All posts by jitu

চাঁদপুরে অবৈধভাবে গড়ে ওঠা দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় (মতলব-বাবুরহাট সড়ক সংলগ্ন) জেলা পরিষদ এবং সড়ক ও জনপদ বিভাগের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই দশকেরও বেশি সময় ধরে উপজেলার মুন্সিরহাট বাজারের সড়কের পশ্চিম পার্শ্বে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে দোকান ঘরগুলো নির্মাণ করে একটি প্রভাবশালী মহল ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিল। জেলার মাসিক সভায় এ বিষয়টি আলোচনায় আসলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন অবৈধভাবে গড়ে ওঠা মুন্সিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিষয়টি নোটিশের মাধ্যমে এক সপ্তাহের সময় বেধে দিয়ে ব্যবসায়ীদের অবগত ও দোকানপাট সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। আর এক সপ্তাহের শেষ দিন ছিল গতকাল (২৫ আগস্ট-২০২৫) সোমবার। কিন্তু এ সময়ে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিলেও দোকানপাট সরিয়ে নেয়নি। তাই জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক বুলড্রেজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এদিকে উচ্ছেদ অভিযানের সময় আবদুল হাকিম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একাধিক ব্যবসায়ী বলেন, ওনার বাজারে তিনটি দোকান ছিল। দোকান সরিয়ে নিতে হবে না, ওনি ম্যানেজ করবেন। এমন কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। অভিযান চলাকালে চা দোকানদার নুরুল ইসলাম বলেন, চা বিক্রি করে যা আয় হতো তা দিয়ে সংসার চালাতাম। হঠাৎ করে দোকান উচ্ছেদ করায় চোখে মুখে শুধু অন্ধকার দেখছি। সরকার যেন আমাদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা করে দেন। আরো ১৫/২০ জন দোকান মালিক বলেন, আমরা জেলা পরিষদে টাকা জমা দিয়ে দোকান ঘর উঠিয়ে ব্যবসা করে আসছি দীর্ঘদিন যাবৎ। জেলা পরিষদ থেকে কয়েকবার নোটিশ দিয়েছেন দোকান সরিয়ে নেয়ার জন্য। অন্যথায় উচ্ছেদ অভিযান চালানো হবে। একাধিকবার নোটিশ দেয়ার পরও উচ্ছেদ অভিযান না হওয়ায় এবারের বিষয়টিও তেমন গুরুত্ব দেওয়া হয়নি। মাত্র এক সপ্তাহের নোটিশে সকল দোকান উচ্ছেদ করা হবে এটা বেশীরভাগ দোকান মালিক ভাবতে পারেনি। তাই ক্ষতিগ্রস্ত দোকান মালিক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আকুল আবেদন, আমাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক গোলাম জাকারিয়া, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, মুন্সিরহাট বাজারে পেন্নাই সড়কের পশ্চিম পাশে খালের উপর জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছিল স্থানীয় লোকজন। বিভিন্ন সময় এ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ করা হলেও সেগুলো সরিয়ে নেয়নি। জেলা প্রশাসক মহোদয়ের মাসিক সভায় সিদ্ধান্ত ও নোটিশ মোতাবেক আজ ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুঁড়িয়ে দিয়ে ভূসম্পত্তি উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা কারাগারে হত্যা মামলার আসামির কন্যাসন্তান প্রসব

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তিনি জানান, ওই নারী আসামি কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা। গত ১১ আগস্ট তাকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার আরও বলেন, মঙ্গলবার দুপুরে প্রসববেদনা শুরু হলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাৎক্ষণিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন। তখন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও জরুরি পরিস্থিতিতে জেলা কারাগার কর্তৃপক্ষ অপারেশনের অনুমতি দেয়। বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়।

তিনি আরও জানান, মা ও নবজাতকের চিকিৎসাসেবা ও যত্ন নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কারা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শিশুর জন্য পোশাক থেকে শুরু করে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকেও তারা সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।

৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মনোয়ার সরকার

স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি নেতা মনোয়ার সরকার বলেছেন, “দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক যোগ্যতাসম্পন্ন সংসদ সদস্যরাই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।”

