কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পানে যুবকের মৃত্যু
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘাস মারার কীটনাশক (বিষ) পান করে গুরুতর অসুস্থ হওয়া হাবিব (২৫) নামের এক যুবকের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাবিব উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে ঘাস মারার বিষ পান করেন তিনি। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাবিবের মামা জানান, হাবিব গত ১০-১২ বছর ধরে ঢাকার একটি হোটেলে কাজ করতেন। সম্প্রতি হোটেল থেকে ৮-১০ দিনের ছুটি নিয়ে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। শনিবার সকালে বাড়ির পাশে বিষ পান করার পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কী কারণে হাবিব ঘাস মারার বিষ পান করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বিষপানের ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, হাবিবের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।