All posts by jitu

স্যামসাং টিভিতে ১৫ হাজার টাকারও বেশি ক্যাশব্যাক

 

ডেস্ক রিপোর্ট:

শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস প্রস্তুতকারক ব্র্যান্ড স্যামসাং তার ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এক অসাধারণ অফার নিয়ে এসেছে। অধিক সংখ্যক ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে শীর্ষস্থানীয় টেলিভিশন মডেলগুলো পৌঁছে দেয়ার লক্ষ্যে বিশ্বের ১ নম্বর টিভি ব্র্যান্ডটি এর টিভি লাইন-আপে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা প্রদান করছে।

এ অফারের আওতায়, ৫৫-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৫৫এইউ৭৭০০আর) এবং (ইউএ৫৫এইউ৮০০০আর) এ দু’টি পৃথক মডেলের টিভিগুলো যথাক্রমে ৯৯,৯০০ টাকার পরিবর্তে ৯৩,৯০০ টাকায় এবং ১,০৫,৯০০ টাকার পরিবর্তে ৯৯,৯০০ টাকায় পাওয়া যাবে। ৫৫-ইঞ্চির ফোরকে ইউএইচডি টিভির মডেলগুলো ব্যবহারকারীদের স্পষ্ট ছবি ও দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করার সুযোগ করে দিবে। এটি স্বয়ংক্রিয়ভাবে কম রেজ্যুলেশনের ভিডিওগুলো সিন-বাই-সিন বিশ্লেষণ করে এবং শক্তিশালী ফোরকে আপস্কেলিং প্রযুক্তির মাধ্যমে কালার ও কন্ট্রাস্ট সমন্বয় করে, যার ফলে ফোরকে রেজ্যুলেশন কনটেন্ট উপভোগ করা যায়।

এছাড়াও, ৫০-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৫০এইউ৭৭০০আর) এবং (ইউএ৫০এইউ৮০০০আর) দু’টি মডেল পূর্ব মূল্য ৭৮,৯০০ টাকার পরিবর্তে ৭৩,৯০০ টাকা এবং ৮৪,৯০০ টাকার পরিবর্তে ৭৮,৯০০ টাকায় পাওয়া যাবে। স্মার্ট ফোরকে অভিজ্ঞতার সাথে এই মডেলগুলো রঙিন এবং প্রাণবন্ত ছবি প্রদান করে। রঙের এক বিলিয়ন শেড সহ ডায়নামিক ক্রিস্টাল প্রযুক্তি বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা প্রদান করে, যাতে ব্যবহারকারীরা ছবির প্রতিটি বিষয় দেখতে পারবেন।

৪৩-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৪৩এইউ৭৭০০আর) এবং (ইউএ৪৩এইউ৮০০০আর) দু’টি মডেল এখন পূর্ব মূল্য ৫৯,৯০০ টাকার পরিবর্তে ৫১,৯০০ টাকায় এবং অন্যটি ৬৮,৯০০ টাকার পরিবর্তে ৫৯,৯০০ টাকায় পাওয়া যাবে। স্লিম গড়নের ৪৩-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি মডেলগুলো প্রাণবন্ত রঙ প্রদান করে। নজরকাড়া ডিজাইনের ফোরকে ইউএইচডি টিভি’র ফিচার ৪-গুন বেশি পিক্সেলের সাথে সাধারণ এফএইচডি থেকে নিখুঁত ছবি প্রদান করে।

এছাড়াও, ৪৩-ইঞ্চি স্মার্ট এফএইচডি টিভি (ইউএ৪৩টি৫৪০০এআর) ৪৯,৯০০ টাকার পরিবর্তে ৪৫,৯০০ টাকায়, ৩২-ইঞ্চি স্মার্ট এইচডি টিভি (ইউএ৩২টি৪৪০০এআর) পূর্ব মূল্য ৩২,৯০০ টাকার পরিবর্তে ৩০,৯০০ টাকায় এবং ৩২-ইঞ্চি বেসিক এইচডি টিভি (ইউএ৩২এন৪০১০এআর) পূর্ব মূল্য ২৮,৯০০ টাকার পরিবর্তে ২৬,৯০০ টাকায় পাওয়া যাবে। পারকালার প্রযুক্তির স্যামসাং এফএইচডি/এইচডি টিভি নিখুঁত ও উচ্চ মানসম্পন্ন ছবি প্রদান করে।

