All posts by jitu

কুমিল্লার পাচঁথুবী ইউনিয়নের শিবের বাজারের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার পাচঁথুবী ইউনিয়নের শিবের বাজারের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে সাদেক আহমেদ রুবেল ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেনকে নির্বাচিত করা হয়।

বুধবার (২৭ আগষ্ট) এ কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিনুল ইসলাম।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোফায়েল আহামেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছত্তরখিল ফাঁড়ির ইনচার্জ মইনুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজিব আহমেদ রানা, পাচঁথুবী ইউনিয়নের চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মারুফ, সদর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ ছাদেক প্রমুখ।

হোমনা উপজেলা প্রশাসনের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসনের নির্ধারিত এরিয়ার সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ও চলাচলের জন্য একটি গেট খোলা রাখার দাবীতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অবাধ চলাচলের জন্য উপজেলা পরিষদ সংলগ্ন একটি গেট সচল রাখার দাবিতে এ আন্দোলন করছে শিক্ষার্থীরা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দেওয়াল নির্মান চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে ও হোমনা পৌর মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় । তবে আগামী শনি-রবিবার এ নিয়ে পুনরায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর সরকার, মো. মজিবুর রহমান, সাবেক ছাত্রদের পক্ষে মো. আশরাফ, মো. সাইদুরসহ অন্যান্য ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সদর দক্ষিণে লরিচাপায় এবার প্রবাসী নিহত

ডেস্ক রিপোট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে এবার লরিচাপায় প্রবাসী আবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের কালন মিয়ার ছেলে।

এর আগে গত ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হন। ওই ঘটনার পর প্রশাসন ইউটার্নটি বন্ধ ঘোষণা করে সদর দক্ষিণ থানার সামনে নতুন ইউটার্ন চালুর নির্দেশ দেয়। কিন্তু এক সপ্তাহ না যেতেই সেখানে আবার প্রাণহানির ঘটনা ঘটলো।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনা রোধে নূরজাহানের সামনের ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ আবারও লরির চাপায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়। পরে আমরা ও উপজেলা প্রশাসন তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়েছি।

কুমিল্লার চান্দিনায় ২৭ দোকান-পাট উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার

কুমিল্লার চান্দিনায় ২৭ দোকান-পাট উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় যানবাহন চলাচলের রাস্তা ও সরকারি জায়গা দখল করে পাকা ভবনসহ অস্থায়ী দোকানপাট নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই বাজার এলাকায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এতে চান্দিনা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

কুমিল্লার চান্দিনায় ২৭ দোকান-পাট উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার

ওই ২৭টি দোকানঘরের মধ্যে মুদি, স্টেশনারি, হার্ডওয়্যার, ফার্মেসী, টিনের দোকান, মাংস ও ফল দোকানসহ ওয়ার্ড বিএনপি’র একটি রাজনৈতিক অফিসও রয়েছে। এতে প্রায় ৭০ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান- সরকারি নির্দেশনায় খাস জায়গা উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে আমরা গল্লাই ইউনিয়নের কংগাই বাজারে অভিযান পরিচালনা করি। সার্ভেয়ারের মাধ্যমে জায়গা পরিমাপের করে আমরা খাস জায়গা চিহ্নিত করি। যারা দীর্ঘদিন যাবৎ সরকারি জায়গা দখল করে পাকা ভবনসহ দোকানপাট নির্মাণ করে রেখেছিলেন তাদেরকে একাধিকবার চিঠি দেই। তারপরও তারা স্বেচ্ছায় দোকান-পাট সরিয়ে না নেয়ায় আমরা অভিযান পরিচালনা করে সরকারের খাস জমি উদ্ধার করি। উপজেলা জুড়ে এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক ডাকাতির তিনদিন পর খালি ট্রাক উদ্ধার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক ডাকাতি হওয়ার তিনদিন পর গাজীপুর থেকে খালি ট্রাকটি উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মডেল থানার এসআই মো. হাবিব ও রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়কের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। এসময় ট্রাকটি খালি দেখতে পায়। পুলিশের ধারণা ডাকাতদল গরু অন্যত্রে সরিয়ে ট্রাকটি খালি রেখে চলে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করেছে। তবে গরু উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে মহাসড়কের দাউদকান্দির রায়পুর নামক স্থান থেকে ১৯টি গরু ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ ট্রাকটি নিয়ে যায়।

চৌদ্দগ্রামে শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার:

