Tag Archives: রাশিয়া

পুতিনের নির্বাচন দেখতে ৮ দিনের সফরে যাচ্ছেন সিইসি

ডেস্ক রিপোর্ট:

ভোট দেখতে ৮ দিনের সফরে রাশিয়ায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। সিইসির সফরসঙ্গী হিসেবে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। তারা ১৯ মার্চ দেশে ফিরবেন।

এই সফর সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম।

চিঠিতে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের প্রেসিডেন্টের নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনী সার্বভৌমত্ব অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ান ফেডারেশন সফর করবেন। আগামী ১৪ থেকে ১৮ মার্চ সিইসিসহ তার একান্ত সচিব কিছু শর্তসাপেক্ষে রাশিয়া সফর করবেন।’

এতে আরও জানানো হয়, ‘আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবেন এবং ১৯ মার্চ ঢাকায় ফিরবেন। এই সফরের সময়কাল, ভ্রমণ এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। তারা তাদের বেতন-ভাতা স্থানীয় মুদ্রায় নেবেন এবং এর কোনো অংশ বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না। সফরের সময় তারা দুজন অংশগ্রহণকারী পাঁচ রাতের হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় আতিথেয়তা গ্রহণ করবেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্য আনুষঙ্গিক খরচ বহন করবে।’

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, উ. কোরিয়া-রাশিয়ায় সুনামি সতর্কতা

ডেস্ক রিপোর্ট:

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় একাধিক এলাকায় সুনামি আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে দেশটিতে ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের উপকূল সংলগ্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে উত্তর কোরিয়া ও রাশিয়ার কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাসিন্দাদের পশ্চিম উপকূলের কিছু এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্প কবলিত অঞ্চলে বিমান ও রেল চলাচল ব্যাহত হয়েছে।

জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে বলেছে, ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে জাপান সাগরের উপকূলীয় এলাকার কিছু অংশে প্রায় ১ মিটার (ফুট) উচ্চতার সুনামি হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বড় ঢেউ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, জাপানে আঘাত হানা ভূমিকম্পের জেরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ২ দমমিক ০৮ মিটার (৬.৮ ফুট) পর্যন্ত সুনামি হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তীরে জাপানের কাছাকাছি অবস্থিত রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন দ্বীপের পশ্চিম উপকূলের কিছু অংশ, প্রিমরস্ক এবং খাবারোভস্ক অঞ্চলে সুনামি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির সুনামি সংস্থা। রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ সংবাদমাধ্যম প্রিমরস্ক অঞ্চলের বন্দরনগরী ভ্লাদিভোস্টকের কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেছে, উত্তাল সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেদের ‘‘জরুরি-ভিত্তিতে তীরে ফিরে আসার’’ নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে জাপানে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির মধ্যাঞ্চলীয় হোনশু দ্বীপের ইশিকাওয়া জেলা। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার জাপানে ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব ভূমিকম্পের মাঝে সবচেয়ে ছোটটির মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং সবচেয়ে বড়টির ৭ দশমিক ৫।

ভূগর্ভস্থ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রায় প্রতিদিনই গড়ে ১০টি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে, ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৩১ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় অন্তত নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ১৬০ জনেরও বেশি মানুষ। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

শুক্রবার রাতভর রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন জায়গায় এই হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার অস্ত্রাগারে যত গোলাবারুদ-ক্ষেপণাস্ত্র ছিল, তার প্রায় সবই উজাড় করে দিয়েছে রুশ বাহিনী….অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র এবং অজস্র ড্রোন ছোড়া হয়েছে পুরো ইউক্রেনকে লক্ষ্য করে। তবে আমরা অধিকাংশই ধ্বংস করতে সক্ষম হয়েছি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে এই প্রথম এত বড় মাত্রার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, বিমান বাহিনীর সেনারা মোট সেসবের মধ্যে ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছেন। শুক্রবার রাত থেকে ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র-ড্রোন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার এ হামলা শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। যা সারারাতব্যাপী চলে। এ সময়ের মধ্যে ছয়টি শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। যার মধ্যে রয়েছে রাজধানী কিয়েভও। এছাড়া যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের লভিভেও পৌঁছেছে রুশ বাহিনীর মিসাইল।

জেলেনস্কি দাবি করেছেন, বেশিরভাগ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। তা সত্ত্বেও কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষ আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে।

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নামেনি রাশিয়া: মান্টিটস্কি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া কোনো প্রতিযোগিতা করছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেছেন, বাংলাদেশ ইস্যুতে তারা (পশ্চিমা দেশগুলো) কী করছে, আর কী করতে পারে, আমরা শুধু তা তুলে ধরেছি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকায় রুশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপারেশনে সহায়তা করেছিল তৎকালীন সোভিয়েত নৌবাহিনী। তখন মাইন অপসারণে সহায়তাকারী সেই নৌবাহিনীর সাবেক দুই সদস্য বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা সেই সময়ের স্মৃতিচারণ করেন।

