Tag Archives: দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত হচ্ছে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে ১৬ হাজার টাকার বেতনে পান ১২ হাজার, তাও ৮ মাসের বকেয়া

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে কর্মচারীদের টানা ৮ মাস ধরে বেতন বন্ধ থাকায় চরম মানবেতর জীবনযাপন করছেন।
দীর্ঘদিন বেতন না পাওয়ায় কর্মচারীরা পরিবার নিয়ে দারিদ্র্য ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। কেউ কেউ সংসার চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আবার অনেকে মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খাচ্ছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মেসার্স মিথিল ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতাধীন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহিদনগর ট্রমা সেন্টার ও দোনারচর ২০ শয্যা হাসপাতালে ২৫ জন আউটসোর্সিং কর্মচারী রয়েছেন। ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি সহকারী, আয়া, মালি, দারোয়ান ও জরুরি বিভাগে কাজ করছেন এসব কর্মচারীরা।
সরকার থেকে তাদের জন্য ১৬ হাজার টাকা বেতন বরাদ্দ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বেতন দিচ্ছেন ১২ হাজার টাকা। কথা হয় হোসনেয়ারা নামে পরিচ্ছন্নতাকর্মীর সাথে। তিনি বলেন, আমার এক মেয়ে কলেজে আর এক ছেলে স্কুলে ৭ম শ্রেণীতে পড়ে। ৮ মাস বেতন নেই, ছেলে মেয়ের স্কুল কলেজের খরচও দিতে পারছি না। যে হাতে ভাত খাই, সেই হাত দিয়েই মানুষের ময়লা-আবর্জনা পরিষ্কার করি। ১২ হাজার টাকা বেতন পাই, তবুও ঠিকমতে প্রতিমাসে বেতন পাই না। বেতন হওয়ার আগে আমাদের স্বাক্ষর করা চেকের পাতা ঠিকাদার নিয়ে নেয়। পরে ব্যাংকে ১২ হাজার টাকা ব্যাংকে পাঠিয়ে দেয়।

ফরিদা নামে কাজ করা আরেকজন বলেন, আমি বাবুর্চির সহকারী হিসেবে অনেকদিন কাজ করছি। বেতন কত জানি না। ১২ হাজার টাকা পাই, তাও আজ ৭-৮ মাস পাইনা। সামনে রোজা, ছেলেদের নিয়ে কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, আউটসোর্সিংয়ে কাজ করা ২৫ জনের মধ্যে ৬ জন অন্য উপজেলায় নিয়ে গেছে। কর্মরতদের বিষয়ে আমাদের কোনো বরাদ্দ নেই। বেতন বকেয়ার বিষয়টি ঠিকাদারকে বারবারই তাগাদা দিয়েও কোন সুরাহা হচ্ছে না। নিয়মমতে, ঠিকাদার প্রতি মাসে বেতন চালিয়ে যাবে, বরাদ্দ পেলে ঠিকাদার মন্ত্রণালয় থেকে পাস করিয়ে নিবে।

ঠিকাদার মোঃ রনি মিয়া বলেন, মন্ত্রণালয় থেকে পাশ না হওয়ায় তাদের ৭-৮ মাসের বেতন বকেয়া রয়েছে। ১৬ হাজার টাকার স্থলে ১২ হাজার টাকা দেয়া হচ্ছে কেনো এমন প্রশ্নে তিনি বলেন, ভাই জানেনইতো বেতন পাশ করাইতে বিভিন্ন অফিস খরচ আছে।

কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ মুঠোফোনে বলেন, প্রতিটি কর্মচারীর বেতন ১৬ হাজার টাকা। বেতনের টাকা কম দেয়ায় বিষয়টি শুনেছি, কিন্তু কেউ লিখিতভাবে আমাদের জানালে অবশ্যই ব্যবস্থা নিব।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সই ডেঙ্গুর বাহক এডিসের বাসা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারদিকে ময়লা আর জমে থাকা পানিতে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে মশা, সঙ্গে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। এ অবস্থায় এখানে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের সেবায় নিয়োজিত স্বজন এবং দর্শনার্থীরাও ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

গত দুই মাসে দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। আর প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অথচ সেই হাসপাতালই হয়ে উঠেছে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ও বিচরণ ক্ষেত্র!