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মনোয়ার সরকার বলেন, “বিশ্বায়নের এই প্রতিযোগিতাপূর্ণ যুগে বাংলাদেশকে আর পিছিয়ে থাকতে দেওয়া যাবে না। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উন্নত, স্বনির্ভর ও উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই দেশ গড়ে তোলার জন্য তাঁরই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হলে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা আরও সমৃদ্ধ করতে হবে। এতে দল যেমন শক্তিশালী হবে, তেমনি জনগণের সঙ্গে সম্পর্কও আরও গভীর হবে।”

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানি, মামলা, ভয়ভীতি ও পারিবারিক উদ্বেগের কারণে দেশে আসতে পারেননি। তবে দলীয় মনোবল ধরে রাখতে তিনি প্রবাসে থেকেও ডিজিটাল প্লাটফর্মে সক্রিয় ছিলেন।

তিনি বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আমি আমার জন্মভূমিতে ফিরে আসতে পেরেছি। দেশে ফিরে প্রায় সাড়ে আট মাস ধরে আমি এলাকায় সক্রিয়ভাবে কাজ করছি। মানুষের পাশে মানবিক কর্মকাণ্ড নিয়ে দাঁড়িয়েছি। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।”

মনোয়ার সরকার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন—রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। সেই আদর্শ নিয়েই আমি এবং আমার সহযোদ্ধারা মাঠে কাজ করছি।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর একটি স্বার্থান্বেষী মহল দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

কুমিল্লায় মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা ব্যারিস্টার মামুনের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার করা এক বক্তব্যকে “উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট” আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একজন সম্মানিত ব্যক্তি। তাকে হেয় প্রতিপন্ন করা আমার রুচিতে বাধে। তবে সোমবার তিনি যে বক্তব্য দিয়েছেন, তা সত্যিই দুঃখজনক ও বেদনাদায়ক।”

তিনি আরও বলেন, “আমার ও তার মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। জীবনে কেবল একবার তার সঙ্গে দেখা হয়েছে। কিন্তু তারপরও কেন তিনি এমন ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন, তা খতিয়ে দেখা উচিত। হতে পারে তিনি কারো প্ররোচনায় এ ধরনের বক্তব্য দিয়েছেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, সাহেবাবাদ কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান দিদার এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তাঁর বক্তব্যে যেভাবে ব্যারিস্টার মামুনকে আওয়ামী লীগের ‘সুবিধাভোগী’ বলে উল্লেখ করেছেন, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে হীন মানসিকতার পরিচায়ক।

কুমিল্লায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মমতা রানী (৫২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার এএসআই আব্দুর রহিম। নিহত মমতা রানী চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কালির বাজার গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই আব্দুর রহিম জানায়, মমতা রানী তার ছেলে শাওনের মোটরসাইকেল চড়ে চাঁদপুর থেকে কুমিল্লা আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচং উপজেলার নিমসার ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনে বসা ওই নারী ছিটকে সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এসআই আব্দুর রহিম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, ট্রাক ও মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তৃতীয় দিনের মতো গোয়ালমথন-মহিশপুর সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার কাজ সম্পন্ন 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন চকবাজার–সুয়াগাজী আঞ্চলিক সড়কের গোয়ালমথন থেকে শুরু করে মহিশপুর রাস্তার মোড় এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঘন ঝোপঝাড় ও লতাগুল্ম জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। ঝোপঝাড়ের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। এমনকি সন্ধ্যার পর এ এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়ে গিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখযোগ্য এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর দিকনির্দেশনায় ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ। তাঁর নেতৃত্বে ওয়ার্ডের নেতাকর্মীরা সম্প্রতি ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু করে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে শুরু করে ওই সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তার ২পাশ পরিষ্কার করে কাজ  সমাপ্ত করেছেন তারা।  এতে সড়কটির আগের রূপরেখা ফিরে আসে এবং চলাচলের উপযোগী হয়।

