All posts by jitu

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্ত্রীর হাতে নির্মম হত্যার শিকার হলেন স্বামী মেহেদী হাসান (২৭)। পৌরশহরের মসজিদ পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মৃত জলফু মিয়ার ছেলে। তিনি পৌরশহরের মসজিদ পাড়ার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

শনিবার (১৭ মে) ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় পুলিশ স্ত্রী জান্নাত আক্তারকে (১৮) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন জান্নাত আক্তার। মেহেদী হাসানের পৈতৃক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি প্রায় ২০ বছর ধরে মাকে নিয়ে মসজিদপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মে পারিবারিকভাবে মেহেদী হাসানের সঙ্গে মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। শুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলেন তার স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখে মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, জান্নাত আক্তারের বিয়ের আগ থেকেই অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও সেই সম্পর্ক অব্যাহত ছিল। তিনি তার স্বামীকে মেনে নিতে পারছিলেন না। প্রেমের সম্পর্কের কারণেই স্বামীকে হত্যা করতে পারে বলে অভিযোগ করছে নিহতের পরিবার।

মেহেদীর মা বকুল বেগম জানায়, ‘আট দিন হয়েছে আমার ছেলেরে বিয়ে করালাম। বউয়ের অন্য ছেলের সঙ্গে প্রেম ছিল। সে আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত আক্তার তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। আরও জানতে পেরেছি, বিয়ের আগে এক ছেলের সঙ্গে জান্নাতের প্রেম ছিল। বিয়ের পর থেকে সে তার স্বামীকে মেনে নিতে পারছিল না। কোকের সঙ্গে ৬টি ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে অচেতন করে সে। পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকিস্তান-ভারত পারমাণবিক সংঘাতের কাছাকাছি: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তানকে উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তির দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ’

ট্রাম্পের মতে, ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে। তিনি জানান, ‘লড়াই বাড়ছে; সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ’

তিনি জোর দিয়ে জানায়, ‘এরা (ভারত ও পাকিস্তান) ছোট শক্তি নয় – তারা প্রধান পারমাণবিক শক্তি।’

তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। যোগাযোগ চলছে।’

ট্রাম্প বলেন, ‘তারা (পাকিস্তান) আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়।’

তিনি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষীক সম্পর্ক ইতিবাচক রয়েছে।

ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে জানান, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’

তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানান। তার ভাষায়, ‘আমি আমার জনগণকে পাকিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।’

মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘আমরা উভয় দেশকে বলেছিলাম, আমাদের বাণিজ্য করা উচিত। ’

একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী।

এছাড়া রাশিয়াকে সতর্ক করে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয়, তাহলে আমরা রাশিয়ার ওপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করব।’

আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সবচেয়ে বড় সাফল্য – এটি স্বীকার করা উচিত।’

দাউদকান্দির শাকিল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির বিটেস্বরে শালিসি বৈঠক শেষে ছুরিকাঘাতে শাকিল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার(১৬মে) রাতে রাজধানী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরকোটা গ্রামের জাকির মোল্লার ছেলে মোহাম্মদ হাফিজ(২৫), মোহাম্মদ সাদ্দাম মিয়া(২৩) ও নায়েব আলীর ছেলে জাকির মিয়া।

শনিবার দুপুরে নিহত শাকিলের মা নিলুফা বেগম বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জনের না উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০জনের নামে মামলা করেছেন।
মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী।

তিনি বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটা শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষ বাহির হয়ে যাওয়ার সময় মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ সাদ্দাম মিয়ার ছুরির আঘাতে মোঃ শাকিল হোসেন (২৮) গুরুতর আহত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গত বুধবার মোটরসাইকেলকে সাইট দেয়া নিয়ে হাফিজ সিএনজি চালক হৃদয়কে মারধর করেন। হৃদয় ও নিহত শাকিল মামাতো ফুফাতো ভাই। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সালিশ বৈঠক হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা পেলেন সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

 

স্টাফ রিপোর্টার:

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজীকে সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সাহিত্য হোক সার্বজনীন শীর্ষক আলোচনা সভা শেষে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এছাড়া সাহিত্য হোক সার্বজনীন শীর্ষক আলোচনা সভার উদ্বোধক হিসেবে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আওয়ামী লীগের টাকায় বিএনপিসহ সব দলের রাজনৈতিক কার্যক্রম চলছে: হাসানাত আব্দুল্লাহ

