All posts by jitu

পাঁচথুবী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজায় নারী-পুরুষের মাঝে চেয়ারম্যান রাহুলের বস্ত্র বিতরণ

হাবিবুর রহমান মুন্না:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল।

বুধবার (১ অক্টোবর) রাতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে শুভপুরের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, শালদর শিব মন্দির, বামইল শিবের বাজার শিব মন্দির (শীল বাড়ি), উত্তর কৃষ্ণপুরের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও পশ্চিম মাঝিগাছা সর্বজনীন দুর্গা মন্দিরে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বস্ত্র বিতরণকালে পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল বলেন, “আজকের এই বস্ত্র বিতরণ শুধুমাত্র দান নয়, এটি আমাদের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির প্রতীক। পূজার আনন্দে সবাইকে একসাথে রাখতে চাই। আমি আপনাদের সন্তানের মতো, আমাকে আগলে রাখবেন সব সময়। আপনাদের পাশে থেকে সামনে এগিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজীব আহমেদ রানা বলেন,“দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের অংশ। আমরা চাই, সকল ধর্মীয় উৎসব হোক সবার জন্য আনন্দের। এই বস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা সেই সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে চাই।”

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন,“ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য। আমাদের দলের আদর্শই হলো সকল ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করা। আজকের এই ক্ষুদ্র প্রয়াস সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্মান ও ভালোবাসা গড়ে তুলবে।”

এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পাঁচথুবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সহ সভাপতি মাহে আলম খোকন, আদর্শ সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাকিব রনি,সদস্য সচিব জিয়াউল হক রিংকু,পাঁচথুবী ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার রোকসেনা বেগম মজুমদার,৪,৫,৬নং ওয়ার্ডে সংরক্ষিত মেম্বার ইয়াসমিন আক্তার, পাঁচথুবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মারুফ আহমেদ, আমড়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৮১৫ জন অসহায় ও দুঃস্থ হিন্দু নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ আয়োজন সবার মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

এড. মান্নান মজুমদার স্মরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বি এম মহিউদ্দিন:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পূর্ব শ্যামপুর মজুমদার বাড়িতে বুধবার সকাল ১০ টা থেকে দিন ব্যাপী বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট মান্নান মজুমদার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় দুস্থ, অসহায় ও গরীবসহ সকলের সুচিকিৎসা সেবা প্রদান করতেই মরহুম এ্যাডভোকেট মান্নান মজুমদারের বড় ছেলে মাশরাফি মান্নান মজুমদার এ আয়োজন করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন,নিউরোলজি, স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও নাক কান গলা বিশেষজ্ঞসহ বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগী দেখেন।

উপস্থিত চিকিৎসকগণদের মধ্যে ছিলেন ডা: মো: আমজাদ হোসেন মজুমদার এমবিবিএস, এমএস (জেনারেল), শিক্ষানবিশ রেসিডেন্ট, নিউরোসার্জারি বিভাগ, বিসিপিএস (মেডিসিন, অনকোলজি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডা: নাফিও বিনতে আজাদ এমবিবিএস, ডিএফএস (আল্ট্রাসনোগ্রাম), এফসিপিএস (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডা: মো: মেহেদী হাসান (সবুজ) এমবিবিএস, এমএস (ডেন্টিস্ট্রি), (নাক-কান-গলা), জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট, ঢাকা, ডা: রবিউল হোসেন পাটোয়ারী (রবি) এমবিবিএস, ডিএমইউ, পিজিটি, General Physician, মেডিকেল অফিসার, আনোয়ার ভিলেজ, কুমিল্লা রেঞ্জ।

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় এক মহিলা নুরুন্নাহার বেগম জানান, এ্যাডভোকেট মান্নান মজুমদার একজন ভালো ও দানশীল ব্যক্তি ছিলেন তিনি হত-দরিদ্র বা গরীব মানুষ থেকে কখনো মামলার ফি নিতেন না। আজকে আমরা ফ্রি তে ডাক্তার দেখাতে পেরেছি যা আমাদের যাতায়াত খরচ ও ডাক্তার ফি লাগেনি এতে আমিসহ এলাকার অনেক মানুষ উপকৃত হয়েছি। আমরা চাই এ্যাডভোকেট মান্নান মজুমদারের স্ত্রী ও ছেলে মেয়েরা এমন সামাজিক কাজ করে উনার সুনাম ধরে রাখে। আমরা উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

