All posts by jitu

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, গাড়ি ও দোকানপাট ভাংচুর, লুটপাট, আহত-২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকার কালিরবাজারে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাসড়কের বেশ কয়েকটি আটকে পড়া গাড়ি ভাংচুর করে। জ্বালিয়ে দেয়া হয় একটি মোটরসাইকেল। পাল্টাপাল্টি হামলায় মহাসড়কের দুইপাশের অন্তত ১০-১২টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৮-১০ জন। আহতদের মধ্যে রামচন্দ্রপুরের বদিউল আলমের ছেলে অনিক এবং গোমারবাড়ীর আবুল কাশেমের ছেলে রায়হানের নাম পাওয়া গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানচলাচল স্বাভাবিক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কালিরবাজার হোসাইনিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সোমবার সন্ধায় উভয়গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে করে উভয়পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়। একপর্যায়ে উভয়পক্ষ বাজারের ১০-১২টি দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় মহাসড়কের উভয়পাশে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের অন্তত ২ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়। এসময় মহাসড়কের ৫-৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিরবাজার এলাকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, রবিবার রাতে কালিকাবাজারের একটি ওয়াজ মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়। এর জেরে সোমবার সন্ধার পরে উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে একপর্যায়ে তারা আমার দোকানসহ বাজারের ১০-১২টি দোকানে হামলাও ভাংচুর চালায়। হামলাকারীরা আমার দোকানে থাকা কয়েকলক্ষ নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সোবহান জানান, মাগরিবের একটু আগে রামচন্দ্রপুর গ্রামের আমার দোকানসহ একাধিক দোকান ও বাড়িঘর ভাংচুর চালায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, কালিরবাজার এলাকায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এসময় কিছুক্ষনের জন্য বন্ধ থাকা মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নোয়াখালীতে তিন বিয়ে করায় প্রথম স্ত্রীর বাড়িতে যুবককে শিকলবন্দী

ডেস্ক রিপোর্ট:

তিন বিয়ে করার অভিযোগে এক যুবককে শিকলবন্দী করে রেখেছেন তার প্রথম স্ত্রীর পরিবারের লোকজন। প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা বলছেন, একে একে তিনটি বিয়ে করেছেন ওই যুবক। বিষয়টি জানতে পেরে কৌশলে তাকে ডেকে এনে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের একটি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা জানায়, প্রায় দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়েতে এক ভরি সোনার গয়না, এক লাখ টাকা এবং আসবাবপত্র যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই সংসারে শুরু হয় নানা অশান্তি। অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান ওই যুবক। এ নিয়ে সালিসও হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।

ওই যুবকের প্রথম স্ত্রী জানান, ‘তিন বছর হলো আমার বিয়ে হয়েছে। আমি দুই বছর ধরে বাবার বাড়িতে থাকি। বাবার বাড়িতে আসার পর স্বামী খোঁজ নিতেন না। পরে জানতে পারি তিনি আরও দুটি বিয়ে করেছেন। এ কারণে ঘরের লোকদের দিয়ে কৌশলে ডেকে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি।’

জানতে চাইলে শিকলবন্দী স্বামী জানায়, বিয়ের তিন বছর ধরে কোনো সন্তান হয়নি তাদের। এ নিয়ে কলহ লেগেছিল। একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত এক-দেড় মাস আগে তিনি আরেকটি বিয়ে করেন। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে এনে মারধর করেন এবং পায়ে শিকল দিয়ে আটকে রাখেন।

জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, অভিযোগ দিয়েছে কি না, সেটি দেখতে হবে। বিষয়টি জাহাজমারা তদন্ত কেন্দ্র দেখবে।

জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি তবে ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাস্তায় নামানো হচ্ছে বিল্ডিংয়ের সিমেন্ট, যানজটে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া রোডে রাস্তা বন্ধ করে ফ্রেন্ডস শাপলা সীমা প্যালেসের একটি বিল্ডিংয়ের সামনে নামানো হচ্ছে সিমেন্ট। যার ফলে যানজটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রফিকুল ইসলাম নামের এক পথচারী বলেন, এই রোডে প্রায়ই এমন দেখা যায়। হয় রাস্তায় ওরা ইট, বালু, রড রাখেন নাহয় রাস্তা বন্ধ করে মালামাল নামানো হয়। সাধারণ মানুষের ভোগান্তি দেখার টাইম তো তাদের নেই।

