All posts by jitu

আত্মসমর্পণ করতে গিয়ে চাঁদপুরে আওয়ামী লীগের ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে

 

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৫ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত ৫ চেয়ারম্যান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ২নং আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ৬নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, ৯নং বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিক উল্লাহ পাটোয়ারী ও ১৩নং হানারচর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার রাঢী।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ৫ চেয়ারম্যান মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অগ্রিম জামিনে ছিলেন। জামিনের সময় শেষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

কুবিতে অনুষ্ঠিত হলো কুবিসাসের ইফতার মাহফিল

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাঈদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, শিক্ষক সমিতির সর্বশেষ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: বেলাল উদ্দীন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: আলী মুর্শেদ কাজেম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো: হারুন, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ মাহমুদুল হাসান খান সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ, মহিউদ্দিন মাহি, মতিউর রহমান এবং সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়েছেন। এজন্য আমি সাংবাদিক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “জুলাই বিপ্লবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবদান আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি প্রার্থনা করি অতীতে বাকশাল প্রতিষ্ঠার বিরুদ্ধে যে ছাত্র জনতা জীবন দিয়েছে, ভবিষ্যতে যেন সেই ধরনের স্বৈরতান্ত্রিক শাসন আর ফিরে না আসে। আমি আশা করি, আমাদের সাংবাদিক ভাইয়েরা সঠিক তথ্য তুলে ধরে বিশেষ ভূমিকা রাখবেন।”

আগত অতিথিদের বক্তব্য শেষে সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ হাসান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাজনীতিবিদ ও সাংবাদিকদের নিয়ে কুমিল্লায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল

 

মোঃ রাসেল সোহেল:

১৮ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস বিন হাশেমের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তবে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেন- সমাজে খুন ও ধর্ষণ বেড়ে গেছে। সরকারকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইন শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে। ইসলাম মানুষকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক সংরক্ষণের জন্যও তাকিদ দেয়। অন্য মানুষের অধিকার খর্ব করাকে ইসলাম কঠিন অপরাধ হিসেবে গণ্য করে। এসব অপরাধীর জন্য দুনিয়া ও আখিরাতে শাস্তি নির্ধারণ করেছে। ইসলাম চায় ভারসাম্যমূলক ও কল্যাণমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে। মাহে রমজান সে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষকে প্রস্তুত করে। রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে। এক মাস দিনের বেলায় উপবাস, শারিরীক চাহিদা নিয়ন্ত্রণ, রাতের বেলায় তারাবীহ ও তাহাজ্জুদ নামাযের কঠোর সাধনার মাধ্যমে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শয়তানের প্ররোচনা থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার সুযোগ লাভ করে। এই মাসে যথাযথ সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং সাম্যের বার্তা দেয়, মিথ্যা ও অসত্য দূরীভূত করে। এই মাসে ঐশীগ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক। তাই আমাদের সকলকে কুরআন চর্চা বাড়াতে হবে।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল ইসলাম জিলানী, খেলাফত মজলিস এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা শরাফত আলী , কুমিল্লা মহানগরীর উপদেষ্টা ডা.সফিকুল হায়দার চৌধুরী,মাওঃ মফিজুল ইসলাম, কুমিল্লা মহানগরী সিনিয়র সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম সেলিম, মাওঃ আমির হামজা, জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহমুদুল হাসান জিহাদি, কুমিল্লা মহানগরী সহ সভাপতি ডা:আওরঙ্গজেব সেলিম, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মুহাম্মাদ ইকরামুল হক।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সহ সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুর রহমান মাসউদ, বাইতুলমাল সম্পাদক মাওলানা খোরশেদ আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, উলামা বিষয়ক সম্পাদক মুফতী ইয়াকুব, ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ, সহ বায়তুলমাল সম্পাদক মোঃ এরশাদ উল্লাহ, অফিস ও প্রচার মনির হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দিন, হাফেজ কারী জামাল উদ্দিন, মাষ্টার হুমায়ন কবির স্বপন প্রমুখ।

চান্দিনায় এনজিও’র পুরুষ কর্মীকে আটকে রেখে নারী কর্মীকে যৌন নির্যাতন; ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলায় এনজিওর এক পুরুষ কর্মীকে আটকে অপর এক নারীকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এসময় নির্জন বাগানে নিয়ে কয়েকজন ব্যক্তি এনজিও পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারীকর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করে এবং সেই চিত্র মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১ টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পারের একটি বাগানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুইজন আইডিএফ নামে একটি এনজিও’র চান্দিনা শাখায় কর্মরত। পরদিন মঙ্গলবার (১৮ মার্চ) ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে এনজিও’র পুরুষ কর্মী তারেক রহমান।