কিউএলইডি টিভি মডেলগুলোতে অবিশ্বাস্য ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে স্যামসাং। ৫৫-ইঞ্চি কিউএলইডি টিভির (কিউএ৫৫কিউ৬০এএআর) এবং (কিউএ৫৫কিউ৭০এএআর) দুটি মডেল এখন যথাক্রমে ১,৪৪,৯০০ টাকার পরিবর্তে ১,২৯,৯০০ টাকায় এবং ১,৫৯,৯০০ টাকার পরিবর্তে ১,৪৪,৯০০ টাকায় পাওয়া যাবে। ঝকঝকে ছবি প্রদানে ডিভাইসগুলোতে বিশেষ কোয়ান্টাম ডট প্রযুক্তি রয়েছে। কালার ভলিউম ১০০% সহ, কোয়ান্টাম ডট আলোকে প্রাণবন্ত রঙে পরিণত করে এবং যেকোনো ব্রাইটনেসেই তা বজায় থাকে।

এই বিশেষ অফারের বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং সবসময়ই সর্বোচ্চ মানের প্রযুক্তি পণ্য এবং সেবা প্রদানের ওপর জোর দেয়। আমরা বিশ্বাস করি, এই পণ্যগুলোর দাম কমানোর মাধ্যমে আমরা ফিচার বা মানের সাথে কোনোরূপ আপোষ না করেই স্যামসাং পণ্যগুলোকে আরও অধিক সংখ্যক গ্রাহকের বাড়িতে পৌঁছে দিতে পারবো।”

গ্রাহকদের প্রয়োজনীয়তা পূরণে ধারাবাহিকভাবে উদ্ভাবনী পণ্য তৈরি স্যামসাংয়ের কাছে সব সময়ই প্রাধান্য পায়। দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যতিক্রমী উদ্ভাবনী উপভোগ করতে পারেন, টিভি রেঞ্জের মূল্যহ্রাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি তা এখন নিশ্চিত করছে।

জয় প্রকাশ গ্রামীণফোনের নতুন চিফ টেকনোলজি অফিসার

ডেস্ক রিপোর্ট:
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন জয় প্রকাশ। আগামী ১ এপ্রিল থেকে তার নিয়োগ কার্যকর হবে। এ দায়িত্বগ্রহণের আগে তিনি ২০১৪ সালের নভেম্বর মাস থেকে টেলিনর মিয়ানমারের চিফ টেকনোলজি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গ্রামীণফোনের বর্তমান সিটিও রাদে কোভাসেভিচ টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

টেলিযোগাযোগ খাতে জয় প্রকাশের (জেপি) সুদীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। মিয়ানমারে তিনি নেটওয়ার্ক ও আইটি সহ সকল ধরনের প্রযুক্তি বিষয়ক কার্যক্রমের দায়িত্ব পালন করেন। মিয়ানমারের স্টার্টআপ টিমের অংশ হিসেবে জয় প্রকাশ টেলিনর মিয়ানমারের উচ্চক্ষমতা সম্পন্ন ডেটা নেটওয়ার্ক স্থাপন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সময়কালে টেলিনর মিয়ানমার টাচ ফ্রি অপারেশন্স ও ডিজিটাল টেলকোর সম্ভাবনা উন্মোচনে প্রথম সারিতে অবস্থান তৈরি করতে সক্ষম হয়। টেলিনর মিয়ানমারে যোগদানের আগে, জেপি টেলিনর ইন্ডিয়ার সার্কেল টেকনিক্যাল হেড হিসেবে বিহার ও ইস্টার্ন উত্তর প্রদেশে কর্মরত ছিলেন।
জয় প্রকাশ বলেন, “প্রবৃদ্ধিশীল ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোনের সিটিও হিসেবে নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিগত বছরগুলোতে নিরলস প্রচেষ্টায় গ্রামীণফোন ৮ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহকের জন্য শক্তিশালী টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছে; একইসঙ্গে উদ্ভাবন, প্রযুক্তি ও বৈচির্ত্যপূর্ণ পণ্য ও সেবা উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রেখেছে। এমন একটি টিমের অংশ হয়ে এ পথচলায় একসাথে কাজ করতে পারবো ভেবে আমি রোমাঞ্চিত।”

জয় প্রকাশকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “জয় প্রকাশকে গ্রামীণফোন পরিবারে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছু সম্ভব করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের কৌশলগত প্রচেষ্টায় তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা সহায়ক ভূমিকা রাখবে; পাশাপাশি, তার অন্তর্ভুক্তি গ্রাহকের ডিজিটাল লাইফের প্রত্যাশা পূরণে ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্ক তৈরিতেও সহায়তা করবে।”

গত সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে আধুনিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ৮ কোটি ৩০ লাখের বেশি গ্রাহককে সহায়তায় অসামান্য অবদান রাখার জন্য ইয়াসির আজমান বিদায়ী সিটিও রাদেকে ধন্যবাদ জানান। পাশাপাশি, তিনি রাদেকে তার আগামী দিনের পথচলার জন্য শুভ কামনা জানান।