 

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের টাকায় বিএনপিসহ সব দলের রাজনৈতিক কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৬ মে) কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদের শত্রু মনে করবেন না। এটা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে ভালো নির্বাচন হতে পারে না। তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন। শুধু আওয়ামী লীগ নয়, জাপাসহ ১৪ দল সরকারের কী চিন্তা, তা স্পষ্ট করতে হবে। আমরা রাস্তায় না নামার আগ পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেননি। নিজ উদ্যোগে আপনারা কিছুই করছেন না। মানবিক করিডোর নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সে বিষয়ে আপনাদের অবস্থান ব্যাখ্যা করুন।

এনসিপির এ কেন্দ্রীয় নেতা বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ যেভাবে ঘোরাঘুরি করতো, এখনও ঘোরাঘুরি করছে। এটা আমাদের ব্যর্থতা, আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। কোন কোন বিচারপতি আওয়ামী লীগের লোকজনকে জামিন দিচ্ছে তাদের চিহ্নিত করুন। কেন দ্বিতীয় ট্রাইব্যুনাল ঘটন করা হচ্ছে না জবাব দিন। না পারলে কাদের কারণে পারছেন না, জাতির কাছে পরিষ্কার করেন। স্যার, আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনি সে আস্থা নষ্ট করবেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্য করে হাসনাত বলেন, বৈষম্যবিরোধীদের অনেকে তদবির বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, এটা আপনাদের কাজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাহায্য চাইলে করবো, কোনোভাবেই তাদের কাজে ইন্টারফেয়ার করা যাবে না। আপনারা আহতদের পরিবারের কাছে যান, কথা বলুন। সংস্কার নিয়ে কথা বলেন। অন্য কাজে জড়াবেন না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এনসিপির এ নেতা বলেন, আগামী ২৬ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র না এলে, আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে, আমরা আবারও রাস্তায় নামবো। আমাদের যেকোনও প্রশ্নে, কুমিল্লার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার রেসপনসেবলিটি আছে অথরিটি নাই। কোথাও গেলে বলেন আসলেন কেন? না গেলে বলেন গেলেন না কেন? আপনাদের দাবি কুমিল্লা বিভাগ। আশা করছি, অন্তর্বর্তী সরকার কুমিল্লাকে বিভাগ করে যাবে।

শঙ্কা প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যখন দেওয়ার সময় হয় উজাড় করে দিই। কিন্তু প্রাপ্তি শূন্য। আওয়ামী লীগ যদি আবার ফেরত আসে, কুমিল্লাকে আলাদা স্টেট করে দেবে। কারণ হাসিনা ও তার বাবার দুঃস্বপ্নের কারণ ছিল কুমিল্লা। আমাদের প্রধান দাবি ছিল বিচার। নির্বাচন কমিশনকে আগে সংস্কার করতে হবে। দোসররা যদি নির্বাচন করতে চায়, তারা সশরীরে হাজির হতে সমস্যা কোথায়? তাদের সশরীরে হাজিরের বিধান রাখুন।

এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসপির যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহ ও জয়নাল আবেদীন শিশির, শহীদ সাদমানের মা কাজী শারমিন, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল, ড. ফয়জুল ইসলাম, ইস্টার্ন মেডিক্যাল কলেজের পরিচালক শাহ মো. সেলিম, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল, শহীদ রবিনের মা পারভীন আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম।

দেবিদ্বারে বন্ধ দোকান থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

 

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট এলাকার বারেক প্লাজায় একটি জুয়েলার্স দোকানের তালা ভেঙে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে ‘খাদিজা শিল্পালয়’ নামের ওই দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক জাকির হোসেন জানান, দুপুরে কিছু সময়ের জন্য দোকান বন্ধ রেখে বাইরে যান তারা। ফিরে এসে দেখতে পান দোকানের শাটারের তালা ভাঙা এবং ভিতরে ঢুকে সুকেস ভাঙা অবস্থায় পড়ে আছে। তাতে রাখা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

তিনি আরও বলেন, “চুরির পরপরই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় গিয়ে জানানো হয়েছে।”

দেবিদ্বার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন জানান, সম্প্রতি স্বর্ণের দাম বাড়ায় এ ধরনের দোকানগুলো অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। মার্কেট ফাঁকা থাকার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

