All posts by jitu

দাউদকান্দিতে ১৬ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে  ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ দুজনকে আটক করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার ফজু মিয়া কন্ট্রাং রোডের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ ফিরোজ (৪৬) ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে মিলন গাজী।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেটে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম  জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।  আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা প্রক্রিয়াধীন ।

চান্দিনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার জমিতে বসতবাড়ি ভাঙচুর, শতাধিক গাছ কাটার অভিযোগ

চান্দিনা:

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুল কাদেরের (৮৫) ব্যক্তিমালিকানাধীন জমিতে কোনো ধরনের আইনি নোটিশ ছাড়াই হামলা, বসতবাড়ি ভাঙচুর এবং শতাধিক পরিণত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি দিনের বেলায় একদল ব্যক্তি এক্সকাভেটর নিয়ে তাঁদের ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা বসতবাড়ির বিভিন্ন অংশ ভাঙচুরের পাশাপাশি জমিতে থাকা শতাধিক পরিণত ও মূল্যবান গাছ কেটে ফেলে। পরিবারের দাবি, এক্সকাভেটর দিয়ে তাঁদের ব্যক্তিমালিকানাধীন পুকুরের পাড় কেটে ফেলার ভয় দেখিয়ে আব্দুল কাদেরকে মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয় এবং কিছু গাছ কাটতে বাধ্য করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জির সহযোগিতায় দারোরা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। স্থানীয়দের ভাষ্য, তিনি চেয়ারম্যানের পক্ষে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন এবং তৃতীয় পক্ষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখেন। অভিযানে ব্যবহৃত এক্সকাভেটরটি একই গ্রামের মো. মামুনের মালিকানাধীন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনার পর আব্দুল কাদের ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিবারের এক সদস্য বলেন, “হঠাৎ করেই একদল লোক এক্সকাভেটর নিয়ে আমাদের ব্যক্তিগত জমিতে জোরপূর্বক প্রবেশ করে বাড়ি ভাঙচুর করেছে এবং শতাধিক গাছ কেটে ফেলেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ ঘটনায় পরিবারটি জেলা প্রশাসন, ভূমি প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তারা সরকারি সার্ভেয়ার দিয়ে দ্রুত জমির সীমানা পুনঃনির্ধারণ, অবশিষ্ট সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি, নুরুল ইসলাম এবং এক্সকাভেটরের মালিক হিসেবে উল্লেখ করা মো. মামুনের বক্তব্য পাওয়া যায়নি।

ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কুমিল্লা বোর্ডে বহিষ্কার ২০

ডেস্ক রিপোর্ট:

সারা দেশে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৮০ জন। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আরও ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬২ শতাংশ।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে, যেখানে ২০ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন। এছাড়া দিনাজপুর বোর্ডে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোর বোর্ডে ৮ জন, রাজশাহী বোর্ডে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৭০৪ জন পরীক্ষায় অংশ নেয়। অবশিষ্ট ২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ২ দশমিক ৮৫ শতাংশ।

এদের মধ্যে কুমিল্লায় ৮৬৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০৪ জন, চাঁদপুরে ২১৪ জন, ফেনীতে ১৯১ জন, নোয়াখালীতে ৫৭৯ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২৭৬ জন অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

নোবিপ্রবির আবদুল মালেক উকিল হলের নতুন প্রভোস্ট ড. আব্দুল কাইয়ুম মাসুদ

নোবিপ্রবি প্রতিনিধি:

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও অনুষদের ডিন ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ।

‎মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।এর আগে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তসলিম মাহমুদ।

‎নতুন দায়িত্ব গ্রহণের পর হলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, পূর্বে কিছু জটিলতা থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এ দায়িত্ব দিয়েছে। আমি হলের শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের সমস্যাগুলো চিহ্নিত করব। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেসব সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

যুক্তরাষ্টের তিন বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন নোবিপ্রবি ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সালেহা

