All posts by jitu

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিমসার ট্রাকচালক বিশ্রামাগারের পাশ থেকে প্রায় ৭৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ শাহীনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের পাশের ট্রাকচালক বিশ্রামাগারের কাছে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ্ প্রধান ও এসআই মঞ্জুর রহমান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বুড়িচং থানার ওসি শাহীনুল ইসলাম জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অজ্ঞাত নারীকে স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। স্থানীয়দের মতে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, শনিবার গভীর রাতে শীতজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানায়, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচনে এক ভোট কক্ষে থাকবে দুটি গোপন বুথ : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক কাজের সমন্বয়, নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে আরেক দফা বৈঠক করেছে কমিশন। এই বৈঠকে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে করতে একটি ভোট কক্ষে, দুটি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সিনিয়র সচিব বলেন, আগামী বছরে জাতীয় নির্বাচন এবং গণভোট মিলে সবচেয়ে বড় নির্বাচন হবে। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কথা এবং কাজের সমন্বয় চেয়েছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাদের ভাতা বাড়ানো হয়েছে, যাতে করে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তির আতিথেয়তা তারা গ্রহণ না করেন।

ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত এক লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন জানিয়ে আখতার আহমেদ বলেন, মক ভোটিংয়ের ফলাফল থেকে কমিশন মনে করে ভোট কেন্দ্র কিংবা ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র গোপন কক্ষ বাড়ালেই হবে।

এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবেই বলেও মন্তব্য করেন তিনি।

মুরাদনগরে দুই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রণক্ষেত্র; দফায় দফায় সংঘর্ষে আহত অন্তত ৫০

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নবীপুর পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজার এলাকায় ৩ ঘণ্টাব্যাপী এই তাণ্ডবে রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেয়া হয় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাজার এলাকা। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি গ্রামে। বাখরনগর ও গুঞ্জুর গ্রামের কয়েক হাজার মানুষ এতে জড়িত ছিল বলে জানা গেছে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় বহু দোকানপাট, বাড়িঘর ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় দুইটি পিকআপ, পুড়িয়ে দেওয়া হয় দুইটি মোটরসাইকেল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ বাজারে পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় বাখরনগর গ্রামের ইমন ও গুঞ্জুর গ্রামের এক ভাড়াটিয়া যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক কাঠমিস্ত্রিদের কাজে ব্যবহৃত লোহার বাটাম দিয়ে ইমনের বাঁ পায়ে আঘাত করে। মুহূর্তেই ঘটনাটি দুই গ্রামের আধিপত্যের পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়।

খবর পেয়ে রাত ১১টার দিকে মুরাদনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইমন জানান, ব্যক্তিগত কাজে গুঞ্জুর গ্রামে গেলে পূর্ব শত্রুতার জেরে আব্দুল্লাহ ওই ভাড়াটিয়া যুবকের মাধ্যমে তাকে লোহার বাটাম দিয়ে আঘাত করায়। বিষয়টি জানাজানি হলে তার গ্রামের লোকজন গেলে আবারো তাদের ওপর হামলা চালানো হয়। এতে বাখরনগর গ্রামের প্রায় ৩০ জন আহত হয়েছে।

অন্যদিকে গুঞ্জুর গ্রামের আব্দুল্লাহ দাবি করেন, ইমনের সাথে তাদের গ্রামের এক ভাড়াটিয়া নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। ওই নারীর স্বামীকে দেখে ইমন পালাতে গেলে তিনি ইমনকে আঘাত করেন। এর জেরে ইমন তাদের গ্রামে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলার ঘটনায় গুঞ্জুর গ্রামের প্রায় ২০ জন আহত হয়েছে।

উভয় পক্ষের দাবিদাওয়ার মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান জানান, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত উভয় পক্ষর কেহই অভিযোগ করেনি।

চৌদ্দগ্রামে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিন আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন। রোববার বিকেলে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে ট্রাক প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আহবায়ক মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এমডি মজিব, উপজেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি রিয়াদ হোসেন, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার আলম মোল্লা, প্রচার সম্পাদক কাউছার নিজামী, ৫নং শুভপুর ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রিপন, সাধারণ সম্পাদক আবদুল মন্নান, প্রচার সম্পাদক মনির হোসেন জিয়া, ৬নং ঘোলপাশা ইউনিয়ন সভাপতি মীর হোসেন মীরু, ছাত্রঅধিকার পরিষদের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শরিফুল হক। এ সময় বিভিন্ন পর্যায়ের গণঅধিকার, যুবঅধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিন বলেন, অতীতে বিভিন্ন জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিয়ে প্রতারণার শিকার হয়েছে। ইনশাআল্লাহ, ট্রাক প্রতীকে বিজয়ী হলে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

