All posts by jitu

চৌদ্দগ্রামে ওয়াকিটকি, লাঠি ও মোবাইলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উনকোট গ্রামে বিশেষ অভিযানে এক আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর প্রায় ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ রাকিব হোসেন চৌদ্দগ্রামের উনকুট গ্রামের তাজুল ইসলামের পুত্র।

অভিযানের সময় আসামির কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি চার্জার, একটি লাঠি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫

জাকির হোসেন হাজারী দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিল করেছে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার(১৬সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে ওই মিছিল করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মিছিল একটি ভিডিও ছড়িয়ে পরলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের পাকরাও করে পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে মিছিলটিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার হাতে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।

এদিকে নিষিদ্ধ সংগঠনের মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আজ দাউদকান্দির জিংলাতলী এলাকায় জঙ্গি মিছিল করেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জানানো যাচ্ছে যে, এর প্রতিবাদে আজ দাউদকান্দি বাজার, শহীদনগর, গৌরীপুর মোড়, রায়পুর ও ইলিয়টগঞ্জসহ সকল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
আমরা স্পষ্ট জানাতে চাই—কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। ”

এরপরে দাউদকান্দি পৌরসদর সদর, শদিনগর ও গৌরীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ সংঘঠনের কিছু লোক মহাসড়কের ঝটিকা মিছিল ও দেশের নিরাপত্তা বিঘœ ঘটানায় জড়িত থাকায় স্থানীয়দের সহযোগিতায় পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা জিংলাতুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাস-মিশুক সংঘর্ষে নিহত ১

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী বাস, ইজিবাইক, রডবোঝাই ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী হিমাচল এক্সপ্রেসের একটি বাস দ্রুতগতিতে খিলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিশুকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়।

এ বিষয়ে লাকসাম থানা পুলিশ জানায়, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

সভায় পুলিশ সুপার পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি পূজা পূর্ববর্তী ও পূজাকালীন সময়ে করণীয়-বর্জনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, “আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করবো।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

লালমাই রেললাইনের পাশে যুবকের মরদেহ উদ্ধার: র‍্যাবের অভিযানে ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের পাশে দুলাল হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নেয়। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে র‍্যাব-১১ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে লাশ গুমে ব্যবহৃত একটি নোহা গাড়িও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

র‍্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর সকালে লালমাই উপজেলার পেরুল এলাকায় রেললাইনের পাশ থেকে মাথায় জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়—তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভল্লবপুর গ্রামের জব্বর মালের ছেলে দুলাল হোসেন (৩৫)।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরপর র‍্যাব-১১ এর একটি চৌকস দল ১৫ সেপ্টেম্বর কুমিল্লা জেলার দেবিদ্বার, লাকসাম এবং ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুলাল হত্যা মামলার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ ফারুক (৪৫), মোঃ মফিজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম (৪২), রুবেল আহাম্মেদ (৩৯), আবুল হাসেম (৩৪), মরিয়ম (৩৭) এবং ফাতেমা আক্তার সিনথিয়া (১৯)।

র‍্যাব জানায়, প্রায় ছয় মাস আগে দুলালের সঙ্গে ফাতেমা আক্তার সিনথিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুলাল স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এ সময় সিনথিয়ার সঙ্গে ইমুতে পরিচয় হয় দুবাইপ্রবাসী আবুল হাসেমের, যা পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয়।

দুলালের সঙ্গে ডিভোর্সের পর সিনথিয়া হাসেমকে বিয়ে করে। কিন্তু দুলাল তা মেনে নেয়নি; হাসেমের অনুপস্থিতিতে প্রায়ই সিনথিয়ার বাসায় গিয়ে ভীতি প্রদর্শন করত।

এ পরিস্থিতিতে সিনথিয়া, তার বর্তমান স্বামী হাসেম ও পরিবারের অন্য সদস্যরা মিলে দুলালকে হত্যার পরিকল্পনা করে।

ঘটনার দিন সিনথিয়া স্বামী হাসেমের পরামর্শে দুলালকে ঘুমের ওষুধ মেশানো জুস খাওয়ায়। দুলাল অচেতন হয়ে পড়লে গ্রেফতারকৃত আসামিরা মিলে তাকে আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য ড্রাইভার রুবেল নোহা গাড়িতে করে লাশ লালমাই রেললাইনের পাশে ফেলে আসে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় নাশকতা পরিকল্পনায় যুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহযোগী মোঃ নাঈমুর রহমান মজুমদার মাছুমকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর দক্ষিণ চর্থার ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মাছুম চৌদ্দগ্রাম উপজেলার ঘাসি গ্রামের মৃত. মোখলেসুর রহমান মজুমদাের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত আসামি এবং চৌদ্দগ্রামে সংঘটিত এইট মার্ডার হত্যাকাণ্ডের মামলার ৮৮ নং আসামি।

