All posts by jitu

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকালে উপজেলার নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতপুর গ্রামের সানাউল্লাহ (১৮) ও নুরু মিয়া (৪৫)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিয়ামতপুর গ্রামের একটি কবরস্থানে কবরের ওপর টিনের বা অন্য কোনো মাধ্যমের ছাউনি দেয়ার কাজ করছিলেন সানাউল্লাহ ও নুরু মিয়া। এ সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তারা গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুল আমিন জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৪ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী দিগন্ত পরিবহন বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পথে বৈশামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন।

গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস, নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।

বিষয়টি নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

লাকসাম সাংবাদিক ইউনিয়নের ঈদ আনন্দ ভ্রমণ খাগড়াছড়িতে সম্পন্ন

লাকসাম প্রতিনিধি:

ঈদুল আজহার আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে লাকসাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে খাগড়াছড়িতে এক বর্ণাঢ্য ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ ভ্রমণে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য অংশগ্রহণ করেন।

ভ্রমণকালে সাংবাদিকরা খাগড়াছড়ির বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্পট ঘুরে দেখেন। বিশেষ করে পানছড়ির মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, আম বাগানসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে সময় কাটান। পাহাড়, সবুজ প্রকৃতি ও মনোরম পরিবেশের মাঝে দিনব্যাপী আনন্দঘন সময় উপভোগ করেন তারা।

এছাড়াও ভ্রমণের অংশ হিসেবে মৌসুমি ফল খাওয়ার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাংবাদিকরা জানান, এ ধরনের আয়োজন কর্মব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা এনে দেয় এবং সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করে।
লাকসাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং মানসিক প্রশান্তির জন্য ভবিষ্যতেও এ ধরনের আনন্দ ভ্রমণ ও মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে গার্ডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম, ধ্বসে পড়ার আশঙ্কা

‎চৌদ্দগ্রাম প্রতিনিধি:

‎কুমিল্লার চৌদ্দগ্রামে গার্ডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের আভিযোগ উঠেছে। উপজেলার কনকাপৈত ইউনিয়নের ঐতিহ্যবাহী কনকাপৈত তুলাপুকুরপাড়ে গার্ডওয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রয়োজনীয় পিলার না দেয়ায় নির্মিত গার্ডওয়ালটি ধ্বসে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। এ নিয়ে গত ৪ই জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা।

‎জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কনকাপৈত তুলাপুকুরপাড়ে রাস্তার সাথে ৫০ মিটার গার্ডওয়াল নির্মাণের প্রকল্পটি বরাদ্দ হয়। ৩ লাখ ৮৬ হাজার টাকায় প্রকল্পটি বাস্তবায়নে সভাপতি হিসেবে দায়িত্ব পান ইউপি মেম্বার মজিবুর রহমান।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের তথ্যানুযায়ী ৫০ মিটার(১৬৪ ফুট) দৈর্ঘের তুলা পুকুড় পাড় এর পাশের রাস্তার গার্ড ওয়ালটি প্রতি ১২ মিটার পরপর ১টি জয়েন্ট হিসেবে চারটি জয়েন্ট (প্রতিটি জয়েন্টে ১টি পিলার), প্রতি ১ মিটার পরপর ৬ বাই ৬ ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থের ১টি পোস্ট(পিলার) হিসেবে ৫০টি পোস্ট(পিলার), প্রতিটি পোস্ট(পিলার) ৪টি রড দিয়ে পাথর ঢালাইয়ে তৈরী হতে হবে। প্রতিটি পোস্টের (পিলার) উচ্চতা হবে ৩ মিটার অথবা ১০ ফুট। নীচে ৩ ইঞ্চি সিসি ঢালাইয়ের উপর ১৫ ইঞ্চি পস্থের উপর দেড় ফুট গাঁথুনি এরপর ১০ ইঞ্চি পস্থে দেড় ফুট গাঁথুনি হবে।

কনকাপৈত এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগে স্থানীয় আব্দুল হক লিটন, রোহিত পাটোয়ারী ও মুরাদ পাটোয়ারী জানান, প্রকল্পের অধিকাংশ শর্ত ভঙ্গ করে কাজ শেষ করেছেন মুজিব মেম্বার। প্রকল্পে গার্ড‎ওয়ালের ৮ফিট উচ্চতার স্থলে ৪ ফিট, অন্তত ৫৫টি পিলারের স্থলে ৩০টি পিলার নির্মিত হয়েছে। এত অনিয়মের কারণে যে কোন সময়ে গার্ডওয়ালটি ভেঙ্গে পড়তে পারে।

‎স্থানীয়দের অভিযোগ এই গার্ড ওয়াল ধ্বসে পড়তে পারে এই বর্ষাতেই। আওয়ামী দলীয় ইউমি মেম্বার মজিব প্রকল্পের অর্থ আত্মসাৎ করতে প্রকল্পের কাজ বাস্তবায়নের সময়ে শোনেননি প্রকল্পের অন্যান্য সদস্যের কথাও। প্রকল্প কমিটির সদস্য মোজাম্মেল বলেন, কাজের সময় আমাদের মতামত নেয়া হয়নি, উল্টো নিন্মমানের কাজের প্রতিবাদ করায় প্রকল্প সভাপতি মজিব কোনো তোয়াক্কা করেননি।

