All posts by jitu

কাঁপছে গোমতী সেতু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে গোমতী নদীর ওপর অবস্থিত পুরাতন সেতুটি এখন চরম ঝুঁকির মুখে। দীর্ঘদিন সংস্কার না করায় সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে যান চলাচলের সময় সেতুটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে, যা প্রতিদিন হাজারো যাত্রী ও চালকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে ভারী ট্রাক, বাস ও কাভার্ডভ্যান চলাচলের সময় সেতুর কম্পন আরও বেড়ে যায়। হঠাৎ ব্রেক কিংবা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমন দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে যানবাহন, পণ্য এবং আশপাশের অবকাঠামো।

স্থানীয় বাসিন্দা হাসান বলেন, সেতুতে উঠলেই মনে হয় দুলে উঠছে। গাড়ি চললে কাঁপনটা স্পষ্ট বোঝা যায়। এখানে যদি বড় কোনো দুর্ঘটনা হয়, অনেক মানুষের প্রাণ যেতে পারে।

নিয়মিত এই সড়কে চলাচলকারী এক বাসচালক বলেন, যাত্রী নিয়ে সেতু পার হতে ভয় লাগে। ভারী গাড়ি উঠলে সেতু এমনভাবে কাঁপে যে স্টিয়ারিং ঠিক রাখা কঠিন হয়ে যায়। এটা খুবই ঝুঁকিপূর্ণ।

আরেক স্থানীয় ব্যবসায়ী মাহফুজ বলেন, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন মালামাল আনা-নেওয়া হয়। সেতুতে কিছু হলে শুধু মানুষ না, ব্যবসা বাণিজ্য আর পণ্যেরও বড় ক্ষতি হবে।

কবির মিয়া বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো দেশের অন্যতম ব্যস্ত সড়কে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে প্রাণহানির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায়, সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি শনাক্ত করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত পুরাতন সেতুর ব্যবহার সীমিত করে নতুন চার লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই নতুন সেতুতে কাজ শুরু করে দেয়া হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি শনাক্ত করা হয়েছে। ঝুঁকি এড়াতে আমরা আপাতত নতুন চার লেনের সেতু দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছি। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংস্কার কাজ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, ১৯৯৫ সালে গোমতী নদীর ওপর নির্মিত এই দুই লেনের সেতুটিতে রয়েছে মোট ১৭টি স্প্যান। প্রতিদিন প্রায় ১০ হাজার যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেতুর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে এখন কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

চৌদ্দগ্রামে দুই কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার ভোরে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ছুপুয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুল জব্বার (৩১) ও একই জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (২২)। তাদের মধ্যে জব্বার কাভার্ডভ্যানের চালক এবং শাকিল হেলপার (সহযোগী) ছিলেন।

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে ঘন কুয়াশার কারণে একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক জব্বার নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন এবং তিনি মারা যান।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রোববার ভোরে ছুপুয়া এলাকায় ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

কুমিল্লা-৬ সদর আসন বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা সোলাইমানের মনোনয়ন ফরম সংগ্রহ

শাহ ফয়সাল কারীম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসনের (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী কুমিল্লা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা সোলাইমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলামের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি হাফেজ মাওলানা আমান উল্লাহ মুন্সী, সেক্রেটারী মুফতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ নাইমুল ইসলাম । ফরম সংগ্রহ শেষে হাফেজ সোলাইমান সাংবাদিকদের জানান, তিনি আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা কামনায় করেন। তাই তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো

ডেস্ক রিপোর্ট:

ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে অন্তত ৪০০ মুসলিম পরিবারকে রাতারাতি গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে প্রায় ২০০টি ঘর গুঁড়িয়ে দেয়ার ফলে শত শত মুসলিম পরিবার মাথা গোজার ঠাঁই হারিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

