All posts by jitu

ভারতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

বন্ধুদের সঙ্গে ভারতের ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক।

সোমবার রাতে ভারতের গোয়ায় এ দুর্ঘটনায় নিহত হন প্রান্ত। এ ঘটনায় আরো ৩ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

তার নাম – নাঈমুর রহমান প্রান্ত (২৪)। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে তিনি। আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষবর্ষের ছাত্র ছিলেন প্রান্ত।

আহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫) ও ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের ছেলে আলী আকরাম আকিব (২৬) ও তার ছোট ভাই আলী আরমান আদিব(২২)।

আহতদের ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আদিবের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে নিহত নাঈমুর রহমান প্রান্তের চাচা আক্তার হোসেন বলেন, ‘আমার ভাতিজা বন্ধুদের সঙ্গে রোববার সকাল দশটার ফ্ল্যাইটে ভারতের মুম্বাইয়ে যায়। সেখান থেকে গোয়া যায়। সোমবার রাতে গোয়ায় প্রাইভেটকার দুর্ঘটনায় প্রান্ত মারা যায়। মঙ্গলবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহামন স্বপন আমাকে এ দুঃসংবাদটি দেন।

তিনি আরো বলেন, রাত আড়াইটার দিকে সর্বশেষ ফোনে কথা হয়েছিল প্রান্তের সঙ্গে। প্রান্ত নিজেই গাড়ি চালাচ্ছিল। রাত সাড়ে তিনটার দিকে তারা দুর্ঘটনার শিকার হয়।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আহত সোয়াদ মোবাইল ফোনে দুর্ঘটনার সংবাদ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শুনেছি ফতুল্লার কয়েকজন ভারতে সড়ক দুর্ঘটনায় আহত ও একজন নিহত হয়েছে। বিষয়টি খোজ খবর নেয়া হচ্ছে।

কুমিল্লার সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সাংবাদিকদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে ২৫ জন সাংবাদিক নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ ) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মিলানায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ার, ফাহিম ফেরদৌস এবং অনান্য সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের সঞ্চাচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্যে দেবব্রত ঘোষ বলেন, অভিবাসনকে নিরাপদ, সুষ্ঠ, নিয়মিত করতে সকল শ্রেনী পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কুমিল্লা যেহেতু দেশের অন্যতম মাইগ্রেশন প্রবন অঞ্চল, সেহেতু সাংবাদিকরা খুব সহজে অভিবাসনের সঠিক বার্তা শহরাঞ্চল এবং গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে সাধারণ মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। এছাড়াও অভিবাসনের ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা সম্পর্কে আলোচনা করেন। তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর জনাব ফাহিম ফেরদৌস অভিবাসী তথ্য কেন্দ্রের অর্জন, সফল ঘটনা এবং কিভাবে প্রান্তিক পর্যায়ে জনগণের দোরগোড়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য পৌঁছানো এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে, তা নিয়ে আলোকপাত করেন।

বিদেশগামীদের প্রশিক্ষণের গুরুত্ব ও এ সম্পর্কে করনীয়, নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বিভিন্ন দপ্তর ও এদের সেবা কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি RPL-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

প্রশ্ন উত্তর পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্দ্যোগে জায়নামাজ তাসবী বিতরণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনাকালীন মানবিক ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় এলাকায় বিশিষ্ট জনদেরকে সম্মাননা স্মারক ও মুসল্লীদের মাঝে জায়নামাজ তাসবী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বাঙ্গড্ডা উত্তর পাড়া হাফিজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসার হল রুমে  এই উপহার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখায় সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোশাররফ হোসেন মজুমদার বি,কম,সভাপতি রাকিব হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহম্মেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রাকিব মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক পেড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, সমাজ সেবক দেলোয়ার হোসেন মজুমদার, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক খোরশেদ আলম, মসজিদ এ-র ইমাম প্রফেসর পেয়ার আহমেদ, সমাজ সেবক জসিম উদ্দিন, সমাজ সেবক বাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাশিয়ায় টিভি সংবাদের লাইভে ঢুকে যুদ্ধবিরোধী বিক্ষোভ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এর সংবাদ পরিবেশনের সময় হঠাৎ করে এক নারী এসে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখান।