আখি আক্তার নামের আরেক পথচারী বলেন, প্রতিদিন এই রাস্তায় জ্যামে পড়ে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। এতো বড় ট্রাক রাস্তায় রেখে মাল নামাচ্ছে এখানে অর্ধেক রাস্তা ব্লক হয়ে গেছে। কর্তৃপক্ষ এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত।

খোঁজ নিয়ে জানা যায়, এই বিল্ডিং প্রকল্পটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন কুমিল্লা সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট একরাম হোসেন বাবু।

তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাই রাস্তায় গাড়ি রেখে মালামাল না নামালে কোথায় রেখে নামাবো? মালামাল কি আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকিয়ে নামাবো? কুমিল্লা শহরে আরও বড় বড় সাংবাদিক আছে ওরা তো এসব নিয়ে কিছু বলে না। আপনিই কেন বলতেছেন? শহর অনেক জায়গায় এভাবে মালামাল নামানো হয় ওইসব কেন দেখেন না? মালামাল নামানোর কোনো সময়সীমা তো সিটি করপোরেশন বেঁধে দেয়নি।
একজন সাবেক জনপ্রতিনিধি হয়ে কেন জনগণের কথা ভাবছেন না জানতে চাইলে তিনি বলেন, এখানে সাধারণ মানুষের কি সমস্যা হওয়ার তো কোন কারণ দেখি না আমি। তবুও আমি আমার ম্যানেজারের সাথে কথা বলে কেন তারা এই সময় মালামাল নামাচ্ছে জানতে চাচ্ছি।

দায়িত্বরত ম্যানেজার কবির হোসেন বলেন, যানজট একটু আগে ছিল এখন তো নেই। আমিতো এখানেই দাঁড়িয়ে আছি। মালামাল এখন আসলে আমরা কখন নামাবো?

এসব বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বলেন, আমি এখন বাড়িতে আছি। আমার এখানে ভালো নেটওয়ার্ক নেই। আপনার কথা আমি বুঝতে পারছি না।

দেবিদ্বারে কর্মবিরতিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা

স্টাফ রিপোর্টার:

তিন দফা দাবি আদায়ের দাবিতে সারা দেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত রেখেছেন। সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় প্রধান শিক্ষকরা বিকল্পভাবে পরীক্ষা পরিচালনা করছেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলায় ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীতে মোট ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। এদিকে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে বিভিন্ন রকমের অসুবিধার সন্মুখিন হচ্ছে বলে অভিবাবকদের দাবি।
মোঃ হেলাল উদ্দিন নামের এক শিক্ষার্থীর অভিবাবক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে সহকারী শিক্ষকদের এই আন্দোলন খুবই অমানবিক। মানুষ গড়ার কারিগরদের নিকট থেকে এ ধরনের আচরন কাম্য নয়।

সরকারী শিক্ষক হাবিবুর রহমান, আশিকুর রহমান সরকার, মোঃ ছফিউল্লাহ জানান, দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধা হলেও তারা ‘নিরুপায়’ বলেই দাবি করেন।

দাউদকান্দিতে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নিরাপদ সড়ক চাই এর সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(গৌরীপুর) মিলনায়তনে আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কামাল উদ্দিন।

এসময় দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, নিসচার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবুল হাসান ফারুক, কার্যকরী সদস্য মো. হানিফ খান, মেহেদী হাসান, মাসুম বিন ইদ্রিস, মো. রাজিব হোসেন এবং মো. ফয়সাল সিকদার, আহনাফ তিহামী, সাজিদ সাহেব প্রমূখ উপস্থিত ছিলেন।

দেবিদ্বারে এক পিকআপ চালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে মহসীন হোসেন (৪৮) নামে এক পিকআপ চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ নভেম্বর) ভোরে দেবিদ্বার এলাকার ভিরাল্লা বাসস্ট্যান্ডের মসজিদের সামনে পার্ক করা মুরগির বাচ্চা বহনকারী পিকআপ ভ্যানের ড্রাইভারের নিস্তেজ অবস্থায় থাকা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে নামাজ শেষে মুসুল্লিরা গাড়িতে মহসীনকে স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে নিস্তেজ অবস্থায় দেখতে পান। ৯৯৯-এ খবর দেওয়ার পর দেবিদ্বার থানার পুলিশ ঘটনাস্থল থেকে মহসীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ, টাকা-পয়সা ও কাগজপত্র অক্ষত পাওয়া গেছে। দেবিদ্বার ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো হত্যাকাণ্ড নয়; স্ট্রোকের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত মহসীন গাজীপুরের কাপাশিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, নিহতের স্বজনরা এসে লাশ সনাক্ত করেছে। নিহতের হার্টে পূর্বে ২টি রিং পড়ানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে প্রেরন করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সময় ও কারণ জানা যাবে।

