All posts by jitu

স্পোকার্নিভাল ২.০ অনুষ্ঠিত হবে আগামীকাল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ক্রীড়াপ্রেমী তরুণদের অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “SpoCarnival 2.0″। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) কে. আলী স্পোর্টস কমপ্লেক্সে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহরিয়ার আহম্মেদ সোহান, আবদুল্লাহ আল নাঈম, কায়কোবাদ আহমেদ অনাবিল, যাবের ও যাহিন। আয়োজনকে সফল করতে সহযোগিতা করছে ড্রেসিংরুম, চিল টেবিল, হালাল ব্রাদার্স এবং বায়োনার্ডস্।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এছাড়া বিশেষভাবে অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় থাকবেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা।

আয়োজকদের প্রত্যাশা, তরুণদের অংশগ্রহণে প্রতিযোগিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে SpoCarnival 2.0। খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। ক্রীড়াপ্রেমী দর্শক ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

কুবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার-কে উপ-উপাচার্য এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন-কে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশ্লিষ্ট সংশোধনীসহ) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তারা। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে এসে দুই প্রতারক ধরা পড়েছেন। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ সোমবার (২৭ জুলাই) ১২টার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে এ ঘটনা হয়।

আটককৃতরা হলেন– চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শামছুল হক।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানায়, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের চেষ্টা করেন। তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে নির্বাচন অফিসের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লা কোতয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, নির্বাচন কমিশন অফিস আমাদের কাছে অফিশিয়ালি যে অভিযোগ করবে আমরা তার প্রেক্ষিতে ব্যবস্থা নেব। তাদের অভিযোগ প্রস্তত হচ্ছে।

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা দলের সভাপতি শেফালী বেগম, ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ এবং হোমনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নদ-নদীতে ব্যাটারিচালিত বৈদ্যুতিক শক ব্যবহার করে মাছ শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৫, অনুপস্থিত ২১০৫

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও ৩টি বিষয়ে ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৩টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯৩টি কেন্দ্রে মোট ৭২ হাজার ২৬৪ জন শিক্ষার্থীর ৭০ হাজার ১৫৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। অবশিষ্ট ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ২ দশমিক ৯১ শতাংশ।

তিনি আরো জানায়, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলায় ৭০৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০১ জন, চাঁদপুরে ১২৮ জন, ফেনীতে ১৮২ জন, নোয়াখালীতে ৫৭২ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২১৩ জন অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলায় এক জন, নোয়াখালীতে তিন জন এবং ফেনীতে এক জনসহ মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষে নারী নিহতের ঘটনায় আটক ৪

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) রাতে মেঘনা থানা পুলিশ তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম বেপারী (৬০) ও মো. রানা (২১)।

এর আগে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের চর দখলকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কুহিনূর আক্তার (৩৮) গলায় টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম জানান, একটি চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। এ সময় চর বিনোদপুর গ্রামের বাসিন্দা কুহিনূর আক্তার (৩৮) টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রোববার রাতেই অভিযান চালিয়ে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম থেকে চারজনকে আটক করা হয়েছে।

এদিকে তিতাস থানার ওসি মমিরুল হক জানান, চরভাটেরা এলাকায় ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একইভাবে মেঘনা থানার অংশেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সন্ধার মধ্যে কুমিল্লাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লাসহ দেশের ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেতও দেখাতে বলেছে সংস্থাটি।

আাজ সোমবার (২৭ জুলাই) অভ্যন্তরীণ নদীবন্দরে দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

গোল্লাছুট শিল্প ও সাহিত্য সম্মাননা পেলেন তাহসিন খান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে সম্প্রতি শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন গোল্লাছুট ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত হলো এক জাঁকজমকপূর্ণ বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে কণ্ঠশিল্পী, শিক্ষক ও আইনজীবী তাহসিন খানকে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘শিল্প ও সাহিত্য সম্মাননা-২০২৬’-এ ভূষিত করা হয়েছে। জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, কণ্ঠশিল্পী তাহসিন খান-এর হাতে এই মর্যাদাপূর্ণ ‘শিল্প ও সাহিত্য সম্মাননা-২০২৬’ তুলে দেন।

একই মঞ্চে সম্মাননা লাভ করেন দেশের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি এবং বিশিষ্ট সেতারবাদক ও শিক্ষাবিদ প্রফেসর রীনাত ফওজিয়া।

অনুষ্ঠানে তাহসিন খানের একক কণ্ঠের পরিবেশনা ও ছিল।দুটি গানের কথা ও সুর করেছেন অনুষ্ঠানের আরেক অতিথি ও তাহসিন খানের মাতা, বিশিষ্ট সেতারবাদক ও শিক্ষাবিদ প্রফেসর রীনাত ফওজিয়া। আইন পেশা ও সংগীতের মেলবন্ধনের পাশাপাশি মা ও ছেলের এই শৈল্পিক যৌথ প্রয়াসটি অনুষ্ঠানটিতে এক আবেগঘন ও ভিন্ন মাত্রা যোগ করে।