সূত্রে জানা যায়, নাঈমুর রহমানের কাছ থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নাশকতা পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তার স্বীকারোক্তিতে উঠে এসেছে যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ঢাকা শহরের ৮/৯টি স্থানে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৬ টা থেকে ৭টার মধ্যে ভয়াবহ নাশকতা চালানো হবে।

অভিযুক্ত নাঈমুর রহমান আরও জানায়, এবার শুধু মহাসড়ক অবরোধেই সীমাবদ্ধ নয়, তারা এক্সকাভেটর ব্যবহার করে রাস্তাঘাট কেটে দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে।এর পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করার কৌশলও হাতে নেওয়া হয়েছে।

সেনা অভিযানে গ্রেফতারের পর নাঈমুর রহমানকে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা সিআইডিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এই গ্রেফতারকে কেন্দ্র করে কুমিল্লা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার যেকোনো পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হবে।

মুরাদনগরে বাড়ীর পাশে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের সন্দেহ হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে বাড়ীর পাশ থেকে মিনহাজ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোঃ মিনহাজ (৩০) পীর কাশিমপুর উত্তর পাড়ার আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।

নিহত মিনহাজের ভাই মঈদ আহমেদ জানান, সোমবার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়। রাতে এশার নামাজের পরও মিনহাজ বাসায় না ফিরলে পরিবারের সন্দেহ হয়। এরপর খোঁজাখুজি করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়। এঘটনায় পরিবারের সদস্যরা সন্দেহ করছেন, তাকে কেউ হত্যা করে ফেলে রেখে গিয়ে থাকতে পারে।

বাংগরা বাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, রাতেই লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে, সুরতহালের সময় তার কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন দেখা গেলেও এটি দেখে তেমন কোনে আঘাতের চিহ্ন বলে মনে হয়নি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে ওসি জানান।

হোমনায় “রেহানা মজিদ মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

হোমনা প্রতিনিধি :

কুমিল্লা হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ফুলের পাপড়ি ছিটিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেন ২য় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় অতিথিবৃন্দ সহ সকলে হাততালি দিয়ে তাদের বরণ করেন।

রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুপ্রেরনা ও উপদেশমূলক বক্তব্য দেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, অভিভাবক ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা রাজিয়া শিউলী,হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক এস এম শাহীন, অভিভাবক শিউলী আক্তার প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান- ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে

চান্দিনা প্রতিনিধি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে।

ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে কোন ভাবেই পা দেয়া যাবেনা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নেপালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন- নেপালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দুই দিনের মধ্যেই ঘোষণা দিয়েছেন ৬ মাসের মধ্যে সে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান উপদেষ্টা চাইলেই ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি নির্বাচন না দিয়ে নানা ভাবে তার সমর্থিত রাজনৈতিক দল গঠন করে বিভিন্ন উস্কানিমূলক প্ররোচনা দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্তির কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্তরালে এবং সম্মুখে বাংলাদেশের সমস্ত জায়গায় মবোক্রেসি সৃষ্টি হয়েছে। ভদ্রলোকদের আক্রমন করছে। এই অবস্থাকে সরকার এখন পর্যন্ত নিভৃত করতে পারেনি।

দেশের অর্থনীতি ও বিদেশী বিনিয়োগকারীদের প্রসঙ্গে সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন- এদেশের ব্যবসা বাণিজ্য আজ কোন কিছুই সচল নেই। অন্তর্বর্তী সরকার বিভিন্ন ভাবে মানুষকে বুঝাতে চায় বিদেশে থেকে তারা বিনিয়োগ আনবে। বাংলাদেশে যে সকল মিল-ফ্যাক্টরী ও কল-কারখানা আছে সেগুলোতে আপনি বিদ্যুত-গ্যাস দিতে পারেন না। বিদেশি বিনিয়োগকারীদের কথা বলে মানুষকে ভাওতা না দিয়ে দেশের শিল্পপতি ও বিনিয়োগকারীদের যথাযথ সুযোগ করে দিলে দেশের অর্থনীতি স্বচ্ছল হবে।

জোয়াগ ইউনিয়ন এলডিপি সভাপতি সিরাজুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান।

এছাড়া সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব এলাহী, ধেরেরা উচ্চ বিদ্যালয় শিক্ষক সিদ্দিকুর রহমান, এলডিপি নেতা মনু মেম্বার প্রমুখ।

সম্মেলনে সিরাজুল হক মাস্টারকে সভাপতি, আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ও ফয়েজ মেম্বারকে সাংগঠনিক সম্পাদক কের ১০১ সদস্যের জোয়াগ ইউনিয়ন এলডিপির কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