ফ্রি মেডিকেল ক্যাম্প এর বিষয়ে এ্যাডভোকেট মান্নান মজুমদারের বড় ছেলে মাশরাফি মান্নান মজুমদার বলেন, আব্বু সবার প্রিয় একজন লোক ছিলেন। আব্বু সামাজিক কাজ করতে পছন্দ করতেন। বিশেষ করে কাউকে কিছু দান করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ মক্তবে দান করাসহ সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। আমরাও চাই আব্বুর অসমাপ্ত যেসব সামাজিক কাজ রয়েছে তা করে যেতে। আজকের এই মেডিকেল ফ্রি ক্যাম্প সেবা সমাজের মানুষের জন্য অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ আগামীতে আব্বুর স্মরণে আরো বড় বড় সামাজিক কাজ করবো।

উল্লেখ্য যে, এ্যাডভোকেট মান্নান মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পিপি ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ সালে তিনি ইন্তেকাল করেন। তার জীবদ্দশায় তিনি অগণিত মসজিদ, মাদ্রাসা, মক্তব, গৃহহীনদের গৃহ নির্মাণে দান করে গিয়েছেন। বর্তমানে তার পরিবার তা অব্যাহত রাখতে চাচ্ছেন।

দেবিদ্বারে পানিতে ডুবে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ইয়ামিন হোসাইন (৭) উপজেলার গাংটিয়ারা গ্রামের প্রবাসী হেলাল উদ্দিন পাঠানের একমাত্র ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১ অক্টেবর) দুপুরে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইয়ামিন। নিখোঁজের পর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন।

বিকাল ৪টার দিকে পুকুরে জাল ফেলে ইয়ামিনকে উদ্ধার করে উপজেলার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়ামিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

মৃতের মামা আবুল কালাম আজাদ জানান, আমাদের একমাত্র ভাগিনার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। ইয়ামিনের বাবাও একমাত্র ছেলেকে শেষবারের মতো দেখতে বৃহস্পতিবার দেশে ফিরছেন। রাতে ইয়ামিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানায়, পানিতে ডুবে কেউ মারা গেছে এমন তথ্য এখনো পাইনি। সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ডাঃ এম এ হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

ড্যাব একটি বিএনপি পন্থী সংগঠন। ড্যাবের ইমেজ ধ্বংস করা মানে প্রকারান্তরে বিএনপির ইমেজ ধ্বংস করা। কুমিল্লা মেডিকেল কলেজ এর যেসকল নামধারী ড্যাব নেতারা সংগঠনের গঠনতন্ত্র এবং শৃঙ্খলা ভেঙে মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্র মূলক সংবাদ সম্মেলন করে ড্যাব তথা বিএনপিকে কলুষিত এবং কলঙ্কিত করলো, তাদেরকে অবিলম্বে ড্যাব, বিএনপি বা বিএনপি সমর্থিত সকল সংগঠন থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, লম্পট, নেশাখোর, নারী নির্যাতনকারী ও যৌতুক লোভী প্রতারক ডা: আরিফ হায়দারের ঠিকাদার কর্তৃক বিশ লক্ষ টাকার চেক প্রকাশিত হবার পরেও কেন প্রশাসন নিশ্চুপ? অবিলম্বে এই দুর্নীতিবাজ ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

কতিপয় টোকাই দ্বারা মেডিকেল কলেজ হাসপাতালে মব সৃষ্টি করে আমাদের এলাকার কৃতি সন্তান এবং মেধাবী চিকিৎসক ডা: হাসানের অসম্মান করার জন্য উক্ত টোকাইদের বিচার করা হউক।

প্রতারক লম্পট নারী নির্যাতনকারী ও যৌতুকলোভী ডা: আরিফ হায়দার যেভাবে মিথ্যা অভিযোগনামা দাখিল করে ডা: হাসান সহকারে সম্মানিত চিকিৎসকদের হয়রানীর চেষ্টা করে যাচ্ছে, তার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মিথ্যা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

চান্দিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় নানার বাড়িতে পানিতে ডুবে মো. রাফি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কেরণখাল ইউনিয়নের নুরিতলা সওদাগর বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত মো. রাফি নুরিতলা গ্রামের শাহিদা আক্তারের ছেলে।

মায়ের সাথে সে নানার বাড়িতেই বেড়ে উঠছিলো। একই জেলার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাবুল মিয়ার সাথে শাহিদা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন শাহিদা। নিহতের মামা আবু হানিফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যান রাফি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে। পুকুর থকে তাকে মৃত অবস্থায় উঠানো হয়।

