All posts by jitu

হোমনায় ১৫ টাকা কেজি ধরে চাল বিক্রি কার্যক্রম সম্পন্ন

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি ধরে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে চাল বিক্রি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার দুলালপুর বাজারে এ চাল বিক্রি কার্যক্রম করা হয়। দুলালপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের ৫১৮ জন কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে এ চাল বিক্রি করা হয়। প্রতিজন কার্ডধারীর মাঝে পনেরো টাকা কেজি ধরে সর্বোচ্চ ৩০ কেজি চাল বিক্রি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস মিয়া প্রধান, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার প্রমুখ।

স্বল্প টাকায় চাল পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। এসময় কার্ডধারী সুবিধা ভোগীগণ বলেন, ১৫ টাকা কেজি ধরে চাল পেয়ে আমরা নিম্ন আয়ের মানুষগণ অনেক উপকৃত হচ্ছি। ভবিষ্যতেও যেন এটা চালু থাকে আমরা সেই আশা করি। স্বল্প মূল্যে চাল সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করেন বলে মনে করেন অনেকে। বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মোঃ ওলী ভুঁইয়া।

এ বিষয়ে ওলী ভূঁইয়া বলেন, দুলালাপুর ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের ৫১৮ জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ১৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল দেওয়া হয়। কার্ডধারী সুবিধাভোগীগন যেন ৩০ কেজি চাল পরিপূর্ণ ভাবে পান তার জন্য ডিজিটাল মেশিনের মাধ্যমে মেপে চাল দিচ্ছি। এসময় সে আরো বলেন কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট, প্রগাপন্ডা ছড়াচ্ছে। আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ন্যায় ও সৎ ভাবেই আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

পিরানহা মাছ জব্দে কুমিল্লায় মোবাইল কোর্ট, ৯ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার টমছম ব্রিজ বাজারে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে ১৯০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। অভিযানে জড়িত দুই ব্যক্তিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, আদর্শ সদর, কুমিল্লার বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদরের সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঁঞা।

অভিযান চলাকালে বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৯০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। আইন অনুযায়ী জড়িত দুইজনকে ৯,০০০ (নয় হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে জনস্বার্থে জব্দকৃত মাছ রানীর বাজারস্থ জামিয়া রশীদিয়া আযীযুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা আদর্শ সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্তি পাল,সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের টিম,কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই মনির হোসেন।

বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের ব্যতিক্রমী উদ্যোগ: সদরের জগন্নাথপুর ইউনিয়নের ঘিলাতলীতে ৫০০ তালগাছ রোপণ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী। তবে এসবের পাশাপাশি যেটি নিঃশব্দে প্রাণ কেড়ে নিচ্ছে, সেটি হলো বজ্রপাত। প্রতি বছর শতাধিক মানুষ বজ্রপাতে মারা যান, যাদের মধ্যে অধিকাংশই খোলা মাঠে কর্মরত কৃষক।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বজ্রপাতের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত ৪০ বছরে দেশে বজ্রপাতের হার ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে।

বজ্রপাত নিরোধে তালগাছ একটি প্রমাণিত প্রাকৃতিক সমাধান। তালগাছের উচ্চতা, গভীর শিকড় ও সোজা কাণ্ড বজ্র নির্গত বৈদ্যুতিক শক্তি ভূমিতে সরাসরি প্রেরণ করে, যা খোলা মাঠে মানুষ ও পশুপাখির নিরাপত্তা নিশ্চিত করে।

এই গুরুত্ব বিবেচনায়, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশের বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছ রোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আনসার রোড ও ঘিলাতলী সড়কের দুই পাশে ৫০০টি তালের চারা রোপণ করা হয়।

চারা রোপণের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এবং প্রতিকার নিয়ে স্থানীয় কৃষকদের উদ্দ্যােশে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের জানানো হয় বজ্রপাতের সময় করণীয়, তালগাছের উপকারিতা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ, অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, কুমিল্লা আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার নিজাম উদ্দিন, স্কয়ার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজ আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ(পিএমডি), জোনাল সেলস
ম্যানেজার আসাদুল্লাহ্ আরমান আলী(ক্রপ কেয়ার ডিভিশন), জোনাল সেলস্ ম্যানেজার, নুর উদ্দিন(এগ্রোভেট ডিভিশন) এবং ফিল্ড ম্যানেজার মোঃ আমির হোসেন,জগন্নাথপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জানে আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক সমাজ।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা ও বজ্রপাত নিরোধে এই তালগাছ রোপণ কর্মসূচি সারাদেশে অব্যাহত থাকবে। বজ্রপাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

চান্দিনায় পণ্যবাহী ট্রাক উল্টে পথচারী নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় একটি পণ্যবাহী ট্রাক উল্টে আব্দুল খালেক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাঁশ ব্যবসায়ী সফিকুল ইসলাম জানায়, খালেক পেশায় একজন কসাই।

ভোর ৫টার দিকে গরু জবাই করতে তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আদাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন খালেক। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবাহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে  বোরহান(৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মোঃ কাউছার(২৮), একই গ্রামের সিন্টু মিয়ার ছেলে মোঃ ইসমাইল মিয়া(৩২) ও  ছাহেদ মিয়ার ছেলে মোঃ মাছুম(১৯)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই নিংওয়াই মারমা তার সঙ্গীও ফোর্স নিয়ে ঘোড়াশাল-শ্রীকাইল সড়কের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাঙ্গুলিয়া খালের আবর্জনা, প্রতিবন্ধকতা সরিয়ে সংস্কার কাজ সম্পন্ন, উপকারভোগী হবেন প্রায় ১৫ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণের আরকু চৌমুহনী সংলগ্ন নাঙ্গুলিয়া খালের আবর্জনা, প্রতিবন্ধকতা সরিয়ে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

