All posts by jitu

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে বেঁধে যুবলীগ নেতার লাঠিপেটা, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ভিডিওটি ভাইরাল হয়।

ভাইরাল ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন নারীকে রশি দিয়ে দুই হাত বেঁধে লাঠি পেটা করছেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বজলুর রহমান। ওই নারীর পাশে একজন পুরুষকে বেঁধে রাখা হয়েছে। এ সময় ওই নারীকে বাবা বাবা করে চিৎকার করতে শোনা যায়।

অভিযুক্ত বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। নির্যাতনের শিকার গৃহবধূ গোপালনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রী। পরে ওই গৃহবধূকে পার্শ্ববর্তী তারা পুষ্করুণী গ্রামের অভিযুক্ত বিল্লাল মিয়ার সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার গৃহবধূর সঙ্গে বিল্লাল মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগে ১৬ অক্টোবর রাতে দুজনকে আটক করেন স্থানীয়রা। পরে মেম্বার বজলুর রহমান উপস্থিত হয়ে ওই নারীকে লাঠি পেটা করেন। পরদিন ১৭ অক্টোবর সকালে ইউপি সদস্য বজলুর রহমানের নেতৃত্বে সালিশ বৈঠক বসেন সবাই।

সালিশের সিদ্ধান্ত মোতাবেক ওই নারীকে বিল্লাল মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়।

ইউপি সদস্য বজলুর রহমান জানান, ‘ওই মহিলা আমার ভাতিজার স্ত্রী। পার্শ্ববর্তী তারা পুষ্করুণী গ্রামের যুবক বিল্লাল মিয়ার সঙ্গে তার অবৈধ সম্পর্ক অনেক দিন ধরে। গত ১৬ অক্টোবর রাত ১টার দিকে স্থানীয় গ্রামবাসী তাদেরকে অনৈতিক কাজে হাতেনাতে আটক করে আমাকে খবর দেন। আমি সেখানে উপস্থিত হয়ে ওই নারীকে কয়েকটি আঘাত করি। পর দিন ১৭ অক্টোবর (শুক্রবার) স্থানীয় লোকজনসহ সালিশ করে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে দেওয়া হয়।’

স্থানীয়রা জানায়, বিল্লাল বিবাহিত ছিলেন। তার সংসারে স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে। এছাড়াও নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রীও দুই সন্তানের জননী।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘ইউপি সদস্য কর্তৃক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। সতত্য যাচাই করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এনডিএফ কুমিল্লার আয়োজনে ইন্টার্ন চিকিৎসক রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

হাসিবুল ইসলাম সজিব:

ন্যাশনাল  ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে  ইন্টার্ন চিকিৎসক রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ) রাত ৮টায় কুমিল্লার ফানটাউন অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

এনডিএফ কুমিল্লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ জুয়েল রানা সঞ্চালনায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার সভাপতি ডাঃ জহির উদ্দীন মোহাম্মদ বাবর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্রফেসর ডাঃ মাহমুদ হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনডিএফ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ জহিরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন  ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ মুজিবুর রহমান, ডা.নুরুস শাফি। কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা.শফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর আলম মজুমদার,মাহবুবুল ইসলাম মজুমদার, কুমিল্লা সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।

‘সময়ের পরিক্রমায় এনডিএফ কুমিল্লা’ শীর্ষক  প্রবন্ধ উপস্থাপন করেন এনডিএফ কুমিল্লা  বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ ফজলুল হক লিটন, ক্যারিয়ার গাইড লাইন উপস্থাপন করেন ডা. শাহ আলম। বক্তব্য রাখেন কুমিল্লা মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.আবদুল মান্নান,কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.যোবায়ের আহমেদ ,কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.রিপা আক্তার ,কুমিল্লা মনামতি মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.আনিসুল হক চৌধুরী

ইন্টার্ন চিকিৎসক রিসিপশন প্রোগ্রামে অতিথিরা বলেন, চিকিৎসা পেশা একটি মানবিক ও মহৎ দায়িত্বের নাম। নতুন ইন্টার্ন চিকিৎসকরা আজ যে পথে যাত্রা শুরু করেছেন, তা শুধু পেশাগত নয়, মানবতার সেবার এক মহান অঙ্গীকার। রোগীর প্রতি সহমর্মিতা, সততা ও নিষ্ঠা একজন চিকিৎসককে মহান করে তোলে।