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেরা আলাউদ্দিন জানায়, ভিপি জসিম উদ্দিন তার দেবর। গত রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার নিজ বাসায় হঠাৎ ব্রেন স্ট্রোক করেন তিনি। এরপর তাৎক্ষণিকভাবে তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

যারা পাল্লা মার্কায় ভোট দিবে তারা দোযখে যাওয়ার সম্ভাবনা বেশি: চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র সভাপতি তাহের পলাশী

স্টাফ রিপোর্টার:

যারা পাল্লা মার্কায় ভোট দিবে বরং এরা দোযখে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা আমার কথা নয়, ফেসবুকে দেখেছি। এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী।

বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। এসময় পাশে থাকা পৌর বিএনপি’র আরেক প্রভাবশালী নেতাকে বলতে শোনা যায়, মাওলানা তারেক মনোয়ার এমব বক্তব্য রেখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বক্তব্যে তাহের পলাশীকে আরও বলতে শোনা যায়, আমাদের পৌর বিএনপি’র ৪নং ওয়ার্ডের যারা নেতাকর্মী রয়েছে তারা আপনাদের (মহিলাদের) পান-সুপারির টাকা দিবে। আপনারা বিভিন্ন বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে কথা বলবেন। ঈনশাআল্লাহ বিএনপি যে অবস্থায় আছে আগামীতে সারাদেশে বিএনপি ক্ষমতায় যাবে। জামায়াতের কর্তৃত্ব কোথাও নাই, শুধু চৌদ্দগ্রামে ফলফলানি আছে।

ফেনীতে বাস উল্টে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৮ জন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অন্য নারীর এখনো পরিচয় মেলেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে একটি দোকানের ওপর পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাহরিয়ার মাহমুদ জানান, দুর্ঘটনা পর হাসপাতালে ১১ জনকে আনা হয়। তাদের মধ্যে তিনজন মারা যান। গুরুতর আহতের ৮ জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ জানায়, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটেছে। মৃত এবং গুরুতর আহতের খবর পেয়েছি। আমাদের পুলিশ কাজ করছে।

কুমিল্লার এএফসি হেল্থ লিমিটেড হাসপাতালের চার মালিকের বিরুদ্ধে চুক্তিভঙ্গসহ নানা প্রতারণার অভিযোগে মানববন্ধন সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার এএফসি হেল্থ লিমিটেড হাসপাতালের ৪ মালিকের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা।

বুধবার (১ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালটি পুনরায় চালুর জোর দাবি জানানো হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

লিখিত বক্তব্যে বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন, হাসপাতালটি যখন নানা অব্যবস্থাপনা ও সংকটে বন্ধ হওয়ার পথে ছিল, তখন ২৩ জন বিনিয়োগকারী মিলে প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ করে সেটি সচল করেছিলেন। অথচ মালিকপক্ষ ৪ জন যথাক্রমে মাহবুব আরব মজুমদার, এস এম সাইফুর রহমান, জুয়েল খান ও সাইফুল আমিন এখন চুক্তিভঙ্গ করে নতুনভাবে অন্যদের কাছ থেকে অর্থ নিচ্ছে। এ ধরনের প্রতারণার ফলে বিনিয়োগকারীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তারা আরও বলেন, “আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হলেও কুমিল্লাবাসীর স্বাস্থ্যসেবার কথা ভেবে হাসপাতালটি চালু করেছিলাম। অথচ মালিকপক্ষ আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা অবিলম্বে হাসপাতাল পুনরায় চালুর ব্যবস্থা চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক খায়রুন্নেসা, হাবিবুর রহমান, মামুনুর রশীদ রিপন, জসিম উদ্দিন, মামুনুর রহমান, আসাদুজ্জামান রাসেল, মোজাম্মেল হকসহ আরও অনেকে।

উল্লেখ্য, এএফসি হেল্থ লিমিটেড হাসপাতালটি কুমিল্লা অঞ্চলে হৃদরোগ চিকিৎসায় আধুনিক সরঞ্জামসহ উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করেছিল।

বুড়িচংয়ে র‌্যাব-১১ এর অভিযানে ৩৩৫ বোতল স্কাফসহ সিএনজি জব্দ

স্টাফ রিপোর্টার:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার কোশাইয়াম পূর্বপাড়া এলাকা থেকে ৩৩৫ বোতল স্কাফসহ মো. আসিফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি-অটোরিকশাও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো. আসিফ কুমিল্লা কোতয়ালী মডেল থানার মাহাজনবাড়ি এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো।

র‌্যাব আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।