All posts by jitu

বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক শাহনাজ পারভীন রুমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য শাহনাজ পারভীন রুমা বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম বাংকার্স সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জয়নাল আবেদিন খান, বাংলাদেশ ব্যাংকের যগ্ম পরিচালক মোঃ মহি উদ্দীন, সোসাইটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, কার্যকরি কমিটির সদস্য ও এবি ব্যাংক কর্মকর্তা জান্নাতুল কাউনাইন, আজীবন সদস্য ও সিটিজেনস ব্যাংকের পাবলিক রিলেশন ডিভিশনের কর্মকর্তা মোঃ ইউসুফসহ অনান্য সদস্যবৃন্দ।

শাহনাজ পারভীন রুমা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লার কন্যা।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রাণ গেল প্রেমিকের

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুক্তার মিয়া (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার বড় ভাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মুক্তার উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক বছর আগে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলা আক্তারের সঙ্গে কাঠালকান্দি গ্রামের কুটবীপাড়ার মুক্তার মিয়ার প্রেমের সম্পর্ক হয়। তাদের প্রেমের ঘটনা দুই পরিবারে জানাজানি হয়। ছেলের পরিবার মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নিতে পারেনি। তাই বিয়ের প্রস্তাবেও রাজি হয়নি। পরে এ নিয়ে দুই পরিবারের সংঘর্ষ হয়। এতে মেয়ের পরিবারের লোকজন আহত হলে আদালতে মামলা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মীমাংসা হয়।

বৃহস্পতিবার দুপুরে মুক্তার মিয়া অটো নিয়ে চাতলপাড় বাজার থেকে কচুয়া গ্রামের দিকে গেলে রাস্তার সামনে দাড়িয়ে অটো আটক করে। তারপর মেয়ের বড় ভাই শাহালমের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল ধারালো ছুরি দিয়ে মুক্তারের হাত-পা ও পেটে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আক্তার হোসেন জানান, আমার ভাই শেউলা আক্তার নামে একটা মেয়েকে পছন্দ করত। আমরা মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছি কিন্তু তারা আমাদের প্রস্তাব মেনে নিতে পারেনি। তাই একাধিকবার আমার ভাইকে মেয়ের বড় ভাই মারধর করে। আজ দুপুরে আমার ভাই শেউলাকে নিয়ে অটোরিকশা দিয়ে কচুয়া গেলে সেখানে ওতপেতে থাকা আলমগীরের নির্দেশে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। আমরা এর সঠিক বিচার চাই।

নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানায়, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কুমিল্লা সদর সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে সদর সার্কেলের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

এ সময় পুলিশ সুপার মহোদয় অফিস ব্যবস্থাপনার মানোন্নয়ন, ফোর্সদের সার্বিক কল্যাণ, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি অফিসের বিভিন্ন রেজিস্টার পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট সার্কেলের অফিসার ইনচার্জবৃন্দ।

এই পরিদর্শনের মাধ্যমে সদর সার্কেলের কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি ও প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনায় আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক যবুককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত সাব্বির উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের তাজু ড্রাইভার বাড়ির মো. লিটনের ছেলে। অপরদিকে আটককৃতরা হলেন- উপজেলার ধানশালিক ইউনিয়নের পান বেপারী বাড়ির আব্দুর সোবহান শামীম (৩০) ও তার স্ত্রী ফারহানা আক্তার (২৩)।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। তিনি জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় সাব্বিরকে ঢাকা নেওয়ার পথে একই দিন দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে ৪-৫ দিন আগে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান বেপারী বাড়ির মনোয়ারা বেগমের খেতের লাউ গাছ গোপনে কেটে ফেলে তার দেবর শামীম। তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা তাকে হাতেনাতে দুর্বৃত্তকে ধরতে পরামর্শ দেয়। গতকাল বুধবার বিকেলে তার মরিচ গাছের চারা কেটে ফেলার সময় তিনি তার দেবর শামীমকে দেখে ফেলে মনোয়ারা। সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলে উল্টো তার দেবর মনোয়ারাকে মারধর করে।

এদিকে, খবর পেয়ে সন্ধ্যার দিকে মনোয়ারা বেগমমের বোনের ছেলে শালিক তার বন্ধু সাব্বিরসহ ওই বাড়িতে যায়। তখন বাড়িতে মনোয়ারা ছিলেন না। এক পর্যায়ে শাকিল ও সাব্বিরের সঙ্গে শামীমের দেখা হয় এবং সেখানে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শামীম তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সাব্বিরকে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

ময়নামতি রেজিমেন্ট বিএনসিসির আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ ৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:

ময়নামতি রেজিমেন্ট বিএনসিসির আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ ৫.০০ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ময়নামতি রেজিমেন্ট বিএনসিসি, কুমিল্লার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের মাঝে সংবর্ধনা স্মারক এবং নগদ বৃত্তি প্রদান করেন।

এ বছর ময়নামতি রেজিমেন্ট এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে এসএসসিতে জিপিএ- ৫.০০ পেয়েছে ৫৪ জন ক্যাডেট এবং এইচএসসিতে জিপিএ- ৫.০০ পেয়েছে ২৮ জন ক্যাডেট।

অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যাডেটদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সামগ্রী জব্দ করা হয়।

আজ বেলা ১১টার দিকে বিজিবির পক্ষ পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

তিনি জানায়, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি-পিস, শাল চাদর, কসমেটিকস সামগ্রী, ওষুধ, আতশবাজি, গরু, কাভার্ডভ্যান এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে ৯ দিনব্যাপী বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা। আগামী ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে কুমিল্লা টাউন হল মাঠে।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জ্ঞান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও প্রতিদিন সন্ধ্যার পর বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায়। সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূইয়া। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।

এ বছর বইমেলায় অংশ নিচ্ছে ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের সুবিধার্থে টাউন হল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়া, প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নটরডেমিয়ান ক্লাব বাংলাদেশ লিমিটেড–প্রেসিডেন্ট কাপ ইনডোর টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

 

নটরডেমিয়ান ক্লাব বাংলাদেশ লিমিটেড-এর আয়োজনে বনানী ১০ নম্বর রোডের ফাদার পিসাতো অডিটোরিয়ামে সায়েম ও ক্যাপ্টেন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট কাপ ইনডোর টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ রেফায়েত উল্লাহ বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন।

বিজয়ীদের তালিকা:

টেবিল টেনিস একক: চ্যাম্পিয়ন মোঃ বদরুল, রানার্সআপ মোঃ সজিব
টেবিল টেনিস দ্বৈত: চ্যাম্পিয়ন সজীব ও সুজন, রানার্সআপ দিপু ও রাজিব
দাবা: চ্যাম্পিয়ন আসাদ, রানার্সআপ দোলন
ক্যারম একক: চ্যাম্পিয়ন জুয়েল, রানার্সআপ মাহফুজ
ক্যারম দ্বৈত: চ্যাম্পিয়ন মাহফুজ ও জুয়েল, রানার্সআপ চন্দন ও নাদের
পুল: চ্যাম্পিয়ন তানিম, রানার্সআপ ক্যাপ্টেন খালেদ
স্নুকার: চ্যাম্পিয়ন দিপু, রানার্সআপ শান্ত
উল্লেখ্য ক্লাবে প্রথমবারের মতো স্নুকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিপু ।

অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের উপস্থিতি এটিকে আরও সমৃদ্ধ করে তোলে। পুরস্কার বিতরণের পর ডিনার ও সাংস্কৃতিক পরিবেশনায় সন্ধ্যার পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান নয়নসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা ডিবি পুলিশ, চান্দিনা, সদর দক্ষিণ, লালমাই ও লাকসাম থানার সমন্বিত টিমের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম প্রধান নয়নসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সরঞ্জাম ও দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি লাকসাম থানা এলাকা থেকে ডাকাতি হওয়া ৩টি গরু ও ২টি গরুর বাছুরও উদ্ধার করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্তিক এলাকায় ধারাবাহিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চান্দিনা থানার বরকরই নাথের বাড়ী এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)-এর নেতৃত্বে অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে নীল রঙের পিকআপ থেকে ৪/৫ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়। অপর একটি হলুদ রঙের পিকআপ পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করলে ডাকাত নয়ন পুলিশ সদস্যদের ওপর গাড়ি তুলে মারার চেষ্টা করে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার দুঃসাহসিক ধাওয়ার পর সদর দক্ষিণ থানার ফিরিঙ্গির হাট এলাকায় ডাকাত নয়ন কৌশলে পালানোর চেষ্টা করে পুকুরে লাফ দিলে ডিবি পুলিশের সদস্যরা পুকুরে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃতরা সাম্প্রতিক সময়ের লাকসাম ও চান্দিনা এলাকায় গরু ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন: চান্দিনা থানার বরকড়ই গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ রায়হান (২০), তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ নয়ন (৩৪), চান্দিনা থানার বরকড়ই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মোঃ শাহাদাত হোসেন (২৪), চান্দিনা থানার দেওকামতা গ্রামের মোঃ সিরাজ কাজীর ছেলে মোঃ নাছির (২৫), চান্দিনা থানার সুরিখোলা গ্রামের মন্টু মিয়ার ছেলে মোঃ সজীব রানা (২৮)।

পুলিশ সূত্র জানায়, নয়নের বিরুদ্ধে ১১টি, সজীবের বিরুদ্ধে ৫টি এবং রায়হানের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২টি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ, ১টি টোটো রিভাল বার, ১টি বোল্ট কাটার, ২টি কাঠের বাটযুক্ত ছুরি, লোহার চাপাতি, ১টি স্টিলের চাপাতি, ১টি হ্যাকসো ব্লেড কাটার, ৩টি গরু ও ২টি বাছুর উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে দেবিদ্বার ও দাউদকান্দি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে জেলা পুলিশের এমন সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

পঁচা ও বাসি খাবার সংরক্ষণ: হাজীগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী।

বুধবার (২৬ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পঁচা ও বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ কে ৪৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে শাহজাহান মেমোরিয়াল হাসপাতাল ফার্মেসী কে ২০ হাজার টাকা, একই অপরাধে ইসলামিয়া মডার্ণ হাসপাতাল ফার্মেসী কে ৫ হাজার টাকা এবং মেসার্স মেডিসিন কর্ণার কে ১০ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।