১৭ আগষ্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এই খাল সংস্কার শুরু হয়।

আজ ২১ আগষ্ট খালটির সংস্কার কাজ সম্পন্ন করেন কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ ।

হোমনায় নার্সের অবহেলায় প্রসুতির মৃত্যু

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় নার্সের অবহেলায় স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার(২১ আগস্ট) সকালে ইন্তেকাল করেন।

এ বিষয়ে রোগীর বোন আকলিমা আক্তার ৯ আগস্ট হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৮ জুলাই চিৎপুর গ্রামের আবদুল মতিনের মেয়ে স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগী প্রসব বেদনা নিয়ে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি হয়। এর পর দায়িত্বরত হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন জাহান ও লিলি খাতুন রোগীর স্বজনদের নিকট ৫ হাজার টাকা ঘুষ দাবী করে। টাকা না দেয়ায় নার্সদ্বয় রোগীর সাথে অমানুবিক আচরন করেন, এক পর্যায়ে জোর করে ডিলিভারী করাতে গিয়ে রোগীর যৌনাঙ্গ ছিড়েফেলে। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। দীর্ঘ ২৫ দিন আইসিওতে থেকে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মৃত্যুবরণ করেন। এতে রোগীর ২ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত নার্স নাসরিন জাহান ও লিলি খাতুনের বিরুদ্ধে,ঘুষগ্রহন,দায়িত্ব অবহেলার একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারনে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

এ দিকে একজন গরীব অসহায় রোগীর সাথে যে অমানুবিক আচরন ককরা হয়েছে তা তদন্তপূর্বক দায়ী নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ. আবদুছ ছালাম সিকদার জানান, অভিযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ (সিভিল সার্জন)কে জানিয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কিশোর গ্যাং গ্রুপের অপকর্মের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হুমকি

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাং গ্রুপের অপকর্মের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হুমকির অভিযোগ। বুধবার (২১আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল তার নিজ বাড়ী সিঙ্গুলায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন স্থানীয় যুবদল নেতাদের নামে।

সংবাদ সম্মেলনে, ইব্রাহিম খলিল বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ী।

স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম এবং এলাকায় গ্রহনযোগ্যতা আছে বলেই দল আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে। গত বছরের ৫আগষ্ট স্বৈরাচার পতনের পর থেকে এলাকার রুবেল, মিজান ও মহিউদ্দিনসহ কয়েকজনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠে। এই গ্রুপটি মাদক কারবার, সেবন ও এলাকার সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে। আমি এর প্রতিবাদ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা মানহানিকর তথ্য প্রচার করে। গত ১৭ আগষ্ট আমার উপর হামলার চেষ্টা চালায়। অথচ বিগত ১৬ বছরেও কেউ সাহস করেনি আমার উপর হামলা বা আমাকে হুমকি দেয়ার। এখন কিশোর গ্যাং গ্রুপটি অনবরত আমার উপর হামলার হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আগেও ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছি । আমার রাজনৈতিক জীবনে কখনো কোনো দুর্নাম অথবা স্বেচ্ছাচারিতার অভিযোগ নেই। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল শুরু। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে আমার চরিত্রহননের চেষ্টা করা হয়েছে তাতে বিস্মিত হয়েছেন এলাকার মানুষ।

পুলিশ প্রশাসনকে জানিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপি নেতা ইব্রাহিম খলিল বলেন, কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা রুবেল, মিজান ও মহিউদ্দিন যুবদলের লোক হওয়ায় বিষয়টি আমার দলের উপজেলার নেতাদেরকে জানিয়েছি।

অভিযোগ অস্বিকার করে ইউনিয়ন যুবদল নেতা রুবেল ও মিজান মুঠোফোনে বলেন, আমরা যদি কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা হই তাহলে আমাদের মদদদাতাতো ইব্রাহিম খলিল! কারণ আমরা এক সময় ইব্রাহিম খলিলের নেতৃত্বেই রাজনীতি করেছি। এখন উনার সাথে না থাকায় আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলছে।

দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এম এ লতিফ ভূইয়া বলেন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি এবং যুবদল নেতাদের বিষয়টি নিয়ে উভয়ের সাথে কথা হয়েছে। দলীয়ভাবে আমরা বিষয়টি দেখছি।

চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পালিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক এম.এম. নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।

বর্ণাঢ্য র‌্যালিটি চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল থেকে র‌্যালিটি শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড ও চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইসহাক বেপারীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক জি.এম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজু:, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এমদাদুল হক শিপন, আলমগীর হোসেন, সদস্য মন্জুর মোর্শেদ, মো: সোহরাব, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহবায়ক মো: হাসান, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজান খাঁন, মোজাম্মেল হক মাছুম, সাইফুল ইসলাম সবুজ, কবির হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হাবিব পাটোয়ারী মাসুম, দুলাল হোসেন, খোরশেদ আলম, আসাদুজ্জামান লিটনসহ স্বেচ্ছাসেবকদলের ১৩টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মোঃ কামাল হোসেন (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি ধারালো ছুরি, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতকরণ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ অভিযানে সমন্বিতভাবে অংশ নেন।