স্থানীয় সূত্রে জানায়, আইডিএফ নামে একটি এনজিও’র এক পুরুষ ও এক নারী কর্মী তুলাতলি গ্রামে ঋনের কিস্তি আদায় করতে সন্ধ্যা গড়িয়ে যায়। এসময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষ প্রান্তে এতবারপুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য প্রজেক্টের পাড়ে নিয়ে তাদের আদায়করা কিস্তির টাকা ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় রুহুল আমিন নামে এক লোক দেখে ফেলায় সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদেরকে তুলাতলি দক্ষিণপাড়া দিঘির পাড়ে নিয়ে আটক করে। এসময় পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক সক দেয়। নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আবার চাঁদা দাবি করে। এসময় ওই নারী তার বোনকে ফোন করে এবং নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। ওই টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন করা শুরু করে। এক পর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

আইডিএফ এনজিও’র ঋণ আদায়কারী তারেক রহমান জানান, আমরা কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমাদের বাগানে নিয়ে আমাকে গাছের সাথে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। আর নারীকর্মীকে নগ্ন করে শারীরিক যৌন নির্যাতন করে। তারা নারীকে পুরো নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। বিকাশে ২০ হাজার টাকা এনে দেই কিন্তু তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলিট করবে বলে জানায়। এদিকে, ২০ হাজার টাকা নেয়ার পরও তারা নারীর উপর অত্যাচার শুরু করে। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে এবং আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ আমাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

দাউদকান্দিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

দাউদকান্দিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বেদে সম্পদায়ের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ সুমন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা গৌরীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আটককৃত মোঃ সুমন মিয়া (২৭) উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর বাজারস্থ বঙ্গমার্কেট এলাকার একটি গোডাউনের ভিতর ভিকটিমকে টাকা দেয়ার প্রলোভন দেখাইয়া নিয়ে যান অভিযুক্ত সুমন। পরে সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সুমন মিয়া কৌশলে পালিয়ে যান।

স্থানীয়রা বিষয়টি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলামকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্তকে গৌরীপুর বাজার থেকে গ্রেফতার করে ।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বেদে সম্প্রদায়ের শিশু (১০) কে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই আমরা দোষী সুমন মিয়াকে গ্রেফতার করি।

এই বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

১৫ ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

১৫ ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) কাশারীপট্টি কেন্দ্রীয় বাস টার্মিনালের মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আজমল হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি শাহীন মিয়ার সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কাশারীপট্টি জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠা করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নুর ইসলাম, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন চিশতি, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন আগামী নির্বাচনে সাফল্যের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

ইফতার মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেখ হাসিনা ও রেহানার পরিবারের

শেখ হাসিনা ও রেহানার পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, পুত্র সজিব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ৩১টি ব্যাংক হিসাবে জমা থাকা ৩৯৪ কোটি টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবে থাকা ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতে দেওয়া আবেদনে বলা হয়, শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

এছাড়াও, তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন যে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অস্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করা থেকে বিরত রাখতে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হোক। আদালত এই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

‘সমস্ত জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে’

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেছেন, সমস্ত জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে।

মঙ্গলবার (১৮ মার্চ) আসন্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার)-এ এক পোস্টে তিনি এ কথা জানান।

ড্যানি ড্যানন লিখেছেন, ‘ইসরাইলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো রকম দয়া দেখাব না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মি বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরাইল থামবে না।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা নিরাপত্তা পরিষদের কাছে স্পষ্ট করে বলব, তারা যদি গাজায় যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে জিম্মিরা ইসরাইলে ফিরে আসছে। আমরা তাদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে এ পর্যন্ত ২৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন।

ইসরাইল দাবি করেছে, বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরাইলের সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের সিনিয়র ব্যক্তিত্বদের লক্ষ্য করে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তাদের বক্তব্য, ‘রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে এবং শিন বেত গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ চালানো হচ্ছে।’