চান্দিনায় যুবদল নেতার নিয়ন্ত্রণে চলে ড্রেজার প্রশাসন ও রাজনৈতিক নেতার নাম ভাঙ্গিয়ে কমিশন আদায়

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ও বাতাঘাসী ইউনিয়ন জুড়ে দীর্ঘদিন যাবৎ চলছে ড্রেজারে মাটি খননের মহোৎসব। স্থানীয় যুবদল নেতা ও সাবেক ওয়ার্ড মেম্বার আকবর মোল্লার নিয়ন্ত্রণে অবাধে ওইসব ড্রেজার চলছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করার নাম ভাঙ্গিয়ে ড্রেজার ব্যবসায়ী, মাটি বিক্রেতা ও যাদের জায়গা ভরাট করা হয় তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন ওই যুবদল নেতা।

আকবর মোল্লা চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

স্থানীয় একাধিক সূত্র জানায়- গত এক বছর যাবৎ ফসলি জমি থেকে বালু মাটি উত্তোলন ও জমি ভরাটের এই অবৈধ কার্যক্রমের সাথে জড়িত রয়েছে আকবর মোল্লা।
তিনি প্রশাসন ও নেতাদের ম্যানেজ করার কথা বলে প্রতি বর্গফুট মাটির হিসেবে দেড় থেকে ২ টাকা আদায় করছেন। ওই এলাকায় যারাই ড্রেজার চালান তারা ওই যুবদল নেতা আকবর মোল্লার কাছ থেকে অলিখিত অনুমতি নিয়ে কাজ শুরু করছেন। এমনকি তার নেতৃত্বে সরকারি খাল ভরাটের অভিযোগও রয়েছে।

সম্মুখে কোন ড্রেজার ব্যবসায়ী তার বিরুদ্ধে কথা বলতে না পারলেও এই প্রতিবেদককে দিয়েছেন নানা তথ্য। তারা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও
ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- আকবর মোল্লা যেসব ড্রেজার থেকে টাকা পায়না প্রশাসন অভিযানে আসলে সেগুলোই ভাঙ্গা হচ্ছে। যে কারণে ড্রেজার ব্যবসায়ীরা বাধ্য হয়েই তার সাথে (আকবর মোল্লা) সমন্বয় করতে হচ্ছে।

নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, বশিকপুর গ্রামের ‘প্রধান বাড়ির’ হোসেন প্রধান ড্রেজার মেশিন বসিয়ে নিজের জমির সঙ্গে সংযুক্ত
সরকারি খালও ভরাট করে ফেলছেন। এ নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন হলেও আকবর মোল্লার রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কারণে ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পায়না। তারা আরও বলেন আমরা জানি খাল ভরাট হলে জলাবদ্ধতা বাড়বে, ফসল নষ্ট হবে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা কিছু বললে ভয় দেখায়, হুমকি দেয়। আকবর মোল্লা মোটা অঙ্কের টাকা নিয়ে ওই ভরাট কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। তাই এলাকার মানুষ প্রকাশ্যে কিছু বলার সাহস পাচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ড্রেজার ব্যবসায়ী বলেন- এখানে যারা কাজ করছে, তারা সবাই জানে কমিশন না দিলে কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি জমিতে বালু উত্তোলনের জন্য নেতা আকবর মোল্লাকে ‘কমিশন’ দিতে হচ্ছে, না হলে ড্রেজার বন্ধ করে দেওয়া হয়।

মো. বিল্লাল নামের এক ড্রেজার ব্যবসায়ী জানান- আমি ড্রেজার মেশিন বসানোর সময় আকবর মোল্লা এসে কাজে বাধাঁ দেয়। কাজ করতে হলে প্রশাসনকে টাকা দিতে হবে। প্রথমে ১০ হাজার ও প্রশাসনের নাম করে আরও ৪০ হাজার টাকা নেয়। কিন্তু এরপরও প্রশাসন অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপ ভেঙে দেয় এবং কাজ বন্ধ করে দেয়। তিনি আরও বলেন আকবর মোল্লার কথায় টাকা দিয়েও কাজ করতে পারিনি, আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি এলাকাবাসীকে জানালেও কোনো বিচার পাইনি।

এবিষয়ে অভিযুক্ত আকবর মোল্লা বলেন- কেউ আমার বিরুদ্ধে কিছু বললেই কি তা সত্য হবে নাকি? আমি টাকা নেই এটা সম্পূর্ণ মিথ্যা কথা।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান- অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা দ্রুতই ব্যবস্থা নিবো। আমাদের নাম ভাঙ্গিয়ে কেউ যদি টাকা নেয় এমন অভিযোগ পেলেও ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া প্রশাসনের কথা বললেই কেন টাকা দিবে?