All posts by jitu

দেবীদ্বারে গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড ও ভিড়াল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হলেন উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাবুল মিয়া (৫৮), খলিল মিয়ার ছেলে মোস্তফা (২২) এবং আব্দুস সামাদের ছেলে মো. সিয়াম (১৯)।

এ ছাড়া মূল অভিযুক্ত জাফরগঞ্জ পশ্চিমপাড়ার আব্দুল সামাদের ছেলে মো. জাকির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯-এ কল এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জাকির হোসেন নামে এক মাদক কারবারি ৩ কেজি গাঁজাসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন। তবে তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে স্থানীয়রা বাবুল মিয়া, মোস্তফা ও সিয়ামকে ধরে কালিকাপুর সিএনজি সমিতির কার্যালয়ে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে দেবীদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে’র নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাকির হোসেন ভিড়াল্লা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। পুলিশ সেখানে অভিযান চালালে জাকির পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে পুলিশ ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মইন উদ্দিন জানায়, ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পলাতক জাকিরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মহাসড়কের হুগুলিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন জেলার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন(৪৫) ও অজ্ঞাত একজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের হুগুলিয়া মার্কাস মসজিদ এলাকায় ইট ভাঙ্গার ট্রাক্টরকে পিছন থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ছিটকে সড়কের পাশে পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জাকির হোসেন বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। আর নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

‘সারা পৃথিবী থেকে অনলাইনে ভোটিং’ শনিবার কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন

স্টাফ রিপোর্টার:

শনিবার ( ২৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীণ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচনটি ভোটগ্রহণ শুরু হবে শনিবার সকাল ৯ টা থেকে। বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

যারা সরাসরি স্কুলে উপস্থিত থাকবেন সেখানে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না তারাও অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী থেকেই ভোট দিতে পারবেন। নির্বাচনে ভোট দেবেন ১৯৯১ জন নিবন্ধিত ভোটার।

নির্বাচন উপলক্ষে শুক্রবার বেলা সোয়া ১১ টায় কুমিল্লা জিলা স্কুল টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল ইসলাম এফসিএ।

এ কে এম কামরুল ইসলাম আরো জানান, ‘২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলেও এই প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে এই সংগঠনটির কমিটি নির্বাচিত হতে যাচ্ছে। ১৩ টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ছয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, আইটি সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন প্রার্থীরা। এ উপলক্ষে ২৯ নভেম্বর কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।’

সংবাদ সম্মেলনে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, প্রবীণ সাংবাদিক আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়াসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৩৭ সালে। প্রায় দুই শতাব্দীর দীর্ঘ ইতিহাসের প্রতিষ্ঠানটি দেশ বিদেশে অসংখ্য কৃতি ও বিশিষ্ট ব্যক্তিত্ব তৈরি করেছে। যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করতে এবং সম্মিলিত অগ্রগতির লক্ষ্যে ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়।

মনোহরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক মাদক কারবারি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মনোহরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ কাউছার হোসাইন সাব্বির (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত সাব্বির কুমিল্লা কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের রাঙ্গুরী গ্রামের বাসিন্দা।

উপজেলা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ক্যাম্প কমান্ডার তাহমিদ বিন ফারুকের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত সাব্বির কুমিল্লা কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের রাঙ্গুরী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলোক মিয়ার ছেলে।

উদ্ধার করা মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ তাকে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় থানার এসআই মোতাব্বির হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, আটক সাব্বিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একই আইনে একাধিক মামলা রয়েছে।

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর পৌরসভার আরাগ আনন্দপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা নওয়াব মিয়ার ছেলে সফিকুল ইসলাম।

বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এতে বসতঘর, রান্নাঘর, দুইটি খাট, একটি ফ্রিজসহ আসবাব সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকার বেশি হতে পারে বলে তিনি জানান।

তবে দ্রুত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ লাখ টাকার মালামাল রক্ষা করতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছির মুন্সী, ইউপি সদস্য এনামুল হক মাসুম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন সফিকুল ইসলাম ও তার পরিবার। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে গলা কেটে ও গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে ও গুলি করে এক সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলায় দুই পক্ষের আধিপত্য নিয়ে গোলাগুলির পর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৭) কান্দিপাড়া মাইমলহাটি এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে। তিনি ছাত্রদলের সাবেক কর্মী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা মোস্তফা কামাল মস্তু জানায়, রাত দেড়টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিলীপ, বাবুল ও পলাশ। পরে খালপাড়া মসজিদের কাছে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। সাদ্দামের গলা কাটা এবং শরীরে গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তিনি বিবাহিত ছিলেন এবং দুটি সন্তান রেখে গেছেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হয়।

এরপর রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় রবিন ও রিজন নামে দু’ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা রবিনের মোটরসাইকেল ও কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, হত্যাকাণ্ড ও রাতের হামলার বিষয়ে তদন্ত চলছে।

