Tag Archives: জাপান

জাইকার আয়োজনে মাইলস্টোন স্কুলে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) আয়োজনে মাইলস্টোন স্কুল ও কলেজের উত্তরা ক্যাম্পাসে এক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এ উৎসবে বিশেষ অতিথি ছিলেন ক্রিকেট তারকা মুশফিকুর রহিম। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে শিক্ষার্থীদের মনের আতঙ্ক দূর করা এবং মানসিক আঘাত কাটিয়ে আবার স্বাভাবিক স্কুল জীবনে ফিরতে সহায়তা করবে এ উদ্যোগ।

কমিউনিটির মধ্যে একাত্মতা জোরদারে আয়োজিত এই থেরাপিউটিক অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল মাইলস্টোন স্কুল ও কলেজ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে জাপানের এমইউএফজি ব্যাংক ও একমাত্রা সোসাইটি।

মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনার মানসিক ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে অনেক শিক্ষার্থী। এ ট্র্যাজেডি শিক্ষার্থী, শিক্ষক ও ক্ষতিগ্রস্ত পরিবারসহ দেশবাসীর মনে গভীর প্রভাব ফেলে। ট্র্যাজেডির পরবর্তী মাসগুলোতে প্রায় একশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অনিয়মিত উপস্থিত হতে থাকে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও স্কুলের সাথে সংযোগ উল্লেখযোগ্যভাবে কমে যায়। শিক্ষার্থীরা যেন মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারে, এজন্য কাউন্সেলিং সহায়তা প্রদানের পাশাপাশি স্কুলে তাদের ইতিবাচক স্মৃতি তৈরিতে উদ্দীপনামূলক সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করে জাইকা এবং এ আয়োজনের অন্যান্য অংশীদারেরা।

ক্রিকেটসহ বিভিন্ন খেলা ও দলগত নানা কার্যক্রম নিয়ে আয়োজিত এ ক্রীড়া উৎসবের উদ্দেশ্য ছিল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য আনন্দের আবহ তৈরি এবং তারা যেন আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, এমন অনুকূল পরিবেশ তৈরি করা। সঙ্কটের সময়ে শিশুদের সামগ্রিক বিকাশে মডেল কার্যক্রম হিসেবে জাইকা এবং মাইলস্টোন স্কুল ও কলেজের অংশীদারিত্ব জোরদার করেছে এ উদ্যোগ।

উৎসবে ম্শুফিকুর রহিমের উপস্থিতি আয়োজনে বিশেষ মাত্রা যুক্ত করে। বিকেএসপি’র প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সফলতা অর্জনের অনন্য দৃষ্টান্ত। তার উপস্থিতি ও সকল বাধা পেরিয়ে সফলতা অর্জনের যাত্রা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ও তাদের মধ্যে আশার সঞ্চারে ভূমিকা রাখে। উল্লেখ্য, বহু বছর ধরেই বিকেএসপি’র সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে জাইকা। বিগত বছরগুলোতে দেশের ক্রীড়া ক্ষেত্রের মানোন্নয়নে জাইকার মাধ্যমে ৩০ জন জাপান ওভারসিস কো-অপারেশন ভলান্টিয়ার বিকেএসপি’র সাথে কাজ করেছেন। মুশফিকুর রহমানের উপস্থিতি জাইকার বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন ও তরুণদের ক্ষমতায়নের প্রতি ধারাবাহিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ক্রীড়া উৎসবে প্রায় ১৩ শ’ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। খেলা ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে আনন্দময় পরিবেশে সময় কাটায়।

৮১ বছর পর ময়নামতি থেকে

৮১ বছর পর ময়নামতি থেকে ২৪ সেনার দেহাবশেষ ফেরত নিচ্ছে জাপান

৮১ বছর পর ময়নামতি থেকে ২৪ সেনার দেহাবশেষ ফেরত নিচ্ছে জাপান

স্টাফ রিপোর্টার:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ২৪ জন জাপানি সেনার দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে এই দেহাবশেষ উত্তোলনের কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল, যাঁরা কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করছেন।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এসব জাপানি সেনার দেহাবশেষ সমাধিস্থ করার ৮১ বছর পর নিজ দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেহাবশেষ উত্তোলন ও যাচাইয়ের পাশাপাশি সমাধিতে পাওয়া স্মৃতিচিহ্নগুলোও সংগ্রহ করা হচ্ছে। জাপানের ৭ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল, যার মধ্যে ছয়জন জাপানি ও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, এই কার্যক্রমে কাজ করছেন। তাঁদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সরকারও।

বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন ইনোওয়ে তাতসুকায়ি। তিনি জানান, সমাধিগুলো থেকে প্রাপ্ত দেহাবশেষ এবং অন্যান্য জিনিস সংরক্ষণ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে সৈনিকদের পরিবারের জন্য কিছুটা সান্ত্বনা প্রদান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সহযোগিতায় এই কার্যক্রম গত ১৩ নভেম্বর শুরু হয়েছে এবং আগামী ২৪ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। প্রধান আর্কিওলজিস্ট ফ্রান্সিস মাইকেল বলেন, ‘মাটি খুঁড়ে দেহাবশেষ ও স্মৃতিচিহ্নগুলো সাবধানে সংগ্রহ করা হচ্ছে। এই কাজ শেষ হওয়ার পরই আমরা নিশ্চিতভাবে বলতে পারব, কী পাওয়া গেছে।’

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের বাংলাদেশের মুখপাত্র লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক জানান, জাপান সরকার ২০১৩ সালেই এই দেহাবশেষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, তবে বিভিন্ন কারণে তা তখন সম্ভব হয়নি। গত বছর আবারও এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয় এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে কাজটি শুরু করা হয়।

ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের মোট ৭৩৭ জন সৈনিক সমাহিত আছেন। প্রতি বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, উ. কোরিয়া-রাশিয়ায় সুনামি সতর্কতা

ডেস্ক রিপোর্ট:

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় একাধিক এলাকায় সুনামি আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে দেশটিতে ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের উপকূল সংলগ্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে উত্তর কোরিয়া ও রাশিয়ার কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাসিন্দাদের পশ্চিম উপকূলের কিছু এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্প কবলিত অঞ্চলে বিমান ও রেল চলাচল ব্যাহত হয়েছে।

জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে বলেছে, ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে জাপান সাগরের উপকূলীয় এলাকার কিছু অংশে প্রায় ১ মিটার (ফুট) উচ্চতার সুনামি হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বড় ঢেউ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, জাপানে আঘাত হানা ভূমিকম্পের জেরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ২ দমমিক ০৮ মিটার (৬.৮ ফুট) পর্যন্ত সুনামি হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তীরে জাপানের কাছাকাছি অবস্থিত রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন দ্বীপের পশ্চিম উপকূলের কিছু অংশ, প্রিমরস্ক এবং খাবারোভস্ক অঞ্চলে সুনামি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির সুনামি সংস্থা। রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ সংবাদমাধ্যম প্রিমরস্ক অঞ্চলের বন্দরনগরী ভ্লাদিভোস্টকের কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেছে, উত্তাল সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেদের ‘‘জরুরি-ভিত্তিতে তীরে ফিরে আসার’’ নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে জাপানে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির মধ্যাঞ্চলীয় হোনশু দ্বীপের ইশিকাওয়া জেলা। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার জাপানে ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব ভূমিকম্পের মাঝে সবচেয়ে ছোটটির মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং সবচেয়ে বড়টির ৭ দশমিক ৫।

ভূগর্ভস্থ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রায় প্রতিদিনই গড়ে ১০টি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে, ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের।

নির্বাচনের ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক পাঠাবে জাপান

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে জাপান।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ কথা জানান।

বৈঠকে সিইসি ছাড়াও ইসি সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের অন্য কর্মকর্তারাও অংশ নেন বলে জানা গেছে।

জাপানের রাষ্ট্রদূত জানান, জাপান থেকে ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক আসবেন। আর তাদের সঙ্গে ঢাকার জাপান দূতাবাসের ১৩ কর্মকর্তা থাকবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আজই প্রতীক বরাদ্দ হয়ে গেছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

জাপানের সঙ্গে বাংলাদেশের ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্টঃ

