Tag Archives: লন্ডন

তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য: নানক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানকে পরিহার করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য।

দল ভাঙার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বিএনপি নেতারা নেতৃত্বের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে দাবি করে তিনি বলেন, ‘আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, কাপুরুষতা ঢাকার চেষ্টা করছেন। এসব বলে লন্ডনে থাকা পলাতক কুলাঙ্গার তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপির দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এ দেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং বিএনপিকে সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে।’

বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ (আইডিইবি ভবন) এক আলোচনা তিনি এ কথা বলেন। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, কোন দল ভাঙে? যেটা দল আস্ত থাকে সেটা ভাঙা যায়! যে দলটি (বিএনপি) ভাঙা ট্রেনে উঠে গিয়েছে, সে দল নিয়ে আওয়ামী লীগ কেন- বাংলার জনগণেরও কোনো মাথাব্যথা নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে। স্বাধীনতা পরবর্তীতে এমন নজিরও রয়েছে। বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায়।

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা আজকে দেশে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে তারাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করেছে।

বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে: নানক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতা পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি। তিনি দলটির নেতাদের উদ্দেশ্যে বলেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে।

রবিবার দুপুরে মোহাম্মদপুরস্থ শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের নেতা নানক বলেন, ড. মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়। বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন তবে তাদের ধ্বংস অনিবার্য।

মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) ধ্বংস করছে লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। নতুবা বারবার তারা অবিশ্যম্ভাবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমি ড. মঈন খানসহ বিএনপি নেতাদের বলতে চাই-আপনারা আসল তথ্য বের করুন, আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন। দলের অভ্যন্তরীণ সভায় আপনারা এ বিষগুলো আলোচনা করুন। নয়তবা তারেক রহমান এ দলটিকে নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি কেন কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার মাথা ব্যথা বাংলাদেশ আওয়ামী লীগের নেই।

সরকার বিরোধীদের সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধী দল। সেই ক্ষেত্রে যারা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এ ধরনের শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই।

মন্ত্রী নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এখন তিনি লক্ষ্য স্থির করেছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে “রূপকল্প-২০৪১” বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ কারিগর হিসেবে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

নবীণবরণ অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম.এ. সত্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাসে আগুনের ভিডিও পাঠানো হয় লন্ডনে: ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:

নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় ৪ নভেম্বর মিরপুর সুপার লিংক লিমিটেড বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিবি) গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- তানভীর আহমেদ (২৭), দেলোয়ার হোসেন (৫১) ও মো. ফারুক হোসেন (৪৩)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তানভীর আহমেদ ঢাকা কলেজ ছাত্রদলের পাঠাগার সম্পাদক। দেলোয়ার হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ফারুক হোসেন বিএনপির সক্রিয় সদস্য।

ডিবির দাবি, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তানভীর বলেছেন- আগুন লাগানোর পর সিনিয়র নেতাদের তারা ভিডিও পাঠাতেন। লন্ডন ও ঢাকার ঊর্ধ্বতন নেতাদের কাছেও ছবি-ভিডিও পাঠানো লাগতো। মঙ্গলবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বাসে অগ্নিসংযোগকারী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ৪ নভেম্বর নিউমার্কেট যাত্রী ছাউনির পাশে যে বাসটিতে আগুন লাগানো হয়েছিল সে বাসে আগুন লাগানোর ঘটনায় ডিবি-উত্তরা বিভাগ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার তানভীর আহমেদই সেদিন বাসটিতে আগুন দেয়।

সেদিন বাসে আগুন দেওয়ার পর তিনি নিজের ফেসবুক মেসেঞ্জার থেকে আগুন লাগানোর কথা জানান তার এক বন্ধুর কাছে। কথোপকথনে তানভীর লিখেছেন, আগুন লাগিয়ে কী হবে? আমরা আগুন লাগাচ্ছি আর লন্ডনে যারা আছেন তারা ভালো আছেন। উল্টো আগুন দিতে গিয়ে আমরা ধরা পড়ছি।

এমন কথোপকথন তিনি করেছেন। তাকে যখন ডিবিতে নিয়ে আসা হলো তখন তিনি স্বীকার করেছেন এটি তিনি লিখেছেন।

ডিবির কাছে তানভীর বলেছেন, আমরা আগুন লাগাচ্ছি, ককটেল নিক্ষেপ করছি কিন্তু জেলে গেলে আমাদের দেখার কেউ নেই। যারা নির্দেশ দিচ্ছেন তারা কোথাও লুকিয়ে আছেন অথবা বিদেশ গিয়ে অবস্থান করছেন।