হাজীগঞ্জে পদ্মা বাস চাপায় নানি-নাতনির মর্মান্তিক মৃত্যু

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারে বাসচাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে ৬ বছর বয়সী শিশু মার্জিয়া ও তার নানি নাজমা বেগম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই নানি-নাতনিকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই নাতিন মার্জিয়া ও কুমিল্লা নেওয়ার পথে নানির মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর স্বজনদের আর্তনাদে চারপাশ স্তব্ধ হয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
এ ঘটনায় আটক চালক শাহরাস্তি আলীপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান জানান, “আমি মূলত সুপারভাইজার। ড্রাইভিং করার সময় অন্য মনোযোগে ছিলাম। নিহত শিশুটি বা তার নানিকে আমি দেখিনি।” চালকের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি একজন সুপারভাইজার কীভাবে দায়িত্বশীল চালকের আসনে বসে শতাধিক যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলেন?

পদ্মা ট্রান্সপোর্টের ওই বাসের এক যাত্রী জানান, কুমিল্লা বিশ্বরোড থেকে যাত্রা শুরুর পর থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুরো পথজুড়ে যাত্রীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক চলেছে। দুর্ঘটনার মুহূর্তেও দুই নারী ও একজন পুরুষ যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত ছিলেন চালক। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। উত্তেজিত জনতা বাসটি আটক করে এবং চালককে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

নিহত মার্জিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামের প্রবাসী মানিকের একমাত্র কন্যা। নানি নাজমা বেগম ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড় হাজী বাড়ির মনির হোসেনের স্ত্রী।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “বাস ও চালককে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হবে। অবহেলা বা বেপরোয়া গতির কারণেই যদি এ প্রাণহানি ঘটে থাকে, আমরা আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেব।

বিনিয়োগের টাকা পরিশোধ করে যেন মরতে পারি- ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন

স্টাফ রিপোর্টার:

ডেসটিনি ২০০০ লিমিটেড এর পিএসডি ও ডিস্ট্রিবিটর কর্তৃত আয়োজিত সমসাময়িক বিষয় ও বিনিয়োগ সম্পর্কিত আলোচনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব বন্ধন কমিউনিট সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান এবং ডেসটিনি পিএসডি ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ হোসাইন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন পিএসডি ও সেন্ট্রাল গো ডায়মন্ড এসোসিয়েশন এর সদস্য সন্জিত কুমার কর্মকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএসডি ফারুক আহমেদ, শাহিনুর সরকার, পিএসডি ফোরামের প্রেস এন্ড পাবলিকেশন লিমিটেড এর জহিরুল ইসলাম বাবু, রিচার্জ এন্ড ডেভেলপমেন্টের নজরুল ইসলাম ফয়সাল, আলাউদ্দিন আল মামুন, আনিসুজ্জামান।

স্বপ্ন শহর প্রাঃ লিঃ এর প্রতিনিধি পরিচালক মোঃ ইউসুফ আলী,ডেসটিনি ২০০০ লিঃ পিএসডি ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক শাহীন আল মামুন, বাসেতুল হোসাইন, মাহিদুল হোসাইন ও এ্যাডভোকেট ফয়সাল সুলতানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

কুমিল্লায় প্রধান অতিথির আগমণ উপলক্ষে কুমিল্লা জেলা স্থানীয় লিডারগণ ও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব মোহাম্মদ হোসাইন বলেন বিনিয়োগের টাকা যেন বিনিয়োগ কারিদের পরিশোধ করে মরতে পারি সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া। বিনা দোষে বারোটি বছর আমরা জেল খেটেছি। আমরা হার মানার লোক নহে, বিদেশে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল যাইনি। এদেশের সেবাই নিজেদের বিলিয়ে দিবো।

পরিশেষে ডেসটিনি ২০০০ লিঃ এর প্রয়াত ডিস্ট্রিবিউটদের স্বরনে নিরবতা ও দোয়া করা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করে সেন্ট্রাল গো ডায়মন্ড এসোসিয়েশনের সদস্য সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টি।

চিকিৎসার নামে প্রতারণা: কচুয়ায় তিন হাতুড়ে চিকিৎসকের জরিমানা

মো. রাছেল, কচুয়া:

চাঁদপুরের কচুয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন হাতুড়ে চিকিৎসককে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কচুয়া বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কচুয়া সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

সনদ বিহীন চিকিৎসা করায় ও ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে জন ক্যলাণ ফার্মেসী (বইল্লার ডাক্তার) হাতুড়ে চিকিৎসক মো. কবির হোসেনকে ৪০ হাজার টাকা, ইসলামিয়া মেডিকেল সেন্টারের মালিক হাতুড়ে চিকিৎসক রিপন চন্দ্র পালকে ২০ হাজার টাকা ও মনোয়ারা ফার্মেসীর মালিক হাতুড়ে চিকিৎসক গনেশ চন্দ্র সেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মো. জাহিদ হোসাইন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ সহ থানা পুলিশ অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, চিকিসৎসক হিসেবে তাদের সনদ না থাকা স্বত্বেও তারা নিজ নামে প্রেসক্রিপশন তৈরি করে নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক ঔষধ লেখার নিয়ম না থাকা স্বত্বেও তারা কারনে অকারনে এন্টিবায়োটিক ঔষধ লিখে অপ-চিকিৎসা দিয়ে আসছে এমনি অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

