত হয়েছে।

বাজারে তিন ধরনের মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যাচ্ছে- সোলো, গ্রিল ও কনভেকশন। সোলো মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম, সবজি সেদ্ধ, জমাটবাঁধা মাংসকে নরম করতে সাহায্য করে। সোলো মাইক্রোওয়েভ ওভেনটি বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। যদি কেউ খুব দ্রুত খাবার রান্না করতে চান, তাহলে এ ওভেনটি তাদের জন্য বেশ উপযোগী। অতিরিক্ত ফিচার ও ইন্টারনাল গ্রিল সুবিধা থাকায় গ্রিল মাইক্রোওয়েব ওভেন দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু ও মজাদার খাবার খুব সহজেই রান্না করা যায়। কনভেকশন মাইক্রোওয়েব ওভেন দিয়ে খুব সহজেই কেক ও পিৎজা বানানো যায়।

রান্নাকে সহজ করতে এ ওভেনগুলোতে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। অটো কুক/রিহিট/ডিফ্রস্ট ফিচারগুলোর মাধ্যমে পাওয়ার সেটিং অপশন সেট করে ওভেনটি চালানো যাবে। অতিরিক্ত গরম না করে সঠিক তাপমাত্রায় রান্না শেষ করার জন্য এতে রয়েছে ‘কিপ ওয়ার্ম’ ফাংশন। জাহিন ও সায়মা দম্পতির মতো যাদের অফিস শেষে বাসায় ফিরতে দেরি হয় তারা খুব দ্রুত সময়ের এ সরঞ্জামটি দিয়ে রান্না করতে পারবেন এবং এতে দীর্ঘসময় খাবার গরমও থাকবে।

আপনার মাইক্রোওয়েভ ওভেনে যদি এনার্জি সেভ মোড অপশন থাকে তবে এটি ব্যবহারে আপনার কম বিদ্যুৎ খরচ হবে, কিছু মাইক্রোওয়েভ ওভেনে সেন্সর কুকিং ফিচার রয়েছে, যা খাবার ও বাতাসের ময়েশ্চারকে কাঙ্ক্ষিত তাপমাত্রায় ওপর ভিত্তি করে শক্তির স্তর ও রান্নার সময়কে সমন্বয় করতে সাহায্য করে।

হট ব্লাস্ট, সিরামিক ক্যাভিটি, ট্যান্ডর টেকেনোলজি ও অন্যান্য অনেক ফিচারের সমন্বয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের মাইক্রোওয়েভ ওভেনের অনেকগুলো মডেল রয়েছে। স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনগুলো তাৎক্ষণিক ও সহজে সুস্বাদু খাবার রান্না করতে ব্যবহারকারীদের সাহায্য করে, যা অনেক সময়ও বাঁচায়। ব্যবহারকারীরা বাটন চেপেই প্রি-প্রোগ্রামড লোকাল রেসিপি বানাতে পারবেন। ২০ লিটার, ২৩ লিটার, ২৮ লিটার ও ৩৫ লিটার ভার্সনের ওভেনগুলো ৮,৯০০ টাকা থেকে ৪২, ৯০০ টাকার মধ্যে আগ্রহীরা ক্রয় করতে পারবেন। বিস্তারিত জানতে, ব্যবহারকারীদের স্যামসাংয়ের আউটলেট কিংবা ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.samsung.com/bd.

জাহিন ও সায়মা দম্পতির মতো যাদের কর্মব্যস্ত দিনের শেষে রাতে বাসায় ফিরতে হয় কিংবা রান্না করার প্রয়োজনীয় সময় থাকে না, তারা নিজেদের জীবনকে সহজ করতে আস্থা রাখতে পারেন মাইক্রোওয়েভ ওভেনের ওপর।

১৭ ও ১৮ মার্চ কুমিল্লা স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লীগের দুটি খেলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর খেলা শুরু হচ্ছে। এবারের আসরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হোম ভ্যানু হিসেবে নিয়েছে চট্টগ্রাম আবাহনী লিঃ ও ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব।

১৭ ও ১৮ মার্চ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দুটি খেলা হবে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় শুরু হবে খেলা।