এখানে এডিস মশা উৎপাদনের কারখানা গড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।

জেলার অন্য উজেলার চেয়ে দাউদকান্দির ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।

ডেঙ্গু সারানোর দায়িত্বে থাকা হাসপাতালটিতে বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালটি নিজেই যেন এডিস মশার প্রজনন ক্ষেত্র।

হাসপাতালের চারদিকেই ময়লা, আবার ময়লার সাথে ব্যবহার করা সিরিঞ্জও রয়েছে, এসব ময়লায় জন্ম নিচ্ছে মশা, সঙ্গে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। হাসপাতালটির আশপাশে সার্বক্ষণিক ডেঙ্গুর বংশবিস্তারের নির্বিঘ্ন স্থান তৈরি হয়ে থাকছে, রয়েছে জলাবদ্ধতা।

এ অবস্থায় রোগীর সেবায় নিয়োজিত স্বজন, দর্শনার্থীরা এবং আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। শঙ্কার বাইরে নয় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক-নার্সসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরাও। হাসপাতালটিতে পরিচ্ছন্ন কর্মচারীরা দায়সারা কাজ করেন। আবার কখনও কখনও হাত-পা গুটিয়ে বসে থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

রোগীরা চিকিৎসার জন্য হাসপাতালটিতে গেলেও আশপাশের ময়লা-আবর্জনার দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারেণ উল্টো স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তারা। এমনটিই জানিয়েছেন এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া একাধিক রোগীর স্বজনেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতাল ও এর আশপাশ এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না। এ সংক্রান্ত কিছু বলতে গেলে লোকবল সংকটের অজুহাত দেখান হাসপাতালের কর্মচারীরা। অনেক সময় তারা রোগী ও স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করেন।

হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বপ্রাপ্তদের অনেকে আবার টু-পাইস কামানোর ধান্ধায় নিজের কাজ ফেলে জরুরী বিভাগে ব্যস্ততা দেখান। এ নিয়ে তাদের নিজেদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতাও দেখা গেছে।

এদিকে হাসপাতালটি ঘিরে দালাল চক্র বরাবরই সক্রিয়। তবে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে। একইসঙ্গে বেড়েছে দালালদের তৎপরতা। হাসপাতালটির জরুরি বিভাগ এবং আউটডোরের সামনে দালালরা ভিড় জমিয়ে অবস্থান করে। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনকে টার্গেট করে দালাল চক্র। দ্রুত ও ভাল চিকিৎসার লোভ দেখিয়ে এবং সহযোগিতার কথা বলে নানামুখী হয়রানি এবং অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পুরনো।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান অনিয়ম বা অব্যবস্থাপনা মানতে নারাজ। তিনি বলেন, ‘আমাদের হাসপাতাল নিয়মিতই পরিষ্কার করা হয়। অপরিষ্কার হওয়ার কোনো সুযোগ নেই। তবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে পানি জমে রয়েছে। জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন রাখতে সীমিত সংখ্যক লোকবল নিয়ে চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেনে, এমনিতেই লোকবল সংকট, এরমধ্যে আউসোর্সিংয়ের কাজ করা ছয়জন লোককে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়েছে । তাই জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্নতায় ঘাটতি দেখা দিয়েছে। লোকবল পেলে এসমস্যা থাকবে না।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন, আহত ৩

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি করতে থাকে। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুর্হূতের মধ্যে ধোয়া বের হয়ে চারদিক অন্ধকার হয়ে যায় । তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (১৪জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাসাপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীদের এবং বহিঃবিভাগে চিকিৎসা সেবা প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল।

খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে হাসপাতালের তিনতলার ষ্টোর কক্ষে আগুনের ধোয়া দেখা যায়। ধোয়া দেখে পাশের ওয়ার্ডের রোগীর স্বজন ও নার্সরা আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা দৌঁড়াদৌড়ি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পল্লী বিদ্যু ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ইয়াসিন, মেহেদি ও মুছা নামে তিন কর্মচারী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ইদ্রিস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পর স্থানীয় এবং হাসপাতালের লোকজনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মূল কারণ জানা যাবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ৩য় তলায় ডেঙ্গু রোগীদের ওয়ার্ডের পাশের কক্ষে ঔষধসহ রোগীদের সেবার কাজে ব্যবহৃত সব ধরনের মালামালের সাথে কিছু দামী সরঞ্জামও ছিল। ওই কক্ষে আগুনে অধিকাংশ মালামালই পুড়ে নষ্ট হয়ে গেছে। কিছু মালামাল বের করতে পারলেও তা ভালো আছে কিনা পরবর্তীতে যাচাই করে বলেতে পারবো । আগুনে ক্ষতির পরিমান এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আর আগুন নিয়ন্ত্রণ এবং মালামাল বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার বের করতে গিয়ে আমাদের আউটসোর্সিংয়ে কাজ করা তিনজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসায় যুক্ত হলো আরো ১৫ বেড

 

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার দাউদকান্দিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের শয্যা সংখ্যাও বাড়ানো হচ্ছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আরো ১৫ বেডের করোনা ইউনিট উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর উদ্বোধন করেছেন।

তিনি বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে আগের ১৭ বেডের সাথে আরো ১৫ বেড যুক্ত হয়ে করোনা চিকিৎসায় এখন ৩২বেডে উন্নীত করা হয়েছে। দাউদকান্দি একটি অগ্রস্বরমান উপজেলা হওয়ায় পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার মানুষ এখানে চিকিৎসা সেবা পাচ্ছেন।

 

তিনি হাসপাতালের ডাক্তার, নার্সসহ সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এখন করোনা প্রতিরোধ করা একটি যুদ্ধের মতো, এ যুদ্ধে জেলা উপজেলা প্রশাসনসহ পুলিশ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা সবাই এক সাথে কাজ করে আমরা এ যুদ্ধে জয়ী হবো ইনশাল্লাহ। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল ইসলাম শোভন, সহকারী কমিশনার(ভূমি) সুকান্ত সাহা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান প্রমূখ।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত হচ্ছে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি

 

জাকির হোসেন হাজারীঃ
ইচ্ছা থাকলে উপায় হয়। গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি করে সেরকমই দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম সুমন দায়িত্ব নেয়ার পরই বদলে দিয়েছেন চিকিৎসা সেবার চিত্র।

স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক মিলে গ্রুপের মাধ্যমে এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় উন্নত চিকিৎসা সেবা প্রদান করছেন। তাদের এ উদ্যোগ নজির সৃষ্টি করেছে। সেবার মানে চট্টগ্রাম বিভাগে সেরা এই প্রতিষ্ঠানটি হেলথ্ সিস্টেম রেটিংয়ে তিনবার দেশ হয়েছে । ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (হাসপাতাল) অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, উপ-সচিব সিব্বির ওসমানি এবং চট্টগ্রাম বিভাগের পরিচালক(স্বাস্থ্য) হাসান শাহরিয়ার পরিদর্শন করেন। তাঁরা চিকিৎসকদের এই মহতি উদ্যোগকে অভিনন্দন জানিয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটির সফলতা কামনা করেন।

ব্রেস্ট ফিডিং কর্নার চালুর মাধ্যমে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের উদ্যোগ সফলতা লাভ করায় এটি কুমিল্লা জেলায় মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলায় অলিগলিতে বেসরকারি হাসপাতাল আর ক্লিনিক হওয়ায় দালাল চক্রের কারণে নরমাল ডেলিভারি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এসব ক্লিনিক এবং হাসপাতালে সেবার পরিবর্তে শুরু হয়েছে প্রসূতি সিজারের নামে এক ধরনের ব্যবসা। আর অর্থের লোভে তাদের হয়ে কাজ করছে একটি দালাল চক্র। আবার গ্রামাঞ্চলে কিছু অদক্ষ, প্রশিক্ষণবিহীন ধাত্রী রয়েছে যারা স্থানীয় ভাবে দাইমা বলে পরিচিত। এই দাইমার কারণে প্রসূতি মায়েদের মৃত্যু ঝুঁকি থাকে এমনকি মৃত্যুও ঘটে। এমন অনেক ঘটনার নজির রয়েছে এলাকায়। স্থানীয় বেসরকারী ক্লিনিকে প্রসূতি ও শিশু মৃত্যুকে কেন্দ্র করে বেশ কয়েকবার ভাংচুরের ঘটনাও ঘটেছে। এমন এক পরিস্থিতিতে সিজারের নামে বাণিজ্য, দালাল চক্র এবং অদক্ষ ধাত্রীর হাত থেকে প্রসূত মায়েদের রক্ষায় এবং নিরাপদে নরমাল ডেলিভারি করাতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম সুমন এর নেতৃত্বে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক টিম ওয়ার্ক শুরু করেন।

