Tag Archives: যুদ্ধজাহাজ

চট্টগ্রাম বন্দর ছেড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট:

তিনদিনের শুভেচ্ছা সফর শেষে মঙ্গলবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম বন্দর ছেড়েছে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অ্যাডমিরাল ত্রিবুতস, অ্যাডমিরাল প্যানতেলেইয়েভ ও জ্বালানিবাহী ট্যাংকার নামের তিনটি যুদ্ধজাহাজ গত ১২ নভেম্বর বাংলাদেশে আসে। বাংলাদেশে অবস্থানকালীন জাহাজ তিনটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া সফররত জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর যুদ্ধকৌশলবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’ এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল পরিদর্শন করেন।

পাশাপাশি রাশিয়া নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আইএসপিআর আরও জানায়, জাহাজ তিনটি বাংলাদেশ ত্যাগ করার সময় বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজগুলো এই সফরের মধ্য দিয়ে দুদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, এরই মধ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে’র সঙ্গে একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ও চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইসরাইল উপকূলের দিকে যাত্রা শুরু করেছে।

রোববার (৮ অক্টোবর) হামাসের বিরুদ্ধে ইসরাইলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে সামরিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করে।

মার্কিন প্রতিরক্ষা সচিব আরও বলেন, অতিরিক্ত সরঞ্জাম ও গোলাবারুদের পাশাপাশি ইসরাইলে মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন সরকার আগামী দিনে দেশটিতে আরও সামরিক সহায়তা পাঠাবে। তাছাড়া ইসরাইলের শত্রুরা যাতে এ পরিস্থিতি থেকে সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করতেও কাজ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হামাসের হামলায় নিহত ও বন্দিদের মধ্যে কোনো মার্কিন নাগরিক রয়েছে কি না তা যাচাইয়ের কাজ করছে যুক্তরাষ্ট্র। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রসঙ্গ টেনে ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে ইরানের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায়নি, তবে ইরান বছরের পর বছর ধরে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠনটিকে সহায়তা করে আসছে।

তিনি আরও বলেন, ইরান হামাসকে বহু বছর ধরে সমর্থন দিয়ে আসছে। তাদের সাহায্য ছাড়া ‘হামাস’ এতটা ভয়াবহ হয়ে উঠতে পারতো না। আমরা এখনো প্রমাণ পায়নি যে, ইরান হামাসের হামলার পেছনে সরাসরি জড়িত ছিলো। তবে তাদের সমর্থন স্পষ্ট। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরাইল হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে ও ১১০০ পেরিয়েছে। এর মধ্যে ইসরায়েলে ৭০০ জনের বেশি ও গাজায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স