এ ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস এবং কেরালার বাম ফ্রন্টের মধ্যে নজিরবিহীন বাগযুদ্ধ শুরু হয়েছে। বিরোধীদের দাবি, উত্তর ভারতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিতর্কিত ‘বুলডোজার রাজ’ এখন কর্ণাটকের কংগ্রেস সরকারও অনুসরণ করছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২২ ডিসেম্বর ভোর ৪টায় বেঙ্গালুরুর কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউটে উচ্ছেদ অভিযান চালায় বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড। বেঙ্গালুরুতে বছরের এই সময়টায় প্রচণ্ড শীত বিরাজ করছে। এমন এক সময়ে ৪০০ মুসলিম পরিবারকে বাস্তুচ্যুত করল কংগ্রেস।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, তারা প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছে। তাদের প্রত্যেকের কাছে বৈধ আধার কার্ড এবং ভোটার আইডি রয়েছে। কোনো আগাম নোটিশ ছাড়াই পুলিশ তাদের জোরপূর্বক বের করে দিয়েছে। অনেক পরিবার তাদের প্রয়োজনীয় নথিপত্র এবং আসবাব সরিয়ে নেয়ারও সময় পায়নি।

এ ঘটনার প্রতিবাদে সবচেয়ে সোচ্চার হয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। কংগ্রেস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুবিরোধী রাজনীতির অভিযোগ তুলে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দুঃখজনক, কর্ণাটকের কংগ্রেস সরকারের অধীনে এখন সংখ্যালঘুবিরোধী রাজনীতি বাস্তবায়িত হচ্ছে। কোনো সরকার ভয় এবং পাশবিক শক্তির মাধ্যমে শাসন করলে সাংবিধানিক মূল্যবোধ ও মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত হয়।’

ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে দেশটির বাংলাভাষী মুসলমানদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পিটিয়ে মারা হচ্ছে। এ ছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনকে ঘিরেও দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

চৌদ্দগ্রামে তরুনদের ফুটবল মাঠে “জাস্টিস ফর হাদী”

স্টাফ রিপোর্টার:

“আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাবো তুমি কে, আমি কে… হাদী হাদী” এমন স্লোগানে শহীদ ওসমান হাদীকে স্মরণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের একদল ফুটবল প্রেমী যুবক।

শনিবার বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা মধ্যমপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরুতে ওসমান হাদীর স্মরণে দুই দলের খেলোয়াড়েরা নানান স্লোগান দেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

ফেলনা হাইস্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী ও ডিবেট বাংলাদেশ এসোসিয়েশন এর চেয়ারম্যান আল মামুন রাসেল।

কুমিল্লা বারের আইনজীবী এডভোকেট সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাব এর সেক্রেটারি মো: বেলাল হোসাইন, জেদ্দাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো: আবদুল জলিল।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব হাফেজ মর্তুজা মজুমদার, ওমান প্রবাসী একরামুল হক মজুমদার, ডুবাই প্রবাসী নাছির মজুমদার, হাছান মজুমদার, আবু রশিদ মজুমদার প্রমুখ। ফাইনাল খেলায় ফেলনা ইয়াং ফাইটারকে ২-১ গোলে হারিয়ে ফেলনা মুন স্টার এলিবেন চ্যাম্পিয়ন হয়।

কুমিল্লা-৭ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি কাফনের কাপড় পড়ে মহাসড়কে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা কাফনের কাপড় পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে কিছুক্ষণ অবস্থান করেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

সম্প্রতি এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ফলে অপর মনোনয়নপ্রত্যাশী চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল শাওন বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এর আগে গত ২৪ ডিসেম্বর সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপিতে যোগদান করেন ড. রেদোয়ান আহমেদ। ওই দিন দুপুর ২টার দিকে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এমনকি ওই দিন বিকেলেই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন আতিকুল আলম শাওন সমর্থিত নেতাকর্মীরা। এতে চান্দিনার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।