অতিথিরা আরও বলেন, চিকিৎসা শুধু ওষুধ ও চিকিৎসা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের মন জয় করারও এক শিল্প। আধুনিক প্রযুক্তি ও গবেষণার সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে, তবেই একজন চিকিৎসক সময়োপযোগী ও সফল হতে পারেন।

এসিয়ান যুব গেমস খেলবে কুমিল্লার তাহিব

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কৃতি সন্তান তাহিব হোসাইন ওসমান খেলতে যাচ্ছে তৃতীয় যুব এশিয়ান গেমস যা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহরাইন।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লা তায়কোয়ানডো এসোসিয়েশনের একজন প্রশিক্ষিত খেলোয়াড়। জানা গেছে তিনি ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী তায়কোয়ানডো ইভেন্টে অংশ নেবেন। পুরো প্রতিযোগিতা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। বাহারাইন সরকারের পক্ষ থেকে তাকে ১৪ দিনের মেয়াদি ভিসা প্রদান করা হয়েছে, যার মেয়াদ শেষে তিনি নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।

কুমিল্লা তায়কোয়ানডো এসোসিয়েশনের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, তাহিব হোসেন ওসমান আমাদের প্রতিষ্ঠানের একজন গর্বিত ছাত্র। তার এই অর্জন আমাদের সকল তরুণ খেলোয়ারদের জন্য অনুপ্রেরণার।

এ প্রসঙ্গে এসোসিয়েশনের প্রধান শিক্ষক মো.রাসেল উদ্দিন মজুমদার বলেন, তাহিব অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান একজন খেলোয়াড়।আমরা বিশ্বাস করি, সে আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু করবে।

সহকারী প্রশিক্ষক রাহিমা ইসলাম রিপা বলেন, তাহিব আমাদের ক্লাব কুমিল্লা ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা তার সাফল্য কামনা করি।

পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. খন্দকার মারুফ হোসেন

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তিনি দাউদকান্দির গয়েশপুরের কৃতি সন্তান ও বর্তমান পররাষ্ট্র সচিব আব্দুল মোতালেব সরকারের সঙ্গে এ সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন— এম এ লতিফ ভুইয়া, জসিম উদ্দিন আহমেদ, সালাউদ্দিন ভুইয়া, রোকনুজ্জামান ভুইয়া, মাসুদুর রহমান ভুইয়া এবং মাহবুব সরকার।

কুমিল্লায় রাজগঞ্জ ও চকবাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা ট্রাফিক বিভাগের অ্যাডমিন সরওয়ার মোহাম্মদ পারভেজ।

অভিযান চলাকালে রাজগঞ্জ ও চকবাজার এলাকার ফুটপাত দখল করে বসানো অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তার পাশে দোকানদারদের ফেলে রাখা মালামালও সরিয়ে নেওয়া হয়, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

ট্রাফিক বিভাগের অ্যাডমিন সরওয়ার মোহাম্মদ পারভেজ বলেন, “জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় ও যানজট সৃষ্টি করে এমন অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন কার্যকর অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। তারা আশা করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে নগরীর যানজট ও ফুটপাত দখলের সমস্যা অনেকাংশে কমে যাবে।

৪র্থ জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা কারাতে দল

স্টাফ রিপোর্টার:

অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩-২৫শে অক্টোবর ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে ৪র্থ জাতীয় জুনিয়র এবং সিনিয়র সিতোরিউ কারাতে প্রতিযোগিতা-২০২৫।

উক্ত প্রতিযোগিতায় ১৪টি জেলা ক্রীড়া সংস্থা, ২টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪টি সিটি কর্পোরেশন, ২টি শিক্ষা বোর্ড, সরকারী ব্যাংক, বিমা, বাংলাদেশ বিমান সহ মোট ২৬টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। যেখানে মোট ১৫০০অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরিতে মোট ৫৩জন খেলোয়াড় নিয়ে আগামী ২৩শে অক্টোবর ঢাকার উদ্দেশে রওনা হবেন কুমিল্লা জেলা কারাতে দল।

অনুষ্ঠিত গত ৩য় জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় ৫৩টি দলের মধ্যে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়। এবারের প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব দেখছেন দলের কর্মকর্তারা।

বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশন কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোফাজ্জল মাহিন চৌধুরী জানান: এসব জাতীয় প্রতিযোগিতায় আমরা কুমিল্লা পক্ষ হয়ে অংশগ্রহণ নিতে পারে অনেক আনন্দিত। এসব প্রতিযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ভিভাসিটি ফুডকোর্ট এবং আফসু ডেভেলপার লিঃ থাকায় আন্তরিক ধন্যবাদ জানান।

ব্রাহ্মণপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে জসীমউদ্দীন (৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জসীমউদ্দীন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জসীমউদ্দীন বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ঋণগ্রস্ত জসীমউদ্দীন পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেরে রোববার বিকালে কীটনাশক পান করেন। এ ঘটনায় পরিবারের লোকজন তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার তার অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জসীমউদ্দীনের স্ত্রী মমতাজ বেগম জানায়, সে বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বোঝা সইতে না পেরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং আত্মহত্যার পথ বেছে নেয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আগামী ২৯শে নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে ঢাকা অভিমুখে লং মার্চ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মঞ্চের উদ্যোগে অদ্য শাক তলা সড়ক ভবনের সামনে কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার এর সভাপতিত্বে, মহানগর সদস্য সচিব নাসির উদ্দিনের পরিচালনায় উক্ত স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা জননেতা মনিরুল হক চৌধুরী (সাবেক সংসদ সদস্য ও হুইপ)উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এডভোকেট আক্তার হোসেন, মাসুদ করিম,ইউসুফ আলী মির পিন্টু, ওমর ফারুক চৌধুরী, মোঃ আনোয়ারুল্লাহ, আমানুল্লাহ আমান সাবেক চেয়ারম্যান,মোঃ শাহজাহান মজুমদার, শফিকুজ্জামান, মোহাম্মদ ইসমাইল মিয়া, মোহাম্মদ ইদ্রিস মিয়া, সোহেল মিয়া, খলিলুর রহমান মজুমদার, সুমন সাবেক চেয়ারম্যান, সুমন চৌধুরী, মাহমুদুর রহমান পিটার , মোশারফ হোসেন, মাহবুবুর রহমান আবুল বাশার।

প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী আগামী নভেম্বর ২৯ তারিখের মধ্যে দাবি না মানলে ঢাকা ৩০ শে নভেম্বর ২০২৫ ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করেন।

দেবিদ্বারে ছোট বোনকে জ্বিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড় বোন

দেবিদ্বারে ছোট বোনকে জ্বিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড় বোন

 

মোঃ জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত. আব্দুল কাদের জিলানীর ছেলে কুদ্দুস মিয়া নামে এক কবিরাজের কাছে ছোট বোনকে জ্বিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে শারমিন আক্তার মিম (১৯) নামের এক গৃহবধূ। এই ঘটনায় ভিক্টিমের মা জোসনা বেগম সোমবার (২০ অক্টোবর) বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত এজহার দায়ের করেছেন৷

লিখিত ঐ এজাহার সুত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৫ইং তারিখ সকালে ছোট বোন নাসরিন আক্তারকে জ্বিন ছাড়াতে কবিরাজ কুদ্দুস মিয়ার বাড়ীতে গেলে কুদ্দুস কবিরাজ বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তার বসত ঘরের একটি গোপন কক্ষে নিয়ে যায় ভিক্টিমকে। পরে ঐখানে জোর জবরদস্তি করে ভিক্টিমকে ধর্ষন করে ভিডিও ধারন করে৷ এরপর ভিডিওর ভয় দেখিয়ে ভিক্টিমের কাছে প্রায় এক লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় কবিরাজ কুদ্দুস মিয়া। দীর্ঘদিন যাবত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকী দিয়ে একাধিক বার শারিরিক সম্পর্ক করে ঐ কবিরাজ৷ এক পর্যায়ে ভিক্টিমের কাছে আরো মোটা অংকের টাকা দাবী করে এতে অস্বীকৃতি জানালে ভিক্টিমের শশুর বাড়ি ও স্বামীসহ বিভিন্ন মাধ্যমে তাদের কাছে ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়৷

