,

কুমিল্লায় কিশোর গ্যাং”রতন গ্রুপের” আনিকসহ ৫ জন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘রতন গ্রুপের’ আনিসুর রহমান ওরফে আনিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার আনিসুর রহমান ওরফে আনিক (১৯) ‘রতন গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। গ্রুপটির প্রধান রতন আত্মগোপনে থাকায় আনিকই এর বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, সংঘবদ্ধভাবে ঘোরাফেরা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে এমন স্থানগুলোতে নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আনিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে অনিককে রতন গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। রতন আত্মগোপনে থাকায় গ্রুপটির কার্যক্রম পরিচালনায় আনিকের ভূমিকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা হয়, সেসব এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে অভিযোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধ এবং উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে।