Tag Archives: সিরিয়া

সিরিয়ায় রাশিয়ার বিমান বাহিনীর অভিযানে নিহত ৩৬

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে রুশ বিমান বাহিনীর এক ঝটিকা অভিযানে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন সরকারবিরোধী বিদ্রোহী যোদ্ধা এবং আহত হয়েছেন আরও ৬০ জন। সিরিয়ায় অবস্থানরত রুশ বাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত রাশিয়ার সংবাদমাধ্যমকে ইন্টারফ্যাক্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলিত বলেন, ‘শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় ইদলিবের বিভিন্ন এলাকায় অন্তত ৭ বার সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। অবৈধ ও সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলার জন্য দায়ী। যারা নিহত এবং আহত হয়েছে, তারা সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট।’

পৃথক এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, রুশ অভিযানে নিহত ও আহতরা সবাই ইরানের সমর্থন ও সহায়তাপুষ্ট গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্য। কয়েক বছর ধরে ইদলিব ও পার্শ্ববর্তী আলেপ্পো শহরের বিভিন্ন বেসামরিক এলাকায় বোমা হামলা ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে ইসলমিক জিহাদের বিরুদ্ধে।

অন্যদিকে ইসলামিক জিহাদের হাইকমান্ডের একাধিক নেতা দাবি করেছেন- ইদলিব এবং আলেপ্পোর বাসিন্দারা সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের অধীনে থাকতে চান না এবং তারা আসলে এই জনগণের মুক্তির জন্য লড়াই করছেন।

তাদের অভিযোগ, বাশার এবং মিত্র রুশ বাহিনী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের সুযোগ নিয়ে ইসলামিক জিহাদকে উচ্ছেদ করতে চাইছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হামাসকে সমর্থন জানিয়ে সিরিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সামরিক বাহিনীর এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজি) এবং ইসলামিক জিহাদ।

এসব হামলার জবাবে সম্প্রতি ইরানকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি সিরিয়ায় আইআরজি এবং ইসলামিক জিহাদের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাতে মার্কিন সেনাদের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

রোববার বিমান অভিযান চালিয়ে ইসলামিক জিহাদের অন্তত ২টি স্থাপনা মার্কিন সেনারা ধ্বংস করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগন।

সূত্র : রয়টার্স

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে

ডেস্ক রিপোর্ট:

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশ দুটিতে আরও ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ানের।

ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, আরও (ভবন) ধসের শঙ্কা রয়েছে। তাই আমরা (নিহতের) প্রাথমিক সংখ্যা আটগুণ বাড়ার আশঙ্কা করছি।

সাক্ষাৎকার দেওয়ার সময় ভুক্তভোগী দেশ দুটিতে প্রাণহানির সংখ্যা ছিল ২ হাজার ৬০০ জন। নেই হিসাবে এর সংখ্যা শেষ পর্যন্ত ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্যাথরিন স্মলউড।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত, ভূমিকম্পের ক্ষেত্রে আমরা সবসময় একই জিনিস দেখতে পাই, তা হলো- প্রাথমিক খবরে পাওয়া হতাহতের সংখ্যা পরবর্তী সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ডব্লিউএইচও কর্মকর্তার এ সতর্কবার্তা যে মিথ্যা নয়, তার প্রমাণও দেখা যাচ্ছে এরই মধ্যে। তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের একদিন যেতে না যেতেই প্রাণহানির সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে।

এখনো বহু এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তাছাড়া বিরূপ আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ারও সংবাদ পাওয়া গেছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তীব্র হচ্ছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) তথ্যমতে, দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯২১ জনে পৌঁছেছে।

আর দামেস্ক সরকার ও উদ্ধারকর্মীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিরিয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪৪৪ জন। আহত আরও কয়েক হাজার মানুষের মধ্যে গুরুতর অবস্থা অনেকের।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্ক-সিরিয়ায় সীমান্ত অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। গত এক শতাব্দীর মধ্যে ওই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম শক্তিশালী বলে জানানো হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস থেকে ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে।১৯৯৯ সালে ইস্তাম্বুলের কাছে জনবহুল পূর্ব মারমারা সাগর অঞ্চলে আঘাত হেনেছিল একই মাত্রার একটি ভূমিকম্প। ওই ঘটনা ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ নিয়েছিল।