সংবাদ উপস্থাপকের পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই নারীকে। তার প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা মিথ্যা কথা বলছে’।

স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৩১ মিনিটে খবর পড়ছিলেন এক নারী। এ সময় সেখানে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন আরেক নারী। খবর সিএনএনের।

সংবাদ উপস্থাপকের পেছনে থাকা বিক্ষোভকারী ওই নারীও চ্যানেল ওয়ানের একজন সংবাদকর্মী বলে জানা গেছে। তার নাম মেরিনা ওভিসইয়াননিকোভা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, এই অপরাধের জন্য ওই নারীকে বিচারের মুখোমুখি করা হতে পারে।

কুমিল্লার মুরাদনগরে ফেসবুকে পোস্ট দিয়ে শিয়ালের মাংস বিক্রি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাজিয়াতল গ্রামের কয়েকজন যুবক মিলে এমন কাণ্ড করেছেন বলে স্থানীয়রা জানান।

ইতোমধ্যে শিয়ালের মাংস বিক্রির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এ নিয়ে মুরাদনগর উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম।

মামলায় অভিযুক্তরা হলেন- কাজিয়াতল গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মো. আলমগীর হোসেন (৫৫), মৃত খোকন মিয়ার পুত্র শফিকুল ইসলাম (৪০), মৃত সফিকুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম (২৬), মোস্তফা মিয়ার পুত্র জাহাঙ্গীর হোসেন (২৫)।

বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, গত বৃহস্পতিবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের হাছান মার্কেটে শিয়াল জবাই করে পাঁচশ টাকা কেজি দরে মাংস বিক্রি করেন স্থানীয় একদল যুবক। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম নামের একজন যুবক তার ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নম্বরও দিয়েছেন। সেই নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে।

কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনাকে রিসিভ করা হবে। আমরা এলাকায় খোঁজ নিয়ে জানতে পারি, ফাঁদ পেতে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা শেয়াল ধরে জবাই করে; যা আইনবিরোধী কাজ। নানা রোগের ওষুধ হিসেবে প্রচারণা চালিয়ে জবাই করা শিয়ালের মাংস বিক্রি করা হয়।

চৌদ্দগ্রামে হোটেলের সামনে যাত্রা বিরতিতে থাকা লরির ভেতরে মিলল চালকের লাশ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নজরুল ইসলাম নামে এক লরিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকার টেন স্টার হোটেলের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম (৫২) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব বিঘা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন জানান, সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেন স্টার হোটেলের মালিক আকবর হোসেন খাঁজা পুলিশকে ফোন করে জানান তার হোটেলের সামনে একটি লরি থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের আসনের দরজা খুলে একটি মরদেহ দেখতে পায়। এ সময় মরদেহের পাশে একটি মোবাইল পাওয়া যায়।

মোবাইলে আসা কল রিসিভ করলে অপরপ্রান্ত থেকে জানায় মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। সুরতহাল তৈরি করে মরদেহটি থানায় নিয়ে আসা হয়।

হোটেলের মালিক আকবর হোসেন খাজা জানান, রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় লরিটি তার হোটেলে যাত্রা বিরতি করে। চালক খাওয়া-দাওয়া করে লরির ভেতরেই ঘুমিয়ে পড়ে। কিন্তু একদিন অতিবাহিত হলেও লরি তার হোটেল ত্যাগ না করায় সন্দেহ হলে লরির দরজার সামনে গেলে পচা গন্ধ বের হতে থাকে। এ সময় তিনি থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নজরুল ইসলামের শ্যালক মোশারেফ হোসেন থানায় আসেন। তিনি জানান, তার ভগিনীপতি নজরুল ইসলাম শনিবার বেলা আনুমানিক ১১টায় চট্টগ্রাম থেকে জিএসপি ইস্পাতবোঝাই করে টঙ্গীর উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু গত দুই দিন যাবত তার মোবাইল ফোনের রিং হলেও কল রিসিভ না হওয়ায় তারা দুশ্চিন্তার মধ্যে পড়েন। পুলিশ ফোন রিসিভ করার পর তারা জানতে পারেন, নজরুল ইসলাম মারা গেছেন।