লাকসামে যুবকের লাশ উদ্ধার: র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহের রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। চাঞ্চল্যকর এ ক্লুলেস হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সন্দেহভাজন ৯ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম উপজেলার গন্ডামারা জবাইখানার পাশে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাকসাম রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহটির মুখমণ্ডল ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহত যুবকের নাম মইন উদ্দিন অন্তর (১৮)। বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নুরুন্নবীর ছেলে। ওই ঘটনার পর নির্যাতিত অন্তরের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

এরই প্রেক্ষিতে ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১১ দ্রুত গোয়েন্দা নজরদারি বাড়ায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মোট ৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ রবিউল হোসেন ওরফে ক্যামেল (৩২), মোঃ ইসমাইল খান (২৫), মিলন হোসেন ওরফে ছোট মিলন (১৫), মোঃ হাসান ওরফে এমআই হাসান (২২) সহ আরও ৫ জন। তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় নিহত অন্তর স্থানীয় একটি ভাংড়ির দোকানে কাজ করত এবং অপরাধচক্রের সঙ্গে চলাফেরা করত। চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায় সে এবং গ্রেফতারকৃতরা জড়িত ছিল। চোরাই মাল ও মাদক ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন তর্কবিতর্কের এক পর্যায়ে তারা অন্তরকে হত্যা করে এবং লাশ গুম করতে রেললাইনের পাশে ফেলে রেখে যায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ নেতা ও সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা (মুছা মিয়া) গলা কেটে হত্যা করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর-পাঠামারা বিলে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান।

পুলিশ ও স্থানীয়দের জানানো মতে, আবু মুসা কিছুদিন ধরে হোসেনপুর-পাঠামারা বিলে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করতেন। রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে বিলে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় লাশ উদ্ধার করেন।

নিহতের ছেলে উজ্জ্বল জানান, ‘কয়েকদিন আগে আশরাফবাদ গ্রামের সায়েম নামে একজন আমার বাবাকে মারধর করেছিল। বাবা বলেছিলেন বিল গেলে তাকে কিছু টাকা দেবেন। আজ বিকালে বাবাকে কুপিয়ে ও জবাই করে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে সায়েমই বাবাকে হত্যা করেছে।’

ওসি হাসান জামিল খান জানায়, ‘সন্ধ্যায় খবর পাই হোসেনপুর গ্রামের বিলে একজনের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সাবেক ইউপি সদস্য আবু মুসার গলা কাটা রক্তাক্ত লাশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জগন্নাথপুর চৌমুহনীতে প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নুরুন্নবী(সাঃ)এর নূরানী শুভাগমন উপলক্ষে ৪র্থ বার্ষিকী ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী
(সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা ও ওয়াজ মাহফিল উদযাপন করেছেন জগন্নাথপুর যুব সমাজ।

গতকাল রবিবার (৩০ নভেম্বর) বিকাল হতে মধ্যরাত ব্যাপী জগন্নাথপুর চৌমুহনীর নুরে মোহাম্মাদীয়া জামে মসজিদের পাশের মাঠে এই নাতে মোস্তফা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

জিকিরুল্লাহ ইসলামীয়া যুব কমিটি জগন্নাথপুর শাখার সভাপতি মোহাম্মদ গোলাম রানা শাহাপুরীর সঞ্চালনায় নুরে মোহাম্মাদীয়া জামে মসজিদের সভাপতি হাজী মোঃ মিল্লাত হোসেনের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব।এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হযরত শাহ সৈয়দ করম আলী (রাঃ)জামে মসজিদের খতিব মুফতি মোঃ আবদুল কাদের জিহাদী,বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন জগন্নাথপুর চৌমুহনির নূরে মোহাম্মদীয়া(সাঃ) জামে মসজিদের খতিব মুফতি মোঃ শাহাজালাল আল্ ক্বাদেরী।মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে এলাকাবাসীর মাঝে আলোচনা করা হয় । একই সঙ্গে মহানবীর আদর্শ ও গুণাবলী সবার জীবনে ধারণ ও পালন করার আহ্বান জানান তারা।