১৭ মার্চ চট্টগ্রাম আবাহনী লিঃ এর সাথে খেলবে উত্তর বাড়িধারা ক্লাব ও ১৮ মার্চ ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব এর সাথে খেলবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

কুমিল্লা স্টেডিয়ামের প্রস্তুতি দেখতে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরফানুল হক রিফাত ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বুধবার মাঠ রপরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, সদস্য দেলোয়ার হোসেন জাকির, সারোয়ার জাহান ও আল আমিন ভূইয়া।

কুমিল্লা স্টেডিয়াম পরিদর্শন করে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেন দ্রুততার সাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনকে সাথে নিয়ে কুমিল্লা স্টেডিয়াম মাঠকে প্রস্তুত করেছি। তিনি জানান আমরা সবগুলো খেলাই সুন্দরভাবে শেষ করতে পারবো।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বলেন, ঢাকার বাইরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাঠ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর জন্য সবচেয়ে বেশি আকর্ষনীয়। আমরা খেলোয়ড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তিনি বলেন গত আসরের মতোই দর্শক সমাগম হবে কুমিল্লা মাঠে।

 

 

চান্দিনায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষকে মারধর; আটক ৩

 

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষকে মারধর করেছে ছাত্রলীগের কয়েকজন সদস্য।

বুধবার দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজে ওই ঘটনা ঘটে। আহত মো. মনিরুল ইসলাম ভূইয়া ওই কলেজের অধ্যক্ষ। তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ছাত্রলীগের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী জামিল ও ছাত্রলীগ নেতা রানা।

কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া জানান, বেশ কয়েক মাস যাবৎ কযেকজন ছাত্র বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের ব্যানারে কলেজের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অযুহাতে ছাত্রদের ক্লাস থেকে ডেকে বের করে নেয়। আমরা বিষয়টিবে বাঁধা দিলে ক্ষুব্ধ হয় তারা। গত সোমবার সকালে কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের মূল ফটকে দুইটি মোটরসাইকেল রেখে শিক্ষার্থীদের পথরোধ করে দুইজন। এসময় কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী রাজন বাঁধা দিলে তাকে মারধর করে। মঙ্গলবার ওই ঘটনার রেশ ধরে আবারও তার উপর হামলা করে। এতে কলেজ ছাত্র আজাদ ও ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী রাজন আহত হয়। বুধবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধন শুরু করে। এসময় আমি তাদেকে বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে গেলে ছাত্রলীগ নেতা রবি, রানা, জামিল আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করে।

ছাত্রলীগ নেতা সামিরুল খন্দকার রবি জানান, ওইসব ঘটনা মিথ্যা। ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধন করলে সেখানে বাঁধা দেয় কলেজের শিক্ষক ও কর্মচারীরা। এসময় অহেতুক আমাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিব হাসান জানান, অধ্যক্ষের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুমিল্লা নগরীতে বে‌শি দা‌মে তেল বি‌ক্রি করায় ডিলার‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের তদার‌কি অ‌ভিযা‌নে ১টি প্রতিষ্ঠান‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

কু‌মিল্লা নগরের চকবাজার এলাকায় বুধবার বেলা ১১টা থে‌কে বেলা দেড়টা পর্যন্ত এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় বে‌শি দা‌মে পাইকারি বি‌ক্রেতার কাছে তেল বি‌ক্রি করার অ‌ভি‌যো‌গে সি‌টি গ্রু‌পের তীর ব্রা‌ন্ডের ডিলার মেসার্স হী‌রেন চন্দ্র সাহা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও অন‌্যান‌্য নিত‌্যপ‌ণ্যের দোকানগু‌লোও তদার‌কি করা হয়। তদার‌কি অ‌ভিযা‌নে দোকানী‌দের ক্রয়ের পাকা র‌সিদ সংরক্ষণ, ক্রেতা‌দেরকে র‌সিদ প্রদা‌ন এবং দৃশ‌্যমান স্থা‌নে প‌ণ্যের মূল‌্য তা‌লিকা প্রদর্শনের নি‌র্দেশনা ‌দেওয়া হয়। এছাড়াও তে‌লের সা‌থে অন‌্য পণ‌্য কেনার শর্তা‌রোপ ক‌রে বি‌ক্রি না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এ সময় জেলা সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