সম্মাননা প্রাপ্তি ও গান পরিবেশনার পর কণ্ঠশিল্পী তাহসিন খান বলেন, “একদিকে আইন পেশা ও শিক্ষকতা, অন্যদিকে গানের ভুবন—এই দুই বিপরীতমুখী সত্তাকে একসাথে এগিয়ে নেওয়া বেশ চ্যালেঞ্জিং। গোল্লাছুট ফাউন্ডেশনের এই স্বীকৃতি আমার পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, “গোল্লাছুট ফাউন্ডেশনের জন্য রইল অনেক শুভকামনা। আশা করি, শিশু-কিশোরদের মেধা বিকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চার এই চমৎকার ধারা তারা ভবিষ্যতেও ধরে রাখবে এবং সামনে আরও বড় পরিসরে এমন সুন্দর আয়োজন অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে ‘গোল্লাছুট সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন তাহসিন খানসহ উপস্থিত অন্যান্য গুণী অতিথিবৃন্দ। মেধার মূল্যায়ন আর গুণীজনদের ভালোবাসায় মুখরিত এই আয়োজনটি উপস্থিত দর্শক ও সুধীজনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলার নতুন ভাটেরারচরে চর দখল নিয়ে তিতাস ও মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে টেটাযুদ্ধে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে নতুন ভাটেরারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কোহিনুর (৪৫) মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী। সংঘর্ষ চলাকালে কোহিনুরের গলায় টেটা বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে জেগে ওঠা একটি চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিতাস এবং মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার টেটাযুদ্ধ, লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রোববার বিকেলে মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌকাযোগে নতুন ভাটেরারচর গ্রামে লুটপাট ও ভাঙচুর করে বলে স্থানীয়দের দাবি । পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে টেটাযুদ্ধের কোহিনুর নিহত হন।

খবর পেয়ে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, ঘটনার পরপরই তিতাস থানা থেকে ২৫ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে।

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ

ডেস্ক রিপোর্ট:

নতুন সংসারকে ঘিরে হাজারো স্বপ্ন নিয়ে স্বামী ও আট বছরের ছোট্ট ভাগনিকে সঙ্গে করে রাজধানীতে পাড়ি জমিয়েছিলেন ফাহিমা আক্তার। ভেবেছিলেন, নিজেদের মেধা ও পরিশ্রমে গড়ে তুলবেন ভালোবাসার সুন্দর একটি নীড়। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো লিখেছিলেন অন্য এক করুণ ইতিহাস! একটি অবহেলা আর গ্যাসলাইনের বিষাক্ত লিকেজ মুহূর্তের মধ্যেই তাদের সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে।

দগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবনের সঙ্গে লড়ে অবশেষে শনিবারে (২৫ জুলাই) সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার দেবিদ্বারের মেয়ে ফাহিমা।

একই দুর্ঘটনায় বৃহস্প‌তিবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী আনোয়ার হোসেন শাহিন এবং শুক্রবার মারা যান প্রিয় ভাগনি হাফসা।

নিহত ফাহিমা আক্তার দেবিদ্বার উপজেলার গোমতী আবাসিক এলাকার গোলাম হোসেনের ছোট মেয়ে। পড়াশোনার পাশাপাশি কেক তৈরি ও পোশাক বিক্রিসহ নানা পণ্যের অনলাইন উদ্যোক্তা হিসেবে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে চেয়েছিলেন। সে লক্ষ্যেই স্বামীর হাত ধরে উঠে এসেছিলেন রাজধানীর বাড্ডার ভাড়া বাসায়। সঙ্গে করে নিয়ে এসেছিলেন বড় বোনের আট বছরের শিশুকন্যা হাফসাকে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ সেপ্টেম্বর দেবিদ্বারের ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামের মীর্জা আলী ব্যাপারী বাড়ির শাহিনের সঙ্গে বিয়ে হয় ফাহিমার। দেড় মাস আগে তারা রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি ভবনের নিচতলায় বাসা ভাড়া নেন। তাদের সঙ্গে ঢাকায় পড়তে এসেছিল ফাহিমার ভাগনি হাফসা। গত ২১ জুলাই রাত ৩টার দিকে হঠাৎ বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিকট শব্দে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দুটি কক্ষে।

আগুনে আশঙ্কাজনকভাবে দগ্ধ হন ফাহিমা, তার স্বামী শাহিন ও শিশু হাফসা। উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শরীরের ৭০ শতাংশ দগ্ধ নিয়ে ফাহিমা কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তার স্বামী ও ভাগনি হাফসা।

দুর্ঘটনায় মৃত্যুর পর শুক্রবার বাদ মাগ‌রিব শিশু হাফসাকে দাফন করা হয় তার বাবার বাড়ি দেবিদ্বারের সুলতানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে। আর শা‌হিনকে দাফন করা হয় বাঙ্গুরী গ্রামে তার পা‌রিবা‌রিক কবরস্থানে। রোববার সকাল সাড়ে ৯টায় দেবিদ্বার পৌর সদরের গোমতী আবাসিক এলাকার চানমিয়া মার্কেট মাঠে ফাহিমার জানাজা সম্পন্ন হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বাঙ্গুরী গ্রামে শাহিনের পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই ফাহিমার দাফন করা হয়।