কুমিল্লার তিতাসে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কাঠমিস্ত্রীর, আহত আরও ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাসে বিদ্যুৎস্পর্শ হয়ে বাদল (৫০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের হাইধনকান্দি গ্রামের শহিদ মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মুরাদনগর উপজেলা মেলামচর গ্রামের ধনা সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, কাঠমিস্ত্রী বাদল তিতাস উপজেলা হাইধনকান্দি গ্রামের শহিদ মিয়ার বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন। এ সময় বাদলসহ পাঁচজনে মিলে একটি টিনের বেড়া নাড়াচাড়া করার সময় বেড়ার টিনের সঙ্গে বিদ্যুতের তার পেঁচিয়ে টিনের বেড়ার সঙ্গে আটকে যায় এবং তার সঙ্গে থাকা আরও চারজন বৈদ্যুতিক শক খেয়ে অন্যত্র ছিটকে পড়ে যায়।

পরক্ষণেই সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল বাশার তাকে মৃত বলে ঘোষণা করেন।

পারিবারিক কবরস্থানে চিরশায়িত হাদিসুর

 

ডেস্ক রিপোর্টঃ

ইউক্রেনে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের (৩৩) জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় হাদিসুরের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল দশটায় বাড়ির পাশের মাঠে হাদিসুরের জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১০টায় পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন- বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানসহ নৌ মন্ত্রণালয়, র্যাব ও পুলিশের কর্মকর্তারা।

এর আগে সোমবার দুপুরে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে রোমানিয়া থেকে হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। এরপর বিমানবন্দর থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১০টায় মরদেহবাহী ফ্রিজার ভ্যানে করে তার কফিনবন্দি মরদেহ পৌঁছায় নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

তেলের ভাউচার, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সোহরাব হোসেন (১৭) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা পশ্চিম বাজার মালেশিয়ান কপি হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজি যাত্রীসহ মোটরসাইকেলের আরেক আরোহী আহত হন।

নিহত সৌরভ হোসেন মোটরসাইকেল চালক ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড কুমারডুগী গ্রামের বরকন্দাজ বাড়ির মিন্টু পাটওয়ারীর ছেলে।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জোবাইর সৈয়দ ঘটনাস্থলে ছুটে আসেন।  হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ব্যাপক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে তোলেন।

এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তেলের লড়িটিকে বাকিলা বাজারে আটক করে রাখেন।

এ ঘটনায় আরো দুই জন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার নাইম ও মোবারক।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় চাঁদপুরগামী তেলের ভাউচার ও হাজীগঞ্জগামী একটি সিএনজিসহ মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। নিহত সোহরাব হোসেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বাবা কুমারডুগী বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী জানান, তারা দুই বন্ধু হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় তেলের ভাউচার এসে তাদের মোটরসাইকেলটিকে আঘাত করলে সোহরাব ঘটনাস্থলেই মারা যান এবং নাঈম গুরুতর আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর সিএনজি যাত্রীরাও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।

অবশেষে দেশে পৌঁছাল হাদিসুরের নিথর দেহ

ডেস্ক রিপোর্টঃ

ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ও থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের নিথর দেহ ঢাকায় পৌঁছেছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের মরদেহবাহী তার্কিশ এয়ারের ফ্লাইটটি পৌঁছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাতে হাদিসুরের মরদেহ দেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু গত শনিবার রাতে বুখারেস্ট বিমানবন্দরে প্রচণ্ড তুষারপাতের কারণে শতাধিক ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে হাদিসুরের মরদেহ বহনকারী তার্কিশ এয়ারের নির্ধারিত ফ্লাইটও বাতিল হয়। পরে ফের শিডিউল ঠিক করে রোববার রাতে বুখারেস্ট ছাড়ে হাদিসুরের মরদেহবাহী ফ্লাইট।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তার্কিশ এয়ারের টিকে৭২২ ফ্লাইটটি বুখারেস্ট থেকে প্রথমে ইস্তান্বুল বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে ফ্লাইটটি।

জানা গেছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ড্যানিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। গত ২২ ফেব্রুয়ারি মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ইউক্রেনের ওলভিয়া বন্দরে যায়। ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল জাহাজটির।

কিন্তু এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে ওলভিয়া বন্