শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডা. আরিফ হায়দারের ওপর হামলা, ড্যাব নেতা ডা. মাসুমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মহানগর স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আরিফ হায়দারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৬ অক্টোবর) বিকেল চারটার দিকে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় এলাকায়। এ ঘটনায় ডা. আরিফ হায়দার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, নগরের দক্ষিণ চর্থা মুররি ফার্ম এলাকার রবিউল হোসেন পাটোয়ারী রবি (৩০), কালিয়াজুরি এলাকার ডা. কাদিরুল কাউসার আল আমিন (৩৩) এবং ড্যাব কুমিল্লা জেলা স্থগিত কমিটির সভাপতি ডা. মোহাম্মদ মাসুম হাসান মিলে তাঁর ওপর হামলা চালান।

জানা যায়, ডা. আরিফ হায়দার কুমিল্লা মেডিকেল কলেজের — ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায় অনিয়ম ও টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন তিনি। এরপর থেকেই ড্যাব নেতা ডা. মোহাম্মদ মাসুম হাসান তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে; তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।