Tag Archives: তারেক রহমান

সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ প্রয়োজন : মাহদি আমিন

 

নিজস্ব প্রতিবেদক :

সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বিরোধী দলকে মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

শুক্রবার( ২৪ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মাহদী আমিন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সত্যতা যাচাই করা জরুরি।

কারণ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক সময় আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়।

তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ধারণ করে তারা যে জনমানস থেকে বিচ্ছিন্ন, তা সোশ্যাল মিডিয়া হাইপের বিপরীতে নির্বাচনী ফলাফলেই প্রমাণিত। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে, নিজ বা ভিন্ন পরিচয়ে, ধারাবাহিকভাবে আপত্তিকর শব্দ চয়ন এক ধরনের গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন মাহদী আমিন।
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে এখন প্রয়োজন সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা।

বিরোধী দলের মনে রাখা প্রয়োজন, মতভিন্নতা থাকতেই পারে কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) সংসদীয় আসনে মনোয়ার সরকারের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও মিছিল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে হোমনা উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি গ্রামে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “মোঃ মনোয়ার সরকার দীর্ঘদিন প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল সুসংগঠিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মনোনয়ন পেলে বিএনপি এই আসনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।”

আরও বলা হয়, “দলের দুর্দিনে মনোয়ার সরকার যেভাবে পাশে ছিলেন, তেমনি দলের প্রতি তাঁর নিবেদন ও ত্যাগকে মূল্যায়ন করা সময়ের দাবি। তৃণমূলের নেতাকর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চান।”

মানববন্ধনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

টাউনহলে বিএনপির সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ

হাবিবুর রহমান মুন্না:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলন। ১৬ বছর পর এই সম্মেলনকে কেন্দ্র করে দক্ষিণ জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

নগরীর প্রাণকেন্দ্র কুমিল্লা টাউনহলে বিশাল প্যান্ডেল, পুরোটা অংশজুড়ে আলোকোজ্জ্বল করা হয়েছে। কুমিল্লা নগরী, জেলার বিভিন্ন উপজেলা, সম্মেলনস্থল কুমিল্লা টাউনহলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, ব্যানার ও পোষ্টার শোভা পাচ্ছে। নগরীর বিভিন্ন সড়কে বিভিন্ন নেতাকর্মীর ব্যানার, পোষ্টার শোভা পাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রায় এক যুগেরও বেশি সময় আগে। এরপর নানা রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন-সংগ্রাম, ও অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘদিন ধরে জেলা কমিটি পুনর্গঠন সম্ভব হয়নি। তবে এবার নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আবারও সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দলটি। সম্মেলন উপলক্ষে জেলা শহরজুড়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার, মিছিল ও মিটিংয়ে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। জানা গেছে, সম্মেলন আয়োজনে গঠিত প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এক প্রস্তুতি কমিটির সদস্য বলেন, “সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা দেখা দিয়েছে, তা বিগত কয়েক বছরে দেখা যায়নি।” দক্ষিণ জেলা বিএনপির প্রবীণ নেতারা মনে করছেন, “এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের মধ্যে নতুন নেতৃত্বের উত্থান ঘটবে। ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে অংশ নিতে পারবে। সেইসাথে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এত বছর পর এমন সম্মেলন দলের ভিতরে আশার সঞ্চার করেছে। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, তারা চান এমন নেতৃত্ব, যারা মাঠে থাকবে, কর্মীদের পাশে থাকবে, এবং আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেবে। দীর্ঘ বিরতির পর এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জন্য একটি নতুন যাত্রার সূচনা।

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে। বার্ষিক এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

তারেক রহমানের দেশে ফিরতে

তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন আহমেদ

তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ প্রয়োজন, তা এখনও তৈরি হয়নি। । যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে শিগগিরই সেই পরিবেশ তৈরি হবে এবং তিনি দেশে ফিরবেন।

রবিবার (৫ জানুয়ারি) বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আশা করেন, তারেক রহমান শিগগিরই ফিরবেন।

এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধানকে কবর দেওয়া সম্ভব নয়। তবে সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন বিলম্বের যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। দ্রুত নির্বাচন আয়োজন জরুরি। পাশাপাশি নতুন দলকে স্বাগতম জানানো হবে, তবে সেটা যেন কোনো “কিংস পার্টি” না হয়। তাদের সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে।’

মামলা নিষ্পত্তি হলে

মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন মামলাগুলো নিষ্পত্তি হলেই, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।”

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন মির্জা ফখরুল। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “লন্ডনে সফরের উদ্দেশ্য ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ। প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে। তাদের এক সভায় যোগ দিয়েছি। সেখানকার গণমাধ্যমের সঙ্গেও আলোচনা করেছি। আমার সফর ফলপ্রসূ হয়েছে।”