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচের) শিক্ষার্থী এবং বর্তমানে Bangladesh University of Engineering and Technology-এর গণিত বিভাগের (এমএসসি) শিক্ষার্থী সালেহা বেগম যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে (Fully Funded) পিএইচডি করার সুযোগ অর্জন করেছেন।
তিনি University of California, Merced, Tulane University এবং Texas Tech University থেকে Fall 2026 সেশনের জন্য পিএইচডিতে ভর্তির অফার পেয়েছেন। অফারগুলোর অন্তর্ভুক্ত রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ (Full Tuition Fee Waiver), Graduate Teaching Assistantship (GTA), Health Insurance এবং Summer Funding। এছাড়া Texas Tech University থেকে তিনি TTU Hutcheson Graduate Endowed Arts and Sciences Scholarship অর্জন করেছেন।

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেও গবেষণার আগ্রহ, একাডেমিক পরিবেশ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে তিনি University of California, Merced-এ অধ্যয়নের সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তাঁর পিএইচডি যাত্রা Fall 2026 সেমিস্টার থেকে শুরু হবে।

সালেহা বেগম নোবিপ্রবির ফলিত গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং বিভাগে প্রথম স্থান অর্জন করেন। অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। গবেষণাক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বর্তমানে তিনি Bangladesh University of Engineering and Technology-এর গণিত বিভাগে টিচিং অ্যাসিস্ট্যান্ট (Teaching Assistant) হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তাঁর চারটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

নিজের এ সাফল্যের পেছনে তিনি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি তাঁর গবেষণা-তত্ত্বাবধায়ক ড. কে. এম. আরিফুল কবির-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, মেন্টর, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া, দিকনির্দেশনা ও নিরন্তর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

আগামী দিনে ফলিত গণিতের গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে লরি পুকুরে, নিহত ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি লরি পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

আজ বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়া (৩৫) এবং দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে লাবিব হোসেন (১৫)।

আহত সজীব হোসেন (২৪) একই উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে চট্টগ্রামগামী একটি লরি ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মিয়া ও লাবিব হোসেন মারা যান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তিনজন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুটবলে রাজনীতি: বিতর্কে ঢাকা বিশ্বকাপ, প্রশ্নের মুখে ফিফা

স্টাফ রিপোর্টার:

বিশ্বকাপ ফুটবল মানেই কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা ও উৎসব। কিন্তু এবারের আসরে মাঠের খেলার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের বাইরের ঘটনা। ফুটবলের লড়াইকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক চাপ এবং ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের নকআউট ম্যাচটি প্রথমে সাধারণ একটি দ্বিতীয় রাউন্ডের লড়াই হিসেবেই বিবেচিত হচ্ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগেই এটি বিশ্বরাজনীতির আলোচিত বিষয়ে পরিণত হয়। ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক ও নীতিনির্ধারকদের দৃষ্টিও ছিল এই ম্যাচের দিকে। অনেকেই জানতে চেয়েছিলেন—শেষ পর্যন্ত জয়ী হবে ফুটবল, নাকি রাজনৈতিক প্রভাব?

এই বিতর্কের সূচনা যুক্তরাষ্ট্র ও বসনিয়ার ম্যাচকে কেন্দ্র করে। সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে গোল করার পর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় তারিক মুহারেমোভিচের ওপর বিপজ্জনক ট্যাকলের দায়ে ভিএআরের সহায়তায় লাল কার্ড দেখেন ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হওয়ার কথা ছিল তাঁর।

কিন্তু ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে জানা যায়, তিনি ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করে বালোগানের শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানান। ইনফান্তিনোও পরে স্বীকার করেন যে তিনি প্রেসিডেন্টের ফোন পেয়েছিলেন।

এরপর ঘটে সবচেয়ে বিতর্কিত ঘটনা। ফিফা শৃঙ্খলাবিধির ২৭ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে সেই শাস্তি কার্যকর হবে। তবে কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি সংস্থাটি।