তানভীরকে রিমান্ডে আনা হয়েছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, অনেকের নাম ও নম্বর পেয়েছি। তানভীরের সঙ্গে আর কারা কারা ছিল এসব বিষয় জানা যাবে।

হারুন অর রশীদ আরও বলেন, মাঠপর্যায়ে কর্মীদের নির্দেশনা দেওয়া থাকে, আগুন লাগানোর পর দলের সিনিয়র নেতাকর্মীদের ছবি-ভিডিও দেখাতে হবে। আগুন দেওয়ার সময় মুখে মাস্ক ও রুমাল ব্যবহার করতে হবে। যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিতে হবে। নিয়ম হলো আগুনটা লাগানোর পরে বড় ভাইদের খুশি করার জন্য টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ককটেল কিনে এনে ককটেল নিক্ষেপ করছে আবার কোথাও পেট্রল ঢেলে আগুন দিচ্ছে।

হারুন বলেন, ডিবির বিভিন্ন টিম অনেককে আইনের আওতায় এনেছে। তাদের মধ্যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। কে কে তাদের সহায়তা করছে তাদের নামও আমরা পেয়েছি।

তিনি বলেন, কোনো বড় ভাইয়ের কথায় যদি আগুন লাগান, ককটেল নিক্ষেপ করেন আসামি-তো আপনিই হবেন। টাকা পেয়ে ধরা পড়ার পর বড় ভাইদের নাম বললে কোনো লাভ হবে না। যারা আগুন দেবেন তারাই ধরা পড়বেন, তারাই মামলা খাবেন আর বের হওয়ার কোনো সুযোগ নেই।

নাশকতামূলক কর্মকাণ্ড যারা করছেন গোয়েন্দা প্রধান হারুন তাদের বলেন, যার গাড়িতে আগুন লাগাচ্ছেন তার হয়তো জীবনের শেষ সম্বল বিক্রি করে প্রতিদিনের রোজগার হিসেবে তিনি বাসটি চালান। আপনারা যে বাসটি পুড়িয়ে ফেলছেন আসলে একজন মানুষের স্বপ্ন পুড়িয়ে ফেলছেন। তার চলার আর পথ রইল না। জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে জনগণের কথা বিবেচনা করে আগুনের পথ থেকে সরে আসুন। নয়তো থানা পুলিশ, ডিবি পুলিশ যে কাজ করছে আপনারা অবশ্যই গ্রেফতার হবেন। লুকিয়ে থাকলেও পার পাওয়া যাবে না। বাকি যারা আছেন তাদেরও আমরা আইনের আওতায় আনব। যে গর্তেই ঢুকে থাকুক নাশকতাকারীদের গ্রেফতার করা হবে।

লন্ডন থেকে কোনো নির্দেশনা আসছে কিনা জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আমরা অনেককে গ্রেফতার করেছি। তারা বলছে, আগুন লাগানোর পরে সিনিয়র নেতাদের ভিডিও পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে লন্ডন ও ঢাকার ঊর্ধ্বতন নেতাদের কথাও বলেছেন।

আগুন লাগানোর পরে গ্রেফতাররা অনুতপ্ত কিনা জনাতে চাইলে তিনি বলেন, আগুন লাগানোর শেষ কোথায় তারাও এ নিয়ে উদ্বিগ্ন। তারা ধরা পড়লে জামিনের জন্য তাদের বড় ভাইয়েরা কাজ করবে কিনা এ নিয়েও গ্রেফতাররা উদ্বিগ্ন।

হারুন অর রশীদ আরও বলেন, গতকাল সোমবার হরতাল ছিল। হরতালের মধ্যেও প্রচুর গাড়ি বের হয়েছিল, যানজট লেগেছিল। সাধারণ মানুষ আগুন, ককটেল পছন্দ করছে না। আমরা বারবার বলছি, নাশকতা, জনমনে আতঙ্ক সৃষ্টি করলে পুলিশ ডিমোরালাইজড হবে না।

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা

ডেস্ক রিপোর্ট:

হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে দেশে এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় আসেন শর্মিলা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা। এরপর বনানী ডিওএইচএসে মায়ের বাসায় যান তিনি। আজই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন শর্মিলা।

এর আগে গত মার্চে খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছিলেন কোকোপত্নী। তিনি বর্তমানে লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারকে নিয়ে লন্ডনে অবস্থান করছেন।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দুর্নীতির মামলায় সাজা হলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। তখন থেকে তিনি গুলশানের ভাড়াবাড়িতে থাকেন। প্রতি ছয় মাস পরপর সরকার তার মুক্তির মেয়াদ বাড়াচ্ছে।