চৌদ্দগ্রামে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত, ৩০ জন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের আল করা ইউনিয়নে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের ৮ জন ও বিএনপির পাঁচজন আহত হয়েছেন। ওই সময় বিএনপি’র প্রায় ৩০ জন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে সেনাবাহিনী ওই ইউনিয়নে টহলরত অবস্থায় আছে।

সোমবার সন্ধ্যা ৭ টায় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামী দলের মোহাম্মদ তারেক চৌধুরী (৩৪) নামে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলাকে কেন্দ্র করে গত ১৩ মার্চ একটি ফেসবুক পোস্ট করে বিএনপি সমর্থিত হৃদয় (১৮) নামের এক ব্যক্তি। সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ১৬ মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। গতকালের মারামারির বিষয়ে মীমাংসা করার জন্য আজ সাতটায় বৈঠক বসে। সেই বৈঠকে প্রায় ২ পক্ষের ৩০০-৪০০ জন মানুষ জড়ো হয়। সেখানে মীমাংসার পরিবর্তে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এতে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের ৮ জন আহত হয়। তার মধ্যে ১জনকে কুমিল্লা সদর হাসপাতালে, ৩ জনকে ফেনী হাসপাতালে এবং ৪ চারজন স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। বিএনপি’র ৫ জন আহত হয়েছে। তাদেরকে জামাতের কর্মীরা বাড়িতে অবরুদ্ধ করে রাখে। যাতে তারা বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে না পারে। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে ১ জনকে চৌদ্দগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ৪ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

সংঘর্ষের সময় জামায়াতের কর্মীরা বিএনপির কর্মীদের প্রায় ৩০-৩৫ টি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

প্রডাক্টিভ রমাদান ও কোরআন বিতরণ করেন কুমিল্লা পলিটেকনিক ছাত্রশিবির

ফয়সাল ইকবাল, কুমিল্লা পলিটেকনিক:

পবিত্র মাহে রমজান এর উপলক্ষে প্রোডাক্টিভ রামাদান ও কোরআন বিতরণ এর আয়োজন করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রশিবির শাখা। শনিবার (১৫ মার্চ) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুম এ আয়োজন করা হয়।

শিবির সভাপতি মো রুহল আমিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: লুৎফর রহমান, কুবি শাখার শিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমির শাহাদাৎ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা পলিটেকনিকের সমন্বয়ক মো: আল আমিন, পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক মো ইমন হোসেন সহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো লুৎফর রহমান বলেন, শুধু মাত্র রমজান মাসেই নয় নিয়মিত কোরআন অধ্যয়ন করতে হবে। আমরা কোরআন অধ্যায়ন করলে যে ফজিলত পাবো সেই ফজিলত সবার জন্য। কোরআন অধ্যায়ন করলে ১০টি ফজিলত পাওয়া যায়। আল্লাহ তায়ালা কোরআন অধ্যায়ন কারীকে মর্যাদা বহু গুনে বৃদ্ধি করে দেয়। যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। প্রতিটি হরফ তেলোয়াত করলে দশটি করে নেকি পাওয়া যাবে। আমাদের এই সমাজে এবং পলিটেকনিক এ যে ছাত্র আছে আমরা সবাই যেনো আল্লাহর দেওয়া দিক নির্দেশনাগুলো পালন করতে পারি।

শাহাদাৎ হোসেন বলেন, এই কুরআনের একটি আয়াত একজন ছাত্র তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যৌবনকাল ব্যবহার করতে হবে আল্লাহর জন্য, রাসুলের আদর্শে, কোরআনকে বুকে ধারণ করে, আল্লাহর রাসুলের সুন্নত পালনের মাধ্য দিয়ে। তোমরা আল্লাহর রঙে রঙিন হও কারণ আল্লাহর রঙের চাইতে সুন্দর রঙ আর কোথাও নেই।

হাফেজ ইউসুফ ইসলাহী কুরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি বলেন সাধারন ছাত্রদের উদ্দেশ্যে বলেন “আপনারা শিবির করতে হবেনা, আজকের এই কোরআন থেকে দৈনিক কমপক্ষে ১০টি আয়াত অর্থ সহ বুঝে পড়েন” তিনি উদাহরন দিয়ে আরো বলেন যেহেতু কোরআনের সাথে সম্পৃক্ত সবকিছুর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন তাই আপনারা কোরআন পড়লে আল্লাহ আপনাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন।

পর্যায়ক্রমে কোরআন বিতরণ, দোয়া-মোনাজাত, এবং ইফতার গ্রহনের মাধ্যমে সমাপ্তি ঘটে।