ফিফার এই সিদ্ধান্ত শুধু বেলজিয়াম নয়, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই মনে করেন, এতে ফিফার দীর্ঘদিনের নিরপেক্ষতার দাবিই প্রশ্নবিদ্ধ হয়েছে। রেফারির সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব পড়েছে—এমন অভিযোগও সামনে আসে।

তবে এটাই ছিল না এবারের বিশ্বকাপের একমাত্র বিতর্ক। টুর্নামেন্ট শুরু হওয়ার আগ থেকেই নানা সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে ছিল ফিফা। বিশেষ করে গত বছরের বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে হঠাৎ করেই ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করে সেটি ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এই পুরস্কারের আগে কোনো ঘোষণা, নীতিমালা কিংবা নির্বাচন প্রক্রিয়ার কথা জানা ছিল না। এমনকি ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্যও দাবি করেন, অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। অনেকে এটিকে ‘রাজনৈতিক নাটক’, ‘শান্তির ধারণার অপমান’ কিংবা যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার প্রচেষ্টা বলেও মন্তব্য করেন।

দুর্নীতি, প্রভাব খাটানো এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নতুন নয় ফিফার জন্য। তবে আগাম ঘোষণা ছাড়া নতুন একটি পুরস্কার তৈরি করে তা কোনো রাষ্ট্রপ্রধানকে দেওয়ার ঘটনায় সংস্থাটির বিশ্বাসযোগ্যতা আরও ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অনেকের মতে, ফিফার ‘রাজনীতিমুক্ত ফুটবল’-এর দাবি এখন বাস্তবের চেয়ে প্রচারণাতেই বেশি সীমাবদ্ধ।

এবারের বিশ্বকাপে ইরানের ঘটনাও ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। গ্রুপপর্বে কোনো ম্যাচে না হেরেও দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তবে মাঠের ফলাফলের চেয়েও বেশি আলোচিত হয়েছে তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, ভিসা জটিলতা এবং রাজনৈতিক চাপের অভিযোগ।

সিয়াটলে শেষ ম্যাচের পর ইরানের অধিনায়ক মেহদি তারেমি সরাসরি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে নকআউট পর্বে দেখতে চায়নি। তাঁর ভাষায়, মাঠে প্রতিপক্ষের পাশাপাশি মাঠের বাইরের নানা বাধার বিরুদ্ধেও তাদের লড়াই করতে হয়েছে।

এমনকি ইরানকে আটকে দিতে অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচ নিয়ে কারসাজির অভিযোগও ওঠে। যদিও ফিফা এসব অভিযোগ অস্বীকার করেছে, তবুও বিশ্বের বহু ফুটবলপ্রেমী বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ইরানের লড়াকু মানসিকতা প্রশংসিত হয়েছে। অন্যদিকে প্রশ্নের মুখে পড়েছে ফিফার ভূমিকা। পুরো টুর্নামেন্টেই নির্দিষ্ট কিছু দলের প্রতি নমনীয়তা এবং রেফারিংয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে। যদিও প্রায় সব বিশ্বকাপেই এমন অভিযোগ দেখা যায়, তবে বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা এবারের আসরকে সবচেয়ে বেশি বিতর্কিত করে তুলেছে।

এই ঘটনার পর অনেকেই ফিরে তাকিয়েছেন ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপের দিকে।

সেবার স্বাগতিক ইতালির শাসক বেনিতো মুসোলিনি বিশ্বকাপকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। জাতীয় দলকে শক্তিশালী করতে বিদেশি খেলোয়াড়দের দ্রুত নাগরিকত্ব দেওয়া হয়। অভিযোগ ছিল, প্রয়োজনীয় শর্ত পূরণ না করেও কয়েকজন ফুটবলারকে ইতালির হয়ে খেলতে দেওয়া হয়েছিল এবং ফিফা সে বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আরও অভিযোগ রয়েছে, সেমিফাইনাল ও ফাইনালের দায়িত্বে থাকা সুইডিশ রেফারি টুর্নামেন্টের আগে মুসোলিনির সঙ্গে গোপন বৈঠক করেছিলেন। এমনকি ইতালির স্বার্থে ম্যাচ পরিচালনার জন্যও তাঁকে প্রভাবিত করা হয়েছিল বলে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।

শেষ পর্যন্ত ইতালি শিরোপা জয়ের পাশাপাশি মুসোলিনির বিশেষ উদ্যোগে তৈরি ‘কোপা দেল দুচে’ ট্রফিও গ্রহণ করে। ফলে অনেকের কাছে সেই বিশ্বকাপ কেবল ফুটবলের নয়, ফ্যাসিবাদী শক্তির প্রচারণারও প্রতীক হয়ে ওঠে।

এবার ট্রাম্পের ফোনকলের পর ফিফার সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনায় তাই স্বাভাবিকভাবেই ১৯৩৪ সালের সেই বিতর্ক আবার সামনে চলে আসে। অনেকেই আশঙ্কা করেছিলেন, রাজনৈতিক প্রভাবের কারণে হয়তো যুক্তরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করার পথ তৈরি করা হচ্ছে।

কিন্তু শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হয়নি। বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের বিদায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, সব বিতর্কের পরও মাঠের খেলাই শেষ কথা বলতে পারে। অন্তত এই ম্যাচে জয় হয়েছে ফুটবলের।

তবু পুরো বিশ্বকাপ একটি বড় প্রশ্ন রেখে গেছে—রাজনৈতিক প্রভাব কি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে?

ফুটবল শুধু একটি খেলা নয়; এটি বিশ্বের মানুষের আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। ভাষা, ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে কোটি মানুষকে একই অনুভূতিতে যুক্ত করে এই খেলা। নেইমারের কান্না যেমন আমাদের স্পর্শ করে, তেমনি মেসির সাফল্যে আমরা আনন্দিত হই, রোনালদোর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়ি।

খেলাধুলা মানুষকে মানবিক হতে শেখায়, সহমর্মিতা ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। একজন খেলোয়াড় যখন মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করেন, তখন তা কোটি মানুষকে অনুপ্রাণিত করে। তাই খেলাধুলার মূল শক্তি কেবল প্রতিযোগিতা নয়; এটি মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠারও অন্যতম মাধ্যম।

সেই কারণেই ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক স্বার্থের বাইরে রাখা ফিফার মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর অন্যতম দায়িত্ব। কিন্তু এবারের বিশ্বকাপে বিভিন্ন সিদ্ধান্তে তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে কি না—তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।

তারপরও শেষ পর্যন্ত একটি বিষয়ই সবচেয়ে বেশি আশাব্যঞ্জক। সব বিতর্ক, সমালোচনা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও মাঠের খেলাই শেষ কথা বলেছে। তাই এই বিশ্বকাপে কে শিরোপা জিতবে, সেটির চেয়েও বড় বিষয় হলো—ফুটবল যেন তার নিজস্ব সৌন্দর্য, নিরপেক্ষতা ও মানবিক চেতনাকে ধরে রাখতে পারে। বিশ্বরাজনীতির হাতিয়ার নয়, মানুষের মিলনের ভাষা হিসেবেই ফুটবল বেঁচে থাকুক—এটাই সবার প্রত্যাশা।

চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকরা ঐক্যবদ্ধ: জেলা প্রশাসক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা শহর ও এ জেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণের সাথে চাঁদপুর জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার হলে উন্নয়ন কার্যক্রম, জনসচেতনতা সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, আপনারা সবসময় জেলা প্রশাসনের সাথে আছেন, এজন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। ছাপাখানার বিষয়ে আপনাদের সকলের কথা আমি শুনেছি, বিষয়টি সুবিবেচনায় রইলো। আপনারা সকলে মিলে চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে সম্মিলিতভাবে একটি আবেদন প্রেরণ করবেন। তখন বিষয়টি আমরা তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানাবো।

তিনি বলেন, অন্যান্য জেলার একেকটি উপজেলায় দুই-তিনটি করে প্রেস ক্লাব থাকতে দেখেছি, কিন্তু চাঁদপুরে একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। এ জন্যে আপনাদেরকে মোবারকবাদ। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকরা ঐক্যবদ্ধ, এটি এটি বড় বিষয়। যা অনেক জেলায় দেখা যায় নি। সাংবাদিকরা লিখনির মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে তুলে ধরে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারে লিপ্ত। এটি রোধ করতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে তিনি সকলকে সচেতন থাকতে কিছু পরামর্শ দেন এবং প্রস্তাব আহ্বান সহ আন্তরিক সহযোগিতার বিষয়টিতে গুরুত্বারোপ করেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক অ্যাডভোকেট ইকবাল- বিন-বাশার, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম উকিল ও সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের প্রধান সম্পাদক মো. শরীফুল ইসলাম।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আজকে চাঁদপুর জেলার প্রায় সকল পত্রিকার সম্পাদক উপস্থিত হয়েছেন, সেজন্যে আন্তরিক ধন্যবাদ। পত্রিকা একটি শিল্প, এ শিল্পকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা সরকারের নির্দেশনা ও প্রশাসনের সকল তথ্য জনগণের কাছে পত্রিকার মাধ্যমে তুলে ধরি। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকরা ঐক্যবদ্ধ। আজকের মতবিনিময় সভা তার প্রমাণ। সংবাদপত্র শিল্পকে টিকিয়ে রাখার জন্যে আমি চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সহযোগিতা চাই।

সভায় অংশগ্রহণ করেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী,  দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রনি, দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদ হাসান, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক আদি বাংলার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের সহ-সম্পাদক কে এম সালাউদ্দিন, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম, দৈনিক চাঁদপুর খবরের বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ, দৈনিক চাঁদপুর জমিনের সহ-সম্পাদক মো. খোরশেদ আলম, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক মুনাওয়ার কানন, সাপ্তাহিক আমার কণ্ঠের সম্পাদক মো. কামাল হোসেন, সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গনি, সাপ্তাহিক ফরিদগঞ্জ বার্তার সম্পাদক নুরুন্নবী নোমান, সাপ্তাহিক লাল সবুজের মেলার ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম, সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত প্রমুখ।

চাঁদপুরে উত্তাল মেঘনার ঘূর্ণিস্রোতে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে কার্গোডুবি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে উত্তাল মেঘনার ঘূর্ণিস্রোতে হেলে ডুবে গেল ৫ হাজার বস্তা ধান ও চালবাহী একটি পারবো জাহাজ। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় চাঁদপুরের তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। তবে অল্প জন্য রক্ষা পান মাঝিমাল্লা সহ ৫জন শ্রমিক।

কার্গোর চালক এরশাদ মাঝি জানান, গতকাল পাবনা থেকে ৩ হাজার ৫শ বস্তা চাল ও ১হাজার ৫শ বস্তা ধান নিয়ে কার্গো জাহাজটি রওনা দেয়। পরে বুধবার সকাল ৭টায় পুরানবাজার ঘাটের কাছে আসার পর ত্রিমোহন আর প্রচন্ড ঘূর্ণিস্রোতে পড়ে। এক পর্যায়ে কার্গোটি ঘূর্ণীতে উল্টে যায়। এ সময় কার্গোতে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভিড়ানো হয়।

চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এতে সৃষ্ট হওয়া ঘূর্ণিস্রোতের মধ্য দিয়েই চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিহার ত্রি-মোহনা পাড়ি দিচ্ছে শত ছোট বড় নৌযান।

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহলদল অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানায়, এ সময় বাসমতি চাউল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, গরু, চকলেট, চিংড়ি মাছের রেনু, অলিভ অয়েল, শাড়ি, গাঁজা, মোটরসাইকেল জব্দ করা হয়।