কুমিল্লায় আইসিএল এমডি শফিককে গ্রেপ্তার ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী পলাতক এমডি শফিকুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার, বিচার নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা বাজার এলাকায় আইসিএলের ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, প্রবাসী ও শিক্ষকসহ শতাধিক ভুক্তভোগী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতারণামূলক কৌশলে সারা দেশের মতো নিজ এলাকা ধনিজকরাসহ আশপাশের অঞ্চল থেকে আমানতের নামে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়েছেন আইসিএল এমডি শফিক। দীর্ঘদিন পার হলেও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে উল্টো মামলা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন ধনিজকরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হালিম, গোলাপ মিয়া, মো. ইয়াছিন মিয়া, মো. বাচ্চু মিয়া, শিক্ষক মাওলানা জয়নাল অবেদীন, প্রবাসী জয়নাল আবেদীন মজুমদার, কৃষক খলিলুর রহমান, চালক মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

ভুক্তভোগী গ্রাহক ও ধনিজকরা বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, “আমাদের এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম নানা প্রলোভন দেখিয়ে আমানতের কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন সেই টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন। আমরা আমাদের ন্যায্য পাওনা ফেরত চাই বলেই আজ রাস্তায় নেমেছি।

ধনিজকরা গ্রামের আরেক ক্ষুদ্র ব্যবসায়ী গোলাপ মিয়া বলেন, “আইসিএল শফিক এ এলাকার কৃষক, শ্রমিক, প্রবাসী, শিক্ষক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমাদের জমি দেওয়ার কথা বলে দিনের পর দিন ঘুরিয়েছেন। এখন টাকা তো দূরের কথা, কোনো সম্পদও দিচ্ছেন না। আমরা নিঃস্ব হয়ে পথে বসেছি।

শিক্ষক মাওলানা জয়নাল অবেদীন বলেন, “আইসিএলের এমডি শফিক শুধু বাইরের মানুষ নয়, নিজ এলাকার অসহায় মানুষদেরও কষ্টার্জিত টাকা আত্মসাৎ করেছে। অনেক পরিবার সর্বস্বান্ত। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার ও দ্রুত টাকা ফেরত চাই।”

কৃষক খলিলুর রহমান বলেন, আইসিএলে গচ্ছিত রাখা টাকার শোকে অনেকেই মারা গেছেন। অনেকে গুরুতর অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ধুঁকে ধুঁকে দিন কাটাচ্ছেন বহু পরিবার।

ভুক্তভোগী মো. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, “শফিকের কাছে টাকা চাইতে গেলে আমাদের মিথ্যা মামলা, খুন-গুমের হুমকি দেওয়া হয়। আমাদের পক্ষে কোনো সম্মানিত ব্যক্তি কথা বললে তার বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হয়। ফলে ভয়ে কেউ মুখ খুলতে চায় না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আইসিএল শফিক সারা দেশে আইসিএল এর শাখা খুলে লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে গ্রাহকদের পথে বসিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইসিএল গ্রাহকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে পলাতক শফিকুল রহমান গ্রেপ্তার হবেন এবং শত শত পথে বসা পরিবার তাদের টাকা ফিরে পাবে। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। টাকা ফেরতের দাবিতে মামলা করলে তা তুলে নিতে গ্রাহকদের ভয়ভীতি, মিথ্যা মামলা ও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

তাদের অভিযোগ, আদালতে ভুয়া কাগজপত্র দাখিল করে গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনের আহত ও নিহতের মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। কিছু অসাধু রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় অর্থের বিনিময়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন শফিক।

ভুক্তভোগীরা আরও জানান, বিভিন্ন থানায় দায়ের করা বহু মামলায় আদালত শফিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শত শত মামলার আসামি ও সাজাপ্রাপ্ত হয়েও তিনি এখনও গ্রেপ্তার না হওয়ায় চরম হতাশ গ্রাহকরা।

মানববন্ধনে অভিযোগ করা হয়, কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শফিককে গ্রেপ্তার এড়াতে সহায়তা করছেন। ফলে সর্বস্ব হারানো গ্রাহকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা অবিলম্বে পলাতক আইসিএল এমডি শফিককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