চৌদ্দগ্রামে সহকারী শিক্ষিকা সাজেদা আক্তারের বিদায়ী সংবধনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা আকতারের বিদায় সংবধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওবায়েদুল হক লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র ভট্টাচার্য, সাবেক শিক্ষিকা হাফছা আকতার, সহকারী শিক্ষক নাছির উদ্দীন পাটোয়ারী, জাহিদুল আলম শামিম, সাবেক ছাত্র রিগ্যান ,মোহাম্মদ রহিত ,পলাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জয়নাল আবদিন শিমুল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান ,সহকারী শিক্ষক সৈয়দা জান্নাতুল ফেরদৌস ,সানজিদা ফারভিন, স্হানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান।

উল্লেখ্য, সাজেদা আক্তার বিগত ১৯৮৯ সালে সহকারী শিক্ষীকা হিসেবে কর্মজীবনে যোগদান করেন এবং দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষ করে অবসর নেন।

কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ।

রবিবার (৩০ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা ক্যান্টনমেন্ট বাজার এলাকা থেকে অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে।

রোববার ভোর সাড়ে পাঁচটায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার থেকে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় কার্ভাট ভ্যানসহ অবৈধ ভারতীয় শাড়ী আটক করে। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান,জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। অবৈধ মালামাল বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে—এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রতিবেশী ভারত নিজেদের মানিয়ে নিতে সময় নিচ্ছে। তবে আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে কার্যকর কর্মসম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। তাকে ফেরত আনার বিষয়ে এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি ভারত তাকে ফেরত না দিলেও ঢাকা–দিল্লি সম্পর্ক এতে ক্ষতিগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাকে সর্বোচ্চ দ্রুত সময়ে দেশে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।

নোয়াখালীতে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ল মাদরাসাছাত্র

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ওই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়।

শনিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন।

মৃত আকরাম লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো।

বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসা থেকে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করে। প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য ছাত্রদের সাথে সে তাহাজ্জুদ নামাজ পড়ত উঠে। পরবর্তীতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আকরাম অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিক মাদরাসার ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে মরদেহ তার এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আব্দুস সুলতান জানান, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোঃ আনিসুজ্জামান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ আনিসুজ্জামান, পিপিএম। যোগদানের পূর্বে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের সাথে পরিচিতি পর্বে তিনি জনবান্ধব, নিরাপদ ও সেবা-ভিত্তিক কুমিল্লা গড়ে তুলতে সকলকে আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং পূর্ণ পেশাদারীত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্য জনগণের আস্থা অর্জনের জন্য সর্বোচ্চ সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবে—এটাই আমাদের লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে—এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই কিশোরকে পুলিশে দিল জনতা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই কিশোরকে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলো; উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের মোঃ হানিফের ছেলে আরিফ হোসেন নিরব ও নোয়াখালীর সেনবাগের সোনাকান্দি গ্রামের ইয়াসমিন আক্তারের ছেলে মোঃ মাসুম। শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবুল কালাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতঘড়িয়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য চার কেজি গাঁজাসহ কিশোর মাসুম ও আরিফ হোসেন নিরব শনিবার ভোররাতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। সাতঘড়িয়া গ্রামের মাদকবিরোধী যুব সমাজের কয়েকজন বিষয়টি জানতে পেরে তাদেরকে আটক করে। পরে খবর দিয়ে পুলিশের নিকট গাঁজাসহ দুই কিশোরকে সোপর্দ করে যুবকরা। এ ঘটনায় থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাতঘড়িয়ার মাদক বিরোধী যুবকরা বলেন, ভারত সীমান্তবর্তী হওয়ায় গত ১৭ বছর আ’লীগের ক্ষমতা দেখিয়ে কতিপয় চক্র মাদক ব্যবসা করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আ’লীগের ক্ষমতা শেষ হয়েছে। এখন মাদক ব্যবসা করে কেউ আমাদের সমাজকে নষ্ট করতে দিবো না। এ ব্যাপারে যুব সমাজ সোচ্চার রয়েছে’।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, ‘গাঁজাসহ আটককৃত দুই কিশোরের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।