গত ১৫ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা অভিযোগ করেছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

তার এ বক্তব্য বিষয়ে সংবাদ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রদূতের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিলেন, তা তুলে ধরতেই আমরা এখানে সংবাদ সম্মেলন করছি। তবুও বলতে চাই, বাংলাদেশকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নামেনি রাশিয়া। তবে তারা (পশ্চিমা দেশগুলো) কী করছে, আর কী করতে পারে, আমরা শুধু তা তুলে ধরেছি। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া সহযোগিতা করতে পেরেছে বলে আমরা খুশি। বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা অংশীদার হতে পেরে আনন্দিত।

সংবাদ সম্মেলনে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সাবেক দুই সদস্য ভিটালি গুবেনকো ও আলেক্সান্ডার জালটস্কি উপস্থিত ছিলেন।

এসময় ভিটালি গুবেনকো চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণের স্মৃতিচারণ করে বলেন, মাইন অপসারণের জন্য ১৯৭২ সালে আমি চট্টগ্রামে আসি। তখন কাজটি খুব কঠিন ছিল। দুই বছর অক্লান্ত চেষ্টায় মাইন অপসারণ করা হয়। পরে বন্দর দিয়ে জাহাজ চলাচলও শুরু হয়। তখন স্থানীয় জনগণ খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন। তাদের কথা আমার স্মরণে আছে।

তিনি বলেন, ৫০ বছর আগে এদেশের অবকাঠামোগত তেমন কোনো উন্নতি ছিল না। এখন বাংলাদেশের উন্নয়ন দেখে খুব ভালো লাগছে।

১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, আবারও ক্ষমতায় আসবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে সিদ্ধান্তটি।

এরমাধ্যমে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার নির্বাচন ব্যবস্থার ওপর প্রেসিডেন্ট পুতিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। ফলে পুতিন আবারও ক্ষমতায় আসছেন এ বিষয়টি মোটামুটি নিশ্চিত। দেশটিতে যেসব বিরোধী দলীয় নেতা রয়েছেন তাদের বেশিরভাগই জেলে অথবা বিদেশে পালিয়ে আছেন এবং রাশিয়ার সবচেয়ে স্বাধীন গণমাধ্যমটিও নিষিদ্ধ করা হয়েছে।

৭১ বছর বয়সী পুতিন এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি। তবে বার্তাসংস্থা এপি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঠিক হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে এ ঘোষণা দেবেন তিনি।

সংবিধানে আমূল পরিবর্তন আনার কারণে, এবারের মেয়াদ শেষ হওয়ার পর পুতিন চাইলে আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। অর্থাৎ তিনি চাইলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।

রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।

মাতভিয়েনকো আরও বলেন, প্রথমবারের মতো ইউক্রেনের দনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমরা একত্রে প্রেসিডেন্ট নির্বাচন করার মাধ্যমে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারবো।

নারী জিম্মিকে ছেড়ে দেওয়ায় হামাসকে ধন্যবাদ জানাল রাশিয়া

ডেস্ক রিপোর্ট:

দুই রাশিয়ান-ইসরায়েলি নারী জিম্মিকে ছেড়ে দেওয়ায় হামাসকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। গতকাল বুধবার রাতে এ দুই নারীকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

জিম্মিদের মুক্তি দেওয়ায় ধন্যবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে তারা বলেছে, ‘আমাদের আবেদনের প্রতি সাড়া দেওয়ায় হামাসের নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ। গাজা উপত্যকায় আরও যেসব রাশিয়ান আটকা আছেন তাদের দ্রুত মুক্তির ব্যাপারে আমরা কাজ করে যাব।’

পশ্চিমা দেশগুলো হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করলেও রাশিয়া হামাসকে দেখে স্বাধীনতাকামী গোষ্ঠী হিসেবে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন। রাশিয়ার সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপরই ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়।

পশ্চিমারা হামাসের নিন্দা জানালেও; রাশিয়া এখন পর্যন্ত নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এর বদলে হামাসের জ্যেষ্ঠ নেতাদের রাজধানী মস্কোতে বৈঠকের জন্য ডেকেছিল তারা।

হামাসের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেভাবে বিনাশর্তে অস্ত্র ও সহায়তা দিয়ে গেছে; সেটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া।

এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছে মস্কো।

এর আগে হামাস জানিয়েছিল, ফিলিস্তিনের প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের কৃতজ্ঞতা স্বরূপ রাশিয়ান-ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে তারা।

সূত্র: আলজাজিরা

রাষ্ট্রদূত পিটার হাস ও বাংলাদেশের বিরোধী দল নিয়ে যা বলল রাশিয়া

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বলেছেন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই জাতীয় নির্বাচন করতে সক্ষম বাংলাদেশ।