শিক্ষার গুনগত মান উন্নয়নে কুমিল্লা চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৮শে আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতের আমির মাহাফুজুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন , পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পাটোয়ারী, দাতা সদস্য আবু তাহের মাছুম ,চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বিদ্যালয়ের শিক্ষক ইউছুপ আলী ,অভিভাবক হারুন রশীদ মজুমদার, মোহাম্মদ শাহিন, কাজী মোহাম্মদ জসিম ,গাজী ফরিদ আহমেদ প্রমুখ।

লাকসামে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল-তাতীদল-জাসাস নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল, তাতীদল ও জাসাসের স্থানীয় নেতাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে লাকসাম উপজেলার বাসিন্দা ও পেশায় সিএনজি চালক আব্দুর রহিম এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে লাকসাম উপজেলা যুবদলের সদস্য কামরুজ্জামান সবুজকে। এছাড়া মামলার অন্য আসামিরা হলেন লাকসাম উপজেলা তাতীদলের সভাপতি মোঃ ইউনুস মিয়া এবং জাসাস লাকসাম পৌরসভা শাখার সভাপতি মোঃ আবু বক্কর সুমন।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

বাদী আব্দুর রহিম অভিযোগে জানান, অভিযুক্তরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সম্প্রতি হুমকির মাত্রা বাড়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হন।

এ বিষয়ে এডভোকেট ইয়াসির আরাফাত রাজীব বলেন এ ধরনের অপরাধের সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দেওয়া উচিত।

প্রথম বারের মতো কুবিতে চালু হতে যাচ্ছে দ্বিতল বিশিষ্ট বাস

চাঁদনী আক্তার, কুবি:

শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন নতুন উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি ডাবল-ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে শিক্ষার্থীদের চলাচলের জন্য তা চালু করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের প্রধান ও সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূইয়া।

জানা যায়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও পরিবহন কমিটির সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের সুবিধার্থে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব লাল বাসের ফিটনেস নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বাস চলাচল করবে। বাসসমূহ দ্রুত মেরামত করা হবে এবং লাইট সংযোজন করা হবে, যাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক সমাধান সম্ভব হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় গেটের সামনে শিক্ষার্থীদের ওঠানামার সুবিধার্থে দুটি বাসস্টপ স্থাপনের জন্য সিটি করপোরেশনকে প্রস্তাব পাঠানো হবে।

এ বিষয়ে পরিবহন পুলের প্রধান ও সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেন, “আমাদের শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে পরিবহন সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। এছাড়াও বিআরটিসি বাসের সমস্যা নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন। ফলে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আবেদনকারী শিক্ষার্থী, পরিবহন কমিটি ও প্রশাসনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য বিআরটিসি থেকে দুটি ডাবল-ডেকার বাসের ব্যবস্থা করার কথা বলেন। আমরা বিআরটিসিকে চিঠি দিয়েছি। তবে বাস পেতে কিছুটা সময় লাগতে পারে। কেননা কুমিল্লায় ডাবল-ডেকার বাস চলাচল করতে পারবে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলে এক মাসের মধ্যে আমরা বাস পাবো। তবে পূর্বে যে বাসগুলো আছে তার সংখ্যা কমবে না।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমাদের শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় পরিবহন সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও বিআরটিসি বাস নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। আমরা কুমিল্লা বিআরটিসির প্রধানের সঙ্গে একটি মিটিং করেছি। আমরা যে দাবি-দাওয়া জানিয়েছি, তারা মোটামুটি সবগুলো মেনে নিয়েছেন। পাশাপাশি আমরা তাদেরকে বলেছি, যেসব রাস্তায় শিক্ষার্থীদের ভিড় বেশি হয় সেখানে দুটি দ্বিতল বাসের ব্যবস্থা করতে। প্রতিটি বাসে প্রায় ১৩০ জন শিক্ষার্থী অনায়াসে চলাচল করতে পারবেন। শিক্ষার্থীদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। সবকিছু প্রসেসিং করতে তারা আমাদের কাছ থেকে এক মাস সময় চেয়েছেন।”