দাউদকান্দির বিটেস্বরে সালিশি বৈঠক শেষে ছুরিকাঘাতে যুবক খুন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে সালিশ বৈঠক শেষে শাকিল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিটেস্বর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক জাকির হোসেন নামে একজনকে আটক করেছেন। নিহত শাকিল(২৯) বিটেস্বর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত বুধবার মোটরসাইকেল ও সিএনজি চালকের দ্বন্ধকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকালে উভয়কে নিয়ে দরবার বসে বিটেস্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সালিশ বৈঠকের শুরু থেকেই উপস্থিত ছিলেন।

তিনি জানান, বরকোটা এলাকার মোটরসাইকেল চালক এবং বিটেস্বর এলাকার সিএনজি চালকের মধ্যে গত বুধবার ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসা বাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হলে তা মেনে নিয়ে একহাজার টাকা জমা দেয়। দু’দিন পর বাকি টাকা পরিশোধ করবে বলে সালিশ দরবার সমাপ্ত করে সন্ধ্যায় আমরা চলে যাই। এরপর শুনি মারামারি হয়েছে। শাকিল নামে বিটেস্বরের একজনকে আহত অবস্থায় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেছে। পরে শুনি ঢাকা নেয়ার পথে নাকি মারা গেছে।

নিহত শাকিলের ফুফাতো ভাই আকাশ বলেন, শাকিল বিটেস্বর বাজারে কসাই কাজ করতো। তার চাচাত ভাইয়ের সিএনজি নিয়ে দরবার হয়েছে। দরবার শেষে বরকোটার কয়েকজন গালাগালি করতেছিল, তখন শাকিল তাদেরকে বলে “দরবারে যা হয়েছে সবাই মানছে, এখন গালাগালি করে কি হবে”। এটা বলার কারনে কয়েকজন তাকে ধরে নিয়ে এলোপাতাড়ি মারে এবং ছুরি দিয়ে জখম করে। হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় পাঠানো হলে পথেই মারা যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, বিটেস্বর এলাকায় সালিশি বৈঠক শেষে মারামারির ঘটনায় শাকিল নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এঘটনায় জড়িত বরকোটা এলাকার নেকবর আলীর ছেলে জাকির হোসেনকে আটক করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে প্রত্নতত্ত্ব বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

এছাড়াও সম্মেলনের আহ্বায়ক ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের স্থান নয়, এটি জ্ঞান সৃষ্টি ও তা ছড়িয়ে দেওয়ার কেন্দ্র। আজকের এই আয়োজন সেই দুই উদ্দেশ্যই পূরণ করছে, যা শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত সবার জন্য উপকারী হবে।”


তিনি আরও বলেন, “প্রত্নতত্ত্ব শুধু অতীতের নিদর্শন সংগ্রহ নয়, এটি আমাদের সভ্যতা, সংস্কৃতি ও সামাজিক বিকাশ বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে চিহ্নিত করে তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা আমাদের দায়িত্ব।”

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “প্রত্নতত্ত্ব মানে কেবল পুরনো জিনিস খোঁজা নয়; বরং পুরনোকে নতুনভাবে উপলব্ধি করে ইতিহাসকে জানার, শেখার ও লালনের একটি চর্চা। দুর্ভাগ্যজনকভাবে, আমরা ছাত্রজীবনে এই বিষয়ের গুরুত্ব বুঝিনি, যার ফলে সমাজের একটি বড় অংশ এখনও এ বিষয়ে অনীহা বা অজ্ঞতা প্রকাশ করে।”
তিনি আরও বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলন আন্তর্জাতিক মানের জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবুল কাশেম বলেন, “ইতিহাসচর্চার কষ্টিপাথর হচ্ছে প্রত্নতত্ত্ব। আমরা যদি ইতিহাসকে বিভিন্ন স্তরে ভাগ করি—প্রাচীন, মধ্য ও আধুনিক—তবে ভিত্তির স্তরে প্রত্নতত্ত্বকেই দেখতে পাব।”

তিনি আরও বলেন, “ময়নামতির কাছাকাছি এই সম্মেলন আয়োজন করায় আমরা কৃতার্থ। এই অঞ্চলটি আমাদের প্রাচীন ইতিহাস বোঝার জন্য একটি ‘ল্যান্ড অফ ভ্যারাইটিজ’, যা নিয়ে গর্ব করার মতো।”