আবাসিক ও বিদ্যালয় সংলগ্নে ডিজেল চালিত অবৈধ করাতকলে অতিষ্ঠ এলাকাবাসী

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক এলাকা ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় স্থাপিত অনুমোদনবিহীন ডিজেল চালিত স’মিল এর শব্দ ও বায়ু দূষণে অতিষ্ঠ এলাকাবাসী ও শিক্ষার্থীরা। উপজেলার বাতিসা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় খোকন টিম্বার এন্ড স মিলের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে পরিবেশ অধিদপ্তরসহ সরকারের বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী এক পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে উল্টো স’মিল পরিচালক আবুল কাশেম ওই ব্যক্তির ঘরের সামনে আরো একটি স’মিল স্থাপনের উদ্যোগ নিয়েছে। উপজেলা বন কর্মকর্তা জানিয়েছেন স-মিলটি অবৈধ। ইতোপূর্বে স মিলটিতে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযোগ প্রাপ্তির তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।

অভিযোগে জানা যায়, উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামে বাতিসা-উল্লাপাড়া সড়কের পাশে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাসিব আহমেদ চৌধুরীর বাড়ি। রাস্তার পাশে তার ঘর সংলগ্ন’ই স্থাপন করা হয়েছে ডিজেল চালিত খোকন টিম্বার এন্ড স’মিল। ওই ডিজেল চালিত মেশিনের উচ্চশব্দ, কালো ধোঁয়া ও কাঠের সুরকিতে পরিবেশ হয়ে পড়েছে বসবাস অযোগ্য। আশপাশের অতিষ্ঠ বাসিন্দারা মৌখিকভাবে দফায় দফায় মালিককে জানালেও তিনি ডিজেল চালিত মেশিন পরিবর্তন করতে রাজি নন। উল্টো ওই স’মিল এর মিস্ত্রী ও পরিচালক আবুল কাশেম হাসিব চৌধুরীর ঘরের সামনে অন্য পাশে আরেকটি স’মিল স্থাপনের উদ্যোগ নেন।

মঙ্গলবার দুপুরে সরজমিন ঘুরে দেখে যায়, হাসিব চৌধুরীর বাড়ির সামনে ডিজেল চালিত খোকন টিম্বার এন্ড স’মিল এর বিকট শব্দে প্রকম্পিত চারপাশ। কাঠের সুরকি উড়ছে চারপাশে, সাথে কালো ধোঁয়ায় ধূসর চারপাশের পরিবেশ। পরীক্ষা শেষে পাশ দিয়ে যাওয়ার সময় বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এমদাদ, বেলাল ও আবু বক্কর বলেল, প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় এই জায়গায় কালো ধোঁয়ার দুর্গন্ধ ও কাঠের সুরকি থেকে বাঁচতে নাক চেপে ধরে হাঁটতে হয়। পাশ্ববর্তী বাড়ির জিয়াউদ্দিন মাসুদ বলেন, এদেরকে বারবার নিষেধ করার পরেও তারা কারো কথা কর্ণপাত করেনা। তারা অনুমোদন ছাড়া জোরপূর্বক এই জায়গায় স’মিল স্থাপন করে।

স’মিল এর পাশে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, আ’লীগ সরকারের আমলে জোরপূর্বক এখানে ডিজেল চালি শ্যালো ইঞ্জিন দিয়ে এই জায়গায় স’মিল বসানো হয়।

স’মিল সংলগ্ন বাসিন্দা অভিযোগকারী হাসিব চৌধুরী বলেন, ‘পরিবার নিয়ে বসবাস করি এই বাড়িতে। এখানে অনুমোদন ছাড়া উচ্চ শব্দ করা ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে স’মিল স্থাপন করে মালিক। আমি প্রতিবাদ করায় তারা আমাকে উচ্ছেদের উদ্দেশ্যে পাশেই উল্টো আরেকটি ডিজেল চালিত স’মিল স্থাপনের উদ্যোগ নিয়েছে। আমি প্রশাসনের কাছে দ্রুত এই অবৈধ স’মিল উচ্ছেদের আবেদন জানাই।’

এ বিষয়ে জানতে খোকন টিম্বার এন্ড স’মিল এর মালিক খোকনকে বার-বার কল করলেও তিনি রিসিভ করেননি।

চৌদ্দগ্রাম বন কর্মকর্তা শাহিন আলম বলেন, খোকন টিম্বার এন্ড স’মিল এর কোনো অনুমোদন নাই। গত মাসে কাগজপত্র দেখার জন্য অভিযানে গেলে মালিক খোকন দরজা জানালা বন্ধ করে পালিয়ে যায়।’