শনিবার (২৫ নভেম্বর) মারিয়ার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, স্বাধীন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বিদ্যমান আইন অনুযায়ী ২০২৪-এর ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে সক্ষম বাংলাদেশ। বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি এমন আত্মবিশ্বাস আছে রাশিয়ার।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশেষ করে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার ব্যানারে এমন করা হচ্ছে।

এই প্রসঙ্গে দূতাবাসের পোস্টে আরও বলা হয়, অক্টোবরের শেষের দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং বিরোধী দলের শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়ে খবর পাওয়া যায়। বৈঠকে তারা দেশে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

বিশেষ করে আমেরিকান রাষ্ট্রদূত তার কথোপকথনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কর্তৃপক্ষ ‘শান্তিপূর্ণ বিক্ষোভে’ অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তথ্য সহায়তা প্রদান করবে।

পোস্টে আরও অভিযোগ করা হয়, ১০ বছর আগেও রাশিয়া একই রকম দৃশ্য দেখেছে।

চট্টগ্রাম বন্দর ছেড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট:

তিনদিনের শুভেচ্ছা সফর শেষে মঙ্গলবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম বন্দর ছেড়েছে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অ্যাডমিরাল ত্রিবুতস, অ্যাডমিরাল প্যানতেলেইয়েভ ও জ্বালানিবাহী ট্যাংকার নামের তিনটি যুদ্ধজাহাজ গত ১২ নভেম্বর বাংলাদেশে আসে। বাংলাদেশে অবস্থানকালীন জাহাজ তিনটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া সফররত জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর যুদ্ধকৌশলবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’ এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল পরিদর্শন করেন।

পাশাপাশি রাশিয়া নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আইএসপিআর আরও জানায়, জাহাজ তিনটি বাংলাদেশ ত্যাগ করার সময় বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজগুলো এই সফরের মধ্য দিয়ে দুদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

সিরিয়ায় রাশিয়ার বিমান বাহিনীর অভিযানে নিহত ৩৬

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে রুশ বিমান বাহিনীর এক ঝটিকা অভিযানে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন সরকারবিরোধী বিদ্রোহী যোদ্ধা এবং আহত হয়েছেন আরও ৬০ জন। সিরিয়ায় অবস্থানরত রুশ বাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত রাশিয়ার সংবাদমাধ্যমকে ইন্টারফ্যাক্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলিত বলেন, ‘শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় ইদলিবের বিভিন্ন এলাকায় অন্তত ৭ বার সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। অবৈধ ও সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলার জন্য দায়ী। যারা নিহত এবং আহত হয়েছে, তারা সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট।’

পৃথক এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, রুশ অভিযানে নিহত ও আহতরা সবাই ইরানের সমর্থন ও সহায়তাপুষ্ট গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্য। কয়েক বছর ধরে ইদলিব ও পার্শ্ববর্তী আলেপ্পো শহরের বিভিন্ন বেসামরিক এলাকায় বোমা হামলা ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে ইসলমিক জিহাদের বিরুদ্ধে।

অন্যদিকে ইসলামিক জিহাদের হাইকমান্ডের একাধিক নেতা দাবি করেছেন- ইদলিব এবং আলেপ্পোর বাসিন্দারা সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের অধীনে থাকতে চান না এবং তারা আসলে এই জনগণের মুক্তির জন্য লড়াই করছেন।

তাদের অভিযোগ, বাশার এবং মিত্র রুশ বাহিনী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের সুযোগ নিয়ে ইসলামিক জিহাদকে উচ্ছেদ করতে চাইছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হামাসকে সমর্থন জানিয়ে সিরিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সামরিক বাহিনীর এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজি) এবং ইসলামিক জিহাদ।

এসব হামলার জবাবে সম্প্রতি ইরানকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি সিরিয়ায় আইআরজি এবং ইসলামিক জিহাদের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাতে মার্কিন সেনাদের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

রোববার বিমান অভিযান চালিয়ে ইসলামিক জিহাদের অন্তত ২টি স্থাপনা মার্কিন সেনারা ধ্বংস করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগন।

সূত্র : রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

ডেস্ক রিপোর্ট:

ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

জেলেনস্কির সামাজিকমাধ্যম টেলিগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার লোগোসহ একটি পাত্র দেখা গেছে।

এ সময় তিনি ভিডিওবার্তায়, ইউক্রেনের মিত্রদের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেন, সন্ত্রাসীদের হামলায় ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। তারা সবাই নোভা পোশতা টার্মিনালের ভেতরে থাকা কর্মচারী।

তিনি বলেন, রুশ বাহিনী খারকিভের শান্তিপূর্ণ জনগণের ওপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

আঞ্চলিক প্রসিকিউটর অফিসের মতে, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রুশ বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় দুটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।