ইলেকট্রনিকস এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে জয় প্রকাশের বি.ই. ডিগ্রি রয়েছে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

দাউদকান্দি উপজেলায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে দাউদকান্দি উপজেলার দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বর্তমান সরকারের উন্নয়ন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা, গুজব, বাল্য বিবাহ, মাদক এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসার মো: নূরুল ইসলাম, দাউদকান্দি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: রিয়াজুল ইসলাম, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মো: মেছবাহ উদ্দিন, প্রধান শিক্ষক, দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি।

সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। বক্তাগণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। বক্তাগণ করোনা ভাইরাস এর এই সময়ে সবাইকে সচেতন ভাবে বাড়ির বাহিরে গেলে মাস্ক ব্যবহার, বাহির থেকে বাসায় ফিরলে সাবান পাানি দিয়ে হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করেন। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

১৯ মার্চ পর্যন্ত চলবে দারাজে রিয়েলমি স্মার্টফোনে আকর্ষণীয় অফার

 

ডেস্ক রিপোর্ট:
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ব্যবহারকারী এবং ফ্যানদের জন্য দারুণ দারুণ সব চমক এবং অফার নিয়ে আসতেই থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রিয়েলমি স্মার্টফোন প্রেমীদের জন্য “মোবাইল মার্চিং অন” নামে একটি ক্যাম্পেইন চালু করেছে যার মাধ্যমে গ্রাহকেরা লাভজনক মূল্যে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

১৩ থেকে ১৯ মার্চ  পর্যন্ত গ্রাহকদের জন্য থাকবে বিশেষ অফার। এই সময়ে গ্রাহকেরা দারাজ থেকে ৮ শতাংশ পর্যন্ত ছাড়ে রিয়েলমি স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া, ১৫ ও ১৬ মার্চ দারাজে চলবে একটি বিশেষ ফ্ল্যাশ সেল, যেখানে ব্যবহারকারীরা দারাজের ভাউচার ব্যবহার করে ১০ শতাংশ পর্যন্ত ছাড়ে রিয়েলমি স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

১৫ ও ১৬ তারিখের ফ্ল্যাশ সেল চলাকালীন গ্রাহকরা ১০,৪৫১ টাকায় রিয়েলমি সি২১ওয়াই (৩/৩২জিবি), ১২,৪৯৬ টাকায় রিয়েলমি সি২৫ওয়াই (৪/৬৪ জিবি), ১৪,৪২৫ টাকায় রিয়েলমি সি২৫এস (৪/১২৮জিবি) কিনতে পারবেন। এই অফার চলাকালীন তাদের জিটি সিরিজ এবং নম্বর সিরিজের ফোনগুলিও বিশেষ অফারে কেনা যাবে – রিয়েলমি জিটি নিও ২ ৩৬,১৯৮ টাকায়, রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮/১২৮ জিবি) ৩১,০১২ টাকায়, রিয়েলমি ৮ ৫জি (৮/১২৮ জিবি) ২০,৮৪৩ টাকায় এবং রিয়েলমি ৮ (৮/১২৮ জিবি) ২০,৬২০ টাকায় এবং সম্প্রতি লঞ্চ হওয়া ৯আই ১৫,৮৪১ টাকায় পাওয়া যাবে।

পাশাপাশি ক্রেতারা রিয়েলমি স্মার্টফোন কেনার জন্য ১২-মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন এবং নির্বাচিত ফোনগুলোর যেকোনো একটি কেনার পরে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন।

আগামী তিন বছরে তরুণ ব্যবহারকারীদের জন্য ১০ কোটি ৫জি ফোন অফার করার লক্ষ্যে ৫জি পণ্যগুলির একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি। সাশ্রয়ী মূল্যের ৫জি ফোনের পাশাপাশি, রিয়েলমি তরুণ গ্রাহকদের কাছে আরও এআইওটি পণ্য নিয়ে আসবে; কারণ রিয়েলমি উন্নত ‘১+৫+টি’ কৌশল নিয়ে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে।

একুশে বই মেলায় কথা সাহিত্যিক সুমন মিয়ার কাব্যগ্রন্থ ‘গহীনে শব্দ’

স্টাফ রিপোর্টার:

অমর একুশে বই মেলা ২০২২ – এ কথা সাহিত্যিক ও সম্পাদক মো. সুমন মিয়ার কাব্যগ্রন্থ ‘গহীনে শব্দ’ পাওয়া যাচ্ছে দেশজ প্রকাশন, স্টল নং ৫৪৩ এ।