ভিক্টিম শারমিন আক্তার মিম সাংবাদিকদের বলেন, আমি আমার ছোট বোনকে জিন ছাড়াতে নিয়ে যাই কবিরাজ কুদ্দুসের কাছে। সে চিকিৎসা শুরু হওয়ার আগে ৩০০ টাকা দামের নন জুডিশিয়াল স্টাম্পে আমার স্বাক্ষর নেয়৷ দু’একদিন যাওয়ার পর এক পর্যায়ে সে আমাকে তার বসতঘরের একটি গোপন কক্ষে নিয়ে যায়, এরপর জোর করে ধর্ষন করে ভিডিও ধারণ করে রাখে। এক পর্যায়ে সেই মুহূর্তে ভিডিও আমার ইমুতে দেয় এবং মোটা অংকের টাকা দাবি করে। আমি বিভিন্ন স্থান থেকে তাকে টাকা এনে দিলেও সে আমার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করে। পরে আমার ভাইকে বিদেশ যাওয়ার কথা বলে তিন লক্ষ টাকা নেয় সে৷ আমি ওই টাকা ফেরত চাইলে ভিডিওর হুমকি দিয়ে আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমার স্বামীর বাড়ির লোকদের কাছে ভিডিও ছবি ছড়িয়ে দেয়। এবং এ বিষয়ে কোথাও আইনি ব্যবস্থা নিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ভিক্টিমের মা জোসনা বেগম বলেন, ভন্ড কবিরাজের ফাঁদে পড়ে আমার তিনটি পরিবার ভেঙে গেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে তার সর্বোচ্চ বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ইদ্দিস মিয়া জানান, বিষয়টি আমরা জেনেছি। দুই পক্ষকে নিয়ে সামাজিক শালিস বসার আহব্বান করেছি কিন্তু মেয়ের পক্ষ আসেনি৷

এদিকে ঘটনার বিষয় জানতে কবিরাজ কুদ্দুস মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনউদ্দিন জানান, ভিক্টিমের মায়ের লিখিত এজাহার পেয়েছি৷ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, তদন্ত সাপেক্ষে ঐ কবিরাজের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

১৩৩ শিক্ষার্থীর অনুকূলে ৩ শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ধরাশায়ী

বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলার খিরাচক সরকারি প্রাথমিক বিদ্যালয়—একটি পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আজ সেই বিদ্যালয় চলছে সীমাহীন সংকটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন। অথচ শিক্ষক আছেন মাত্র ৩ জন। নির্ধারিত ৫টি পদের মধ্যে ২টি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

বর্তমানে ৩ জন সহকারী শিক্ষক দিয়েই দায়সারাভাবে চলছে পুরো বিদ্যালয়। এর মধ্যে একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে শ্রেণিকক্ষে পাঠদান থেকে শুরু করে প্রশাসনিক কাজ সবকিছু সামলাতে গিয়ে শিক্ষকরা কার্যত নাজেহাল।অতিরিক্ত দায়িত্ব ও জনবল ঘাটতির কারণে শিক্ষকরা যেমন অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত, তেমনি শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের পরিবেশে নেমে এসেছে শিক্ষার শূন্যতা। অনেক শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহ হারিয়ে ঝরে পড়ার আশঙ্কায় রয়েছে।স্থানীয়দের অভিযোগ, একই উপজেলার লুটেরচর ইউনিয়নের একটি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কম হলেও সেখানে কর্মরত শিক্ষক ১০ জন। অথচ খিরাচকের মতো ব্যস্ত বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়নি।

খিরাচক গ্রামের বাসিন্দা জাকির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার। পর্যাপ্ত শিক্ষক না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা মৌলিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে।”আরেক স্থানীয় রবি হোসেন বলেন, “এই বিদ্যালয়ের প্রতি কর্তৃপক্ষ সবসময়ই বৈষম্যমূলক আচরণ করছে। অন্য স্কুলে শিক্ষক বাড়তি, এখানে সংকট চরম।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আশপাশে কিছু কিন্ডারগার্টেন স্কুল শিক্ষা অফিসের সাথে যোগসাজশ করে রাখে যাতে সরকারি স্কুলে শিক্ষক কম থাকে। এতে অভিভাবকদের সরকারি স্কুলের প্রতি আস্থা কমে যাচ্ছে।”স্থানীয়রা দাবি তুলেছেন—খিরাচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত শূন্য পদ পূরণ ও নতুন শিক্ষক পদ সৃষ্টি করে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ ভট্টাচার্য বলেন,মন্ত্রণালয় থেকে বর্তমানে বদলিজনিত নিয়োগ ও ডেপুটেশন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। নির্দেশনা পেলেই আমরা সেখানে শিক্ষক পাঠাব।”উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার দৈনিক আজকের কুমিল্লাকে বলেন,
আমি বিদ্যালয়টি পরিদর্শন করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।