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সীমানা নির্ধারণে গেজেট প্রকাশ ১৫ সেপ্টেম্বর
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের লক্ষ্য ধরা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর। এ গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশের ৩০০টি আসনের ভৌগোলিক সীমানা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত জিআইএস (ভৌগোলিক তথ্য ব্যবস্থা) ম্যাপ ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এই ডিজিটাল ম্যাপের মাধ্যমে প্রতিটি আসনের সীমানা আরও স্পষ্ট ও নির্ভুলভাবে উপস্থাপন সম্ভব হবে।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ৩০ সেপ্টেম্বরের মধ্যে
নির্বাচনে অংশ নিতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোকে প্রাথমিক নিবন্ধনের জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর দলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে ৩০ সেপ্টেম্বর। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন দলগুলোর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিতকরণ
নির্বাচন কমিশন জানিয়েছে, কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটের অন্তত দুই সপ্তাহ আগে দেশের বিভিন্ন কারাগারে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। এতে কারাবন্দি ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ইসি মনে করে, এই উদ্যোগ ভোটাধিকারকে সবার জন্য সমানভাবে কার্যকর করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ১৫ নভেম্বর
নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রমও এগিয়ে চলছে। ১৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। নিবন্ধিত সংস্থাগুলো নির্বাচনের দিন ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পাঠাতে পারবে।

সুষ্ঠু নির্বাচনের আশ্বাস
নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঘোষিত রোডম্যাপের প্রতিটি ধাপ সময়মতো সম্পন্ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তাদের দাবি, এই প্রস্তুতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পথ সুগম করবে।

গণমাধ্যমের স্বাধীনতা: এখনো শ্বাসরুদ্ধকর বাস্তবতায় বন্দি

জহিরুল হক বাবু:

এই দেশে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, এখনও নেই। যুগ বদলেছে, ক্ষমতার রঙ পাল্টেছে, প্রযুক্তির ব্যবহার বেড়েছে—তবু সাংবাদিকদের কণ্ঠ রোধের সংস্কৃতি একটুও বদলায়নি। বরং এখন তা আরও কৌশলী, আরও ছদ্মবেশী, এবং অনেক বেশি ভয়ংকর।

অতীতে সরাসরি সেন্সর বোর্ডের দাপট, টেলিফোনে নির্দেশ কিংবা সংবাদ অফিসে পুলিশি তল্লাশির মতো দৃশ্য দেখেছি আমরা। আর এখন সাংবাদিকদের হাত-পা বেঁধে রাখা হয় আইনের ধারা, মামলার ভয়, বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া, কিংবা একরকম আর্থিক দেউলিয়াত্বের মুখে ঠেলে দিয়ে। কখনো কখনো এসব অস্ত্রের পেছনে থাকে অদৃশ্য প্রশাসনিক চাপ, রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তি আক্রোশ।

এর একটি সদ্য-ঘটিত দৃষ্টান্ত হলো—“দৈনিক আমাদের কুমিল্লা” ও “দৈনিক পুর্বাশা” পত্রিকা দুটি বন্ধ করে দেওয়া। স্থানীয় পর্যায়ে গণমানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ছিল পত্রিকা দুটি। সরকারি দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা, এবং জনভোগান্তির মতো স্পর্শকাতর ইস্যুতে তাদের অনুসন্ধানী রিপোর্ট দীর্ঘদিন ধরেই জনসমর্থন ও পাঠকের আস্থা অর্জন করেছিল। কিন্তু সত্য বলার এই সাহসিকতাই সম্ভবত কারও কাছে ‘অপরাধ’ হয়ে দাঁড়ায়। নেপথ্যের অজানা চাপে, হয়রানি ও অস্পষ্ট প্রক্রিয়ায় বন্ধ করে দেওয়া হয় এই পত্রিকাটি।

যে সমাজে মত প্রকাশের স্বাধীনতা নেই, সে সমাজে গণতন্ত্র অলীক কল্পনা মাত্র। অথচ আমাদের সংবিধান সেই স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে—তবু বাস্তবে তা প্রায় প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে।

দেশের একাংশ এখন বিশ্বাস করে, ‘স্বাধীন’ গণমাধ্যম বলতে আসলে বুঝায় ক্ষমতাসীনদের চাটুকারিতা করা কিছু প্রতিষ্ঠানের সম্মিলন। আর যারা সাহস করে ভিন্ন কণ্ঠ তোলে, তাদের ভাগ্যে জোটে মামলা, গ্রেপ্তার, হুমকি, অথবা চিরতরে থেমে যাওয়ার ‘শাস্তি’।

আমরা চাই, “দৈনিক আমাদের কুমিল্লা” “দৈনিক পুর্বাশা”-এর মতো ঘটনা যেন নজির না হয়, বরং ব্যতিক্রম হয়। চাই, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র আন্তরিক হোক, রাজনৈতিক দলগুলো সহনশীল হোক, এবং জনসাধারণও সংবাদপত্র ও সাংবাদিকদের পাশে দাঁড়াক।