‎কনকাপৈত বাজার ব্যবসায়ী মো: আমিনুল হক বলেন, এই কাজে নিম্নমানের নির্মানসামগ্রী ব্যবহার করা হয়েছে। মেম্বার মজিব কারো কথা কর্নপাত করেননি।

‎সরেজমিন ঘুরে দেখা যায়, টেকসই ও স্থায়ীত্বের জন্য পোস্ট (পিলার) গুলোতে ব্যবহার করা হয়নি পাথর, দেয়া হয়নি রড: সেসব তৈরি করা হয়েছে নিন্মমানের কংক্রিট দিয়ে। উচ্চতায় ৫ ফুটেরও কম। গার্ড ওয়ালে রাখা হয়নি জয়েন্ট, ৫৪ টি পোস্ট এর (পিলার) মধ্যে দেয়া হয়েছে মাত্র ৩০ টি। নীচে সেয়া হয়নি সিসি ঢালাই। প্রকল্পের কাজ হয়ে মনগড়া ভাবে।

‎নিন্মমানের কাজ ও অনিয়মের বিষয়ে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মজিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজের কোথায়ও ত্রুটি থাকলে অফিস সেটা আমাদের ধরিয়ে দিবে, আমরা তা ঠিক করে দিতে বাধ্য। আর প্রকল্পের সদস্যদের সাথে কিছু ভূল বুঝাবুঝি ছিলো, তা বর্তমানে সেটা মিট হয়ে গেছে।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রকল্পের কাজের চূড়ান্ত বিলের জন্য তারা এখনো আবেদন করেনি। আমরা প্রকল্প পরিদর্শন করে কাজ বুঝে পেলে বিল দিব।

‎চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন জানান, প্রকল্পটিতে অনিয়মের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহমিদ মৃধা লাবিবের হত্যাচেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবের উপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (০৮ জুন) দুপুরে বরুড়া উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাদবা তালাগ্রাম তাজরী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে তাহমিদ মৃধা লাবিবের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ইউএনও তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবের ওপর নৃশংস হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে শাহ আলী পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি ।

শনিবার (৬ জুন) রাত সোয়া ৭ টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় কুমিল্লাগামী শাহ আলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি অটোরিকশা উল্টো পথে চলাচল করছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

লাকসাম ক্রসি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওসমান গনী বলেন, “তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন।

ব্রাহ্মণপাড়ায় ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে আল-আমিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার মোহর আলীর ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন সকালে ওই শিশুটি বিদ্যালয়ের পাশের একটি দোকানে সদাই কিনতে যায়। এ সময় অভিযুক্ত আল-আমিন শিশুটিকে ফুসলিয়ে দোকানের পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আল-আমিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

এ ঘটনায় গত ৪ জুন ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, “শিশুটির মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।”

কাঠাল রপ্তানিতে নতুন দিগন্ত!

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের উন্নতমানের কাঠাল চীনের বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। গাজীপুরে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চীন-বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে উন্নত মানের কাঠাল চীনের বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মশিউর রহমান এবং কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চীনের GACC প্রতিনিধিরা জুম প্ল্যাটফর্মে অংশ নেন।

আলোচনায় উঠে আসে- উৎপাদন মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং, কোল্ড চেইন ব্যবস্থাপনা ও ফাইটোস্যানিটারি শর্ত পূরণের বিষয়গুলো। উভয় দেশ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বৈঠক শেষে সরেজমিনে কাঁঠাল বাগান পরিদর্শন করা হয়।

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

শনিবার (০৬ জুন) সকাল ১১ টায় বেপজার সম্মেলন কক্ষে তিনি এ মতবিনিময় করেন।

বেপজার নির্বাহী পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত নির্বাহী পরিচালক কমার্শিয়াল হাসানুজ্জামান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (আইআর) ফেরদৌস, নির্বাহী প্রকৌশলি (বিদ্যুৎ) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী (৫ম গ্রেড) সফিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী এমপি বলেন, কুমিল্লা ইপিজেড বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এখানে প্রচুর বৈদিশিক বিনিয়োগ হচ্ছে এবং লক্ষ্যমাত্রার চাইতে অধিক পণ্য রপ্তানি হচ্ছে বলে আমি জেনেছি। সেজন্য ইপিজেড অথরিটিকে ধন্যবাদ জানাই।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ইপিজেড এর বিষাক্ত রাসায়নিক বর্জ্য সিটি কর্পোরেশনের প্রাকৃতিক খালে মিশে জীববৈচিত্রের পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বর্জ্য খালে মিশে দক্ষিণের বিস্তীর্ণ জনভূমিকে বিষাক্ত করে ফেলছে। এতে ফসলের ক্ষতি করছে। কৃষকরা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, অনতিবিলম্বে ইপিজেডের রাসায়নিক বর্জ্য শোধনাগারে পরিশোধন অতপর প্রাকৃতিক খালে ছাড়তে হবে। অন্যথায় রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না।

তিনি আরও বলেন, কুমিল্লা ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ দিন দিন বাড়ছে। এতে ইপিজেডের সম্প্রসারণ এখন জরুরি। বর্তমান ইপিজেড এর দক্ষিণাংশে অনেক জমি রয়েছে চাইলে এটার সম্প্রসারণ দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণ সম্ভব। এছাড়াও গোমতী নদীর উত্তরে আলাদা ইপিজেড করা যেথে পারে।

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। ঘাতক বন্ধু সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানান, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন আনোয়ার হোসেন। এ নিয়ে বন্ধু সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানায়, পূর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।