উল্লেখ্য, সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে। ১৬ ও ১৭ মে, দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার ভূঁইয়া জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি যানবাহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন মো. শাকিল হোসেন (২২)। তিনি রাজধানীর মোহাম্মদপুর সরাই জাপরাবাদ এলাকার মো. ছালাম মিয়ার ছেলে। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ইপিজেডের জুটের মাল নিয়ে বিএনপির নেতাদের মধ্যে কোন্দল, এবার জুটের ট্রাকে অগ্নিসংযোগ ও চালককে মারধর

 

স্টাফ রিপোর্টার:

ইপিজেডের জুটের মালামাল নিয়ে সংঘর্ষ-কোন্দল এখন নিত্য সমস্যা হয়ে দাড়িয়েছে। বিগত শেখ হাসিনার সরকারের আমলে জুটের মালামালের ব্যবসাটির বেশিরভাগই নিয়ন্ত্রণ করতো সদর এমপি হাজী বাহারের কর্মী মামুন ও ডালিম নামের দুই ভাই।তবে স্থানীয় কুসিক কাউন্সিলর শিপনও জুটের মালের আরেকটি অংশ নিয়ন্ত্রণ করতো। কিন্তু ৫ আগষ্টে শেখ হাসিনার সরকারের পতনের পর মামুন ও ডালিমের ক্ষমতা কিছুটা কমে আসে।

অনেক মামলায় আসামিও করা হয়। কিন্তু সদর দক্ষিণের বিএনপির এক নেতার সহায়তায় আইনি জটিলতা থেকে কিছুটা মুক্ত রয়েছে মামুন ও ডালিম দুই ভাই। তবে জুট ব্যবসার কিছুটা এখনো ধরে রেখেছে মামুন ও ডালিম ওই প্রভাবশালী বিএনপি নেতার সহযোগিতায়।স্থানীয় একাধিক সূত্রমতে, ইপিজেডের জুটের ব্যবসা এখন বিএনপি-জামায়াতের বেশ কয়েকজন নেতা নিয়ন্ত্রণ করছেন। কুসিকের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা রাজিব, শিপন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবের লোকরা জুটের ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। সাথে রয়েছে কুসিকের এক জামায়াতপন্থী সাবেক কাউন্সিলর। বেশ কয়েক মাস ধরে ইপিজেডের এই জুটের মাল বের করা করাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এক প্রকার অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে সেখানে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২ টার দিকে আবারো ইপিজেডের জুটের মাল বের হওয়া নিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, কাউন্সিলর মাহবুবের ভাই কাজী ইকরাম ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিবের লোক ১৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কনক ইপিজেডের একটি কোম্পানির জুটের জন্য টেন্ডার জমা দেন। পরবর্তীতে টেন্ডার পায় কনক। দুপুর ২ টার দিকে কনকের ২টি জুটের গাড়ি নেওড়া মিলিটারী ফার্মের কাছাকাছি আসলে কাউন্সিলর মাহবুবের চাচাতো ভাই কাজী ইকরাম লোক পাঠিয়ে গাড়ির উপর হামলা করে জুটে আগুন ধরিয়ে দেয় এবং গাড়ির চালকসহ আরো কয়েকজনকে মারধর করেন। এক পর্যায়ে লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঠিকাদার কনক গ্রুপের লোকজন জানায়, কাউন্সিলর মাহবুব ও তার চাচাতো ভাই কাজী ইকরাম সন্ত্রাসী পাঠিয়ে অগ্নিসংযোগ ও চালককে মারধর করেছে।

অপরদিকে ইকরাম বিকেলে সংবাদ সম্মেলন করে জানান, আমি ৬ মাস ধরে জুটের মালের ব্যবসা করছি। আমি মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিব চাচাকে অনুরোধ করেছি, যাতে আমার ব্যবসায় বাধা না দেয়। কিন্তু তিনি জোর করে আমার কাজ নিয়ে গেছে। তিনি নিজের নামে কোন কাজ নেন না, অন্য লোক দিয়ে করায়। তিনি ৯ কোম্পানি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। রাজিব কাকা আমার পেটে লাথি দিয়েছে।

এ বিষয়ে জানতে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন সংযোগে পাওয়া যায় নি।

স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষ এখন সমঝোতা করার চেষ্টা করছে।

এই ঘটনায় সদর দক্ষিণ থানায় কেউ কোন অভিযোগ দেননি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়।