কৃষি, শুল্ক বিষয়ক, প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার-নিরাপত্তা, শিল্প আপগ্রেডিং, বুদ্ধিভিত্তিক সম্পদ, জাহাজ পুনর্ব্যবহার এবং মেট্রোরেল বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও জাপান।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এ সময় উভয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বিনিময় প্রত্যক্ষ করেন।

যে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই হলো-

১. কৃষি গবেষণা ও উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করে জাপানের কৃষি, বন এবং মৎস্য বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়।

২. শুল্ক বিষয়ক পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি সই করে বাংলাদেশ ও জাপান সরকার। এ চুক্তির আওতায় দুই দেশ শুল্ক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা; শুল্ক অপরাধ প্রতিরোধ, তদন্ত ও দমন করা এবং শুল্ক পদ্ধতির সরলীকরণ ও সমন্বয়ে পরস্পরকে সহযোগিতা করবে।

৩. ‘বাংলাদেশ-জাপান শিল্পোন্নয় অংশীদারিত্ব’ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। এ চুক্তির আওতায় ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে মসৃণ উত্তরণ এবং ‘ভিশন ২০৪১’ এর আওতায় ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সহায়তা হিসেবে সরকার ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশের বাণিজ্য কর্মক্ষমতা বৃদ্ধি এবং পণ্যে বৈচিত্র্য আনতে এবং যৌথভাবে শিল্পের মানোন্নয়নের সম্ভাবনাগুলো অন্বেষণ করার জন্য একটি কাঠামো স্থাপন করতে সহযোগিতা হবে।

৪. প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা করতে একটি সমঝোতা সই করেছে বাংলাদেশ ও জাপান। এই সমঝোতার আওতায় প্রতিরক্ষা সংলাপ, সফর বিনিময়, শিক্ষা, প্রশিক্ষণ, কোর্স, সেমিনার, ওয়ার্কশপ, প্রযুক্তি হস্তান্তরসহ প্রতিরক্ষা সম্পর্কিত অন্যান্য কার্যক্রম এবং সহযোগিতা জোরদার করা হবে।

৫. মেট্রোরেলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। এ সমঝোতা স্মারকের আওতায় মেট্রোরেল নীতি, আইন ও প্রবিধানে সহযোগিতা; অবকাঠামো, রোলিং স্টক ও সিস্টেমের জন্য প্রযুক্তি; নিরাপত্তা নীতি ও ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা করা হবে।

৬. জাহাজ ভাঙা শিল্প সেক্টরে একটি সহযোগিতা স্মারক সই করেছে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশ ২০২৩ সালের মধ্যে জাহাজের নিরাপদ ও পরিবেশগতভাবে সঠিক পুনর্ব্যবহার নিশ্চিত করতে হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন গ্রহণ ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এক্ষেত্রে একটি ট্রিটমেন্ট, সংরক্ষণ ও নিষ্ক্রিয়করণ সুবিধা প্রতিষ্ঠাসহ হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেবে জাপান।

৭. একটি সহযোগিতা স্মারক সই করেছে জাপান পেটেন্ট অফিস এবং বাংলাদেশের বুদ্ধিভিত্তিক সম্পত্তির পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ। এর আওতায় তথ্য ও চর্চার আদান-প্রদানের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (আইপিআর) সিস্টেম এবং আইপিআর’র গুরুত্ব বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে করা, শিল্প ও উদ্ভাবনের বিকাশে আইপিআর সিস্টেমের উন্নতি।

৮. সাইবার নিরাপত্তাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে একটি সহযোগিতা স্মারক সই করে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ।

এসব চুক্তি সইয়ের আগে শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এর আগে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানান এবং তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন ফুমিও কিশিদা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবেশপথে গার্ড অব অনারও পরিদর্শন করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

দ্বিপাক্ষিক আলোচনা শেষে যৌথ বিবৃতি প্রদান করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে গতকাল (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা এবং স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।

শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি শুরুর আগে ২০১৯ সালে শেষবার সফর করার তিন বছর পর জাপান সফরে গেলেন।

মালয়েশিয়াসহ সাত দেশে ঈদ শনিবার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। কেউ চাঁদ দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।