ওয়াজ শেষে,বিশেষ আকর্ষণ হিসেবে নাতে রাসূল পরিবেশণা করেন চট্টগ্রাম থেকে আগত শায়ের মুহাম্মদ তারেক রেজা ক্বাদেরী,আলা হযরত যুব পরিষদের সভাপতি শায়ের জানে আলম রেজা ক্বাদেরী, শায়ের মুহাম্মদ সাইমুন রেজা ক্বাদেরী
,শায়ের মুহাম্মদ সাইফুল ইসলাম ক্বাদেরী,শায়ের শহীদুল ইসলাম মিনহাজ।

উক্ত মাহফিলে আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রাজন,মোঃ আবাদ মিয়া,মোঃ সাকিব হোসেন,মো.রবিউল আউয়াল রবিন,মো.রাকিব হোসেন শাহপুরী, মোহাম্মদ হানিফ,ইমাম হাসান শুভ,মোঃ হৃদয়,মোঃ জিহাদ,মো.সামি,আলামিন,রবিউল, প্রমুখ।

নাতে রাসূল পরিবেশণা শেষে দেশ ও মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির কল্যাণে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে দোয়া ও মাহফিল সমাপ্তি করা হয়।

উল্লেখ্য, আরবি ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল, ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেন। প্রতিবছর তার জন্মদিনকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে পালন করে থাকে

চান্দিনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-এলডিপি সংঘর্ষ, আহত ৫০

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া বাজারে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটে। এলডিপি নেতাকর্মীদের দোকানপাট এবং বসত বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় চিলোড়া বাজার।

চুরির ওই ঘটনাটি বিএনপি-এলডিপি নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। এ সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামকে কুপিয়ে জখম করে বিএনপির নেতাকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে চান্দিনা সরকারি হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।

এছাড়া ওই ঘটনায় উভয়পক্ষের আরও কমপক্ষে ৫০ জন আহত হয়। তবে তাদের মধ্যে কেউ গুরুতর নয়। ওই ঘটনায় ১টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় ওই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপরও হামলা করা হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ছোটন জানায়, চিলোড়া বাজার জামে মসজিদের উন্নয়নের জন্য দান অনুদানের যে টাকা পাওয়া যায় সব সময় সেগুলো গণতান্ত্রিক যুবদল উপজেলা বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের মুদি দোকানে রাখা হয়।

তিনি জানায়, শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দোকানের সাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় ওই দোকানের ক্যাশ ভেঙে মসজিদ ও দোকানের টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা যাচাই করে দেখা যায়- পার্শ্ববর্তী এতবারপুর গ্রামের মৎস্যজীবী দল নেতা রোকনের ছেলে রিফাত (১৫) ওই চুরির ঘটনা ঘটায়। পর দিন রোববার (৩০ নভেম্বর) দুপুরে অভিযুক্ত রিফাতকে চিলোড়া বাজারে পেয়ে আটক করা হয়। এ সময় উত্তেজিত মানুষ রিফাতকে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়।

ছোটন জানায়, ওই ঘটনার জের ধরে রিফাতের গ্রাম এতবারপুর, পৌরসভার হারং ও মহারং এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণতান্ত্রিক যুবদল উপজেলা বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের বসত বাড়িতে হামলা করে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মারধর এবং দোকান ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা।

চান্দিনা পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী বিষয়টি অস্বীকার করে বলেন, আমার মা অসুস্থ থাকায় আমি সারাদিন কুমিল্লাতে আছি। এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ বলেন, সন্দেহজনকভাবে ১২ বছরের একটি ছেলেকে মারধর করার খবর পেয়ে আমাদের কিছু নেতাকর্মী ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন আমাদের ৪-৫ জন নেতাকর্মীকে মারধর করে।

এতবারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান ঘটনাস্থলে যাননি বলে দাবি করেন। এছাড়া ৫টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে চান্দিনা থানা ওসি জাবেদ উল ইসলাম রোববার সন্ধ্যায় জানায়, চুরির ঘটনা থেকেই বিষয়টি রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।