দাউদকান্দিতে পল্লী চিকিৎসকের দেয়া ওষুধ খেয়ে ঝলসে গেছে শিশুর শরীর

স্টাফ রিপোর্টার:
দাউদকান্দিতে এক পল্লী চিকিৎসকের দেয়া ওষুধ খেয়ে ঝলসে গেছে পাঁচ মাস বয়সী শিশুর পুরো শরীর। এ ঘটনায় বুধবার পল্লী চিকিৎসক দীপক চন্দ্র নন্দীর নামে উপজেলা স্বাস্থ কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন শিশুটির চাচা ফিরোজ শিকদার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিটেস্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী গ্রামের প্রবাসী স্ত্রী সাহারা আক্তার তার পাঁচ মাস বয়সী শিশু আবরার হোসেন অসুস্থ্য হলে গত শনিবার স্থানীয় নৈয়ার বাজারের নন্দী ফার্মেসীতে নিয়ে যান। ফার্মেসীর মালিক পল্লী চিকিৎসক দীপক চন্দ্র নন্দীর দেয়া শনিবারের ওষুধে কাজ না করায় পরদিন রবিবার আবার সেখানে নিয়ে যান। রবিবারের দেয়া ওষুধ খেয়ে শিশুটির পুরো শরীর জ¦লসে যায়। বর্তমানে শিশুটি ঢাকার মাতুয়াইল শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির মা সাহারা আক্তার বলেন, কোন মানুষ আগুনে পুড়লে যেমন হয়, দীপক চন্দ্র নন্দী ডাক্তারের দেয়া ওষুধ খেয়ে আমার বাচ্চার অবস্থা এখন তেমন হয়েছে। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, এখন আমার বাচ্চা সারাদিনে একবারও চোখ খোলে না।

পল্লী চিকিৎসক দীপক চন্দ্র নন্দী বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে গরমে শিশুটির শরীরে ছোট ছোট গোটার মতো হয়েছে। প্রথম দিনের ওষুধে ভালো না হওয়ায় এ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিলাম।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, কোন পল্লী চিকিৎসক এ্যান্টিবায়োটিক ওষুধ লিখতে পারে না। ওষুধের পাওয়ারে শিশুটির পুরো শরীর জ¦লসে গেছে। আমি দেখে উন্নত চিকিৎসার জন্য মাতুয়াইল শিশু হাসপাতালে পাঠিয়েছি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান বলেন, আমি অফিসিয়াল কাজে এলাকার বাইরে আছি। অভিযোগটি দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কুবিতে যৌন হয়রানি প্রতিরোধ শীর্ষক সভা অনুষ্ঠিত

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ইউএন উইমেন বাংলাদেশ’ এর সহযোগিতায় এবং ‘আমরাই পারি’ এর আয়োজনে ‘মাল্টিস্টেকহোল্ডার এলায়েন্স ও যৌন হয়রানি প্রতিরোধ শীর্ষক’ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল ক্লাস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউএন উইমেন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গঠিত ‘টেকনিক্যাল কমিটি’ ও যৌন নিপীড়ন প্রতিরোধ কল্পে গঠিত ‘অভিযোগ কমিটি’র কার্যাবলি ও ইউএন উইমেন কুবির ভবিষ্যত লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউএন উইমেনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ড. জান্নাতুল ফেরদৌস, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক শারমিন রেজোয়ানা, ‘আমরাই পারি’এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুবিনুর রহমান এবং প্রোগ্রাম অফিসার মর্জিয়া প্রভা, ‘দৃষ্টি’ এর প্রজেক্ট অফিসার বিনা রাণী দত্ত ও কাজী আহমেদ জামিল রুকনসহ উইএন উইমেনের স্টুডেন্ট লিডার ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধকল্পে ইউএন উইমেন, আমরাই পারি প্রায়ই বিভিন্ন সচেতনতামূলক সভা সেমিনারের আয়োজন করে থাকে। এবারের সভাটি বাস্তবায়নে ‘দৃষ্টি কুমিল্লা’ সর্বাত্মক সহযোগিতা করে।