নরমাল ডেরিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে প্রসূতিদের উদ্ধুদ্ধকরণ প্রচারণায় তাঁর বিভিন্ন কৌশল কাজে লাগিয়েছেন। এজন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মাতৃ ভাউচার স্কীমের আওতায় প্রসূতি নারীদের ‘প্রসূতি কার্ড ’ দেয়া হয়। এরপর ডেলিভারি না হওয়া পর্যন্ত চলতে থাকে কাউন্সেলিং আর ফ্রি চেকআপ। প্রসূতি কার্ড ও নরমাল ডেলিভারি করাতে মাঠ পর্যায়ের শিক্ষক, চেয়ারম্যান-মেম্বার, ইমাম ও অন্যান্য জনপ্রতিনিধি ও বিভিন্ন এনজিওর স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বার্তা পৌঁছানো হয় প্রসূতি মায়েদের কাছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও নিজেরা বিভিন্ন স্থানে গিয়ে কাউন্সিলিং প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম সুমন এর নেতৃত্বে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জামাল উদ্দিন, চারজন নার্স ও চারজন মিডওয়াইফসহ দশজনের টিম নরমাল ডেলিভারী নিয়ে কাজ করছে।

প্রথম দিকে খুব একটা সাড়া না পেলেও টিম ওয়ার্কের ধারবাহিকতায় গত বছরের অক্টোবর মাস থেকে প্রতি মাসে একশো বিশ থেকে ত্রিশটি নরমাল ডেলিভারি করানো হয়েছে। হাসপাতালে এসে নরমাল ডেলিভারি করানোর সংখ্যা দিন দিন বাড়ছেই।

উপজেলার বাসরা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী তানজিনা(১৯)। শনিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম সন্তান জন্ম দিয়েছেন এই প্রসূতি। অনুভূতির কথা বলতে গিয়ে তানজিনা জানান, এলাকার কিছু লোক ক্লিনিকে(বেসরকারী) সিজার করার জন্য বলেছিলো। কিন্তু হাসপাতালের মাঠকর্মী এবং ডাক্তারের কথায় এখানে ভর্তি হই। এখানে নরমাল ডেলিভারিতে আমার সন্তান জন্মলাভ করেছে। আমি এবং সন্তান এখন সুস্থ্য আছি।

এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল উদ্দিন জানান, এক সময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিরা না আসায় নরমাল ডেলিভারি করানো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।গত বছরের অক্টোবর মাস থেকে আমরা সবাই মিলে টিম ওয়ার্ক শুরু করি। দালাল চক্রের কিংবা দাইমাদের (ধাত্রী) বাধা উপেক্ষা করে এর সফলতা পেয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম সুমন জানান, এ হাসপাতালে ডেলিভারি নিরাপদ করতে ৪ জন দক্ষ ধাত্রী নিয়োগ দেয়া হয়েছে। টিম ওয়ার্কের তদ্ধাবদানে নরমাল ডেলিভারিতে সাফল্য পেয়েছি। আর ডেলিভারি হওয়ার পর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় জন্ম নেয়া শিশুর জন্য জামা-কাপড়, মশারি ও ওই শিশুর মাকে উপহার দেয়ার ব্যবস্থা করা হয়েছে। দিন দিন নরমাল ডেলিভারিতে প্রসূতিদের আগ্রহ বাড়ছে। কারণ হাসপাতালে নিরাপদে এ ডেলিভারি করানো হলে মৃত্যুর ঝুঁকি থাকে না। পাশাপাশি কোনো প্রকার বাড়তি খরচ করতে হয় না রোগীর স্বজনদের।