Tag Archives: গাড়ি ভাঙচুর

কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরার অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা করেছেন মাদক ব্যবসায়ীরা। এতে আহত হন অন্তত ৩ পুলিশ সদস্য।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরও করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত আসামি ও হামলায় জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নগরীর ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় রবিনের সহযোগী একদল মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানায়, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। সে (রবিন) পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি’র উপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে এমপি আজাদের লোকজন

স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও আলোচনা সভায় নেতৃবৃন্দদের দাওয়াত না করা নিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে কথা কাটাকাটির জেরে সভাপতির উপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে এমপি আবুল কালাম আজাদ সমর্থিত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) কুমিল্লার চান্দিনা আধুনিক পৌর কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী আয়োজিত আলোচনা সভা শেষে ফেরার পথে চান্দিনা-রামমোহন সড়কের সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, তার ব্যক্তিগত সহকারি আজম খান, গাড়ি চালক জমির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব আহত হন। এসময় সভাপতি মু. রুহুল আমিন এর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

জানা যায়, ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয় চান্দিনার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। সভা চলাকালিন সময়ে উপস্থিত হন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন- ‘জেলা আওয়ামী লীগের কিছু অসংগতি আছে। আমার মনে হয়না জেলা আওয়ামী লীগের মাধ্যমে এখানে অনেকেই দাওয়াত পেয়েছে। জেলা আওয়ামী লীগের এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন তার বক্তৃতায় দাওয়াত প্রসঙ্গে বলেন, এখন আধুনিক যুগ। জেলা আওয়ামী লীগের ওয়েবসাইটে ও হোয়াটসঅ্যাপে সকলকে দাওয়াত করেছি। সভাপতির এমন বক্তৃতার বিরোধীতা করে এমপি কালাম বলেন, ‘না, এটা মোটেও সত্য নয়। ওয়েবসাইটেও দাওয়াতপত্র নেই এবং আমার হোয়াটসঅ্যাপেও ফোন বা ম্যাসেজ আসেনি’। এ কথা বলতেই সভাপতি ক্ষিপ্ত সুরে বলেন, ‘চুপ করো, বেশি কথা বলো না। তুমি বসো’। এ কথা বলতেই সভাকক্ষে ক্ষিপ্ত হয়ে উঠে এমপি আবুল কালাম আজাদ সমর্থকরা।

কিছুক্ষণ পর পৌর মাঠে সভাপতির বিরুদ্ধে আপত্তিকর শ্লোগান দেয় এমপি আবুল কালাম সমর্থিত নেতাকর্মীরা। সবশেষে সভাপতি মু. রুহুল আমিন মুরাদনগর যাওয়ার পথে কয়েকটি মোটরসাইকেল যোগে ধাওয়া করে চান্দিনা বাজারের রামমোহন সড়কের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় ব্যারিকেড দিয়ে গাড়িতে হামলা চালায়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে, থানার সামনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতির উপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় তারা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ইমরান আরেফিন ইমুসহ ছাত্রলীগ নেতাদের দায়ী করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ, বাসুদেব ঘোষ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার প্রমুখ।

এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এমপি বলেন- দলীয় কোরামে অনেক কথাই হতে পারে। এসব বিষয়ে কোন হামলা-মারামারি আমি সমর্থন করিনা। আমি স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি, ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হউক।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ঘটনা শুনে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, ৩টি গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর গাড়ি বহরে হামলা চালিয়ে ৩টি গাড়ি ভাঙচুর করে নৌকা সমর্থকরা।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টায় চান্দিনা পৌরসভার ছায়কোট মৃধা বাড়ির সামনের সড়কে ওই হামলার ঘটনা ঘটে।

তবে মুনতাকিম আশরাফ টিটুর গাড়িটি অক্ষতা রয়েছে।

পৌরসভার ৭ নং ওয়ার্ডে ছায়কোট গ্রামে প্রচারণা শেষে চান্দিনা উপজেলা সদরের ফেরার পথে নৌকার স্লোগান দিয়ে নৌকার সমর্থকরা ওই ভাঙচুর চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়।

এ বিষয়ে জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোরশেদের মুঠ ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

ব্রাহ্মণপাড়ায় উপজেলার উপ-নির্বাচনে সন্ত্রাসীদের হামলায় ৫ সাংবাদিক আহত, গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচন চলাকালে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মো. আবু জাহেরের (আনারস প্রতীক) এজেন্টদের বের করে দেয়া হয়।

খবর পেয়ে কুমিল্লা থেকে সাংবাদিকরা ওই কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থীর সন্ত্রাসী কর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়ে তিনটি মাইক্রোবাস ভাঙচুর করে।

এ সময় ৫ সাংবাদিক ও আনারস প্রতীকের এজেন্টসহ ১৫-২০ জন ওই সন্ত্রাসী হামলায় আহত হন। আহতদের প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খবর পেয়ে বিজিবি, দাঙ্গা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা হলেন– অননিউজ অনলাইনের সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম বাবু, জাগরনী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, মোহনা টিভির ক্যামেরা পারসন আব্দুল কাইয়ুম, কুমিল্লা টোয়েন্টি ফোর  টিভির রিপোর্টার  পিয়াস উদ্দিন, মাই টিভির ক্যামেরা পারসন বাপ্পি।  এসময় তাদের সাথে থাকা ক্যামেরা , ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। হামলায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. বিল্লাল হোসেনকে আটক করেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।