এ বিষয়ে ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বলেন,গোয়ালমথন থেকে মহিশপুর পর্যন্ত রাস্তার ২ পাশে ঝোপঝাড়ের কারণে ডাকাতি ও ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত ছিলো।আজ ৩য়দিনে আমরা ২৬নংওয়ার্ডের মহিশপুর এরিয়া পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করি।এলাকার স্হানীয় বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের এই কাজটি করা হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা পর্যায়ক্রমে এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান খাল ও অলিগলি পরিষ্কার করারও কাজ হাতে নিয়েছি।সামনের দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে লতানো গাছপালা ও ঝোপঝাড় এতটাই ছড়িয়ে পড়েছিল যে, অনেক স্থানে গাড়ির পাশ কাটিয়ে চলাও কঠিন হয়ে উঠেছিল। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও থেকেই যায়। সড়ক পরিষ্কারের এ উদ্যোগে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।

দেখা যায়, নেতাকর্মীরা শুধু ঝোপঝাড় পরিষ্কারই করেননি, তা নির্দিষ্ট স্থানে সরিয়েও নিয়েছেন। এতে গোটা সড়কের চিত্র বদলে যায়।

এ সময় উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন,যুবদল নেতা রিয়াদ, শরীফ,শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আলম সহ আরো অনেকে।

এ ধরনের নাগরিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং অন্যান্য সংগঠনের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে দাউদকান্দিতে অভিযান, যানবাহন জব্দ ও জরিমানা

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে তিনটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানার ডাম্পিং মাঠে পাঠানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান ইসলাম এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ চৌধুরীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউএনও নাছরীন আক্তার জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত চলবে।

মুসলিম বন্ধুর জানাজায় অংশ নিয়ে ভাইরাল সেই সুধীর বাবু আর নেই

স্টাফ রিপোর্টার:

ছেলেবেলার বন্ধু আমীর হোসেনের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে কান্না করে ভাইরাল হওয়া সেই সুধীর বাবু (৭৪) আর নেই।

মঙ্গলবার (২৬শে আগষ্ট) দুপুর আনুমানিক ১২.৪০টায় কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুকালে তিনি ২পুত্র, ৫কন্যা ওয়ারীশসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। নিহতের ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

জানা গেছে, উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচো গ্রামের ছোটবেলার বন্ধু আমির হোসেন গত ২০২১ সালের ৭ই সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন। পরদিন ৮ই সেপ্টেম্বর সকালে জানা যায় সকলের পিছনে একটি গাছের গুড়িতে বসে কান্না করতে থাকেন ছোটবেলার বন্ধু সুধীর বাবু। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মূহুর্ত্বের মধ্যে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কান্নার ছবি এবং মুসলিম বন্ধুর প্রতি হিন্দু বন্ধুর আন্তরিকতার বিষয়ে খবর প্রকাশিত হয়।

হোমনায় মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহবায়ক কমিটি গঠন

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বীর মুক্তিযোদ্ধা হাজী মাহফুজুল ইসলাম আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম যুগ্ন আহবায়ক, এবং বীরমুক্তিযোদ্ধা মো হানিফ মেম্বার সদস্য সচিব নির্বাচিত হন।
মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মোল্লা সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো. হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুর রহমান।

সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী মাহফুজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কোতয়ালী থানার যুদ্ধকালীন কমান্ডার মো. আবদুল মতিন।

এ ছাড়া বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর খন্দকার, মো. কবির হোসেন,জুলহাস উদ্দিন, আবদুল বাতেন, আবদুল খালেক আবুল হোসেন, মো. সোবহান আবদুর রশিদ সহ প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা সভায় উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে বাঁশ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা, ছিটকে পড়ে ব্যবসায়ী নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই মিনি ট্রাক সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে ট্রাক থেকে ছিটকে সেতুর নিচে পড়ে বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত একজন আহত হয়েছেন।

সোমবার রাত ১১টায় (২৫আগষ্ট) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি-গোমতী সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী আমজাদ হোসেন(৪৫) গাজীপুর জেলার সদর উপজেলার লাগালিয়া গ্রামের মৃত ইসমাইল ভুইয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মুহাম্মদ জাকির হোসেন জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বাঁশ বোঝাই মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কায় ভিতরে থাকা ব্যবসায়ী ছিটকে সেতুর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আর ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর চালক পলাতক।