তারেক রহমানের বার্তা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় এসেছে, তা আরও ফলপ্রসূ ও সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলো সহায়তা করছে। আমরা আশা করি, প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারা নির্বাচন আয়োজনের পথে এগোবেন।”

গত ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে মির্জা ফখরুল লন্ডনে যান। সেখানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তার স্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করান।

নির্বাচন যত দেরি হবে

নির্বাচন যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

নির্বাচন যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে। যে স্বৈরাচারকে দেশের মানুষ জীবন দিয়ে, সংগ্রাম করে বিতাড়িত করেছে, তারা বসে নেই। তারা তাদের দেশি-বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, “দেশে প্রকৃত সংস্কার তখনই সম্ভব, যখন নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় থাকবেন। প্রধান উপদেষ্টাসহ অনেকেই সংস্কারের কথা বলছেন। তবে প্রকৃতপক্ষে এগুলো বাস্তবায়ন কেবল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার থাকলেই সম্ভব।”

রাজনীতির অবস্থা নিয়ে তারেক রহমান বলেন, “একটি রুগ্ন রাজনীতির দেশে সব প্রতিষ্ঠানই রুগ্ন হয়ে পড়ে। স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো পুনর্গঠিত করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হলে যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন। বিএনপির লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।”

সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। ছাত্রসমাজের সঙ্গেও নেই। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করব, কিন্তু তাদেরও সঠিক পথে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুজ্জামান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ছয় প্রার্থীকে ব্যালটের মাধ্যমে ভোট দেন ৮০৮ জন কাউন্সিলর।

তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য: নানক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানকে পরিহার করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য।

দল ভাঙার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বিএনপি নেতারা নেতৃত্বের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে দাবি করে তিনি বলেন, ‘আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, কাপুরুষতা ঢাকার চেষ্টা করছেন। এসব বলে লন্ডনে থাকা পলাতক কুলাঙ্গার তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপির দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এ দেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং বিএনপিকে সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে।’

বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ (আইডিইবি ভবন) এক আলোচনা তিনি এ কথা বলেন। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, কোন দল ভাঙে? যেটা দল আস্ত থাকে সেটা ভাঙা যায়! যে দলটি (বিএনপি) ভাঙা ট্রেনে উঠে গিয়েছে, সে দল নিয়ে আওয়ামী লীগ কেন- বাংলার জনগণেরও কোনো মাথাব্যথা নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে। স্বাধীনতা পরবর্তীতে এমন নজিরও রয়েছে। বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায়।

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা আজকে দেশে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে তারাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করেছে।

বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে: নানক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতা পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি। তিনি দলটির নেতাদের উদ্দেশ্যে বলেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে।

রবিবার দুপুরে মোহাম্মদপুরস্থ শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের নেতা নানক বলেন, ড. মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়। বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন তবে তাদের ধ্বংস অনিবার্য।

মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) ধ্বংস করছে লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। নতুবা বারবার তারা অবিশ্যম্ভাবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমি ড. মঈন খানসহ বিএনপি নেতাদের বলতে চাই-আপনারা আসল তথ্য বের করুন, আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন। দলের অভ্যন্তরীণ সভায় আপনারা এ বিষগুলো আলোচনা করুন। নয়তবা তারেক রহমান এ দলটিকে নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি কেন কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার মাথা ব্যথা বাংলাদেশ আওয়ামী লীগের নেই।

সরকার বিরোধীদের সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধী দল। সেই ক্ষেত্রে যারা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এ ধরনের শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই।

মন্ত্রী নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এখন তিনি লক্ষ্য স্থির করেছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে “রূপকল্প-২০৪১” বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ কারিগর হিসেবে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

নবীণবরণ অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম.এ. সত্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি ফাউল করে ফাইনাল খেলার আগেই পালিয়েছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ফাউল করে ফাইনাল খেলার (৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) আগেই পালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, খেলা শুরু হয়েছে। ৭ তারিখ ফাইনাল। বিএনপি কই? বিএনপি কোথায়? ফাউল করে লাল কার্ড পেয়ে পালিয়েছে। ফাইনাল খেলার আগেই পালিয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে তারেক রহমানের মতো সন্ত্রাসীকে দেখতে চাই না। আগামী ৭ জানুয়ারি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। উন্নয়নের পক্ষে খেলা হবে। বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপি ভুয়া। বিএনপির সব আন্দোলন ভুয়া।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে জেলার নৌকার প্রার্থীরাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।