চাঁদপুর প্রেসক্লাবের নতুন সভাপতি সোহেল রুশদী, সম্পাদক এম এ লতিফ নির্বাচিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা। শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লবের ২০২৫ সালের সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পূর্নাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচিত ঘোষণা করা হয় এবং অনুমোদন করা হয়। এ সময় হাত তালি দিয়ে নতুন পরিষদকে সবাই অভিনন্দন জানান। সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক হলেন দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর প্রতিনিধি এম এ লতিফ।

চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রহিম বাদশার স্বাগত বক্তব্যে সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক এবং কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, অ্যাড. শাহজাহান মিয়া, রোকনুজ্জামান রোকন, ফারুক আহম্মদ, মুনাওয়ার কানন, ওয়াদুদ রানা ও জাকির হোসেনসহ সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পরিষদের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ), শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ/দৈনিক খবর), ও তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ), তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো: জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর)।

সদস্য হিসেবে- অধ্যক্ষ (অব:) জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (দৈনিক চাঁদপুর প্রবাহ/বাংলা ভিশন), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো), জি এম শাহীন (এসএ টিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা), ফারুক আহমেদ (সময় সংবাদ/কালের কণ্ঠ), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন), মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (দৈনিক নয়া দিগন্ত)।

কুমিল্লা-৩ আসন থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রমজানুল করিম নামের এক ব্যক্তি।

খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে রমজানুল করিম বলেন, ‘সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। গত বুধবার তাঁর পক্ষের লোকজন ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে বলেন। পরে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে তাঁদের দিয়ে দিয়েছি। তিনি শেষ পর্যন্ত এই আসন থেকে নির্বাচন করবেন কি না, এ বিষয়ে আমি কিছুই জানি না।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল তিনি কুমিল্লা-৩ আসন থেকে ভোটে লড়বেন। তবে শেষ পর্যন্ত ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তিনি।

এদিকে ঢাকা-১০ আসনের পাশাপাশি ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জন্যও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে গতকাল শুক্রবার রাতে।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান (পরাগ) আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমিও বিষয়টি গতকাল রাতে শুনেছি। তবে আসিফ মাহমুদ মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন-বিষয়টি নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আসিফ মাহমুদও আমাদেরকে কিছুই বলেননি। কীভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে সেটাও জানি না। আমরা জানি তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন এবং সেটাই চূড়ান্ত।’

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মাহবুব আলী জাকি

ডেস্ক রিপোর্ট:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে রাজশাহীর বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনুশীলন করছিল ঢাকার ক্রিকেটাররা, সেখানে উপস্থিত ছিলেন জ্যাকি। এমন সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষনিকভাবে মাঠেই দেয়া হয় সিপিআর। পরে হাসপাতালে নিলে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন জ্যাকি।

ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি ও সিলেটের আল হারামাইন হাসপাতালের সূত্রে জানা যায়, মাহবুব আলী হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাঠে অসুস্থ হওয়ার পর তাকে ঘিরে প্রথমে আতঙ্কের সৃষ্টি হয়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ বোধ করায় মাহবুব আলী মাটিতে লুটিয়ে পড়েছেন। দ্রুততার সঙ্গে মাঠেই তাকে সিপিআর দেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

মাহবুব আলী জাকির মৃত্যুর খবরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস। খেলোয়াড়রা শোকের মাঝেই মাঠে নেমেছেন এবং ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে মাহবুব আলী জাকি একজন পরিচিত ও অভিজ্ঞ মুখ। পেসার হিসেবে জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ক্যারিয়ার শেষে কোচিংয়ে যুক্ত হন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া মাশরাফি-তাসকিন আহমেদদের মতো খেলোয়াড়দেরও কোচিং করেছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।

বিপিএলের এই দ্বিতীয় দিনে ঢাকার দলের জন্য দুঃসংবাদটি ছিল বড় ধাক্কা। ক্রিকেট উৎসবের মাঝেই দেশের একজন প্রিয় কোচের আকস্মিক মৃত্যু সমগ্র ক্রিকেট মহলে শোকের সৃষ্টি করেছে।