বইটিতে মোট ৫৬ টি কবিতা রয়েছে। প্রতিটি কবিতায় রয়েছে সবিশেষ অনুভূতির ছোয়া। প্রতিটি কবিতার সারমর্মের সাথে মিল রেখে প্রচ্ছদ অঙ্কন করা হয়েছে। প্রচ্ছদ অঙ্কন করেছেন কায়সার হামিদ।

কথা সাহিত্যিক সুমন মিয়া জানান, আশা করি কবিতাগুলো পাঠকের ভালো লাগবে এবং হৃদয় নাড়া দিয়ে যাবে।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি গঠন:সভাপতি-রনি, সা. সম্পাদক-সেলিম রেজা

 

স্টাফ রিপোর্টার:

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি ২০২২-২০২৩ বছরের জন্য গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনিকে সভাপতি, জিটিভির সেলিম রেজা মুন্সীকে সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির দেলোয়ার হোসাইন আকাইদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

১৪ মার্চ সোমবার রাতে সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনটি প্রবীণ সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আরটিভির গোলাম কিবরিয়া এ কমিটির প্রস্তাব করেন। পরে সর্ব সম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আরটিভির গোলাম কিবরিয়া এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেনকে সহ-সাধারন সম্পাদক, দীপ্ত টিভির শাকিল মোল্লাকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুলকে প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক, বাংলা টিভির মোঃ আরিফুর রহমান মজুমদারকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এছাড়া এটিএন বাংলা এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, দেশটিভির এম ফিরোজ মিয়া, বাংলা ভিশনের সাইয়িদ মাহমুদ পারভেজ, এনটিভির জালাল উদ্দিন, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু ও বাংলাদেশ টেলিভিশনের রাবেয়া আলম মজুমদারকে নির্বাহী সদস্য করা হয়েছে।

এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যান্সার, জেনে নিন লক্ষণগুলো

 

লাইফস্টাইল ডেস্কঃ

নারীরাই বেশি স্তন ক্যানসারের সমস্যায় ভোগেন। এ কারণে অনেক পুরুষই বিষয়টি নিয়ে মাথা ঘামান না। আসলে ব্রেস্ট বা স্তন ক্যানসার কোনো মেয়েলি অসুখ নয়।

ক্যানসার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যানসার। পুরুষদের বুকে স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়ার কারণেই পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের সমস্যা দেখা যায়।

পুরো পৃথিবীতে স্তন ক্যানসারে আক্রান্ত মোট রোগীর এক শতাংশ হলেন পুরুষরা। আক্রান্তের সংখ্যাটি কম হলেও এই এক শতাংশের রোগ যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই আগে থেকেই সচেতন হওয়া জরুরি।

পুরুষদের স্তন ক্যানসারের লক্ষণগুলো কী কী?

* স্তনের চারপাশে ফোলা ভাব, দুর্গন্ধ কিংবা কোনো ক্ষত তৈরি হলে আগেই থেকে সচেতন হওয়া খুবই জরুরি।

* স্তনবৃন্তের রঙের পরিবর্তন হওয়া বা লালচে হয়ে যাওয়াও ক্যানসারের লক্ষণ হতে পারে।

* স্তনের ত্বকে অস্বাভাবিকতা, চামড়া কুঁচকে যাওয়া, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হওয়া ইত্যাদিও ক্যানসারের ইঙ্গিত দেয়।

সাধারণত ৪০-৬০ বছরের পুরুষদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। পরিবারে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ওজন বেশি থাকলেও পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।

আল্ট্রাসোনোগ্রাফি ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা হয়। বায়োপ্সির সঙ্গে করা ইস্ট্রোজেন ও প্রোজেস্ট্রেরন হরমোনের পরীক্ষাও। প্রোটিন পরীক্ষাও করা হয়।

সূত্র: মায়ো ক্লিনিক

অতিরিক্ত মদপানে প্রাণ গেল স্কুল শিক্ষকের

 

ডেস্ক রিপোর্টঃ

সাভারে অতিরিক্ত মদপানে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়।

আরমান জামালপুরের নেরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতে জামালপুর থেকে আরমান আশুলিয়ার কাঠগড়ায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই তিনি মদপান করেন। অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, মদপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোহাম্মদ শরীফ (১২) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ডোমরাকান্দী গ্রামের রাস্তার পাশে ধানক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শরীফ তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামের বিলপাড়ের এরশাদ মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় রাস্তার পাশে ধানক্ষেতে শরীফের মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। তার বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন ও মাথার পেছনে ছুরির আঘাত এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

নিহতের মা রোকেয়া বেগম ও বাবা আলাউদ্দিন জানান, অটোরিকশা ভাড়ায় চালাতো শরীফ। গতকাল অটো নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি সে। পরে মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়ার খবর শোনেন তারা।

বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ অটোরিকশা উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে।