All posts by jitu

কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ

স্টাফ রিপোর্টার:

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি সফলতার সঙ্গে ২৩ বছর অতিক্রম করে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সকালে কুমিল্লা প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে এনটিভি দেশের কোটি কোটি দর্শকের আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে এনটিভি দেশের গণমাধ্যমে একটি নির্ভরযোগ্য ও পথিকৃত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান সোহেল, দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ শামছুল আলম শাহ, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার, এনসিপি নেতা মাছুমুল বারী কাউছার, কৃষিপদকপ্রাপ্ত সংগঠক মতিন সৈকত এবং ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূঁইয়া।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, নির্বাহী সদস্য ওমর ফারুক তাপস, দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক শাহজাদা এমরান, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আনোয়ার হোসাইন, এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, সময় টিভির রিপোর্টার বাহার রায়হান, চ্যানেল ওয়ানের কুমিল্লা প্রতিনিধি দিল রুবাইয়াত সুরভী, নয়া দিগন্ত-এর কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, কালবেলা-র কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, কুমিল্লার কাগজ-এর উপসম্পাদক জহির শান্ত, সময় টিভির মোজো রিপোর্টার জহিরুল হক বাবু, দৈনিক আমার শহরের বার্তা-র সম্পাদক তৈয়বুর রহমান সোহেল, প্রথম আলোর কুমিল্লা এরিয়া ব্যবস্থাপক জুয়েল রানা এবং আকাশ টিভির চেয়ারম্যান মহিউদ্দিন আকাশ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে এনটিভিকে শুভেচ্ছা জানান গাজী টিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)র কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, চ্যানেল নাইনের কুমিল্লা প্রতিনিধি আহসান হাবিব পাখি, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি এম এইচ মহিউদ্দিন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসান, এশিয়ান টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, সারাবাংলা ডটনেটের কুমিল্লা প্রতিনিধি মো. রাসেল, কালবেলার সদর দক্ষিণ প্রতিনিধি আবু সালেহ জাফর, নয়া দিগন্ত ডিজিটালের প্রতিনিধি ফাহিম মুনতাসির, আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, দৈনিক ইনকিলাবের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি মো. রাকিব হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. সাফি, তৌহিদ হোসেন ফয়সাল, সাংবাদিক রোখসানা সুখীসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ নান্টুর হাতে শুভেচ্ছা স্মারক ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক তুলে দেওয়া হয়।

পরে অতিথিবৃন্দ কেক কেটে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

মেঘনায় আঞ্চলিক সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মেঘনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মিম আক্তার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার বিয়ে হয়েছিল পাশের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর (লক্ষ্মীপুর) গ্রামের মো. সিয়ামের সঙ্গে। তাদের কোনো সন্তান নেই।

পুলিশ জানিয়েছে, মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে আঞ্চলিক সড়কের ওপর এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানায়, তরুণীর মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাত ১টার মধ্যে কুমিল্লাসহ ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের ১৪ অঞ্চলে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়াও সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

হোমনায় কৃষি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

রাসেল আহমেদ, ​হোমনা:

কুমিল্লার হোমনায় অনুমতি ব্যতীত অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন ও জায়গা ভরাট করার অপরাধে দুই ব্যক্তিকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ওপারচর ও ছোট ঘাড়মোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের।

​জানা যায়, উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে ইসলাম মোহাম্মদ (৪৩) এবং ছোট ঘাড়মোড়া গ্রামের মো. জীবন মিয়ার ছেলে স্বপন (৪৬) প্রশাসনিক অনুমতি ছাড়াই নিজ নিজ এলাকায় কৃষি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন ও জায়গা ভরাট করছিলেন।

​এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে মাটি কাটার সত্যতা পান। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৭ ও ১৫ ধারা অনুযায়ী অপরাধ বিবেচনায় অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের জানান, কৃষি জমি রক্ষা এবং আইন অমান্য করে জমির শ্রেণী পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যুর বিল উত্তোলন থেকে মার্ক টেম্পারিং: নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে নানা অভিযোগ

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ পুইয়ানের বিরুদ্ধে সিলেবাসে না থাকা শিক্ষা সফরের (ফিল্ড ট্রিপ) বিল উত্তোলন এবং শিক্ষার্থীদের নম্বর পরিবর্তনের (মার্ক টেম্পারিং) অভিযোগ উঠেছে। একই বিভাগের শিক্ষক তার স্ত্রী মীম্মা তাবাসসুমের বিরুদ্ধেও পূর্বে নম্বর মূল্যায়ন ও শ্রেণিকক্ষে আক্রমণাত্মক আচরণ ও মানসিক হয়রানিসহ একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি মূল্যায়নসংক্রান্ত কমিটিতে একসঙ্গে দায়িত্ব পালনের সময় প্রভাব বিস্তার নিয়েও অভিযোগ রয়েছে এই শিক্ষক দম্পতির বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের বর্ষ-২, টার্ম-২-এর ফিল্ড ট্রিপের অনুমতি চেয়ে রেজিস্ট্রার বরাবর আবেদন করা হয়। সে সময় বিভাগের তৎকালীন চেয়ারম্যান মো: মামুন মিয়ার অনুপস্থিতিতে তাঁর পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেন বর্তমান বিভাগীয় চেয়ারম্যান ড. নাজমা বেগম। চেয়ারম্যানের পক্ষের স্বাক্ষর থাকা সত্ত্বেও তৎকালীন চেয়ারম্যান মো: মামুন মিয়ারও স্বাক্ষর দেখা যায়।

তবে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট টার্মের পরিবর্তে বর্ষ-১, টার্ম-২-এর সিলেবাস সংযুক্ত করা হয়। ওই সিলেবাসের ওপর হাতে লেখা ছিল, ‘এই ট্যুর সিলেবাসের অন্তর্ভুক্ত।’ কিন্তু বিভাগীয় সূত্র ও পরবর্তী একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষের বর্ষ-২, টার্ম-২-এর সিলেবাসে কোনো ফিল্ড ট্রিপের বিধান ছিল না। ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের আর্থিক সুবিধা পাওয়ার সুযোগও ছিল না।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজীদ হোসাইন চৌধুরী বলেন, “চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠি হলে আমরা সাধারণত সংযুক্তি আলাদাভাবে যাচাই করি না। এক্ষেত্রেও সেটিই হয়েছে। চেয়ারম্যান স্বাক্ষরিত নথির ভিত্তিতেই অনুমোদন দেওয়া হয়েছে।”

তৎকালীন বিভাগীয় চেয়ারম্যান ড. মামুন মিয়ার দাবি তাঁর স্বাক্ষর নকল করা হয়েছে। তিনি বলেন, “আমি এমন কিছু দেখলে ভুল সিলেবাস কখনো সংযুক্ত হতো না। হাতে লেখা সংযুক্তি থাকলে আমি সেই চিঠিতে স্বাক্ষরও করতাম না। আর যেহেতু আমার পক্ষে একজনের স্বাক্ষর ছিল তবে আমি আবার স্বাক্ষর করার প্রশ্নই আসে না।”

বর্তমান বিভাগীয় চেয়ারম্যান ড. নাজমা বেগম বলেন, “আমি যখনই মামুন মিয়া স্যারের পক্ষে স্বাক্ষর করেছি, তাঁকে জানিয়েই করেছি। আর হাতে লেখা সংযুক্তি থাকলে আমি কোনো চিঠিতে স্বাক্ষর করতাম না।”

ওই আবেদনপত্রের ভিত্তিতেই প্রশাসন ১৯ ফেব্রুয়ারি ২০২৫ শিক্ষা সফরের অনুমতি দেয়। পরে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি সফরটি অনুষ্ঠিত হয়। কিন্ত সফর শেষে ৫ মার্চ বিভাগের একাডেমিক কমিটি সিদ্ধান্ত দেয়, যেহেতু ফিল্ড ট্রিপটি সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই এ বাবদ কোনো বিল করা যাবে না। এই সিদ্ধান্তের পাঁচ দিন পরই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ ১০ মার্চ ১৩ হাজার ৭৪৯ টাকার বিল দাখিল করেন এবং ১৬ মার্চ তা অনুমোদন পায়।

একই সফরে অংশ নিলেও ড. নাজমা বেগম কোনো বিল করেননি। তিনি বলেন, “একাডেমিক কমিটির সিদ্ধান্ত এবং সিলেবাস অনুযায়ী আমার আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ ছিল না। তাই আমি কোনো বিল করিনি।”

অভিযোগ প্রসঙ্গে মো. ইফতেখার পারভেজ বলেন, “আর্থিক সুবিধাসহ আমার নামে প্রশাসনের চিঠি এসেছে। তাই বিল করেছি।” তিনি আরও বলেন, “সিলেবাসে ট্যুর নেই, এটা জানতাম। তবে সিলেবাসে না থাকলে বিল করা যায় না, সেটা জানতাম না। জানলে বিল করতাম না।”

ফিল্ড ট্রিপের বিল নিয়ে প্রশ্নের পাশাপাশি প্রতিবেদকের হাতে আসা নথিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভাইভা পরীক্ষার নম্বর পরিবর্তনের অভিযোগও উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, ভাইভা বোর্ডের চেয়ারম্যান থাকাকালে কয়েকজন শিক্ষার্থীর নম্বর কেটে পরিবর্তন করে নতুন নম্বর দেওয়া হয়। নথি বিশ্লেষণ করে দেখা যায়, সংশোধিত নম্বরের ভিত্তিতে সেই শিক্ষার্থীদের গ্রেড উন্নীত হয়।

এ অভিযোগ অস্বীকার করে মো. ইফতেখার পারভেজ বলেন, “পরীক্ষার শুরুতে দুই শিক্ষার্থীকে যে নম্বর দিয়েছিলাম, পরে মনে হয়েছে তারা আরও ভালো উত্তর দিয়েছে। তাই নম্বর বাড়িয়েছি। এতে কোনো অনিয়ম হয়নি।”

তিনি আরও বলেন, “পরীক্ষা কমিটির প্রধান হিসেবে মূল নম্বরপত্র আমার কাছেই থাকে। প্রয়োজনে মূল নম্বরপত্রেই পরিবর্তন করে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো যায়। সেক্ষেত্রে কাটাকাটি করার প্রয়োজন হয় না।”

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ১২ দিনের অনশন তরুণীর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পশ্চিম শিদলাই গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে টানা ১২ দিন ধরে অবস্থান ও অনশন করছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামের মোসাম্মৎ নুসরাত জাহান নামের এক তরুণী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিদিনই ওই বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

তরুণীর অভিযোগ, প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিম শিদলাই গ্রামের ওহাব আলী খন্দকার বাড়ির মো. আবু কালামের ছেলে আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দুই বছর ধরে রাজধানী ঢাকায় নিয়মিত দেখা-সাক্ষাতের মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

নুসরাত জাহান বলেন, প্রায় ১২ দিন আগে বিয়ের আশ্বাস দিয়ে আবু সাইদ তাকে দেবিদ্বার উপজেলার চড়বাকর এলাকার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে দুই দিন অবস্থানের পর তিনি বিয়ের কথা তুললে আবু সাইদ তাকে রেখে কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়িতে চলে আসেন।

তিনি আরও অভিযোগ করেন, পরে প্রেমিকের বাড়ির ঠিকানা সংগ্রহ করে ব্রাহ্মণপাড়ার পশ্চিম শিদলাই গ্রামে গেলে আবু সাইদ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে টানাহেঁচড়া করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।

পরে চেয়ারম্যান উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডাকেন। সেখানে সমাধানের উদ্যোগ নেওয়া হলে আবু সাইদ সেখান থেকেও চলে যান বলে অভিযোগ করেন নুসরাত। এর পর থেকেই তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন৷

নুসরাত জাহান বলেন, ‘সে আমার জীবনের অনেক ক্ষতি করেছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন সে আমাকে বিয়ে করবে, না হলে আমি এই বাড়ি থেকে যাব না।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত ১২ দিন ধরে তরুণীটি ওই বাড়িতে অবস্থান করে বিয়ের দাবি জানিয়ে আসছেন। এ সময় অভিযুক্ত যুবক আত্মগোপনে চলে যান। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও যুবকের পরিবার সহযোগিতা করেনি। পরে পরিবারের সদস্যরাও বাড়ি ছেড়ে চলে যান বলে স্থানীয়দের দাবি।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আকবর আলাউল বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ছেলেটি বৈঠক থেকে চলে যায় এবং তার পরিবারও বিয়েতে রাজি হয়নি। পরে ছেলেসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানার পুলিশকে জানানো হয়েছে।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলেছি। তবে অভিযুক্ত যুবকের পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। পরে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নুসরাত জাহান ও আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের মধ্যে কোনো আপস-মীমাংসা বা বিয়ের বিষয়ে সমঝোতার তথ্য পাওয়া যায়নি।

অভিযুক্ত আবু সাইদ ও তার পরিবারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমিল্লা বোর্ডে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী। তবে শেষ পর্যন্ত ফরম পূরণ করেছে মাত্র ৯৫ হাজার ৮৯ জন। ফলে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি বা অংশ নেয়ার সুযোগ পায়নি। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়াকে উদ্বেগজনক হিসেবে দেখছে শিক্ষা বোর্ড।

বোর্ডের চেয়ারম্যান বলছেন, দুর্বল অর্থনৈতিক কাঠামোর কারণে অনেক শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে আয়-রোজগারে যুক্ত হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে কুমিল্লা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৩২৪ জন ছাত্রী এবং ৩৭ হাজার ৭৬৫ জন ছাত্র। অর্থাৎ ছেলেদের তুলনায় ২০ হাজার ১৬৫ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিনসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানায়, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর এ ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেয়।

তিনি জানান, ‘দেশের দুর্বল অর্থনৈতিক বাস্তবতায় অনেক শিক্ষার্থী পরিবারকে সহায়তা করতে আয়-রোজগারে যুক্ত হচ্ছে। এ কারণেই নিবন্ধনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।’

এ দিকে বোর্ড সূত্রে জানা যায়, বিভাগভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৪৯৪ জন, বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৪৯৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৩ হাজার ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলায়। জেলার ১৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ৬১২ জন। নোয়াখালী জেলায় ১৭ হাজার ৯০৫ জন, চাঁদপুরে ১৩ হাজার ৭৯৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ হাজার ৪৮ জন, লক্ষ্মীপুরে ৯ হাজার ৮০ জন এবং সবচেয়ে কম ফেনী জেলায় ৪২টি প্রতিষ্ঠানের ১১টি কেন্দ্রে ৮ হাজার ৬৪৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সব কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারির জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বোর্ড থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায়।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রে মোমবাতি, চার্জলাইট ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, ‘২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নকল ও অনিয়মমুক্ত পরীক্ষা আয়োজনেই বোর্ড বদ্ধপরিকর। পরীক্ষার্থীদের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক এবং ভিজিল্যান্স টিমও কঠোর নজরদারিতে থাকবে। কোথাও কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কিভাবে কিশোর গ্যাং থাকে: চাঁদপুর এসপি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, “আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কিভাবে কিশোর গ্যাং থাকে?” তিনি জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১ জুলাই) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। অপরাধ দমন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, চাঁদপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।

তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভার শেষে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং জনস্বার্থে জেলা পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর সাথে ঝগড়ার জেরে সীমা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে থানায় পুলিশ। আত্মাহত্যাকারী সীমা উপজেলার চর কুমিরা গ্রামের সৌদি প্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাবার বাড়িতে বসতঘরের সিলিং ফ্যানের সাথে সীমাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হওয়া এই দম্পতির ১৯ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের ভাই মানিক হোসেন অভিযোগ করেন, প্রবাসে থাকলেও গত কয়েকদিন ধরে সীমার সঙ্গে তাঁর স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে ও বুধবার সকালেও স্বামীর সাথে তাঁর প্রচণ্ড ঝগড়া হয়। শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনে সীমা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন দাবি করে তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।‌ এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লায় বিএনপি নেতার মানহানি মামলায় সাংবাদিক আরিফ গ্রেফতার, ২৪ ঘন্টা পার হলেও আদালতে পাঠানো হয়নি

স্টাফ রিপোর্টার:

‎বিএনপির নেতার মানহানি মামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদিকে গ্রেফতারের পর প্রায় ২৪ ঘন্টা হয়ে গেলেও তাকে আদালতে এখনো পাঠানো হয়নি।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, তাকে আদালতে দেরি করে পাঠানোর উদ্দেশ্য হলো সম্পূর্ণ রাজনৈতিক। তাকে আরো কয়েকটি মামলায় জড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার জামিন প্রক্রিয়া দীর্ঘায়িত করার জন্য এ ষড়যন্ত্র চলছে বলে জানা গেছে।

‎বুধবার বিকালে উপজেলার গাইঢুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানার পুলিশ।

‎জানা যায়,   ‎২০২৫ সালের ২৭ জুন রাতে হিন্দু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ শিরোনামে “মুরাদনগর লাইভ টিভি” নামক একটি অনলাইন পেইজে সাংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় জড়িত একমাত্র আসামি ফজর আলীকে বিএনপি নেতা উল্লেখ করে সাংবাদিক মাহবুব আলম আরিফ তার অনলাইন পেইজে সংবাদটি প্রচার করেন।

এ সংবাদে বিএনপি নেতা উল্লেখ করায় ২০২৫ সালের ৯ই জুলাই মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে ১ হাজার কোটি টাকার মানহানির একটি মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মমিনুল হক অভিযোগটি আমলে নিয়ে তার বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

‎সাংবাদিক মাহবুব আলম আরিফ উপজেলার সদর এলাকার মৃত মনিরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক আজকের পত্রিকা, মানবকণ্ঠ ও স্থানীয় আজকের কুমিল্লায় পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এই বিষয়ে মুরাদনগর থানার ওসি গতকাল বুধবার বিকেলে জানান, আরিফ যে সাংবাদিক তা আমরা জানতাম না । একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে তাকে আদালতে পাঠাতে কেন বিলম্ব করা হচ্ছে এ বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে ওসির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে ওসির মন্তব্যকে হাস্যকর বলেছেন স্থানীয় সাংবাদিকরা। কারণ মুরাদনগরে আরিফ বেশ জনপ্রিয় সাংবাদিক। রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।